মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩

মালয়েশিয়ায় মাইগ্র্যান্ট কর্মী কেলেঙ্কারি প্রতিবেদন:

গ্যাগ অর্ডার চেয়ে ব্যর্থ বেস্টিনেট ও আমিনুল

আহমাদুল কবির মালয়েশিয়া প্রকাশিত: মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৬, ১:০৪ এম
গ্যাগ অর্ডার চেয়ে ব্যর্থ বেস্টিনেট ও আমিনুল

মালয়েশিয়ার হাই কোর্ট বেস্টিনেট এসডিএন বিএইচডি ও দাতুক সেরি আমিনুল ইসলাম আবদুল নরের করা গ্যাগ অর্ডারের আবেদন খারিজ করে দিয়েছেন। সাম্প্রতিক এক মাইগ্র্যান্ট কর্মী বিষয়ক অনুসন্ধানী প্রতিবেদনের পর গণমাধ্যম ও সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য দেওয়া বন্ধে তারা যে আবেদন করেছিলেন, আদালত তা নাকচ করে দেন।

বিচারপতি রোসলান মাত নর একতরফা আবেদনের শুনানিতে বলেন, মানহানির মামলায় অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা দেওয়ার জন্য যে কঠোর শর্ত পূরণ করতে হয়, এ ক্ষেত্রে তা পূরণ হয়নি।এর আগে বেস্টিনেট ও আমিনুল ১০ জন বিবাদীর বিরুদ্ধে মামলা দায়ের করেন। বিবাদীদের মধ্যে রয়েছে ব্লুমবার্গ, ব্লুমবার্গ (মালয়েশিয়া) এসডিএন বিএইচডি, দি এজ কমিউনিকেশনস এসডিএন বিএইচডি, মকিনি ডটকম এসডিএন বিএইচডি, হারাপান মিডিয়া এন্টারপ্রাইজ ছাড়াও আইনজীবী-অ্যাকটিভিস্ট লতিফা কোয়া, সাবেক মন্ত্রী রাফিজি রামলি এবং কর্মী ইশওয়ার্দি মর্নি।

২৩ ফেব্রুয়ারি নিউ স্ট্রীট টাইমস এর এক প্রতিবেদনে বলা হয়, মামলার সূত্রপাত ২৩ জানুয়ারি প্রকাশিত ব্লুমবার্গের একটি প্রতিবেদনের মাধ্যমে, যার শিরোনাম ছিল “প্রতিটি ব্যক্তি ভাগ পায়, আর মাইগ্র্যান্ট কর্মীরা মূল্য দেয়।” ওই প্রতিবেদনে বেস্টিনেট ও আমিনুলের বিরুদ্ধে দুর্নীতি, বাংলাদেশি অভিবাসী শ্রমিকদের ওপর সিন্ডিকেট ফি আরোপ এবং নিয়োগ প্রক্রিয়ায় শোষণের অভিযোগ আনা হয়। প্রতিবেদনে উপপ্রধানমন্ত্রীর নামও উল্লেখ করা হয়।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

বাদীপক্ষ দাবি করে, উল্লিখিত বক্তব্যগুলো মিথ্যা, মানহানিকর এবং তাদের সুনাম মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করেছে। তারা সাধারণ, বর্ধিত ও দৃষ্টান্তমূলক ক্ষতিপূরণ দাবি করেন। পাশাপাশি প্রথম বিবাদীর বিরুদ্ধে পাঁচ লাখ রিঙ্গিত বিশেষ ক্ষতিপূরণ এবং প্রকাশ্যে ক্ষমা প্রার্থনার আবেদনও জানান।
লিখিত রায়ে বিচারপতি রোসলান বলেন, মানহানির মামলায় অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা প্রদানের ক্ষেত্রে আদালতকে অত্যন্ত সতর্ক থাকতে হয়, কারণ এখানে মতপ্রকাশের স্বাধীনতার প্রশ্ন জড়িত।

তিনি উল্লেখ করেন, “শুধুমাত্র স্পষ্ট ও নির্দ্বিধায় প্রমাণিত ক্ষেত্রে, যেখানে অভিযোগিত মানহানি একেবারেই অসত্য এবং কোনো গ্রহণযোগ্য প্রতিরক্ষা—যেমন সত্যতা, বিশেষাধিকার বা ন্যায্য মন্তব্য—প্রযোজ্য নয়, সেখানেই অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা দেওয়া যেতে পারে।” বিচারপতি আরও বলেন, অভিযোগিত বক্তব্যগুলো জনস্বার্থ সংশ্লিষ্ট—বিশেষ করে মালয়েশিয়ায় বিদেশি শ্রমিক নিয়োগ প্রক্রিয়া নিয়ে। এ ধরনের বিষয়ে অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা জারি করা হলে তা বিবাদীদের মতপ্রকাশের স্বাধীনতায় সরাসরি হস্তক্ষেপ হবে।

