শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

ভাষা শহীদদের স্মরণে পর্তুগালের

পোর্তোতে বাংলাদেশ কমিউনিটির আয়োজনে ইন্টারকালচারালিটি অ্যাওয়ার্ডস ২০২৫

পর্তুগাল প্রতিনিধি প্রকাশিত: সোমবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৬, ৫:০৩ এম
পোর্তোতে বাংলাদেশ কমিউনিটির আয়োজনে ইন্টারকালচারালিটি অ্যাওয়ার্ডস ২০২৫

১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি। ঢাকার রাজপথ রক্তে রঞ্জিত হয়েছিল মাতৃভাষা বাংলার দাবিতে। সালাম, বরকত, রফিক, জব্বারসহ অগণিত ছাত্র-জনতার আত্মত্যাগের মধ্য দিয়ে প্রতিষ্ঠিত হয়েছিল ভাষার অধিকার যা পরবর্তীতে বিশ্ববাসীর কাছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি পায়। সেই ঐতিহাসিক আত্মত্যাগের স্মৃতিকে প্রাককথা হিসেবে ধারণ করেই পর্তুগালের পোর্তো শহরে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও “ইন্টারকালচারালিটি অ্যাওয়ার্ডস ২০২৫”।

বাংলাদেশ কমিউনিটি অব পোর্তো এবং ইসপাসো টি এসোসিয়েশনের এর যৌথ উদ্যোগে ২১ ফেব্রুয়ারি রাতে পোর্তোর ঐতিহ্যবাহী বাতাইলহা সিনেমা হল প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় এই বর্ণাঢ্য অনুষ্ঠান। সন্ধ্যা ৮ ঘটিকায় রুয়া চাঁ এলাকায় মাতৃভাষার শহীদদের স্মরণে পাবলিক মেমোরিয়ালে শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে কর্মসূচির সূচনা হয়। পরে রাত ১০টা নাগাদ মূল সাংস্কৃতিক ও পুরস্কার প্রদান পর্ব শুরু হয়।

অনুষ্ঠানের শুরুতেই কবিতা আবৃত্তির মাধ্যমে ভাষা আন্দোলনের চেতনা তুলে ধরা হয়। স্বাগত বক্তব্যে বাংলাদেশ কমিউনিটি অব পোর্তো এর প্রেসিডেন্ট শাহ আলম কাজল সহ বক্তারা বলেন মাতৃভাষা শুধু একটি জাতির পরিচয়ের প্রতীক নয়, বরং বহুসাংস্কৃতিক সমাজে পারস্পরিক শ্রদ্ধা, সহাবস্থান ও অন্তর্ভুক্তির শক্ত ভিত্তি।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

ইসপাসো টি দীর্ঘদিন ধরে পর্তুগালে তৃতীয় দেশের নাগরিক ও অভিবাসীদের নিয়ে শিল্প ও সংস্কৃতির মাধ্যমে আন্তঃসাংস্কৃতিক সংলাপ গড়ে তুলছে। এই কাজের ধারাবাহিকতায় বাংলাদেশ কমিউনিটি অব পোর্তোর সঙ্গে গত সাত বছর ধরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করে আসছে তারা। আয়োজকদের ভাষায়, “ভিন্নতাই শক্তি” আর সেই দর্শন থেকেই পর্তুগালের বহুসাংস্কৃতিক সমাজকে আরও সমৃদ্ধ করার লক্ষ্য তাদের।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইসপাসো টি এর সভাপতি জর্জ অলিভেইরা, বাংলাদেশ কমিউনিটি অব পোর্তোর নেতৃবৃন্দ শাহ আলম কাজল, আব্দুল আলিম ও মোশাররফ হোসেন কিরণ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পর্তুগালে বাংলাদেশ দূতাবাস লিসবনের কনসুলার  এস. এম. গোলাম সারওয়ার। তিনি ভাষা আন্দোলনের ঐতিহাসিক গুরুত্ব এবং প্রবাসে বাংলা ভাষা ও সংস্কৃতি চর্চার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল “ইন্টারকালচারাল অ্যাওয়ার্ডস ২০২৫” প্রদান। মানবাধিকার, শিক্ষা, সাংবাদিকতা, ক্রীড়া, সমাজসেবা, নগর উন্নয়ন ও নীতিনির্ধারণসহ বিভিন্ন ক্ষেত্রে আন্তঃসাংস্কৃতিক মূল্যবোধ প্রচারে অবদান রাখা ব্যক্তি ও প্রতিষ্ঠানকে এ পুরস্কার প্রদান করা হয়।

