শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আচরণবিধির কড়াকড়ি

৯৪ মামলা, জরিমানা ৯ লাখ টাকা, প্রবাসী ভোটে রেকর্ড সাড়া

প্রবাহ বাংলা ডেস্ক ঢাকা, বাংলাদেশ প্রকাশিত: মঙ্গলবার, ২৭ জানুয়ারি, ২০২৬, ৬:০৪ পিএম
৯৪ মামলা, জরিমানা ৯ লাখ টাকা, প্রবাসী ভোটে রেকর্ড সাড়া

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও বহুল আলোচিত গণভোটকে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গন এখন উত্তপ্ত। নির্বাচন কমিশন (ইসি) এবারের নির্বাচনকে স্বচ্ছ, গ্রহণযোগ্য ও বিতর্কমুক্ত করতে কঠোর অবস্থান নিয়েছে। প্রচার-প্রচারণা বাড়ার সঙ্গে সঙ্গে আচরণবিধি লঙ্ঘনের ঘটনাও সামনে আসছে, যার বিপরীতে প্রশাসনিক ও আইনি পদক্ষেপ জোরদার করা হয়েছে।

রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার জানান, প্রচার শুরুর পর থেকে সারাদেশের ১২৮টি নির্বাচনী এলাকায় মোট ১৪৪টি আচরণবিধি লঙ্ঘনের ঘটনা শনাক্ত করা হয়েছে।

তিনি বলেন, গুরুতর অনিয়মের ঘটনায় এখন পর্যন্ত ৯৪টি মামলা দায়ের করা হয়েছে। পাশাপাশি ভ্রাম্যমাণ আদালত ও কমিশনের সরাসরি হস্তক্ষেপে মোট ৯ লাখ ৫ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

আনোয়ারুল ইসলাম সরকার দাবি করেন, “নির্বাচনী মাঠ এখন পর্যন্ত স্বচ্ছ রয়েছে। প্রতিটি অভিযোগ যাচাই করে আইন অনুযায়ী তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হচ্ছে। ভোটারদের আস্থা ফিরিয়ে আনাই কমিশনের প্রধান লক্ষ্য।”

জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি অনুষ্ঠিতব্য গণভোট নিয়েও কমিশন কঠোর নির্দেশনা দিয়েছে। ইসি স্পষ্ট করে জানিয়েছে, নির্বাচনী দায়িত্বে থাকা কোনো কর্মকর্তা বা কর্মচারী গণভোটের পক্ষে বা বিপক্ষে অবস্থান নিতে পারবেন না।

এ প্রসঙ্গে নির্বাচন কমিশনার বলেন, “এটি একটি আইনি বাধ্যবাধকতা। আমাদের লক্ষ্য কেবল অবাধ ও সুষ্ঠুভাবে ভোটগ্রহণ সম্পন্ন করা।” তবে সরকারের পক্ষ থেকে গণভোটের প্রচারণা চালানোর বিষয়ে প্রশ্ন করা হলে তিনি কোনো মন্তব্য করেননি।

এবারের নির্বাচনের অন্যতম উল্লেখযোগ্য দিক হলো প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার প্রয়োগে ডিজিটাল প্রযুক্তির ব্যবহার। ‘পোস্টাল ভোট বিডি’ মোবাইল অ্যাপের মাধ্যমে প্রবাসীদের অংশগ্রহণে অভাবনীয় সাড়া মিলেছে।

প্রবাসী ভোটার নিবন্ধন বিষয়ক ‘ওসিভি-এসডিআই’ প্রকল্পের টিম লিডার সালীম আহমাদ খান জানান, ২৭ জানুয়ারি সকাল পর্যন্ত—

  • মোট পোস্টাল ব্যালট নিবন্ধন: ১৫ লাখ ৩৩ হাজার ৬৮৩ জন
  • প্রবাসী ভোটার নিবন্ধন: ৭ লাখ ৬৬ হাজার ৮৬২ জন
  • ব্যালট গ্রহণ করেছেন: ৪ লাখ ৯৩ হাজার ৯২০ জন
  • ভোট প্রদান সম্পন্ন করেছেন: ৪ লাখ ২৫ হাজার ৭৮৮ জন
  • বাংলাদেশে পৌঁছেছে: ২১ হাজার ৫০৮টি ব্যালট

