সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩
সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩

জামায়াতের ধৈর্যের আহ্বান, জোটের কর্মসূচির অপেক্ষা

প্রবাহ বাংলা ডেস্ক ঢাকা, বাংলাদেশ প্রকাশিত: শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬, ৮:০৮ পিএম
জামায়াতের ধৈর্যের আহ্বান, জোটের কর্মসূচির অপেক্ষা

ছবিঃ প্রবাহ বাংলা

বাংলাদেশ জামায়াতে ইসলামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের পর চলমান রাজনৈতিক পরিস্থিতিতে দেশবাসীকে ধৈর্য ধারণের আহ্বান জানিয়েছে। দলটি বলেছে, জামায়াতের নেতৃত্বাধীন ১১দলীয় জোটের আনুষ্ঠানিক কর্মসূচি ঘোষণা না হওয়া পর্যন্ত সমর্থক ও জনগণকে অপেক্ষা করতে হবে।​

শুক্রবার সকাল ৮টা ১৫ মিনিটে জামায়াতে ইসলামীের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক পোস্টে এই আহ্বান জানানো হয়। পোস্টে বলা হয়, নির্বাচনের সার্বিক ফলাফলপ্রক্রিয়া নিয়ে তাদের গুরুতর উদ্বেগ রয়েছে, তবে যে কোনো সিদ্ধান্ত বা পদক্ষেপ জোটগতভাবে ঘোষিত কর্মসূচির মাধ্যমেই জানানো হবে।

জামায়াতের পোস্টে উল্লেখ করা হয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে দেশবাসী শান্তিপূর্ণ পরিবেশে ব্যাপক হারে ভোট দিয়েছেন বলে দলের দাবি। এ জন্য ভোটারদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে পোস্টে বলা হয়, জনগণের এই অংশগ্রহণ গণতান্ত্রিক চেতনার প্রকাশ এবং পরিবর্তনের আকাঙ্ক্ষার প্রতিফলন।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

​

জামায়াত নির্বাচনের ফলাফল তৈরির ধাপ ও ফল ঘোষণার পদ্ধতি নিয়ে অসন্তোষ প্রকাশ করেছে। তাদের ভাষ্যে, বিভিন্ন আসনে ১১–দলীয় জোটের প্রার্থীরা অল্প ব্যবধানে ও ‘সন্দেহজনকভাবে’ পরাজিত হয়েছেন, যা ফলাফলপ্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলছে।

ফেসবুক পোস্টে অভিযোগ করা হয়, বেসরকারি ফল ঘোষণার ক্ষেত্রে বারবার অসংগতি দেখা গেছে এবং কিছু ক্ষেত্রে ‘বানানো’ বা অসত্য তথ্য প্রচার করা হয়েছে। একই সঙ্গে ভোটার উপস্থিতির হার প্রকাশে নির্বাচন কমিশনের অনীহা এবং প্রশাসনের একাংশের বড় একটি রাজনৈতিক দলের পক্ষপাতমূলক অবস্থানের ইঙ্গিত দেওয়া হয়েছে বলে জামায়াতের দাবি।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পাওয়া বেসরকারি ফলাফল বিশ্লেষণ করে জামায়াত জানায়, বিএনপি ও তাদের মিত্ররা উল্লেখযোগ্য সংখ্যক আসনে এগিয়ে বা বিজয়ী হয়েছে।  বিভিন্ন গণমাধ্যমের বেসরকারি হিসাবে বিএনপি ও তার মিত্রদের জয়ী আসনের সংখ্যা ২১২ টি এবং জামায়াত ও তার মিত্রদের অর্জিত আসন ৭৭টি বলে প্রকাশিত হয়েছে।

জামায়াতের অভিযোগ, ঘোষিত ফল ও মাঠের বাস্তবতার মধ্যে পার্থক্য রয়েছে এবং পুনর্গণনা, অভিযোগ নিষ্পত্তি ও পূর্ণাঙ্গ সরকারি ফল ঘোষণার আগে চূড়ান্ত মন্তব্য করা থেকে বিরত থাকছে তারা। তবে দলটি ইঙ্গিত দিয়েছে, জোটের সিদ্ধান্ত সাপেক্ষে আইনি ও রাজনৈতিক উভয় ধারায় পদক্ষেপ নেওয়া হতে পারে।​

