মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩

ড. ইউনূস আয়না ধরেছিলেন, অন্ধ জাতি কিছুই দেখেনি

রহমান মৃধা, প্রকাশিত: রবিবার, ১৮ জানুয়ারি, ২০২৬, ৫:৪৮ এম
ড. ইউনূস আয়না ধরেছিলেন, অন্ধ জাতি কিছুই দেখেনি

এই হেডলাইনটি কেবল একটি ব্যক্তির অভিজ্ঞতা নয়। এটি বাংলাদেশের রাষ্ট্রীয় বাস্তবতার এক নির্মম সারসংক্ষেপ। এখানে ড. ইউনূস কোনো ব্যক্তি মাত্র নন, তিনি একটি প্রতীক। আর আয়না কোনো বস্তু নয়, এটি সত্য, নৈতিকতা, জবাবদিহি এবং বিকল্প রাষ্ট্রচিন্তার প্রতিচ্ছবি।

বাংলাদেশ আজ একটি এটুজেড সংকটের ভেতর দিয়ে যাচ্ছে। এই সংকট বিচ্ছিন্ন নয়, স্তরভিত্তিক এবং ধারাবাহিক। সমস্যার শুরু রাজনীতিতে, বিস্তার রাষ্ট্রযন্ত্রে, পরিণতি সমাজে এবং প্রভাব নাগরিকের ডিএনএর ভেতর পর্যন্ত প্রবেশ করেছে।

প্রথমত রাজনীতি। বাংলাদেশে রাজনীতি এখন আর জনস্বার্থের মাধ্যম নয়, এটি ক্ষমতা রক্ষার প্রযুক্তিতে রূপ নিয়েছে। নির্বাচন প্রক্রিয়া বিশ্বাসযোগ্যতা হারিয়েছে, বিরোধিতা মানেই শত্রুতা, ভিন্নমত মানেই রাষ্ট্রবিরোধিতা। এই বাস্তবতায় ড. ইউনূসের মতো একজন ব্যক্তি যখন নৈতিক প্রশ্ন তোলেন, তখন তা গ্রহণ করার মতো রাজনৈতিক সংস্কৃতি আর অবশিষ্ট থাকে না।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

দ্বিতীয়ত রাষ্ট্রীয় প্রতিষ্ঠান। বিচার বিভাগ, প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং নিয়ন্ত্রক সংস্থাগুলো কাগজে কলমে স্বাধীন থাকলেও বাস্তবে রাজনৈতিক আনুগত্যের ভারে ন্যুব্জ। ফলে রাষ্ট্র নিজেই আয়নায় তাকাতে ভয় পায়। আয়না ভাঙার প্রবণতা তৈরি হয়, কারণ প্রতিচ্ছবি অস্বস্তিকর।

তৃতীয়ত অর্থনীতি। প্রবৃদ্ধির গল্প আছে, কিন্তু ন্যায়বণ্টনের গল্প নেই। ব্যাংক লুট, ঋণখেলাপি সংস্কৃতি, বৈষম্য এবং কর্মসংস্থানের অনিশ্চয়তা একটি প্রজন্মকে ধীরে ধীরে অসাড় করে দিচ্ছে। এই অর্থনৈতিক কাঠামোর ভেতর ড. ইউনূসের ক্ষুদ্রঋণ দর্শন একটি বিকল্প নৈতিক অর্থনীতির কথা বলে। তাই সেটিও অগ্রহণযোগ্য হয়ে ওঠে।

চতুর্থত সমাজ ও নাগরিক মানসিকতা। দীর্ঘদিন ধরে ভয়, সুবিধাবাদ এবং নীরবতার চর্চা একটি জাতিকে অভ্যস্ত করে তোলে অন্ধত্বে। মানুষ দেখতে চায় না, কারণ দেখলে প্রশ্ন করতে হয়। প্রশ্ন করলে মূল্য দিতে হয়। এই সামাজিক মানসিকতা তৈরি হয় ধীরে ধীরে, প্রজন্মের পর প্রজন্ম ধরে। এখানেই সংকট ডিএনএর মতো উত্তরাধিকার হয়ে যায়।

