শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

বইমেলা নয় যেন জনস্রোত

অভূতপূর্ব সাড়া কায়রো আন্তর্জাতিক বইমেলায়, ৪৫ লাখ দর্শনার্থীর ঢল

আফছার হোসাইন, কায়রো প্রকাশিত: রবিবার, ১ ফেব্রুয়ারি, ২০২৬, ৪:৫৯ এম
অভূতপূর্ব সাড়া কায়রো আন্তর্জাতিক বইমেলায়, ৪৫ লাখ দর্শনার্থীর ঢল

মিশরে বিশ্বের অন্যতম বৃহৎ সাহিত্য আয়োজন কায়রো আন্তর্জাতিক বইমেলায় (Cairo International Book Fair) এ পর্যন্ত ৪৫ লাখেরও বেশি দর্শনার্থীর সমাগম হয়েছে।  বিপুলসংখ্যক পাঠক, লেখক ও সংস্কৃতি প্রেমীর অংশগ্রহণে এবারের আসর ইতোমধ্যেই রেকর্ড পরিমাণ জনপ্রিয়তা অর্জন করেছে।মধ্যপ্রাচ্য, আফ্রিকা ও ইউরোপসহ বিশ্বের মোট ৮৩টি দেশ থেকে ১ হাজার ৪৫৭টি প্রকাশনী এই মেলায় অংশ নিয়েছে। ৬ হাজার ৬৩৭ জন প্রদর্শকের উপস্থিতি এবং প্রায় ৪০০টি সাংস্কৃতিক কর্মশালা মেলাটিকে দিয়েছে বহুমাত্রিক রূপ। বই প্রদর্শনীর পাশাপাশি মেলায় আয়োজন করা হয়েছে নানা সাহিত্যিক ও সাংস্কৃতিক কর্মসূচি। এর মধ্যে রয়েছে বুদ্ধিবৃত্তিক সেমিনার, সাহিত্য আড্ডা, শিল্পকলা প্রদর্শনী, সাংস্কৃতিক পরিবেশনা এবং শিশু ও তরুণদের জন্য বিশেষ কার্যক্রম। বইপ্রেমীদের প্রাণের মিলন মেলায় পরিণত হওয়া এই আয়োজন মিশরের সাংস্কৃতিক অঙ্গনে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে বলে মনে করছেন বিশ্লেষকরা।বাংলাদেশের বিশিষ্ট ইসলামি স্কলার ও বাইতুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি আব্দুল মালেকের বিখ্যাত আরবি গ্রন্থ ‘আল-মাদখাল ইলা উলুমিল হাদিসিশ শরিফ’ ২০২১ সালের মতো এবারও বেস্টসেলার তালিকায় স্থান করে নিয়েছে। পাশাপাশি ২০২৬ সালের এই আসরে তার নতুন গবেষণামূলক গ্রন্থগুলো আন্তর্জাতিক পাঠকদের বিশেষ আগ্রহের কেন্দ্রবিন্দুতে রয়েছে। আল-আজহার বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশি শিক্ষার্থী সায়মুম আল মাহেদী বলেন,কায়রো আন্তর্জাতিক বইমেলা ২০২৬ কেবল একটি প্রকাশনা প্রদর্শনী নয়; এটি সমসাময়িক বিশ্বের জ্ঞান, চিন্তা ও সংস্কৃতির এক জীবন্ত দরবার। নিউ কায়রোর ইজিপ্ট ইন্টারন্যাশনাল এক্সিবিশন সেন্টারে বইয়ের এই বিশাল সমাবেশ প্রমাণ করে—ডিজিটাল যুগেও বই তার প্রভাব ও প্রয়োজনীয়তা হারায়নি। নাজিব মাহফুজের চিন্তাকে প্রতিপাদ্য করে আয়োজিত এবারের মেলা পাঠককে কেবল বইয়ের পৃষ্ঠায় নয়, বরং ইতিহাস, মানবতা ও মূল্যবোধের গভীরে নিয়ে যায়। আল-আযহারের একজন শিক্ষার্থী হিসেবে আমি অনুভব করি, এ মেলা আমাদের জন্য শুধু পাঠের সুযোগ নয়, বরং চিন্তার পরিসর বিস্তৃত করার এক অনন্য ক্ষেত্র।