শিক্ষা ও প্রশিক্ষণ ক্যাটাগরিতে পুরস্কার লাভ করেন পোর্তো বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং অনুষদ । বৈচিত্র্য ও অন্তর্ভুক্তিকে শিক্ষার মূল ভিত্তি হিসেবে প্রতিষ্ঠা করার স্বীকৃতিস্বরূপ এই সম্মাননা দেওয়া হয়। পুরস্কার গ্রহণ করেন প্রতিষ্ঠানটির পরিচালক অধ্যাপক রুই কালসাদা। ক্রীড়া ক্যাটাগরিতে সম্মাননা পায় পর্তুগালের অনূর্ধ্ব ১৭ জাতীয় ফুটবল দল, যারা বিশ্ব ও ইউরোপীয় পর্যায়ে চ্যাম্পিয়ন হয়ে জাতীয় গৌরব বয়ে এনেছে। 

মানবিক সহায়তা ক্যাটাগরিতে পুরস্কৃত হন টিমোটেও মাসেডো, অভিবাসীদের অধিকার রক্ষায় দীর্ঘদিনের কাজের স্বীকৃতিস্বরূপ। সাংবাদিকতা ক্যাটাগরিতে সম্মাননা দেওয়া হয় মিরিয়াম আলভেস কে, অভিবাসীদের পরিবার পুনর্মিলনের জটিলতা নিয়ে অনুসন্ধানী প্রতিবেদনের জন্য। সমাজসেবা ক্যাটাগরিতে সম্মাননা পান প্রখ্যাত সংগীতশিল্পী পেড্রো আবরুনহুসা, যিনি তার শিল্প ও সামাজিক অবস্থানের মাধ্যমে বর্ণবাদ ও বৈষম্যের বিরুদ্ধে সোচ্চার ভূমিকা রাখছেন।

সিটি ক্যাটাগরিতে পুরস্কৃত হয় ওয়েইরাস সিটি মিউনিসিপ্যাল, অভিবাসীবান্ধব নীতি ও অন্তর্ভুক্তিমূলক নগর উন্নয়নের জন্য। পাবলিক পলিসি ক্যাটাগরিতে সম্মাননা পান পর্তুগিজ সংসদ সদস্য ইসাবেল মোরেইরা মানবাধিকার ও সমতার প্রশ্নে তার দৃঢ় অবস্থানের স্বীকৃতিস্বরূপ।

সবশেষে মেরিট ক্যাটাগরিতে পুরস্কৃত হয় প্রোগ্রাম ইসকলহাস যা ঝুঁকিপূর্ণ ও প্রান্তিক অঞ্চলের শিশু-কিশোরদের জন্য দীর্ঘদিন ধরে অন্তর্ভুক্তিমূলক উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।

অনুষ্ঠানের ফাঁকে ফাঁকে পরিবেশিত হয় বাংলাদেশের ঐতিহ্যবাহী নৃত্য, যা দর্শকদের বাংলাদেশে এক সাংস্কৃতিক ভ্রমণে নিয়ে যায়। মনমুগ্ধ করে আয়োজন শেষ হতে মধ্যরাত গড়িয়ে যায়।

আগত পর্তুগিজ অতিথীরা এই অনুষ্ঠানের অংশ হতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেন এবং বাংলাদেশিদের ইতিহাস এবং সাংস্কৃতিক ঐতিহ্যের ভুয়সি প্রশংসা করেন। অনুষ্ঠানে পর্তোতে বসবাসকারী বিভিন্ন স্তরের প্রবাসী বাংলাদেশীরা অংশগ্রহণ করেন।

