শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

ভোলার বোরহানউদ্দিনে নির্বাচনী প্রচারণাকে কেন্দ্র করে বিএনপি–জামায়াত সংঘর্ষ, আহত অন্তত ২৫

ডেস্ক রিপোর্ট প্রকাশিত: শনিবার, ৩১ জানুয়ারি, ২০২৬, ৭:৪৪ পিএম
ভোলার বোরহানউদ্দিনে নির্বাচনী প্রচারণাকে কেন্দ্র করে বিএনপি–জামায়াত সংঘর্ষ, আহত অন্তত ২৫

ছবি- সংগৃহীত।

ভোলার বোরহানউদ্দিন উপজেলায় নির্বাচনী প্রচারণাকে ঘিরে বিএনপি ও জামায়াতে ইসলামীর কর্মী–সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ২৫ জন আহত হয়েছেন বলে বিভিন্ন সূত্রে জানা গেছে। শনিবার সকাল সাড়ে আটটার দিকে উপজেলার টগবী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের চৌকিদার বাড়ির সামনে এ ঘটনা ঘটে।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, সকালে জামায়াতের একটি প্রচারদল এলাকায় লিফলেট বিতরণ ও স্লোগান দিতে শুরু করলে সেখানে অবস্থানরত বিএনপির সমর্থকদের সঙ্গে কথা–কাটাকাটি হয়। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং দুই পক্ষের মধ্যে ধাওয়া–পাল্টাধাওয়া শুরু হয়। সংঘর্ষে লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র ব্যবহারের অভিযোগ পাওয়া গেছে। প্রায় এক ঘণ্টা ধরে উত্তেজনা চলার পর আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

জামায়াতের দাবি, তাদের ইউনিয়ন পর্যায়ের নেতাসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়, পরে গুরুতর কয়েকজনকে ভোলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যদিকে বিএনপি জানিয়েছে, তাদের অন্তত ১৫ জন কর্মী আহত হয়েছেন এবং কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

ঘটনার বিষয়ে দুই পক্ষই একে অপরকে দায়ী করেছে। বিএনপির অভিযোগ, তাদের এক সমর্থকের বাড়িতে অনুমতি ছাড়া প্রবেশের চেষ্টা এবং উসকানিমূলক আচরণ থেকে সংঘর্ষের সূত্রপাত। জামায়াতের পাল্টা বক্তব্য, তারা নিয়মিত প্রচারণার অংশ হিসেবে লিফলেট বিতরণ করছিলেন, তখন পরিকল্পিতভাবে তাদের ওপর হামলা চালানো হয়।

সংঘর্ষের পর উভয় দল পৃথক সংবাদ সম্মেলন করে প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলে এবং সুষ্ঠু নির্বাচনী পরিবেশ নিশ্চিতের দাবি জানায়। খবর পেয়ে থানা–পুলিশ ও নৌবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি স্বাভাবিক করেন। বর্তমানে এলাকায় অতিরিক্ত নজরদারি রাখা হয়েছে।

বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, এ বিষয়ে এখনো কোনো পক্ষ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। উপজেলা প্রশাসনও জানিয়েছে, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে।

ডেঙ্গুতে ২৫ দিনে ১১৪ মৃত্যু, চলতি বছরে আক্রান্ত ৭০ হাজার

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ১০:০১ এম
ডেঙ্গুতে ২৫ দিনে ১১৪ মৃত্যু, চলতি বছরে আক্রান্ত ৭০ হাজার

গেল পঁচিশ দিনে ১১৪ জন ডেঙ্গুতে মারা গিয়েছেন। আক্রান্ত হয়েছেন চলতি বছরে আক্রান্ত ৭০ হাজার জন মানুষ। এদিকে দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে দুজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে দেশে ডেঙ্গুতে মোট ২১১ জনের মৃত্যু হয়েছে।

চলতি সেপ্টেম্বর মাসেই ডেঙ্গুতে মৃত্যু সবচেয়ে বেশি। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, সেপ্টেম্বরের ২৫ দিনেই ১১৪ জনের মৃত্যু হয়েছে।

এদিকে ৯৫৫ জন গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে। এ বছর এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছে ৭০ হাজার ১০৪ জন। শুক্রবার এক প্রতিবেদনে এ তথ্য জানায় স্বাস্থ্য অধিদপ্তর। প্রতিবেদনে বৃহস্পতিবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার তথ্য জানানো হয়েছে।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত দুজনই ঢাকার দুই সিটি করপোরেশনের বাসিন্দা বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

অধিদপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত ৬৪ হাজার ৮২৭ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে। এদের মধ্যে গত ২৪ ঘণ্টায় ছাড়পত্র পেয়েছে ৯৫৩ জন।

প্রতিবেদন অনুযায়ী, সেপ্টেম্বরের এই ২৫ দিনে ১১৪ জনের মৃত্যু হয়েছে। আগের মাসে অর্থাৎ আগস্টে ডেঙ্গুতে মৃত্যু ছিল ৪৩ জনের। এ ছাড়া জুলাই মাসে ৩৬, জুনে ১৩ জনের মৃত্যু হয়েছিল। এদিকে মে মাসে ১, জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে দুজন করে মৃত্যুর তথ্য জানিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর।

উন্নত জীবনের আশায় মৃত্যুর ঝুঁকি

ভূমধ্যসাগর থেকে আবারও ১৬০ বাংলাদেশিকে উদ্ধার করল মিশর

আফছার হোসাইন, মিশর প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৮:৫৭ এম
ভূমধ্যসাগর থেকে আবারও ১৬০ বাংলাদেশিকে উদ্ধার করল মিশর