ড. ইউনূস যখন আয়না ধরেছিলেন, তখন তিনি আসলে বলেছিলেন, এই রাষ্ট্র কি তার জনগণের প্রতি দায়বদ্ধ। এই উন্নয়ন কি নৈতিক। এই ক্ষমতা কি বৈধ। কিন্তু অন্ধ জাতি কিছুই দেখেনি, কারণ দেখার প্রস্তুতি ছিল না।
এই অন্ধত্ব জন্মগত নয়। এটি তৈরি করা হয়েছে পরিকল্পিতভাবে। শিক্ষা ব্যবস্থার রাজনীতিকরণ, ইতিহাসের বিকৃতি, গণমাধ্যমের আত্মসমর্পণ এবং নাগরিক সমাজের সংকোচন এই অন্ধত্বকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছে।
এই লেখার উদ্দেশ্য ড. ইউনূসকে মহান প্রমাণ করা নয়। উদ্দেশ্য এই প্রশ্ন তোলা, কেন একটি জাতি বারবার আয়না প্রত্যাখ্যান করে। কেন আমরা সংশোধনের সুযোগকে শত্রু ভাবি। কেন নৈতিক প্রশ্ন আমাদের অস্বস্তিতে ফেলে। যে জাতি আয়নায় তাকাতে শেখে না, সে জাতি ভুল সংশোধন করতে পারে না। আর যে রাষ্ট্র ভুল সংশোধন করতে পারে না, সে রাষ্ট্র শেষ পর্যন্ত নিজের কাছেই পরাজিত হয়।

এই অন্ধত্বের বাস্তবতা আরও নির্মম হয়ে ওঠে যখন আমরা দেখি, রাষ্ট্র সংস্কারের জন্য দীর্ঘ সতেরো মাস ধরে চেষ্টা করেও শেষ পর্যন্ত ব্যর্থতা স্বীকার করা ছাড়া আর কোনো পথ অবশিষ্ট থাকেনি। প্রতিষ্ঠানগুলো নড়েনি, ক্ষমতার কাঠামো নিজেকে সংশোধনের আগ্রহ দেখায়নি, সমাজও সমানতালে প্রস্তুত হয়নি। এই ব্যর্থতা কোনো ব্যক্তির নয়, এটি রাষ্ট্রীয় জড়তার স্বীকারোক্তি।

তবু ইতিহাসের শেষ অধ্যায় এখনো লেখা হয়নি। শেষ চেষ্টা হিসেবে সামনে রাখা হয়েছে একটি নির্বাচন এবং তার সঙ্গে একটি গণভোট। একটি হ্যাঁ ভোটের আবেদন। এটি আর কোনো ব্যক্তিগত আকাঙ্ক্ষা নয়, এটি একটি জাতির কাছে শেষ প্রশ্ন। আমরা কি পরিবর্তনের সম্ভাবনাকেও প্রত্যাখ্যান করব, নাকি অন্তত একবার আয়নার দিকে তাকাব।

এই শেষ প্রচেষ্টার মূল্যও কম নয়। একজন মাইক্রোক্রেডিট নোবেল লরিয়েটের জন্য এটি সামাজিক, রাজনৈতিক এবং ব্যক্তিগতভাবে এক বিরাট মূল্যহ্রাস। আন্তর্জাতিক সম্মান থাকা সত্ত্বেও নিজ দেশে সন্দেহ, অবজ্ঞা ও অবিশ্বাসের মুখোমুখি হওয়া সহজ নয়। তবু তিনি পিছিয়ে যাননি, কারণ তিনি জানেন, ইতিহাস কখনো আরামদায়ক অবস্থানকে নয়, সত্যের পাশে দাঁড়ানো মানুষকেই মনে রাখে।এখন প্রশ্নটি আর ড. ইউনূসকে ঘিরে নয়। প্রশ্নটি আমাদেরকে ঘিরে। আমরা কি আবারও কিছু না দেখার ভান করব, নাকি এই একবার অন্তত চোখ খুলে আয়নায় তাকাব।

