মিশরে এমফিল ডিগ্রি অর্জন করলেন ব্রাহ্মণবাড়িয়ার শরিফ উদ্দিন
সহস্র বছরের জ্ঞান ও ঐতিহ্যের বাতিঘর, বিখ্যাত আল-আজহার বিশ্ববিদ্যালয় থেকে এমফিল (মাস্টার অব ফিলোসফি) ডিগ্রি অর্জন করেছেন বাংলাদেশের তরুণ গবেষক শরিফ উদ্দিন মুহাম্মদ আব্দুল মান্নান। আল-আজহার বিশ্ববিদ্যালয়ের উলুমুল ইসলামিয়া অনুষদ থেকে তিনি সর্বোচ্চ ফলাফল “মুমতাজ (Excellent) গ্রেড ডিগ্রি অর্জন করে একাডেমিক উৎকর্ষের অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন।
শনিবার (১৩ ডিসেম্বর) আল-আজহার বিশ্ববিদ্যালয়ের উলুমুল ইসলামিয়া অনুষদের ইমাম আহমাদ ইবনে তাইয়্যিব সেমিনার হলে তার এমফিল থিসিসের ডিসকাশন সেমিনার অনুষ্ঠিত হয়। তার গবেষণার বিষয় ছিল “জাহিলি যুগ থেকে ইসলামী যুগে আরবি কবিতায় বীর চরিত্রের রূপান্তর”। এই গবেষণায় আরবি সাহিত্যে বীরত্ববোধ, নৈতিকতা ও মূল্যবোধের ক্রমবিবর্তনকে ঐতিহাসিক ও সাহিত্যিক প্রেক্ষাপটে গভীর বিশ্লেষণের মাধ্যমে উপস্থাপন করা হয়েছে, যা গবেষক মহলে নতুন দৃষ্টিভঙ্গি যোগ করেছে।
থিসিস মূল্যায়নে মুনাকিশ (পরীক্ষক) হিসেবে উপস্থিত ছিলেন আল-আজহার বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আব্দুন নাসের মুহাম্মাদ আস-সাঈদ এবং অধ্যাপক ড. হাসান আব্দুর রহমান দাহশান। গবেষণার তত্ত্বাবধায়ক হিসেবে দায়িত্ব পালন করেন অধ্যাপক ড. আলী আব্দুল ওয়াহহাব মুতাওয়ি‘ ও অধ্যাপক ড. গানেম সাঈদ গানেম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কায়রোস্থ বাংলাদেশ দূতাবাসের নবনিযুক্ত কাউন্সিলর গৌতম কুমার দে। রাষ্ট্রদূত সামিনা নাজ এর প্রতিনিধি হিসেবে তার উপস্থিতি পুরো আয়োজনকে আরও মর্যাদাপূর্ণ ও তাৎপর্যপূর্ণ করে তোলে। এছাড়া আল-আজহার বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের সম্মানিত শিক্ষকবৃন্দও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। গবেষণার বিষয় নির্বাচন, বিশ্লেষণী গভীরতা ও উপস্থাপনায় পরীক্ষকবৃন্দ পূর্ণ সন্তোষ প্রকাশ করেন এবং সর্বসম্মতিক্রমে তাকে সর্বোচ্চ গ্রেড “মুমতাজ (Excellent)” প্রদান করা হয়।
শরিফ উদ্দিন মিশরে বাংলাদেশ ছাত্র সংগঠন ‘ইত্তিহাদ’ ও এর অঙ্গসংগঠন ‘আযহার ওয়েলফেয়ার সোসাইটি বাংলাদেশ, মিশর’ এর সাবেক সভাপতি ও সিনিয়র সদস্য। তার গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর থানার অন্তর্গত বিষ্ণুপুর, মহেশপুর গ্রামে। তিনি চাপিয়া, কসবা ও দারুস সুন্নাহ মাদ্রাসায় প্রাথমিক শিক্ষা গ্রহণ করেন।
২০১২–১৩ শিক্ষাবর্ষে জামিয়া দারুল আরক্বাম আল ইসলামিয়া, ব্রাহ্মণবাড়িয়া থেকে তাকমীল সম্পন্ন করার পর উচ্চশিক্ষার লক্ষ্যে মিশরে পাড়ি জমান। ২০১৪ সালে আল-আজহার ইনস্টিটিউট থেকে কৃতিত্বের সঙ্গে উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ হন। এরপর ২০১৮ সালে আল-আজহার বিশ্ববিদ্যালয়ের আরবি সাহিত্য অনুষদ থেকে অনার্স এবং ২০২০ সালে একই বিশ্ববিদ্যালয় থেকে সুনামের সঙ্গে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। সর্বশেষ ১৩ ডিসেম্বর ২০২৫ তারিখে আরবি সাহিত্য বিভাগ থেকে এমফিল থিসিস সম্পন্ন করে ৯০ শতাংশেরও বেশি গড় নম্বরসহ সর্বোচ্চ ফলাফল অর্জন করেন।
পড়াশোনার পাশাপাশি তিনি মিশরে অবস্থানরত বাংলাদেশি ছাত্র সমাজের সাংগঠনিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করেছেন। বাংলাদেশ স্টুডেন্ট অর্গানাইজেশন মিশর এ তিনি সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক (২০১৬–১৭), সহ-সভাপতি (২০১৯–২০) এবং সভাপতি (২০২০–২১) হিসেবে দায়িত্ব পালন করেন। একই সংগঠনের (ইত্তিহাদ) উপদেষ্টা হিসেবেও তিনি দুই মেয়াদে দায়িত্ব পালন করেছেন।