তবে আদালত সতর্ক করে বলেন, মতপ্রকাশ ও সংবাদমাধ্যমের স্বাধীনতা আইনসম্মতভাবে প্রয়োগ করতে হবে। যাচাই-বাছাই ছাড়া বা সন্দেহজনক তথ্যের ভিত্তিতে প্রতিবেদন প্রকাশ জনআস্থাকে ক্ষুণ্ন করতে পারে এবং সমাজে বিভ্রান্তি সৃষ্টি করতে পারে। এই রায়ের মাধ্যমে আদালত একদিকে মতপ্রকাশের স্বাধীনতার গুরুত্ব পুনর্ব্যক্ত করেছেন, অন্যদিকে দায়িত্বশীল সাংবাদিকতার প্রয়োজনীয়তার কথাও স্মরণ করিয়ে দিয়েছেন।

বিশ্বশান্তির জন্য ইসরায়েলকে হুমকি মনে করেন ৭৮ শতাংশ ব্রিটিশ নাগরিক

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ১২:০১ পিএম
বিশ্বশান্তির জন্য ইসরায়েলকে হুমকি মনে করেন ৭৮ শতাংশ ব্রিটিশ নাগরিক

যুক্তরাজ্যের প্রায় ৭৮ শতাংশ নাগরিক ইসরায়েলকে বিশ্বশান্তির জন্য গুরুতর হুমকি বলে মনে করেন। ন্যাশনাল সেন্টার ফর সোশ্যাল রিসার্চের (ন্যাটসেন) এক জরিপে এ তথ্য উঠে এসেছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) মিডল ইস্ট আইয়ের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়েছে, ২০০৫ সালে ইসরায়েলকে বিশ্বশান্তির জন্য হুমকি মনে করতেন ৪৮ শতাংশ ব্রিটিশ নাগরিক। তবে গাজায় ইসরায়েলের সামরিক অভিযান শুরুর আড়াই বছর পর এবং ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের ইরানে হামলার পর চলতি বছরের বসন্তে এই হার বেড়ে ৭৮ শতাংশে দাঁড়িয়েছে।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

কাউন্সিল ফর ব্রিটিশ-আরব আন্ডারস্ট্যান্ডিংয়ের উদ্যোগে গত জুলাইয়ে ইউগভ পরিচালিত আরেকটি জনমত জরিপে দেখা যায়, যুক্তরাজ্যের মাত্র ১৭ শতাংশ মানুষ মনে করেন, ইসরায়েল গাজায় কোনো গণহত্যা চালাচ্ছে না।

এদিকে ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধের প্রভাব পড়েছে যুক্তরাজ্যের অর্থনীতিতেও। এর ফলে জ্বালানি, খাদ্য ও গৃহঋণের খরচ বেড়ে সাধারণ মানুষকে বাড়তি অর্থ ব্যয় করতে হচ্ছে। মধ্যপ্রাচ্যে ইসরায়েলের যুদ্ধের কারণে ব্রিটিশ পরিবারগুলোর জীবনযাত্রার ব্যয়ও অস্বাভাবিকভাবে বেড়েছে।

গত সপ্তাহে ব্যাংক অব ইংল্যান্ড সুদের হার ৩ দশমিক ৭৫ শতাংশ থেকে বাড়িয়ে ৪ শতাংশ করেছে। গত তিন বছরের মধ্যে এটিই ছিল প্রথম সুদের হার বৃদ্ধি। এর ফলে গৃহঋণগ্রহীতাদের মাসিক কিস্তি বেড়েছে। পাশাপাশি নতুন ঋণ নেওয়া এবং পুরোনো ঋণ নবায়নের খরচও বৃদ্ধি পেয়েছে।

 

ফতুল্লায় মাদ্রাসায় আগুন, ধোঁয়ায় অসুস্থ ৪৮ শিক্ষার্থী

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ১১:৫৮ এম
ফতুল্লায় মাদ্রাসায় আগুন, ধোঁয়ায় অসুস্থ ৪৮ শিক্ষার্থী

নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি কওমি মাদ্রাসার লাইব্রেরিতে গভীর রাতে অগ্নিকাণ্ডের ঘটনায় বিষাক্ত ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়েছেন ৪৮ শিক্ষার্থী। তাদের সবাইকে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় আইসিইউতে নেওয়া হয়েছে। একজনকে রাখা হয়েছে ভেন্টিলেটর সাপোর্টে।

সোমবার (০৯ নভেম্বর) দিবাগত রাত আনুমানিক ১টা ৫৫ মিনিটে ফতুল্লার সাইনবোর্ডসংলগ্ন শান্তিধারা এলাকার জামিয়া আশরাফিয়া মাদ্রাসার দ্বিতীয় তলায় অবস্থিত লাইব্রেরিতে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে রাত ৩টা ৪৩ মিনিটে আগুন সম্পূর্ণ নির্বাপণ করা হয়।