রহমান মৃধা, গবেষক ও লেখক, সাবেক পরিচালক, ফাইজার, সুইডেন।  [email protected]

৮ দিনে প্রবাসীরা পাঠালেন ১৪ হাজার কোটি টাকা

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ১০:৩০ পিএম
৮ দিনে প্রবাসীরা পাঠালেন ১৪ হাজার কোটি টাকা

চলতি বছরের নভেম্বর মাসের প্রথম ৮ দিনে দেশে প্রবাসী আয় বা রেমিট্যান্স এসেছে ১১৩ কোটি মার্কিন ডলার, যা দেশীয় মুদ্রায় ১৪ হাজার ১২ কোটি টাকা (প্রতি ডলার ১২৪ টাকা হিসাবে)।

সোমবার (৯ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেছেন।

কেন্দ্রীয় ব্যাংক জানায়, গত বছরের নভেম্বর মাসের প্রথম ৮ দিনে রেমিট্যান্স এসেছিল ৭৫ কোটি ৪০ লাখ ডলার। সেই তুলনায় চলতি বছরের একই সময়ে প্রবাসী আয় বেড়েছে ৪৯ দশমিক ৮০ শতাংশ।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

চলতি অর্থবছরের (১ জুলাই থেকে ৮ নভেম্বর পর্যন্ত) সামগ্রিক চিত্র বিশ্লেষণ করলে দেখা যায়, এ পর্যন্ত দেশে এক হাজার ২৫৯ কোটি ৫০ লাখ ডলারের প্রবাসী আয় এসেছে।

গত অর্থবছরের একই সময়ে এই আয়ের পরিমাণ ছিল এক হাজার ৯০ কোটি ৩০ লাখ ডলার। সেই তুলনায় চলতি বছরের একই সময়ে প্রবাসী আয় বেড়েছে শতকরা ১৫ দশমিক ৫০ ভাগ।

 

অনেক হাসপাতালের খাবার আমার স্ত্রীর রান্নার থেকেও ভালো: স্বাস্থ্যমন্ত্রী

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ৯:১৬ পিএম
অনেক হাসপাতালের খাবার আমার স্ত্রীর রান্নার থেকেও ভালো: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য খাতে ইতিবাচক পরিবর্তন ও চিকিৎসাসেবার মানোন্নয়নের চিত্র তুলে ধরতে গিয়ে স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেছেন, দেশের অনেক হাসপাতালের খাবারের মান অত্যন্ত উন্নত, যা ক্ষেত্রবিশেষে তাঁর স্ত্রীর রান্নার চেয়েও ভালো এবং তিনি নিজেও তা খেয়েছেন।

সোমবার (০৯ নভেম্বর) রাজধানীর আগারগাঁও শিশু হাসপাতালের নবনির্মিত স্টিল স্ট্রাকচার ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।

স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত হোসেন বলেন, “আমরা অনেক সময় বলি আমাদের স্বাস্থ্য খাতে এটা আছে বা ওটা নেই। কিন্তু বাস্তবতা হলো, অতীতের যেকোনো সময়ের চেয়ে স্বাস্থ্য খাতের মান এখন অনেক উন্নত হয়েছে। অনেক হাসপাতালের খাবারের মান এতটাই ভালো যে তা আমার স্ত্রীর রান্নার চেয়েও ভালো লাগে, আমি নিজেও তা খেয়ে দেখেছি। তবে এই সেবার ধারাবাহিকতা ধরে রাখতে চিকিৎসকদের মধ্যে সচেতনতা বাড়াতে হবে।”

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

অনুষ্ঠানকালে বিগত সাত মাসে হামে ১ হাজার ২০০ শিশুর মৃত্যুর পরিসংখ্যান তুলে ধরে এক গণমাধ্যমকর্মী জানতে চান—এ মৃত্যুর দায় অন্তর্বর্তী সরকার নাকি বর্তমান সরকার নেবে?

