সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩
সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩

ভোট নিরপেক্ষ হলে ফল মেনে নেবে জামায়াত আমির

প্রবাহ বাংলা ডেস্ক ঢাকা, বাংলাদেশ প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৬, ৩:১১ পিএম
ভোট নিরপেক্ষ হলে ফল মেনে নেবে জামায়াত আমির

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এবারের ভোট শান্তিপূর্ণ, সুষ্ঠু, সন্ত্রাস ও দখলমুক্ত এবং সবার কাছে গ্রহণযোগ্য হোক—এটাই বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রত্যাশা বলে মন্তব্য করেছেন দলটির আমির ও ঢাকা-১৫ আসনের প্রার্থী ডা. শফিকুর রহমান।​

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান জানিয়েছেন, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য ভোটের মাধ্যমেই দেশের গণতন্ত্রকে এগিয়ে নেওয়া সম্ভব। তিনি বলেন, সুষ্ঠু প্রক্রিয়ার মাধ্যমে যে ফলাফল আসবে, সেটি সবাইকে মেনে নিতে হবে। ভোট যদি নিরপেক্ষ ও সবার কাছে গ্রহণযোগ্য হয়, জামায়াত সেই ফলাফল মেনে নেবে এবং অন্যান্য রাজনৈতিক দল ও প্রার্থীদেরও তা মেনে নেওয়া উচিত বলেও উল্লেখ করেন তিনি। তাঁর ভাষায়, “এটাই গণতন্ত্রের সৌন্দর্য।”​

বৃহস্পতিবার সকালে রাজধানীর মিরপুর-২ নম্বর এলাকার মনিপুর উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজ কেন্দ্রে নিজ ভোটাধিকার প্রয়োগ করেন ডা. শফিকুর রহমান। ভোট দেওয়ার পর কেন্দ্র প্রাঙ্গণে দাঁড়িয়ে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন এবং সামগ্রিক নির্বাচনী পরিবেশ নিয়ে নিজের মতামত তুলে ধরেন।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

দীর্ঘ প্রতীক্ষার পর অংশগ্রহণমূলক নির্বাচনে ভোট দেওয়ার সুযোগ পাওয়ায় আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন জামায়াতের এই নেতা। তিনি বলেন, এ নির্বাচনের মাধ্যমে দেশে একটি নতুন দিনের সূচনা হতে পারে। বিশেষ করে যারা আগে কখনো ভোট দেওয়ার সুযোগ পাননি, সেই নতুন ভোটার তরুণ-তরুণীদের জন্য দিনটি তাৎপর্যপূর্ণ বলেও মন্তব্য করেন তিনি।​

ডা. শফিকুর রহমান জানান, নিজের ভোট দেওয়ার পর তিনি রাজধানীর অন্য কেন্দ্রগুলোর পরিস্থিতি পর্যবেক্ষণ করবেন এবং সারাদেশের খবর নেবেন। তিনি বলেন, ছোটখাটো অনিয়ম অনেক সময় নির্বাচনী বাস্তবতার অংশ হতে পারে; তবে বড় ধরনের অনিয়ম বা সংঘাতমূলক পরিস্থিতি কোনোভাবেই সহ্য করা হবে না। প্রয়োজনে আইনগত ও রাজনৈতিক উপায়ে সে ধরনের অনিয়মের প্রতিবাদ জানানো হবে বলেও তিনি সতর্ক করেন।​

দেশ গঠনে রাজনৈতিক দল, প্রশাসন, নাগরিক সমাজ ও সাধারণ জনগণের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্ব আরোপ করেন জামায়াত আমির। তিনি বলেন, দেশ সবার, তাই দেশ গড়ার কাজও হতে হবে যৌথভাবে, মতভেদ থাকলেও ন্যূনতম ঐকমত্যের ভিত্তিতে। গণমাধ্যমকে সমাজের চতুর্থ স্তম্ভ হিসেবে উল্লেখ করে তিনি নির্বাচনী প্রক্রিয়া ও রাষ্ট্র গঠনের ক্ষেত্রে দায়িত্বশীল, তথ্যনির্ভর ও ইতিবাচক সংবাদ পরিবেশনের আহ্বান জানান। তাঁর মতে, কেউ অপরাধ করলে তার বিরুদ্ধে স্পষ্ট অবস্থান নেওয়া প্রয়োজন; তবে অপরাধ নয় এমন বিষয়কে জোর করে অপরাধ হিসেবে উপস্থাপন করাও অন্যায় এবং তা গণমাধ্যমের নৈতিকতার পরিপন্থী।

