বহু আলোচিত আর আতঙ্ক সৃষ্টির ১৩ নভেম্বর আজ: দেশজুড়ে সর্বোচ্চ সতর্কতা
▪️ সারা দেশে অস্থিরতা: তিন দিনে ২০ অগ্নিসংযোগ। আজ শেখ হাসিনার রায়কে কেন্দ্র করে হাই অ্যালার্ট, রাজধানী ঘিরে কড়া নিরাপত্তা বলয়।
রাজধানী ঢাকা ও দেশের বিভিন্ন এলাকায় টানা তিন দিনে সহিংসতার ঘটনা বেড়েছে। মঙ্গলবার মধ্যরাত থেকে বুধবার রাত ১২টা পর্যন্ত অন্তত ২০টি চোরাগোপ্তা হামলার খবর পাওয়া গেছে। এর মধ্যে একটি ব্যাংক, ১০টি বাস, একটি ট্রেন ও একটি অটোরিকশায় আগুন দেওয়া হয়। এছাড়া পাঁচ স্থানে ককটেল বিস্ফোরণ ও দুই জায়গায় পেট্রোল বোমা হামলার ঘটনাও ঘটেছে।
ঢাকায় টানা অগ্নিসংযোগ
রাজধানীর মিরপুর, দোলাইরপাড়, রমনা, তেজগাঁও ও ফার্মগেটসহ পাঁচটি এলাকায় বাসে আগুন দেওয়া হয়। মঙ্গলবার গভীর রাতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের প্রবেশপথে ককটেল বিস্ফোরণে আহত হন এক আনসার সদস্য।
বুধবার রাতে তেজগাঁও রেলস্টেশনের পরিত্যক্ত একটি ট্রেনে আগুন দেওয়া হয়। স্থানীয়দের সহায়তায় তাৎক্ষণিকভাবে আগুন নেভানো হলেও দুটি বগি ক্ষতিগ্রস্ত হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে রাত ৯টার দিকে দুটি ককটেল বিস্ফোরিত হয়, এতে একজন পথচারী আহত হন এবং একটি মোটরসাইকেল ক্ষতিগ্রস্ত হয়।
ব্রাহ্মণবাড়িয়ায় ব্যাংকে অগ্নিসংযোগ
বিজয়নগরে গ্রামীণ ব্যাংকের একটি শাখায় দুর্বৃত্তরা পেট্রোল ঢেলে আগুন দেয়। ব্যাংকের গুরুত্বপূর্ণ নথি ও আসবাবপত্র পুড়ে যায়। পুলিশ জানিয়েছে, ঘটনাটি পরিকল্পিত নাশকতার অংশ হতে পারে।
ড. ইউনূসের প্রতিষ্ঠানে হামলা
গাজীপুরের কালীগঞ্জে গ্রামীণ টেলিকম ট্রাস্টের নিসর্গ রিসোর্টে পেট্রোল বোমা নিক্ষেপ করা হয়। সৌভাগ্যক্রমে বড় ধরনের ক্ষতি হয়নি। পুলিশ বলছে, রিসোর্টে ফেলা বোতলগুলোতে কেরোসিন জাতীয় তরল পদার্থ ছিল।
বিভিন্ন জেলায় হামলা-বিস্ফোরণ
নারায়ণগঞ্জ, মানিকগঞ্জ, সাভার ও গাজীপুরে একাধিক স্থানে বাসে আগুন ও ককটেল বিস্ফোরণ ঘটে। গাজীপুরে পাঁচ ঘণ্টার ব্যবধানে তিনটি বাস পুড়ে যায়। আশুলিয়ায় পার্ক করা একটি বাসে আগুন দিলে ভেতরে থাকা চালক আহত হন।
নারায়ণগঞ্জের জালকুড়িতে যাত্রীবেশে দুর্বৃত্তরা একটি অটোরিকশায় আগুন দেয়।
ঢাবিতে নিরাপত্তাকর্মী বরখাস্ত
ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাঁচটি ভবনের ফটকে তালা ঝোলানোর ঘটনায় পাঁচ নিরাপত্তাকর্মীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। প্রশাসনের দাবি, নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নেতাকর্মীরা ঘটনাটির সঙ্গে জড়িত।
বোমা উদ্ধার অভিযান
র্যাব-২ মোহাম্মদপুরের রায়েরবাজার থেকে ছয়টি পেট্রোল বোমা ও চারটি ককটেল উদ্ধার করেছে। ধানমন্ডি ও আগারগাঁও থেকেও বিস্ফোরকসদৃশ বস্তু উদ্ধার হয়।
বর্ধিত নিরাপত্তা ও গ্রেপ্তার অভিযান
আওয়ামী লীগের আজকের ‘ঢাকা লকডাউন’ কর্মসূচি ঘিরে জনমনে আতঙ্ক ছড়িয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী রাজধানীসহ সারা দেশে কড়া নিরাপত্তা বলয় গড়ে তুলেছে। গত ২৪ ঘণ্টায় পুলিশ ৮৯ জনকে গ্রেপ্তার করেছে।
নারায়ণগঞ্জ, চট্টগ্রাম, সিলেট ও নোয়াখালীতে অভিযান চালিয়ে আরও শতাধিক ব্যক্তি আটক হন।
হাই অ্যালার্টে আইনশৃঙ্খলা বাহিনী
আজ বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, জুলাইয়ের গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী মামলার রায় ঘোষণা হবে। এ নিয়ে সারাদেশে উত্তেজনা বিরাজ করছে।
পুলিশ সদর দপ্তর থেকে সকল রেঞ্জ ও মেট্রোপলিটন ইউনিটকে সর্বোচ্চ সতর্কাবস্থায় থাকার নির্দেশ দেওয়া হয়েছে। আইজিপি বাহারুল আলম জানিয়েছেন, র্যাব, পুলিশ, সেনাবাহিনী, বিজিবি ও গোয়েন্দা সংস্থাগুলো যৌথভাবে নিরাপত্তা তদারক করছে।
তিনি বলেন, “নাশকতা ঠেকাতে প্রতিটি প্রবেশপথে চেকপোস্ট বসানো হয়েছে। গ্রামীণ ব্যাংকসহ সংবেদনশীল স্থাপনায় বাড়ানো হয়েছে নিরাপত্তা।”
রাজধানী ঘিরে কড়া নজরদারি
ডিএমপি সূত্রে জানা গেছে, বিমানবন্দর, সচিবালয়, আদালত এলাকা, প্রধান বিচারপতির বাসভবন, কাকরাইল চার্চ, হাইকোর্ট, পুলিশ সদর দপ্তর, রাজারবাগ, মৎস্যভবন, বঙ্গভবনসহ গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে বিশেষ নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে।
ডিএমপি কমিশনার শেখ সাজ্জাত আলী জানিয়েছেন, “আমরা পর্যাপ্ত প্রস্তুতি নিয়েছি। কেউ নাশকতার চেষ্টা করলে সঙ্গে সঙ্গে গ্রেপ্তার করা হবে।”