প্রবাসের মাটিতে ভাষা শহীদদের স্মরণ এবং বহুসাংস্কৃতিক সমাজে বাংলা ভাষা ও সংস্কৃতির মর্যাদা প্রতিষ্ঠায় এই আয়োজনকে অংশগ্রহণকারীরা “অনন্য ও অনুপ্রেরণাদায়ক” বলে অভিহিত করেন। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের চেতনাকে ধারণ করে পোর্তোতে অনুষ্ঠিত এই অনুষ্ঠান প্রমাণ করেছে ভাষা শুধু যোগাযোগের মাধ্যম নয়, এটি মানবিক মর্যাদা, পরিচয় ও সহাবস্থানের শক্ত ভিত্তি।

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৯৫৫

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ৭:৫৫ পিএম
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৯৫৫

দেশে ডেঙ্গুর সংক্রমণ এখনো নিয়ন্ত্রণে আসেনি। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৯৫৫ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

শুক্রবার স্বাস্থ্য অধিদফতরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদফতরের প্রতিবেদনে বলা হয়েছে, গত এক দিনে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় ডেঙ্গুতে একজন করে মারা গেছেন। এ নিয়ে চলতি বছরে দেশে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২১১ জনে।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

গত ২৪ ঘণ্টায় নতুন রোগী ভর্তির দিক থেকে সবচেয়ে বেশি আক্রান্ত শনাক্ত হয়েছে চট্টগ্রাম বিভাগে। এ বিভাগে ২৪৬ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ ছাড়া ঢাকা বিভাগে ২৪১ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১৩৩ জন, খুলনা বিভাগে ১৩০ জন এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৭৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

একই সময়ে বরিশাল ও রংপুর বিভাগে ৪৪ জন করে, ময়মনসিংহ বিভাগে ৩৭ জন এবং সিলেট বিভাগে চারজন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদফতরের হিসাব অনুযায়ী, ১ জানুয়ারি থেকে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত দেশে ডেঙ্গুতে মোট ২১১ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ঢাকা বিভাগেই মারা গেছেন ১০২ জন। এই হিসাবের মধ্যে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের মৃত্যুর সংখ্যাও রয়েছে।

এ ছাড়া একই সময়ে খুলনা বিভাগে ৩৭ জন, চট্টগ্রাম বিভাগে ২১ জন, ময়মনসিংহ বিভাগে ২০ জন, বরিশাল বিভাগে ১৬ জন, রাজশাহী বিভাগে ১০ জন, রংপুর বিভাগে চারজন এবং সিলেট বিভাগে একজন ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন।

স্বাস্থ্য অধিদফতরের তথ্য বলছে, চলতি সেপ্টেম্বরের প্রথম ২৫ দিনেই ডেঙ্গুতে ১১৪ জনের মৃত্যু হয়েছে।

মালয়েশিয়ার বিপক্ষে ৩-০ গোলে হার বাংলাদেশের

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ৭:৫৪ পিএম
মালয়েশিয়ার বিপক্ষে ৩-০ গোলে হার বাংলাদেশের

আসিয়ান কাপে নিজেদের অভিষেক ম্যাচেই মালয়েশিয়ার কাছে ৩-০ গোলে পরাজিত হয়েছে বাংলাদেশ। শুক্রবার ইন্দোনেশিয়ার জাকার্তার গেলোরা বুং কার্নো স্টেডিয়ামে বাংলাদেশ সময় দুপুর ৩টায় শুরু হওয়া ম্যাচে শুরু থেকেই আধিপত্য বিস্তার করে খেলেছে মালয়েশিয়া।

আসিয়ান কাপে প্রথমবারের মতো মাঠে নেমে শুরু থেকেই চাপে ছিল হামজা চৌধুরীর নেতৃত্বাধীন বাংলাদেশ দল। ম্যাচের ১৮ মিনিটে আরিফ আইমানের গোলে এগিয়ে যায় মালয়েশিয়া। এরপর ৩৭ মিনিটে নিজের দ্বিতীয় গোল করে দলের ব্যবধান ২-০ করেন আইমান। দুই গোলের ঘাটতি নিয়েই বিরতিতে যেতে হয় বাংলাদেশকে।

বিরতির পরও ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে রাখে মালয়েশিয়া। ৫২ মিনিটে বাংলাদেশের রক্ষণভাগের ভুলের সুযোগ কাজে লাগিয়ে বক্সের ভেতর থেকে গোল করেন বার্গুসন। তার গোলে মালয়েশিয়ার লিড বেড়ে দাঁড়ায় ৩-০।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

