ওমানে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিনজন নিহত
মধ্যপ্রাচ্যের দেশ ওমানে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার একই পরিবারের তিন সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় পরিবারের আরও তিনজন গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
শুক্রবার (৯ জানুয়ারি) স্থানীয় সময় রাত ৮টার দিকে ওমানের সালালাহ শহরের তাম্বেত এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহতরা সালালাহ থেকে নিজ বাড়িতে ফেরার পথে সড়কে হঠাৎ উঠে আসা একটি উটের সঙ্গে তাদের গাড়ির সংঘর্ষে প্রাণ হারান।
নিহতরা হলেন, ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নের ছোট ছিলোনিয়া গ্রামের ওমানপ্রবাসী মো. শফিউর আলমের স্ত্রী বিলকিস আক্তার, তাদের একমাত্র ছেলে মুহাম্মদ সাকিবুল হাসান (সবুজ) এবং বিলকিস আক্তারের মেয়ের জামাই, হারুয়ালছড়ি ইউনিয়নের বাসিন্দা মুহাম্মদ দিদার।
আহতদের মধ্যে রয়েছেন সাকিবের বোন, তার স্ত্রী ও তাদের ছোট কন্যা। দুর্ঘটনার পর তাদের উদ্ধার করে সালালাহর একটি হাসপাতালে ভর্তি করা হয়। স্বজনদের বরাতে জানা গেছে, আহতদের শারীরিক অবস্থা আশঙ্কাজনক।
নিহত সাকিবের চাচা ও ওমানপ্রবাসী মো. জাহাঙ্গীর জানান, কয়েক দিন আগে মাস্কাট থেকে পরিবারের সদস্যরা হজরত আইয়ুব (আ.)–এর মাজার জিয়ারত ও ভ্রমণের উদ্দেশ্যে সালালাহ যান। শুক্রবার রাতে ভ্রমণ শেষে বাড়ি ফেরার সময় সড়কে হঠাৎ একটি উট চলে আসায় প্রাইভেটকারটি নিয়ন্ত্রণ হারিয়ে মারাত্মক দুর্ঘটনার শিকার হয়। এতে গাড়িটি সম্পূর্ণ দুমড়ে-মুচড়ে যায়।
তিনি বলেন, “আমার ভাবি, ভাতিজা আর মেয়ের জামাই একসঙ্গে এভাবে চলে যাবে—কখনো কল্পনাও করিনি। এই শোক মেনে নেওয়া খুব কঠিন।”
সুন্দরপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ শহিদুল আজম বলেন, দুর্ঘটনার খবর পৌঁছানোর পর ছোট ছিলোনিয়া গ্রামজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। একই পরিবারের তিনজনের এমন মর্মান্তিক মৃত্যুতে পুরো এলাকা শোকাহত।