লেখক, গবেষক ও পাঠকের সরাসরি সংলাপ—এই বইমেলাকে জ্ঞানচর্চার এক আন্তর্জাতিক মঞ্চে পরিণত করেছে, যা ভবিষ্যৎ প্রজন্মের বুদ্ধিবৃত্তিক বিকাশে দীর্ঘস্থায়ী ভূমিকা রাখবে।বাংলাদেশি আরেক শিক্ষার্থী নাজমুল হাসান খান আজহারী বলেন,আরবের প্রথম নোবেল বিজয়ী নাগিব মাহফুজের নামে উৎসর্গিত এই মহোৎসব আরব বিশ্বের সবচেয়ে বিশাল ইসলামিক বইমেলা, যা জার্মানির ফ্রাঙ্কফুর্টের পরই বিশ্বে দ্বিতীয় স্থানে বিব্রত। এখানে ৮৩ দেশের ১,৪৫৭ প্রকাশকের মতো আমাদেশের বাংলাদেশী লেখকদের বইও স্থান পেয়েছে।রীতিমতো বেস্টসেলার তালিকায়। বিশেষ করে জাতীয় মসজিদের খতিব মুফতি আব্দুল মালেক হাফিজাহুল্লাহসহ অসংখ্য লেখকের গ্রন্থগুলো জনপ্রিয়তায় ঝলমল করছে। আল আজহার বিশ্ববিদ্যালয়ের একজন বাংলাদেশি শিক্ষার্থী হিসেবে আমি গর্বিত—অনেকবার এসেছি, অগণিত বই সংগ্রহ করেছি, যা বছরের অন্য সময়ে এমনভাবে সম্ভব নয়। এই জ্ঞান-উৎসবের মধ্যে দাঁড়িয়ে মন ভরে উঠছে অপার আনন্দে, সহযাত্রী প্রকাশনার মতো সঙ্গী হৃদয়ে জাগছে নতুন আলোর স্ফুলিঙ্গ।

এবারের বইমেলাটি উৎসর্গ করা হয়েছে মিশরের কিংবদন্তি সাহিত্যিক ও নোবেলজয়ী লেখক নাগিব মাহফুজের প্রতি। তাকে ‘পার্সোনালিটি অব দ্য ইয়ার’ হিসেবে সম্মান জানানো হয়েছে। একই সঙ্গে এবারের আসরে ‘গেস্ট অব অনার’ বা অতিথি দেশ হিসেবে সম্মাননা পাচ্ছে রোমানিয়া।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

মিশরের সংস্কৃতিবিষয়ক মন্ত্রী মেলার সাফল্যে সন্তোষ প্রকাশ করে ন্যাশনাল এক্সিবিশনস অ্যান্ড কনফারেন্সেস কোম্পানি এবং ইজিপ্ট ইন্টারন্যাশনাল এক্সিবিশন অ্যান্ড কনভেনশন সেন্টারের কর্তৃপক্ষসহ সংশ্লিষ্ট সকল অংশীদারের প্রতি কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, বিপুল দর্শনার্থীর চাপ সামাল দিয়ে সুষ্ঠুভাবে আয়োজন সম্পন্ন করতে সংশ্লিষ্টদের নিরলস পরিশ্রম প্রশংসার দাবি রাখে।প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসির পৃষ্ঠপোষকতায় ৫৭তম কায়রো আন্তর্জাতিক বইমেলা অনুষ্ঠিত হচ্ছে ২১ জানুয়ারি থেকে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত, নিউ কায়রোর ইজিপ্ট ইন্টারন্যাশনাল এক্সিবিশন অ্যান্ড কনভেনশন সেন্টারে। এবারের মেলার প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে-যে এক ঘণ্টা পড়া বন্ধ করে, সে শতাব্দীর পেছনে পড়ে যায়।

