আজ ফ্যামিলি কার্ডের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, পাচ্ছেন ৩৭ হাজার ৫৬৭ জন
নারীপ্রধান দরিদ্র পরিবারকে আর্থিক সহায়তা দিতে পরীক্ষামূলকভাবে ‘ফ্যামিলি কার্ড’ চালু করছে সরকার। এই কর্মসূচির আওতায় নির্বাচিত প্রতিটি পরিবারকে প্রতি মাসে ২ হাজার ৫০০ টাকা করে ভাতা দেওয়া হবে।
মঙ্গলবার (১০ মার্চ) সকাল ১০টায় রাজধানীর বনানীর টিঅ্যান্ডটি খেলার মাঠে (কড়াইল বস্তি সংলগ্ন) এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সরকারি তথ্য অনুযায়ী, পাইলট প্রকল্প হিসেবে দেশের ১৩টি জেলার ১৩টি সিটি করপোরেশন বা ইউনিয়নের ১৫টি ওয়ার্ডে এই কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। প্রাথমিকভাবে ৬৭ হাজার ৮৫৪টি নারীপ্রধান পরিবারের তথ্য সংগ্রহ করা হয়।যাচাই-বাছাই শেষে ৪৭ হাজার ৭৭৭টি পরিবারের তথ্য সঠিক পাওয়া যায়। পরে সরকারি চাকরি, পেনশন বা একাধিক ভাতা গ্রহণের মতো কারণ বাদ দিয়ে চূড়ান্তভাবে ৩৭ হাজার ৫৬৭টি পরিবারকে ভাতার জন্য নির্বাচন করা হয়েছে।
এই কর্মসূচির আওতায় প্রতিটি নারীপ্রধান পরিবারকে একটি আধুনিক ফ্যামিলি কার্ড দেওয়া হবে। কার্ডটিতে কিউআর কোড ও এনএফসি প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। একটি কার্ডের মাধ্যমে পরিবারের সর্বোচ্চ পাঁচজন সদস্যকে অন্তর্ভুক্ত করা হবে। সদস্য সংখ্যা বেশি হলে প্রয়োজন অনুযায়ী অতিরিক্ত কার্ড দেওয়ার বিষয়টিও বিবেচনা করা হবে।
সুবিধাভোগী নারীরা তাদের পছন্দ অনুযায়ী মোবাইল ওয়ালেট বা ব্যাংক হিসাবের মাধ্যমে ঘরে বসেই মাসিক ভাতা পাবেন।
পাইলট প্রকল্প বাস্তবায়নে আগামী জুন ২০২৬ পর্যন্ত মোট ৩৮ কোটি ৭ লাখ টাকা বরাদ্দ রাখা হয়েছে। এর মধ্যে প্রায় ২৫ কোটি টাকা সরাসরি নগদ সহায়তা হিসেবে দেওয়া হবে এবং বাকি অর্থ তথ্য সংগ্রহ, অনলাইন সিস্টেম তৈরি ও কার্ড প্রস্তুতের কাজে ব্যয় করা হবে।
পরবর্তীতে এই কার্ডের মাধ্যমে সমমূল্যের খাদ্য সহায়তা দেওয়ার বিষয়টিও বিবেচনা করা হতে পারে বলে জানিয়েছে সরকার।










