প্রধানমন্ত্রীর নির্বাচনী প্রতিশ্রুতি
ফ্যামিলি কার্ড প্রদানে কমিটি গঠন
প্রান্তিক ও নিম্ন আয়ের পরিবারকে সামাজিক সুরক্ষা প্রদানের লক্ষ্যে সরকার ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ সংক্রান্ত ১৫ সদস্যের মন্ত্রিসভা কমিটি গঠন করেছে। বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করে জানানো হয়, আসন্ন ঈদুল ফিতরের আগে এই কার্ডের পাইলটিং শুরুর প্রস্তুতি নেওয়া হবে।
অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন। সদস্যদের মধ্যে রয়েছেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী, উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী, মহিলা ও শিশু এবং সমাজকল্যাণ প্রতিমন্ত্রী, উপদেষ্টা মাহদী আমিন ও রেহান আসিফ আসাদ। এছাড়া মন্ত্রিপরিষদ সচিবসহ সাতটি মন্ত্রণালয়ের সচিবরা সদস্য হিসেবে অন্তর্ভুক্ত। ‘সচিব’ বলতে সিনিয়র সচিবকেও অন্তর্ভুক্ত করা হয়েছে।
কমিটি ফ্যামিলি কার্ডের ডিজাইন, সুবিধাভোগী নির্বাচন পদ্ধতি ও বাস্তবায়ন পরিকল্পনা প্রণয়ন করবে। প্রথম পর্যায়ে দেশের আটটি বিভাগের প্রত্যেকটিতে একটি করে উপজেলায় পাইলট প্রকল্প চালু হবে। নারীদের জন্য চলমান কর্মসূচিগুলোকে ভিত্তি করে ব্যবহারের সম্ভাবনা পর্যালোচনা করবে। সুবিধাভোগীদের ডাটাবেস তৈরিতে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ও ন্যাশনাল হাউজহোল্ড ডাটাবেসের আন্তঃসংযোগ করে ডিজিটাল এমআইএস তৈরির সুপারিশ দেবে।
কমিটি ২৪ ফেব্রুয়ারির মধ্যে প্রাথমিক প্রতিবেদন প্রদান করবে, যাতে ঈদুল ফিতরের পূর্বে বিতরণ সম্ভব হয়। সভা প্রয়োজনমতো অনুষ্ঠিত হবে, মহিলা ও শিশু মন্ত্রণালয় সাচিবিক সহায়তা প্রদান করবে এবং প্রয়োজনে অতিরিক্ত সদস্য যোগ করতে পারবে। প্রজ্ঞাপন অবিলম্বে কার্যকর।
প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্বাচনী প্রতিশ্রুতির অংশ হিসেবে এই উদ্যোগ নেওয়া হয়েছে, যা নিম্নবিত্ত পরিবারের জন্য একীভূত সুরক্ষা ব্যবস্থা নিশ্চিত করবে বলে আশা করা হচ্ছে।