এই উদ্যোগ দীর্ঘদিনের প্রবাসী ভোটাধিকার দাবির বাস্তব প্রতিফলন হিসেবে দেখা হচ্ছে।

অতীতের নির্বাচন নিয়ে তৈরি হওয়া অনাস্থা কাটিয়ে উঠতে নির্বাচন কমিশন দৃশ্যমান তৎপরতা চালাচ্ছে বলে দাবি করেছে। আনোয়ারুল ইসলাম সরকার আশাবাদ ব্যক্ত করে বলেন, ভোটাররা এবার আস্থা নিয়ে কেন্দ্রে আসবেন।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, আচরণবিধি লঙ্ঘনে দ্রুত মামলা ও জরিমানার ঘটনা ইঙ্গিত দেয় যে, ইসি মাঠ প্রশাসনে নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠায় সক্রিয়। তবে নির্বাচন কমিশনের এই উদ্যোগ কতটা সফল হবে, তা নির্ভর করবে ভোটের দিন মাঠপর্যায়ে সমতা, নিরাপত্তা এবং ভোটার উপস্থিতির ওপর।

একদিকে প্রবাসীদের মধ্যে ভোটে ব্যাপক উৎসাহ, অন্যদিকে দেশে আচরণবিধি বাস্তবায়নে কড়াকড়ি—এই দুই দিক সমন্বয় করতে পারলে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বাংলাদেশের গণতন্ত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে উঠতে পারে।

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৯৫৫

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ৭:৫৫ পিএম
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৯৫৫

দেশে ডেঙ্গুর সংক্রমণ এখনো নিয়ন্ত্রণে আসেনি। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৯৫৫ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

শুক্রবার স্বাস্থ্য অধিদফতরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদফতরের প্রতিবেদনে বলা হয়েছে, গত এক দিনে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় ডেঙ্গুতে একজন করে মারা গেছেন। এ নিয়ে চলতি বছরে দেশে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২১১ জনে।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

গত ২৪ ঘণ্টায় নতুন রোগী ভর্তির দিক থেকে সবচেয়ে বেশি আক্রান্ত শনাক্ত হয়েছে চট্টগ্রাম বিভাগে। এ বিভাগে ২৪৬ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ ছাড়া ঢাকা বিভাগে ২৪১ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১৩৩ জন, খুলনা বিভাগে ১৩০ জন এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৭৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

একই সময়ে বরিশাল ও রংপুর বিভাগে ৪৪ জন করে, ময়মনসিংহ বিভাগে ৩৭ জন এবং সিলেট বিভাগে চারজন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদফতরের হিসাব অনুযায়ী, ১ জানুয়ারি থেকে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত দেশে ডেঙ্গুতে মোট ২১১ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ঢাকা বিভাগেই মারা গেছেন ১০২ জন। এই হিসাবের মধ্যে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের মৃত্যুর সংখ্যাও রয়েছে।

এ ছাড়া একই সময়ে খুলনা বিভাগে ৩৭ জন, চট্টগ্রাম বিভাগে ২১ জন, ময়মনসিংহ বিভাগে ২০ জন, বরিশাল বিভাগে ১৬ জন, রাজশাহী বিভাগে ১০ জন, রংপুর বিভাগে চারজন এবং সিলেট বিভাগে একজন ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন।

স্বাস্থ্য অধিদফতরের তথ্য বলছে, চলতি সেপ্টেম্বরের প্রথম ২৫ দিনেই ডেঙ্গুতে ১১৪ জনের মৃত্যু হয়েছে।

মালয়েশিয়ার বিপক্ষে ৩-০ গোলে হার বাংলাদেশের

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ৭:৫৪ পিএম
মালয়েশিয়ার বিপক্ষে ৩-০ গোলে হার বাংলাদেশের

আসিয়ান কাপে নিজেদের অভিষেক ম্যাচেই মালয়েশিয়ার কাছে ৩-০ গোলে পরাজিত হয়েছে বাংলাদেশ। শুক্রবার ইন্দোনেশিয়ার জাকার্তার গেলোরা বুং কার্নো স্টেডিয়ামে বাংলাদেশ সময় দুপুর ৩টায় শুরু হওয়া ম্যাচে শুরু থেকেই আধিপত্য বিস্তার করে খেলেছে মালয়েশিয়া।

আসিয়ান কাপে প্রথমবারের মতো মাঠে নেমে শুরু থেকেই চাপে ছিল হামজা চৌধুরীর নেতৃত্বাধীন বাংলাদেশ দল। ম্যাচের ১৮ মিনিটে আরিফ আইমানের গোলে এগিয়ে যায় মালয়েশিয়া। এরপর ৩৭ মিনিটে নিজের দ্বিতীয় গোল করে দলের ব্যবধান ২-০ করেন আইমান। দুই গোলের ঘাটতি নিয়েই বিরতিতে যেতে হয় বাংলাদেশকে।

