আইপিএল থেকে বাদ পড়া মোস্তাফিজকে লুফে নিলো পাকিস্তানের পিএসএল
ভারতীয় উগ্রবাদীদের হুমকির কারণে আইপিএলে খেলা না হলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে বসে থাকতে হচ্ছে না বাংলাদেশের তারকা পেসার মোস্তাফিজুর রহমানকে। তাঁকে দলে ভিড়িয়েছে পাকিস্তান সুপার লিগ (পিএসএল)। পিএসএলের অফিসিয়াল সামাজিক যোগাযোগমাধ্যম পেজে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
পিএসএলের এক পোস্টে মোস্তাফিজের ছবি দিয়ে লেখা হয়, ‘ব্যাটসম্যানদের সাবধানে খেলতেই হবে…এইচবিএল পিএসএল ১১-এ যোগ দিলেন মোস্তাফিজুর রহমান।’ এই ঘোষণার মধ্য দিয়ে সাত বছর পর আবার পাকিস্তানের ফ্র্যাঞ্চাইজি লিগে ফিরছেন এই বাঁহাতি পেসার।
আইপিএলের আদলে অনুষ্ঠিত পিএসএলের এবারের আসর শুরু হবে ২৬ মার্চ, পর্দা নামবে ৩ মে। এবারই প্রথমবারের মতো পিএসএলে অংশ নেবে ৮টি দল। একাদশতম আসরটি হতে যাচ্ছে লিগটির ইতিহাসের সবচেয়ে বড় আয়োজন।
এর আগে ২০১৮ সালে একবার পিএসএল খেলেছিলেন মোস্তাফিজ। তখন লাহোর কালান্দার্সের হয়ে ৫ ম্যাচে শিকার করেছিলেন ৪ উইকেট। দীর্ঘ বিরতির পর আবারও এই লিগে তাঁর প্রত্যাবর্তন হলো।
তবে কোন দলের হয়ে খেলবেন মোস্তাফিজ, তা এখনো নিশ্চিত হয়নি। প্লেয়ার্স ড্রাফটের মাধ্যমে তাঁকে দলে নেবে কোনো একটি ফ্র্যাঞ্চাইজি। ড্রাফটের তারিখ এখনো ঘোষণা করা হয়নি, তবে মোস্তাফিজ যে দল পাবেন—এ বিষয়ে সংশয় নেই।
এর আগে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) নির্দেশে আইপিএলের দল কলকাতা নাইট রাইডার্স মোস্তাফিজকে স্কোয়াড থেকে বাদ দেয়। এবারের আইপিএল নিলামে চেন্নাই সুপার কিংস ও দিল্লি ক্যাপিটালসের সঙ্গে প্রতিযোগিতার পর ৯ কোটি ২০ লাখ রুপিতে মোস্তাফিজকে দলে নেয় কলকাতা। আইপিএলের ইতিহাসে তিনি ছিলেন সবচেয়ে বেশি দামে বিক্রি হওয়া বাংলাদেশি ক্রিকেটার। তবে শেষ পর্যন্ত এই মৌসুমে তাঁর মাঠে নামা হয়নি।
আইপিএলে খেলতে না পারলেও দুনিয়ার অন্যতম সেরা বোলার হিসেবে মোস্তাফিজের চাহিদা যে অটুট, পিএসএলে তাঁর অন্তর্ভুক্তিই তার প্রমাণ। ফলে আইপিএলের শূন্যতা পিএসএলেই পূরণ করতে যাচ্ছেন এই বাঁহাতি পেসার।