এরপর গোল পরিশোধে কয়েক দফা আক্রমণ গড়ে তোলে বাংলাদেশ। তবে সুযোগ তৈরি করেও সেগুলো কাজে লাগাতে পারেনি লাল-সবুজের দল। শেষ পর্যন্ত ৩-০ গোলের পরাজয় নিয়েই মাঠ ছাড়তে হয় বাংলাদেশকে।

এর আগে চার বছর আগে এশিয়ান কাপের বাছাইপর্বে মালয়েশিয়ার মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। সেই ম্যাচেও ৪-১ গোলে হেরেছিল লাল-সবুজের প্রতিনিধিরা। এবার আসিয়ান কাপেও মালয়েশিয়ার বিপক্ষে জয়ের দেখা পেল না বাংলাদেশ।

সৌদি আরবের জ্বালানি স্থাপনা রক্ষায় সেনা পাঠাচ্ছে ফ্রান্স

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ৪:৩৭ পিএম
সৌদি আরবের জ্বালানি স্থাপনা রক্ষায় সেনা পাঠাচ্ছে ফ্রান্স

ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি মিলিশিয়ার হামলার পরিপ্রেক্ষিতে সৌদি আরবের গুরুত্বপূর্ণ জ্বালানি স্থাপনা সুরক্ষায় সেনা ও সামরিক সরঞ্জাম পাঠানোর ঘোষণা দিয়েছে ফ্রান্স। তবে এই সামরিক মোতায়েন কোনো সংঘাতে অংশ নেওয়ার উদ্দেশ্যে নয়, বরং সৌদির গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর নিরাপত্তা নিশ্চিত করতেই করা হচ্ছে বলে জানিয়েছে প্যারিস।

নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ সৌদি আরবে সেনা পাঠানোর সিদ্ধান্তের কথা জানান। একই দিন দুই দেশের মধ্যে হওয়া একটি চুক্তির আওতায় সৌদি আরবের উপকূলীয় শহর ইয়ানবুর জ্বালানি অবকাঠামো সুরক্ষায় ফ্রান্স সেনা, রাডার ও প্রতিরক্ষা ব্যবস্থা পাঠাবে বলে জানান তিনি।

সরকারি সম্প্রচারমাধ্যম ফ্রান্স ২-কে দেওয়া এক সাক্ষাৎকারে ম্যাক্রোঁ বলেন, কোনো সংঘাতে জড়ানোর জন্য নয়, বরং জ্বালানি স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করতেই এসব সামরিক সরঞ্জাম ও সেনা পাঠানো হবে। পরিস্থিতির পরিবর্তন হলে সৌদি আরবকে আরও সামরিক সহায়তা দেওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেননি তিনি।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

ম্যাক্রোঁ জানান, ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ছয় মাসের বেশি সময় ধরে চলা সংঘাতের মধ্যে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা এবং দেশের বাজারে গ্যাসের দাম কমাতে ফ্রান্স বিভিন্ন উদ্যোগ নিচ্ছে। সৌদি আরবে সামরিক সহায়তা পাঠানোর সিদ্ধান্তও সেই উদ্যোগের অংশ।

চলমান সংঘাতের প্রভাবে তেল ও গ্যাস পরিবহনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক নৌপথ হরমুজ প্রণালি কার্যত অবরুদ্ধ হয়ে পড়েছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এদিকে সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইরানের মিত্র হুথি মিলিশিয়া সৌদি আরবে একাধিক হামলা চালিয়েছে। এসব হামলার কারণে লোহিত সাগরসংলগ্ন বন্দরগুলো থেকে সৌদি আরবের তেল রপ্তানি নিরাপত্তা ঝুঁকিতে পড়েছে। দীর্ঘদিনের উত্তেজনা আবারও সশস্ত্র সংঘাতে রূপ নেওয়ার প্রেক্ষাপটেই সৌদি আরবের জ্বালানি স্থাপনা সুরক্ষায় সেনা পাঠানোর ঘোষণা দিল ফ্রান্স।

প্রবাহ বাংলা নেটওয়ার্ক