সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩
সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩

এশিয়ার সবচেয়ে বড় আরচ্যারী উৎসবের জন্য প্রস্তুত ঢাকা

প্রবাহ বাংলা স্পোর্টস, প্রকাশিত: বুধবার, ৫ নভেম্বর, ২০২৫, ১২:০৩ পিএম
এশিয়ার সবচেয়ে বড় আরচ্যারী উৎসবের জন্য প্রস্তুত ঢাকা

তীর ২৪তম এশিয়ান আরচ্যারী চ্যাম্পিয়নশিপস আগামী ৮ নভেম্বর ঢাকা জাতীয় স্টেডিয়ামে শুরু হতে যাচ্ছে। এবারের আসরটি দুটি ভেন্যুতে অনুষ্ঠিত হবে। শনিবার এশিয়ান আরচ্যারীর এই বৃহৎ আসর শুরু হয়ে শেষ হবে ১৪ নভেম্বর। প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে দুই ভেন্যুতে, জাতীয় স্টেডিয়ামে ৮ থেকে ১২ নভেম্বর এবং আর্মি স্টেডিয়ামে ১৩ ও ১৪ নভেম্বর।

এ নিয়ে তৃতীয়বারের মতো আরচ্যারীর এই মর্যাদার ইভেন্ট আয়োজন হচ্ছে ঢাকায়। এর আগে ২০১৭ ও ২০২১ সালে সফলভাবে এই আয়োজন সম্পন্ন করেছিল বাংলাদেশ আরচ্যারী ফেডারেশন। ২৪তম এশিয়ান আরচ্যারী চ্যাম্পিয়নশিপস’র পাশাপাশি ৮ নভেম্বরে ঢাকায় অনুষ্ঠিত হবে ওয়ার্ল্ড আরচ্যারী এশিয়া কংগ্রেস ও নির্বাচন। বাংলাদেশ আরচ্যারী ফেডারেশনের সদস্য কাজী রাজীব উদ্দীন আহমেদ চপল এশিয়ান আরচ্যারী ফেডারেশনের সভাপতি পদে নির্বাচন করছেন। ৩২টি দেশের প্রতিনিধিরা কংগ্রেসে অংশ নিবেন।

চ্যাম্পিয়নশিপস উপলক্ষে হোটেল ইন্টারকন্টিনেন্টালে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সেখানে এশিয়ান আরচ্যারী চ্যাম্পিয়নশিপস এবং কংগ্রেস নিয়ে কথা বলেন বাংলাদেশ আরচ্যারী ফেডারেশনের সভাপতি ও সিনিয়র সচিব ড. মোঃ মোখলেস উর রহমান, সাধারণ সম্পাদক তানভীর আহমেদ, চ্যাম্পিয়নশিপসের লোকাল অর্গানাইজিং কমিটির চেয়ারম্যান কাজী রাজীব উদ্দীন আহমেদ চপল, পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান সিটি গ্রুপের বিক্রয় ও বিপণন বিভাগের নির্বাহী পরিচালক জাফর উদ্দিন সিদ্দিকী।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

এবারের আসরে ৩০টি দেশের আরচ্যাররা অংশ নিবেন। রিকার্ভ ও কম্পাউন্ড মিলিয়ে মোট ১০টি ইভেন্টে হবে পদকের লড়াই। সব মিলিয়ে ২০৯ জন প্রতিযোগী এবারের আসরে অংশ নিতে যাচ্ছে  এর মধ্যে ১১৯ পুরুষ ও ৯০ মহিলা আরচ্যার। রিকার্ভ ইভেন্টে ১১৭ (পুরুষ ৬৫ ও মহিলা ৫২) ও কম্পাউন্ড ইভেন্টে ৯২ জন (পুরুষ ৫৪ ও মহিলা ৩৮) আরচ্যার অংশ নিবেন।
ফেডারেশন সভাপতি ড. মোঃ মোখলেস উর রহমান বলেন, এবার যে আরচ্যারীর কংগ্রেসে কাজী রাজীব উদ্দীন আহমেদ চপল সভাপতি পদপ্রার্থী। তিনি যদি নির্বাচিত হতে পারেন তাহলে দক্ষিণ কোরিয়া থেকে এশিয়ান আরচ্যারীর অফিস চার বছরের জন্য বাংলাদেশে আসবে। আমরা খুব আশাবাদী।এবারের আরচ্যারী চ্যাম্পিয়নশিপে ফিলিস্তিন, লেবাননের মত দেশগুলো অংশগ্রহণ করছে।  ভারত-পাকিস্তানন এসেছে, বন্ধু দেশ নেপাল ও আফগানিস্তান আসছে।

কাজী রাজীব উদ্দীন আহমেদ চপল বলেন, “ফিলিস্তিনের সার্বিক পরিস্থিতির বিষয়টি সবাই জানে। অন অ্যারাইভাল ভিসার মাধ্যমে আনার ব্যবস্থা করছি তাদের। লেবানন, সিরিয়া আছে, ইয়েমেন আছে, আরও অনেক দেশ আছে তাদের এলওসির মাধ্যমে বিশেষ প্রনোদনা দিয়ে আনা হচ্ছে। এবার যদি আমাদের ভালো সাফল্য আসে, তাহলে আমরা আরেক ধাপ এগিয়ে যাব। আমরা চাই সুন্দর একটা চ্যাম্পিয়নশিপস আয়োজন করতে।