বিরতির পরও ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে রাখে মালয়েশিয়া। ৫২ মিনিটে বাংলাদেশের রক্ষণভাগের ভুলের সুযোগ কাজে লাগিয়ে বক্সের ভেতর থেকে গোল করেন বার্গুসন। তার গোলে মালয়েশিয়ার লিড বেড়ে দাঁড়ায় ৩-০।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

এরপর গোল পরিশোধে কয়েক দফা আক্রমণ গড়ে তোলে বাংলাদেশ। তবে সুযোগ তৈরি করেও সেগুলো কাজে লাগাতে পারেনি লাল-সবুজের দল। শেষ পর্যন্ত ৩-০ গোলের পরাজয় নিয়েই মাঠ ছাড়তে হয় বাংলাদেশকে।

এর আগে চার বছর আগে এশিয়ান কাপের বাছাইপর্বে মালয়েশিয়ার মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। সেই ম্যাচেও ৪-১ গোলে হেরেছিল লাল-সবুজের প্রতিনিধিরা। এবার আসিয়ান কাপেও মালয়েশিয়ার বিপক্ষে জয়ের দেখা পেল না বাংলাদেশ।

সৌদি আরবের জ্বালানি স্থাপনা রক্ষায় সেনা পাঠাচ্ছে ফ্রান্স

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ৪:৩৭ পিএম
সৌদি আরবের জ্বালানি স্থাপনা রক্ষায় সেনা পাঠাচ্ছে ফ্রান্স

ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি মিলিশিয়ার হামলার পরিপ্রেক্ষিতে সৌদি আরবের গুরুত্বপূর্ণ জ্বালানি স্থাপনা সুরক্ষায় সেনা ও সামরিক সরঞ্জাম পাঠানোর ঘোষণা দিয়েছে ফ্রান্স। তবে এই সামরিক মোতায়েন কোনো সংঘাতে অংশ নেওয়ার উদ্দেশ্যে নয়, বরং সৌদির গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর নিরাপত্তা নিশ্চিত করতেই করা হচ্ছে বলে জানিয়েছে প্যারিস।

নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ সৌদি আরবে সেনা পাঠানোর সিদ্ধান্তের কথা জানান। একই দিন দুই দেশের মধ্যে হওয়া একটি চুক্তির আওতায় সৌদি আরবের উপকূলীয় শহর ইয়ানবুর জ্বালানি অবকাঠামো সুরক্ষায় ফ্রান্স সেনা, রাডার ও প্রতিরক্ষা ব্যবস্থা পাঠাবে বলে জানান তিনি।

সরকারি সম্প্রচারমাধ্যম ফ্রান্স ২-কে দেওয়া এক সাক্ষাৎকারে ম্যাক্রোঁ বলেন, কোনো সংঘাতে জড়ানোর জন্য নয়, বরং জ্বালানি স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করতেই এসব সামরিক সরঞ্জাম ও সেনা পাঠানো হবে। পরিস্থিতির পরিবর্তন হলে সৌদি আরবকে আরও সামরিক সহায়তা দেওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেননি তিনি।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

ম্যাক্রোঁ জানান, ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ছয় মাসের বেশি সময় ধরে চলা সংঘাতের মধ্যে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা এবং দেশের বাজারে গ্যাসের দাম কমাতে ফ্রান্স বিভিন্ন উদ্যোগ নিচ্ছে। সৌদি আরবে সামরিক সহায়তা পাঠানোর সিদ্ধান্তও সেই উদ্যোগের অংশ।

চলমান সংঘাতের প্রভাবে তেল ও গ্যাস পরিবহনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক নৌপথ হরমুজ প্রণালি কার্যত অবরুদ্ধ হয়ে পড়েছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এদিকে সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইরানের মিত্র হুথি মিলিশিয়া সৌদি আরবে একাধিক হামলা চালিয়েছে। এসব হামলার কারণে লোহিত সাগরসংলগ্ন বন্দরগুলো থেকে সৌদি আরবের তেল রপ্তানি নিরাপত্তা ঝুঁকিতে পড়েছে। দীর্ঘদিনের উত্তেজনা আবারও সশস্ত্র সংঘাতে রূপ নেওয়ার প্রেক্ষাপটেই সৌদি আরবের জ্বালানি স্থাপনা সুরক্ষায় সেনা পাঠানোর ঘোষণা দিল ফ্রান্স।

প্রবাহ বাংলা নেটওয়ার্ক