সকল ভোটারকে শান্তিপূর্ণ, নিরাপদ ও নির্ভয়ে ভোটকেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানান ডা. শফিকুর রহমান। নারী-পুরুষ নির্বিশেষে প্রত্যেক নাগরিককে নিজের দায়িত্ব পালন করে রাষ্ট্র গঠনের কাজে অংশ নেওয়ার আহ্বান জানান তিনি। তাঁর বক্তব্যে তিনি স্মরণ করিয়ে দেন, সক্রিয় নাগরিক অংশগ্রহণ ব্যতীত গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা সুসংহত হয় না।

মনিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজ কেন্দ্র ঘিরে আইনশৃঙ্খলা বাহিনীর কড়া নিরাপত্তা ব্যবস্থা ছিল, সেখানে বিপুলসংখ্যক পুলিশ, র‌্যাব ও অন্যান্য বাহিনীর সদস্য মোতায়েন থাকায় ভোটগ্রহণ শান্তিপূর্ণ পরিবেশে চলমান রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। সেনাবাহিনীর টহলও কেন্দ্র এলাকার নিরাপত্তাকে আরও জোরদার করেছে। স্থানীয়ভাবে জানানো হয়, এই কেন্দ্রে সাধারণ ভোটারের তুলনায় আইনশৃঙ্খলা বাহিনী ও গণমাধ্যমকর্মীদের উপস্থিতি ছিল বেশি, তবে সার্বিক পরিবেশ ছিল শান্তিপূর্ণ

৮ দিনে প্রবাসীরা পাঠালেন ১৪ হাজার কোটি টাকা

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ১০:৩০ পিএম
৮ দিনে প্রবাসীরা পাঠালেন ১৪ হাজার কোটি টাকা

চলতি বছরের নভেম্বর মাসের প্রথম ৮ দিনে দেশে প্রবাসী আয় বা রেমিট্যান্স এসেছে ১১৩ কোটি মার্কিন ডলার, যা দেশীয় মুদ্রায় ১৪ হাজার ১২ কোটি টাকা (প্রতি ডলার ১২৪ টাকা হিসাবে)।

সোমবার (৯ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেছেন।

কেন্দ্রীয় ব্যাংক জানায়, গত বছরের নভেম্বর মাসের প্রথম ৮ দিনে রেমিট্যান্স এসেছিল ৭৫ কোটি ৪০ লাখ ডলার। সেই তুলনায় চলতি বছরের একই সময়ে প্রবাসী আয় বেড়েছে ৪৯ দশমিক ৮০ শতাংশ।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

চলতি অর্থবছরের (১ জুলাই থেকে ৮ নভেম্বর পর্যন্ত) সামগ্রিক চিত্র বিশ্লেষণ করলে দেখা যায়, এ পর্যন্ত দেশে এক হাজার ২৫৯ কোটি ৫০ লাখ ডলারের প্রবাসী আয় এসেছে।

গত অর্থবছরের একই সময়ে এই আয়ের পরিমাণ ছিল এক হাজার ৯০ কোটি ৩০ লাখ ডলার। সেই তুলনায় চলতি বছরের একই সময়ে প্রবাসী আয় বেড়েছে শতকরা ১৫ দশমিক ৫০ ভাগ।

 

অনেক হাসপাতালের খাবার আমার স্ত্রীর রান্নার থেকেও ভালো: স্বাস্থ্যমন্ত্রী

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ৯:১৬ পিএম
অনেক হাসপাতালের খাবার আমার স্ত্রীর রান্নার থেকেও ভালো: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য খাতে ইতিবাচক পরিবর্তন ও চিকিৎসাসেবার মানোন্নয়নের চিত্র তুলে ধরতে গিয়ে স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেছেন, দেশের অনেক হাসপাতালের খাবারের মান অত্যন্ত উন্নত, যা ক্ষেত্রবিশেষে তাঁর স্ত্রীর রান্নার চেয়েও ভালো এবং তিনি নিজেও তা খেয়েছেন।

সোমবার (০৯ নভেম্বর) রাজধানীর আগারগাঁও শিশু হাসপাতালের নবনির্মিত স্টিল স্ট্রাকচার ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।

স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত হোসেন বলেন, “আমরা অনেক সময় বলি আমাদের স্বাস্থ্য খাতে এটা আছে বা ওটা নেই। কিন্তু বাস্তবতা হলো, অতীতের যেকোনো সময়ের চেয়ে স্বাস্থ্য খাতের মান এখন অনেক উন্নত হয়েছে। অনেক হাসপাতালের খাবারের মান এতটাই ভালো যে তা আমার স্ত্রীর রান্নার চেয়েও ভালো লাগে, আমি নিজেও তা খেয়ে দেখেছি। তবে এই সেবার ধারাবাহিকতা ধরে রাখতে চিকিৎসকদের মধ্যে সচেতনতা বাড়াতে হবে।”

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

অনুষ্ঠানকালে বিগত সাত মাসে হামে ১ হাজার ২০০ শিশুর মৃত্যুর পরিসংখ্যান তুলে ধরে এক গণমাধ্যমকর্মী জানতে চান—এ মৃত্যুর দায় অন্তর্বর্তী সরকার নাকি বর্তমান সরকার নেবে?