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৯৫৫

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ৭:৫৫ পিএম
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৯৫৫

দেশে ডেঙ্গুর সংক্রমণ এখনো নিয়ন্ত্রণে আসেনি। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৯৫৫ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

শুক্রবার স্বাস্থ্য অধিদফতরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদফতরের প্রতিবেদনে বলা হয়েছে, গত এক দিনে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় ডেঙ্গুতে একজন করে মারা গেছেন। এ নিয়ে চলতি বছরে দেশে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২১১ জনে।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

গত ২৪ ঘণ্টায় নতুন রোগী ভর্তির দিক থেকে সবচেয়ে বেশি আক্রান্ত শনাক্ত হয়েছে চট্টগ্রাম বিভাগে। এ বিভাগে ২৪৬ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ ছাড়া ঢাকা বিভাগে ২৪১ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১৩৩ জন, খুলনা বিভাগে ১৩০ জন এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৭৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

একই সময়ে বরিশাল ও রংপুর বিভাগে ৪৪ জন করে, ময়মনসিংহ বিভাগে ৩৭ জন এবং সিলেট বিভাগে চারজন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদফতরের হিসাব অনুযায়ী, ১ জানুয়ারি থেকে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত দেশে ডেঙ্গুতে মোট ২১১ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ঢাকা বিভাগেই মারা গেছেন ১০২ জন। এই হিসাবের মধ্যে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের মৃত্যুর সংখ্যাও রয়েছে।

এ ছাড়া একই সময়ে খুলনা বিভাগে ৩৭ জন, চট্টগ্রাম বিভাগে ২১ জন, ময়মনসিংহ বিভাগে ২০ জন, বরিশাল বিভাগে ১৬ জন, রাজশাহী বিভাগে ১০ জন, রংপুর বিভাগে চারজন এবং সিলেট বিভাগে একজন ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন।

স্বাস্থ্য অধিদফতরের তথ্য বলছে, চলতি সেপ্টেম্বরের প্রথম ২৫ দিনেই ডেঙ্গুতে ১১৪ জনের মৃত্যু হয়েছে।

মালয়েশিয়ার বিপক্ষে ৩-০ গোলে হার বাংলাদেশের

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ৭:৫৪ পিএম
মালয়েশিয়ার বিপক্ষে ৩-০ গোলে হার বাংলাদেশের

আসিয়ান কাপে নিজেদের অভিষেক ম্যাচেই মালয়েশিয়ার কাছে ৩-০ গোলে পরাজিত হয়েছে বাংলাদেশ। শুক্রবার ইন্দোনেশিয়ার জাকার্তার গেলোরা বুং কার্নো স্টেডিয়ামে বাংলাদেশ সময় দুপুর ৩টায় শুরু হওয়া ম্যাচে শুরু থেকেই আধিপত্য বিস্তার করে খেলেছে মালয়েশিয়া।

আসিয়ান কাপে প্রথমবারের মতো মাঠে নেমে শুরু থেকেই চাপে ছিল হামজা চৌধুরীর নেতৃত্বাধীন বাংলাদেশ দল। ম্যাচের ১৮ মিনিটে আরিফ আইমানের গোলে এগিয়ে যায় মালয়েশিয়া। এরপর ৩৭ মিনিটে নিজের দ্বিতীয় গোল করে দলের ব্যবধান ২-০ করেন আইমান। দুই গোলের ঘাটতি নিয়েই বিরতিতে যেতে হয় বাংলাদেশকে।

বিরতির পরও ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে রাখে মালয়েশিয়া। ৫২ মিনিটে বাংলাদেশের রক্ষণভাগের ভুলের সুযোগ কাজে লাগিয়ে বক্সের ভেতর থেকে গোল করেন বার্গুসন। তার গোলে মালয়েশিয়ার লিড বেড়ে দাঁড়ায় ৩-০।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