ফেসবুক বার্তায় সমর্থক ও জনসাধারণকে কোনো ধরনের উসকানি বা তাৎক্ষণিক উত্তেজনায় সাড়া না দেওয়ার আহ্বান জানানো হয়েছে। জামায়াত বলেছে, ১১–দলীয় জোটের আনুষ্ঠানিক কর্মসূচি ঘোষিত হলে সেই কর্মসূচি শান্তিপূর্ণ ও সাংবিধানিক সীমার মধ্যেই পালন করতে হবে।

পোস্টের শেষে জামায়াত উল্লেখ করেছে, ‘মানবিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে ন্যায়বিচারের জন্য আমাদের সংগ্রাম ইনশাআল্লাহ অব্যাহত থাকবে।’ দলটির ভাষ্যমতে, নির্বাচন–পরবর্তী এই পরিস্থিতিতেও তারা আইনের শাসন, ভোটাধিকার ও ন্যায়ভিত্তিক রাজনৈতিক ব্যবস্থার দাবিতে আন্দোলন চালিয়ে যাবে

৮ দিনে প্রবাসীরা পাঠালেন ১৪ হাজার কোটি টাকা

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ১০:৩০ পিএম
৮ দিনে প্রবাসীরা পাঠালেন ১৪ হাজার কোটি টাকা

চলতি বছরের নভেম্বর মাসের প্রথম ৮ দিনে দেশে প্রবাসী আয় বা রেমিট্যান্স এসেছে ১১৩ কোটি মার্কিন ডলার, যা দেশীয় মুদ্রায় ১৪ হাজার ১২ কোটি টাকা (প্রতি ডলার ১২৪ টাকা হিসাবে)।

সোমবার (৯ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেছেন।

কেন্দ্রীয় ব্যাংক জানায়, গত বছরের নভেম্বর মাসের প্রথম ৮ দিনে রেমিট্যান্স এসেছিল ৭৫ কোটি ৪০ লাখ ডলার। সেই তুলনায় চলতি বছরের একই সময়ে প্রবাসী আয় বেড়েছে ৪৯ দশমিক ৮০ শতাংশ।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

চলতি অর্থবছরের (১ জুলাই থেকে ৮ নভেম্বর পর্যন্ত) সামগ্রিক চিত্র বিশ্লেষণ করলে দেখা যায়, এ পর্যন্ত দেশে এক হাজার ২৫৯ কোটি ৫০ লাখ ডলারের প্রবাসী আয় এসেছে।

গত অর্থবছরের একই সময়ে এই আয়ের পরিমাণ ছিল এক হাজার ৯০ কোটি ৩০ লাখ ডলার। সেই তুলনায় চলতি বছরের একই সময়ে প্রবাসী আয় বেড়েছে শতকরা ১৫ দশমিক ৫০ ভাগ।

 

অনেক হাসপাতালের খাবার আমার স্ত্রীর রান্নার থেকেও ভালো: স্বাস্থ্যমন্ত্রী

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ৯:১৬ পিএম
অনেক হাসপাতালের খাবার আমার স্ত্রীর রান্নার থেকেও ভালো: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য খাতে ইতিবাচক পরিবর্তন ও চিকিৎসাসেবার মানোন্নয়নের চিত্র তুলে ধরতে গিয়ে স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেছেন, দেশের অনেক হাসপাতালের খাবারের মান অত্যন্ত উন্নত, যা ক্ষেত্রবিশেষে তাঁর স্ত্রীর রান্নার চেয়েও ভালো এবং তিনি নিজেও তা খেয়েছেন।

সোমবার (০৯ নভেম্বর) রাজধানীর আগারগাঁও শিশু হাসপাতালের নবনির্মিত স্টিল স্ট্রাকচার ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।

স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত হোসেন বলেন, “আমরা অনেক সময় বলি আমাদের স্বাস্থ্য খাতে এটা আছে বা ওটা নেই। কিন্তু বাস্তবতা হলো, অতীতের যেকোনো সময়ের চেয়ে স্বাস্থ্য খাতের মান এখন অনেক উন্নত হয়েছে। অনেক হাসপাতালের খাবারের মান এতটাই ভালো যে তা আমার স্ত্রীর রান্নার চেয়েও ভালো লাগে, আমি নিজেও তা খেয়ে দেখেছি। তবে এই সেবার ধারাবাহিকতা ধরে রাখতে চিকিৎসকদের মধ্যে সচেতনতা বাড়াতে হবে।”

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

অনুষ্ঠানকালে বিগত সাত মাসে হামে ১ হাজার ২০০ শিশুর মৃত্যুর পরিসংখ্যান তুলে ধরে এক গণমাধ্যমকর্মী জানতে চান—এ মৃত্যুর দায় অন্তর্বর্তী সরকার নাকি বর্তমান সরকার নেবে?