এমন প্রশ্নের উত্তরে স্বাস্থ্যমন্ত্রী নিজের দায় স্বীকার করে আবেগঘন কণ্ঠে বলেন, “এর দায় তো আমারই। আমাকে ফাঁসি দিন। এটি আমার ব্যর্থতা, তবে আমরা সাধ্যমতো চেষ্টা করেছি।”

হামের প্রতিষেধক টিকা নিয়ে বিভ্রান্তি ছড়ানোর তীব্র সমালোচনা করে তিনি আরও স্পষ্ট করেন, কিছু স্বার্থান্বেষী মহল অপপ্রচার চালাচ্ছে যে সব টিকা ভারত থেকে আনা হয়েছে। এই তথ্য সম্পূর্ণ ভুল। মোট ব্যবহৃত টিকার মাত্র ৮ শতাংশ ভারত থেকে আমদানি করা হয়েছে; বাকি সিংহভাগ টিকা জার্মানি, জাপান, অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য, দক্ষিণ কোরিয়া ও ইন্দোনেশিয়া থেকে সাশ্রয়ী মূল্যে সংগ্রহ করা হয়েছে।

শিশুদের প্রতিষেধক টিকা না নেওয়ার বিষয়টি তুলে ধরে মন্ত্রী জানান, বর্তমানে হামে আক্রান্ত শিশুদের প্রায় কেউই সময়মতো টিকা নেয়নি। তা ছাড়া আক্রান্তদের একটি বড় অংশের বয়স ছয় মাসের কম। একটি হাসপাতালে চিকিৎসাধীন হাম আক্রান্ত শিশুদের একটি বিরাট অংশের টিকা না নেওয়ার তথ্য তাঁর কাছে রয়েছে বলে তিনি উল্লেখ করেন।

 

ঢাবিতে টানা দ্বিতীয় দিন ককটেল বিস্ফোরণ, আটক ২

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ৯:১০ পিএম
ঢাবিতে টানা দ্বিতীয় দিন ককটেল বিস্ফোরণ, আটক ২

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে টানা দ্বিতীয় দিনের মতো ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এই ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে আটকের পাশাপাশি টিএসসি সংলগ্ন এলাকায় ব্যাগভর্তি ককটেল উদ্ধার করা হয়েছে। খবর পেয়ে উদ্ধারকৃত ককটেল পরীক্ষা ও নিষ্ক্রিয় করতে বোম ডিসপোজাল ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়।

সোমবার (০৯ নভেম্বর) সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটের দিকে বিশ্ববিদ্যালয়ের মেট্রোরেল স্টেশনের নিচে এ ঘটনা ঘটে।

আটক দুই যুবকের নাম আব্দুল্লাহ আল জোবায়ের ওরফে জামিল (২৬) ও সালেহীন দিপু (২৭)।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যায় ঢাবি মেট্রোরেল স্টেশনের নিচে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে দ্রুত পালানোর চেষ্টা করেন ওই দুই যুবক। এ সময় উপস্থিত জনতা ও শিক্ষার্থীরা ধাওয়া দিয়ে তাদের ধরে ফেলেন এবং গণধোলাই শেষে শাহবাগ থানা পুলিশের কাছে সোপর্দ করেন।

এর আগে গতকাল রোববার সন্ধ্যা ৬টা থেকে ৭টার মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের অন্তত ছয়টি পৃথক স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছিল। ওই দিনের ঘটনাতেও জড়িত সন্দেহে তিনজনকে আটক করে পুলিশে হস্তান্তর করেছিলেন ছাত্রদলের নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীরা।

টানা দুই দিন ধরে দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ এলাকায় এভাবে ককটেল বিস্ফোরণের ঘটনায় শিক্ষার্থী ও পথচারীদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। বিশৃঙ্খলা এড়াতে বিশ্ববিদ্যালয় এলাকা ও শাহবাগ মোড়ে পুলিশি টহল বাড়ানো হয়েছে।

 

প্রবাহ বাংলা নেটওয়ার্ক