৫০ লাখ টাকাসহ বিমানবন্দরে ঠাকুরগাঁও জেলা জামায়াত আমির আটক
সৈয়দপুর বিমানবন্দর থেকে বিপুল পরিমাণ নগদ অর্থসহ ঠাকুরগাঁও জেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা বেলাল উদ্দিনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুর আনুমানিক ১২টার দিকে তাকে আটক করা হয়।
পুলিশ জানায়, বেলাল উদ্দিন ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইটে সৈয়দপুরে পৌঁছান। বিমানবন্দর ত্যাগের সময় তার চলাফেরা সন্দেহজনক মনে হলে ইমিগ্রেশন পুলিশ তাকে থামিয়ে তল্লাশি চালায়। এ সময় তার সঙ্গে থাকা একটি ব্যাগ থেকে বিপুল অঙ্কের নগদ টাকা পাওয়া যায়।
সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম বিষয়টি নিশ্চিত করে জানান, আটক ব্যক্তির ব্যাগে ৫০ লাখ টাকার বেশি নগদ অর্থ রয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।
নীলফামারীর পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে বেলাল উদ্দিনকে আটক করা হয়েছে। তিনি দাবি করেছেন, ব্যাগে থাকা টাকার পরিমাণ প্রায় ৫০ লাখ টাকা। ব্যাগটি আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে খোলা হবে এবং অর্থের উৎস সম্পর্কে যাচাই করা হচ্ছে।
পুলিশ সূত্রে জানা যায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর বেলাল উদ্দিনকে সৈয়দপুর থানায় নেওয়া হয়। পরবর্তীতে তাকে জিজ্ঞাসাবাদের জন্য সেনা হেফাজতে দেওয়া হয়েছে।
আটক বেলাল উদ্দিন ঠাকুরগাঁও শহরের পূর্ব হাজীপাড়া (স্টেডিয়াম সংলগ্ন) এলাকার বাসিন্দা। তার বাবার নাম দবিরুল ইসলাম। তিনি পেশায় একটি স্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠানের সহযোগী অধ্যাপক।
এ ঘটনায় ঠাকুরগাঁও জেলা জামায়াতের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। নির্বাচনের ঠিক আগের দিন এ ধরনের ঘটনায় জনমনে নানা আলোচনা ও প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
ঘটনার বিস্তারিত জানার জন্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ প্রশাসন।