এমন প্রশ্নের উত্তরে স্বাস্থ্যমন্ত্রী নিজের দায় স্বীকার করে আবেগঘন কণ্ঠে বলেন, “এর দায় তো আমারই। আমাকে ফাঁসি দিন। এটি আমার ব্যর্থতা, তবে আমরা সাধ্যমতো চেষ্টা করেছি।”

হামের প্রতিষেধক টিকা নিয়ে বিভ্রান্তি ছড়ানোর তীব্র সমালোচনা করে তিনি আরও স্পষ্ট করেন, কিছু স্বার্থান্বেষী মহল অপপ্রচার চালাচ্ছে যে সব টিকা ভারত থেকে আনা হয়েছে। এই তথ্য সম্পূর্ণ ভুল। মোট ব্যবহৃত টিকার মাত্র ৮ শতাংশ ভারত থেকে আমদানি করা হয়েছে; বাকি সিংহভাগ টিকা জার্মানি, জাপান, অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য, দক্ষিণ কোরিয়া ও ইন্দোনেশিয়া থেকে সাশ্রয়ী মূল্যে সংগ্রহ করা হয়েছে।

শিশুদের প্রতিষেধক টিকা না নেওয়ার বিষয়টি তুলে ধরে মন্ত্রী জানান, বর্তমানে হামে আক্রান্ত শিশুদের প্রায় কেউই সময়মতো টিকা নেয়নি। তা ছাড়া আক্রান্তদের একটি বড় অংশের বয়স ছয় মাসের কম। একটি হাসপাতালে চিকিৎসাধীন হাম আক্রান্ত শিশুদের একটি বিরাট অংশের টিকা না নেওয়ার তথ্য তাঁর কাছে রয়েছে বলে তিনি উল্লেখ করেন।

 

ঢাবিতে টানা দ্বিতীয় দিন ককটেল বিস্ফোরণ, আটক ২

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ৯:১০ পিএম
ঢাবিতে টানা দ্বিতীয় দিন ককটেল বিস্ফোরণ, আটক ২

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে টানা দ্বিতীয় দিনের মতো ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এই ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে আটকের পাশাপাশি টিএসসি সংলগ্ন এলাকায় ব্যাগভর্তি ককটেল উদ্ধার করা হয়েছে। খবর পেয়ে উদ্ধারকৃত ককটেল পরীক্ষা ও নিষ্ক্রিয় করতে বোম ডিসপোজাল ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়।

সোমবার (০৯ নভেম্বর) সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটের দিকে বিশ্ববিদ্যালয়ের মেট্রোরেল স্টেশনের নিচে এ ঘটনা ঘটে।

আটক দুই যুবকের নাম আব্দুল্লাহ আল জোবায়ের ওরফে জামিল (২৬) ও সালেহীন দিপু (২৭)।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যায় ঢাবি মেট্রোরেল স্টেশনের নিচে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে দ্রুত পালানোর চেষ্টা করেন ওই দুই যুবক। এ সময় উপস্থিত জনতা ও শিক্ষার্থীরা ধাওয়া দিয়ে তাদের ধরে ফেলেন এবং গণধোলাই শেষে শাহবাগ থানা পুলিশের কাছে সোপর্দ করেন।

এর আগে গতকাল রোববার সন্ধ্যা ৬টা থেকে ৭টার মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের অন্তত ছয়টি পৃথক স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছিল। ওই দিনের ঘটনাতেও জড়িত সন্দেহে তিনজনকে আটক করে পুলিশে হস্তান্তর করেছিলেন ছাত্রদলের নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীরা।

টানা দুই দিন ধরে দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ এলাকায় এভাবে ককটেল বিস্ফোরণের ঘটনায় শিক্ষার্থী ও পথচারীদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। বিশৃঙ্খলা এড়াতে বিশ্ববিদ্যালয় এলাকা ও শাহবাগ মোড়ে পুলিশি টহল বাড়ানো হয়েছে।

 

প্রবাহ বাংলা নেটওয়ার্ক