ওসমান হাদির অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক, মস্তিষ্কের ফোলা বেড়েছে :মেডিকেল বোর্ড
রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদির শারীরিক অবস্থা আরও জটিল হয়ে উঠেছে। তার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ড জানিয়েছে, সাম্প্রতিক সিটি স্ক্যানে মস্তিষ্কের ফোলা আগের তুলনায় বেড়েছে, যা চিকিৎসকদের জন্য গভীর উদ্বেগের কারণ।
রোববার (১৪ ডিসেম্বর) এক বিবৃতিতে মেডিকেল বোর্ড জানায়, গত ১২ ডিসেম্বর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে হাদির প্রয়োজনীয় অস্ত্রোপচার সম্পন্ন হয়। পরবর্তী উন্নত চিকিৎসা ও নিবিড় পর্যবেক্ষণের জন্য তাকে এভারকেয়ার হাসপাতালের ক্রিটিকাল কেয়ার ইউনিটে স্থানান্তর করা হয়। চিকিৎসার দ্বিতীয় দিনে তার শারীরিক অবস্থা পুনর্মূল্যায়ন করা হলে মস্তিষ্কের অতিরিক্ত ফোলার বিষয়টি ধরা পড়ে।
চিকিৎসকদের ভাষ্য অনুযায়ী, বর্তমানে রোগীর ফুসফুসের কার্যক্রম ও ভেন্টিলেটর সাপোর্ট স্থিতিশীল আছে। কিডনির কার্যক্ষমতাও বজায় রয়েছে এবং কিছু সূচকে সামান্য উন্নতি দেখা গেছে। তবে গুরুতর ব্রেন ইনজুরির কারণে হরমোনগত ভারসাম্যহীনতা তৈরি হয়েছে, যা প্রস্রাবের পরিমাণ ও শরীরের তরল ভারসাম্যে প্রভাব ফেলছে। এজন্য এসিড-বেস ব্যালান্স ও ইলেকট্রোলাইট নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।
মেডিকেল বোর্ড আরও জানায়, মস্তিষ্কে আঘাত ও অতিরিক্ত চাপের কারণে রক্তচাপ ও হৃদস্পন্দনে ওঠানামা দেখা যাচ্ছে। হৃদস্পন্দন স্বাভাবিকের তুলনায় কিছুটা বেশি থাকায় প্রয়োজনীয় মেডিকেল সাপোর্ট অব্যাহত রয়েছে। রক্ত জমাট বাঁধা ও রক্তক্ষরণের ঝুঁকিও বর্তমানে অনেকটাই নিয়ন্ত্রণে আছে বলে জানানো হয়েছে।
চিকিৎসকরা জানিয়েছেন, রোগীর সামগ্রিক অবস্থা এখনও অত্যন্ত আশঙ্কাজনক। তবে সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করতে মেডিকেল টিম সমন্বিতভাবে কাজ করে যাচ্ছে। প্রয়োজনে পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী রোগীকে বিদেশে উন্নত চিকিৎসার জন্য নেওয়ার ক্ষেত্রেও সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
এদিকে এভারকেয়ার হাসপাতালের সামনে এক প্রেস ব্রিফিংয়ে ঢাকা মেডিকেল কলেজের আবাসিক চিকিৎসক আবদুল আহাদ জানান, হাদির মস্তিষ্কে রক্ত জমাট বেঁধে আছে এবং উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে নেওয়ার বিষয়টি পরিবার বিবেচনা করছে।
উল্লেখ্য, শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুরে রাজধানীর বিজয়নগরের বক্স কালভার্ট এলাকায় রিকশায় যাওয়ার সময় খুব কাছ থেকে হাদির মাথায় গুলি চালায় মোটরসাইকেলে আসা দুই দুর্বৃত্ত। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে অস্ত্রোপচারের পর উন্নত চিকিৎসার জন্য এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে তিনি সেখানেই সংকটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন।