উন্নত জীবনের আশায় ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপ পৌঁছানোর ভয়ংকর চেষ্টা আবারও ব্যর্থ হলো। মৃত্যুঝুঁকি নিয়ে অনিরাপদ রাবারের নৌকায় সাগর পাড়ি দেওয়ার সময় গত এক সপ্তাহে মিশরের বিভিন্ন উপকূল থেকে অন্তত ১৬০ জন বাংলাদেশি নাগরিককে উদ্ধার করেছে দেশটির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তাঁরা বর্তমানে স্থানীয় কর্তৃপক্ষের হেফাজতে রয়েছেন।

​মিশরে বাংলাদেশ দূতাবাস সূত্রে জানা গেছে, উদ্ধার হওয়া ১৬০ বাংলাদেশির মধ্যে মাতরুহ উপকূল থেকে ৪৬ জন, পোর্ট সাইদ থেকে ৫৮ জন এবং দামিয়েত থেকে ৫৬ জন রয়েছেন। এসব অভিযানে বাংলাদেশিদের পাশাপাশি সুদান ও মিশরসহ অন্যান্য দেশের অভিবাসনপ্রত্যাশীদেরও উদ্ধার করা হয়।

​ভূমধ্যসাগরের উত্তাল ঢেউ আর অনিশ্চিত গন্তব্য—সব মিলিয়ে এসব যাত্রা চরম জীবনঝুঁকিতে পরিণত হচ্ছে। ভাগ্য বদলের স্বপ্নে ঘর ছাড়লেও বহু মানুষের পথ থেমে যাচ্ছে সমুদ্রের মাঝপথেই।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

​ব্যস্ততা বেড়েছে বাংলাদেশ দূতাবাস মিশর

এদিকে টানা কয়েক দিনের উদ্ধার অভিযানের পর মিশরে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের শ্রম উইংকে আইনি ও কনস্যুলার সেবা দিতে হিমশিম খেতে হচ্ছে।

​দূতাবাস সূত্রে জানানো হয়েছে, কোনো বাংলাদেশি উদ্ধারের খবর পাওয়ার পরপরই প্রথম কাজ হয় তাঁদের পরিচয় ও নাগরিকত্ব নিশ্চিত করা। এরপর প্রয়োজনীয় আইনি সহায়তা ও দেশে প্রত্যাবাসনের প্রক্রিয়া শুরু করা হয়। এ লক্ষ্যে মিশরের পুলিশ, কারা কর্তৃপক্ষ, ইমিগ্রেশন, আদালত ও হাসপাতালের সঙ্গে সার্বিক যোগাযোগ রক্ষা করছেন কনস্যুলার কর্মকর্তারা।

​উদ্ধারকৃত নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি তাঁদের দ্রুত ও নিরাপদে দেশে ফেরত পাঠাতে দীর্ঘ প্রশাসনিক প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয়। স্বল্প সময়ে বিপুলসংখ্যক বাংলাদেশি আটক ও উদ্ধার হওয়ার কারণে দূতাবাসের ওপর কাজের চাপ কয়েক গুণ বেড়েছে। তবে সব ঝুঁকি সামলে দ্রুত প্রত্যাবাসন নিশ্চিত করতে মিশরীয় কর্তৃপক্ষের সঙ্গে যৌথভাবে কাজ চালিয়ে যাচ্ছেন বাংলাদেশি কূটনীতিকরা।

​একের পর এক এ ধরনের ঘটনা ভূমধ্যসাগর দিয়ে অবৈধ অভিবাসনের ভয়ংকর রূপ এবং ‘নিরাপদ অভিবাসনে’র গুরুত্ব আবারও স্পষ্ট করে তুলল।

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৯৫৫

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ৭:৫৫ পিএম
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৯৫৫

দেশে ডেঙ্গুর সংক্রমণ এখনো নিয়ন্ত্রণে আসেনি। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৯৫৫ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

শুক্রবার স্বাস্থ্য অধিদফতরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদফতরের প্রতিবেদনে বলা হয়েছে, গত এক দিনে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় ডেঙ্গুতে একজন করে মারা গেছেন। এ নিয়ে চলতি বছরে দেশে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২১১ জনে।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

গত ২৪ ঘণ্টায় নতুন রোগী ভর্তির দিক থেকে সবচেয়ে বেশি আক্রান্ত শনাক্ত হয়েছে চট্টগ্রাম বিভাগে। এ বিভাগে ২৪৬ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ ছাড়া ঢাকা বিভাগে ২৪১ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১৩৩ জন, খুলনা বিভাগে ১৩০ জন এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৭৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

একই সময়ে বরিশাল ও রংপুর বিভাগে ৪৪ জন করে, ময়মনসিংহ বিভাগে ৩৭ জন এবং সিলেট বিভাগে চারজন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদফতরের হিসাব অনুযায়ী, ১ জানুয়ারি থেকে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত দেশে ডেঙ্গুতে মোট ২১১ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ঢাকা বিভাগেই মারা গেছেন ১০২ জন। এই হিসাবের মধ্যে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের মৃত্যুর সংখ্যাও রয়েছে।

এ ছাড়া একই সময়ে খুলনা বিভাগে ৩৭ জন, চট্টগ্রাম বিভাগে ২১ জন, ময়মনসিংহ বিভাগে ২০ জন, বরিশাল বিভাগে ১৬ জন, রাজশাহী বিভাগে ১০ জন, রংপুর বিভাগে চারজন এবং সিলেট বিভাগে একজন ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন।

স্বাস্থ্য অধিদফতরের তথ্য বলছে, চলতি সেপ্টেম্বরের প্রথম ২৫ দিনেই ডেঙ্গুতে ১১৪ জনের মৃত্যু হয়েছে।

প্রবাহ বাংলা নেটওয়ার্ক