এমন প্রশ্নের উত্তরে স্বাস্থ্যমন্ত্রী নিজের দায় স্বীকার করে আবেগঘন কণ্ঠে বলেন, “এর দায় তো আমারই। আমাকে ফাঁসি দিন। এটি আমার ব্যর্থতা, তবে আমরা সাধ্যমতো চেষ্টা করেছি।”

হামের প্রতিষেধক টিকা নিয়ে বিভ্রান্তি ছড়ানোর তীব্র সমালোচনা করে তিনি আরও স্পষ্ট করেন, কিছু স্বার্থান্বেষী মহল অপপ্রচার চালাচ্ছে যে সব টিকা ভারত থেকে আনা হয়েছে। এই তথ্য সম্পূর্ণ ভুল। মোট ব্যবহৃত টিকার মাত্র ৮ শতাংশ ভারত থেকে আমদানি করা হয়েছে; বাকি সিংহভাগ টিকা জার্মানি, জাপান, অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য, দক্ষিণ কোরিয়া ও ইন্দোনেশিয়া থেকে সাশ্রয়ী মূল্যে সংগ্রহ করা হয়েছে।

শিশুদের প্রতিষেধক টিকা না নেওয়ার বিষয়টি তুলে ধরে মন্ত্রী জানান, বর্তমানে হামে আক্রান্ত শিশুদের প্রায় কেউই সময়মতো টিকা নেয়নি। তা ছাড়া আক্রান্তদের একটি বড় অংশের বয়স ছয় মাসের কম। একটি হাসপাতালে চিকিৎসাধীন হাম আক্রান্ত শিশুদের একটি বিরাট অংশের টিকা না নেওয়ার তথ্য তাঁর কাছে রয়েছে বলে তিনি উল্লেখ করেন।

 

ঢাবিতে টানা দ্বিতীয় দিন ককটেল বিস্ফোরণ, আটক ২

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ৯:১০ পিএম
ঢাবিতে টানা দ্বিতীয় দিন ককটেল বিস্ফোরণ, আটক ২

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে টানা দ্বিতীয় দিনের মতো ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এই ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে আটকের পাশাপাশি টিএসসি সংলগ্ন এলাকায় ব্যাগভর্তি ককটেল উদ্ধার করা হয়েছে। খবর পেয়ে উদ্ধারকৃত ককটেল পরীক্ষা ও নিষ্ক্রিয় করতে বোম ডিসপোজাল ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়।

সোমবার (০৯ নভেম্বর) সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটের দিকে বিশ্ববিদ্যালয়ের মেট্রোরেল স্টেশনের নিচে এ ঘটনা ঘটে।

আটক দুই যুবকের নাম আব্দুল্লাহ আল জোবায়ের ওরফে জামিল (২৬) ও সালেহীন দিপু (২৭)।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যায় ঢাবি মেট্রোরেল স্টেশনের নিচে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে দ্রুত পালানোর চেষ্টা করেন ওই দুই যুবক। এ সময় উপস্থিত জনতা ও শিক্ষার্থীরা ধাওয়া দিয়ে তাদের ধরে ফেলেন এবং গণধোলাই শেষে শাহবাগ থানা পুলিশের কাছে সোপর্দ করেন।

এর আগে গতকাল রোববার সন্ধ্যা ৬টা থেকে ৭টার মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের অন্তত ছয়টি পৃথক স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছিল। ওই দিনের ঘটনাতেও জড়িত সন্দেহে তিনজনকে আটক করে পুলিশে হস্তান্তর করেছিলেন ছাত্রদলের নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীরা।

টানা দুই দিন ধরে দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ এলাকায় এভাবে ককটেল বিস্ফোরণের ঘটনায় শিক্ষার্থী ও পথচারীদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। বিশৃঙ্খলা এড়াতে বিশ্ববিদ্যালয় এলাকা ও শাহবাগ মোড়ে পুলিশি টহল বাড়ানো হয়েছে।

 

প্রবাহ বাংলা নেটওয়ার্ক