জানা গেছে, রাতে মাদ্রাসার কিতাব বিভাগের শিক্ষার্থীরা নিজ নিজ কক্ষে ঘুমিয়ে ছিলেন। এ সময় হঠাৎ দ্বিতীয় তলার লাইব্রেরিতে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই পুরো ভবনে ছড়িয়ে পড়ে ঘন ও বিষাক্ত ধোঁয়া। ঘুমন্ত অবস্থায় শিক্ষার্থীরা শ্বাসকষ্টসহ ইনহেলেশন বার্নে আক্রান্ত হন। পরে মাদ্রাসার শিক্ষক, স্থানীয় বাসিন্দা ও উদ্ধারকর্মীদের সহযোগিতায় তাদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠানো হয়।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন (আরএস) ডা. সুলতান মাহমুদ শিকদার জানান, এখন পর্যন্ত জরুরি বিভাগে ৪৮ শিক্ষার্থীকে আনা হয়েছে। তাদের মধ্যে তিনজনের শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন হওয়ায় আইসিইউতে রাখা হয়েছে। একজনকে দেওয়া হচ্ছে লাইফ সাপোর্ট। অন্যদের জরুরি বিভাগে নিবিড় পর্যবেক্ষণে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের ফায়ার ফাইটার আহসান হাবীব ও কাচপুর ফায়ার স্টেশনের ফায়ার ফাইটার পার্থ হালদার জানান, রাত ১টা ৫৫ মিনিটে অগ্নিকাণ্ডের খবর পেয়ে চারটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে। প্রায় পৌনে দুই ঘণ্টার প্রচেষ্টায় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, তদন্ত শেষ হওয়ার পর অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ জানা যাবে। তবে প্রাথমিকভাবে মশার কয়েল অথবা বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

তুরস্কের ইস্পাত কারখানায় বিস্ফোরণে নিহত ১৭, আহত ১২

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ১০:০৫ এম
তুরস্কের ইস্পাত কারখানায় বিস্ফোরণে নিহত ১৭, আহত ১২

তুরস্কের পশ্চিমাঞ্চলে একটি ইস্পাত কারখানায় ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১৭ শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১২ জন। নতুন বয়লার স্থানান্তরের সময় ক্রেন ভেঙে পড়ার পর এর সঙ্গে থাকা সরঞ্জাম চুল্লিতে পড়ে বিস্ফোরণ ঘটে।

সোমবার (৯ নভেম্বর) দুপুরে দেশটির পশ্চিমাঞ্চলীয় বন্দরনগরী ইজমিরের কাছে আলিয়াগা এলাকার হাবাস ডেমির সেলিক কারখানায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ও আহত সবাই ওই কারখানার শ্রমিক।

স্থানীয় গভর্নর সুলেইমান এলবান জানান, ক্রেনের সাহায্যে নতুন বয়লার সরানোর কাজ চলছিল। এ সময় ক্রেনটি ভেঙে পড়লে এর সঙ্গে থাকা বিভিন্ন সরঞ্জাম নিচে থাকা একটি চুল্লিতে পড়ে যায়। এতে বিস্ফোরণের পাশাপাশি কারখানায় আগুন ছড়িয়ে পড়ে।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিস্ফোরণে আশপাশের এলাকা কেঁপে ওঠে। প্রথমে অনেকে ঘটনাটিকে ভূমিকম্প বলে মনে করেছিলেন। ঘটনাস্থলের ভিডিওতে কারখানার ভেতরে আগুন এবং আকাশে ধোঁয়ার বিশাল কুণ্ডলী দেখা যায়।

প্রাথমিকভাবে নিহতের সংখ্যা ১৬ বলে জানিয়েছিলেন প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। পরে দেশটির স্বাস্থ্যমন্ত্রী কামাল মেমিশোগলু জানান, গুরুতর আহত একজন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এতে নিহতের সংখ্যা বেড়ে ১৭ হয়েছে।

গভর্নর জানান, ধ্বংসস্তূপের নিচে আরও কয়েকজন আটকে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। উদ্ধারকাজের পাশাপাশি দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে। স্থানীয় সংবাদমাধ্যমের বরাতে জানা গেছে, এ ঘটনায় অন্তত পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।

কারখানাটির পরিচালনাকারী প্রতিষ্ঠান জানিয়েছে, বৈদ্যুতিক আর্ক ফার্নেসের নির্ধারিত রক্ষণাবেক্ষণকাজ চলার সময় দুর্ঘটনাটি ঘটে।

স্বাধীন সংস্থা তুর্কিশ হেলথ অ্যান্ড সেফটি লেবার ওয়াচের তথ্য অনুযায়ী, কর্মক্ষেত্রে দুর্ঘটনা তুরস্কের দীর্ঘদিনের উদ্বেগের বিষয়। ইজমিরের আলিয়াগা অঞ্চলটি দেশটির গুরুত্বপূর্ণ বন্দর ও জাহাজ ভাঙার অন্যতম প্রধান কেন্দ্র।

প্রবাহ বাংলা নেটওয়ার্ক