এরপর গোল পরিশোধে কয়েক দফা আক্রমণ গড়ে তোলে বাংলাদেশ। তবে সুযোগ তৈরি করেও সেগুলো কাজে লাগাতে পারেনি লাল-সবুজের দল। শেষ পর্যন্ত ৩-০ গোলের পরাজয় নিয়েই মাঠ ছাড়তে হয় বাংলাদেশকে।

এর আগে চার বছর আগে এশিয়ান কাপের বাছাইপর্বে মালয়েশিয়ার মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। সেই ম্যাচেও ৪-১ গোলে হেরেছিল লাল-সবুজের প্রতিনিধিরা। এবার আসিয়ান কাপেও মালয়েশিয়ার বিপক্ষে জয়ের দেখা পেল না বাংলাদেশ।

সৌদি আরবের জ্বালানি স্থাপনা রক্ষায় সেনা পাঠাচ্ছে ফ্রান্স

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ৪:৩৭ পিএম
সৌদি আরবের জ্বালানি স্থাপনা রক্ষায় সেনা পাঠাচ্ছে ফ্রান্স

ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি মিলিশিয়ার হামলার পরিপ্রেক্ষিতে সৌদি আরবের গুরুত্বপূর্ণ জ্বালানি স্থাপনা সুরক্ষায় সেনা ও সামরিক সরঞ্জাম পাঠানোর ঘোষণা দিয়েছে ফ্রান্স। তবে এই সামরিক মোতায়েন কোনো সংঘাতে অংশ নেওয়ার উদ্দেশ্যে নয়, বরং সৌদির গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর নিরাপত্তা নিশ্চিত করতেই করা হচ্ছে বলে জানিয়েছে প্যারিস।

নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ সৌদি আরবে সেনা পাঠানোর সিদ্ধান্তের কথা জানান। একই দিন দুই দেশের মধ্যে হওয়া একটি চুক্তির আওতায় সৌদি আরবের উপকূলীয় শহর ইয়ানবুর জ্বালানি অবকাঠামো সুরক্ষায় ফ্রান্স সেনা, রাডার ও প্রতিরক্ষা ব্যবস্থা পাঠাবে বলে জানান তিনি।

সরকারি সম্প্রচারমাধ্যম ফ্রান্স ২-কে দেওয়া এক সাক্ষাৎকারে ম্যাক্রোঁ বলেন, কোনো সংঘাতে জড়ানোর জন্য নয়, বরং জ্বালানি স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করতেই এসব সামরিক সরঞ্জাম ও সেনা পাঠানো হবে। পরিস্থিতির পরিবর্তন হলে সৌদি আরবকে আরও সামরিক সহায়তা দেওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেননি তিনি।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

ম্যাক্রোঁ জানান, ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ছয় মাসের বেশি সময় ধরে চলা সংঘাতের মধ্যে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা এবং দেশের বাজারে গ্যাসের দাম কমাতে ফ্রান্স বিভিন্ন উদ্যোগ নিচ্ছে। সৌদি আরবে সামরিক সহায়তা পাঠানোর সিদ্ধান্তও সেই উদ্যোগের অংশ।

চলমান সংঘাতের প্রভাবে তেল ও গ্যাস পরিবহনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক নৌপথ হরমুজ প্রণালি কার্যত অবরুদ্ধ হয়ে পড়েছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এদিকে সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইরানের মিত্র হুথি মিলিশিয়া সৌদি আরবে একাধিক হামলা চালিয়েছে। এসব হামলার কারণে লোহিত সাগরসংলগ্ন বন্দরগুলো থেকে সৌদি আরবের তেল রপ্তানি নিরাপত্তা ঝুঁকিতে পড়েছে। দীর্ঘদিনের উত্তেজনা আবারও সশস্ত্র সংঘাতে রূপ নেওয়ার প্রেক্ষাপটেই সৌদি আরবের জ্বালানি স্থাপনা সুরক্ষায় সেনা পাঠানোর ঘোষণা দিল ফ্রান্স।

প্রবাহ বাংলা নেটওয়ার্ক