কত ভোট পেয়ে জামানত হারালেন মেঘনা আলম?
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আলোচিত ঢাকা-৮ আসনে বিভিন্ন প্রার্থীর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা করে গণঅধিকার পরিষদের প্রার্থী মেঘনা আলম পেয়েছেন ৬০৮ ভোট। ট্রাক প্রতীক নিয়ে তিনি এ আসনে প্রতিদ্বন্দ্বিতা করেন।
এই আসনে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন বিএনপির প্রার্থী মির্জা আব্বাস উদ্দিন আহমেদ। তিনি তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এনসিপির প্রার্থী মোহাম্মদ নাসীরুদ্দীন পাটওয়ারীকে পাঁচ হাজারের বেশি ভোটের ব্যবধানে পরাজিত করেন।
বিভাগীয় কমিশনার কার্যালয় সূত্রে জানা গেছে, ঢাকা-৮ আসনে মোট ভোটার সংখ্যা ছিল ২ লাখ ৭৫ হাজার ৪৭৪ জন। এর মধ্যে ভোট পড়ে ১ লাখ ২০ হাজার ৪৮৪টি। বাতিল হয় ২ হাজার ৮১৭টি ভোট, ফলে বৈধ ভোটের সংখ্যা দাঁড়ায় ১ লাখ ১৭ হাজার ৬৬৭টি।
এ আসনে পোস্টাল ভোটার ছিলেন ৮ হাজার ৯৯২ জন। তাদের মধ্যে ৬ হাজার ১২টি ভোট পড়ে এবং ৩২০টি বাতিল হয়।
ফলাফলে দেখা যায়, এনসিপির প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী সাধারণ কেন্দ্রে পেয়েছেন ৫১ হাজার ৫৭২ ভোট এবং পোস্টাল ভোট পেয়েছেন ২ হাজার ৫৫৫টি। সব মিলিয়ে তার প্রাপ্ত ভোট ৫৪ হাজার ১২৭টি। অন্যদিকে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী কেফায়েত উল্লা হাতপাখা প্রতীকে পেয়েছেন ১ হাজার ৪৩৬ ভোট।
সব মিলিয়ে এ আসনে প্রধান দুই প্রার্থীর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হলেও অন্য প্রার্থীদের ভোটের ব্যবধান ছিল উল্লেখযোগ্য।