তিনি আরো বলেন, আমরা যখন ২০২৩ সালে ব্যংককে বিডে আমাদের প্রতিদ্বন্দ্বী ছিল ভারত ও চীন। ভারত আমাদের ছেড়ে দিয়েছিল। চীন অনেক শক্তিশালী দেশ। কিন্তু ভোটে আমরা বেশি ১৪-১০ ভোট পেয়ে এই আসরের আয়োজক হবার স্বত্ব লাভ করি। এর আগে বিভিন্ন টুর্নামেন্টে আমরা অনেক পদক পেয়েছি। স্বর্ণ ৪২টি, রৌপ্য ৫১টি ও ব্রোঞ্জ ৫৪টির বেশি পেয়েছি। আমরা অবশ্যই চাইব এবার বাংলাদেশ সাফল্য পাক। সেমি-ফাইনাল টপকাতে পারলে আশা করি, ফাইনালেও ভালো করব। এবারের আসরে একটা চমক হচ্ছে, অনেক অলিম্পিয়ান আসছে ঢাকার মাঠে। শ্রেষ্ঠত্বের লড়াইয়ের জন্য প্রতিটি দেশই সেরা দল নিয়ে আসছে।

এবারের আসরে অংশগ্রহণকারী দেশগুলো হচ্ছে : ভূটান, চায়না, হংকং চায়না, ইন্দোনেশিয়া, ভারত, ইরান, ইরাক, জর্ডান, কাজাখস্তান, কিরগিজস্তান, দক্ষিণ কোরিয়া, সৌদি আরব, লেবানন, মালয়েশিয়া, নেপাল, পাকিস্তান, ফিলিস্তিন, কাতার, সিরিয়া, শ্রীলংকা, থাইল্যান্ড, তাজাকিস্তান, তুর্কমেনিস্তান, তিমুর লেস্তে, চাইনিজ তাইপে, সংযুক্ত আরব আমিরাত, উজবেকিস্তান, ভিয়েতনাম, ইয়েমেন ও স্বাগতিক বাংলাদেশ।

২০২১ সালের আসরে একটি রূপা ও ২টি ব্রোঞ্জ পেয়েছিল বাংলাদেশ; রিকার্ভ মিশ্র দ্বৈতে এসেছিল রূপা। ছেলে ও মেয়েদের দলগত রিকার্ভে বাংলাদেশ পেয়েছিল দলগত ব্রোঞ্জ।

এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপের জন্য বাংলাদেশ দল। রিকার্ভ পুরুষ দল: আব্দুর রহমান আলিফ, মোঃ সাগর ইসলাম,  মোঃ  রাকিব মিয়া ও রামকৃষ্ণ সাহা। রিকার্ভ মহিলা দল: সিমা আক্তার শিমু, ইতি খাতুন, সোনালি রায় ও মোসাঃ মনিরা আক্তার।কম্পাউন্ড পুরুষ দল: মোহাম্মাদ আশিকুজ্জামান, হিমু বাছাড়, নেওয়াজ আহমেদ রাকিব ও মোঃ সোহেল রানা।কম্পাউন্ড মহিলা দল: বন্যা  আক্তার, পুষ্পিতা জামান, কুলসুম খাতুন ও মিথিলা আক্তার।কোচ: মার্টিন ফ্রেডরিক (প্রধান কোচ), মো: নুরে আলম, মোহাম্মাদ হাসান ও রিনা চাকমা। টিম ম্যানেজার : উইং কমান্ডার মোহাম্মাদ একরামুল হক।

৮ দিনে প্রবাসীরা পাঠালেন ১৪ হাজার কোটি টাকা

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ১০:৩০ পিএম
৮ দিনে প্রবাসীরা পাঠালেন ১৪ হাজার কোটি টাকা

চলতি বছরের নভেম্বর মাসের প্রথম ৮ দিনে দেশে প্রবাসী আয় বা রেমিট্যান্স এসেছে ১১৩ কোটি মার্কিন ডলার, যা দেশীয় মুদ্রায় ১৪ হাজার ১২ কোটি টাকা (প্রতি ডলার ১২৪ টাকা হিসাবে)।

সোমবার (৯ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেছেন।

কেন্দ্রীয় ব্যাংক জানায়, গত বছরের নভেম্বর মাসের প্রথম ৮ দিনে রেমিট্যান্স এসেছিল ৭৫ কোটি ৪০ লাখ ডলার। সেই তুলনায় চলতি বছরের একই সময়ে প্রবাসী আয় বেড়েছে ৪৯ দশমিক ৮০ শতাংশ।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

চলতি অর্থবছরের (১ জুলাই থেকে ৮ নভেম্বর পর্যন্ত) সামগ্রিক চিত্র বিশ্লেষণ করলে দেখা যায়, এ পর্যন্ত দেশে এক হাজার ২৫৯ কোটি ৫০ লাখ ডলারের প্রবাসী আয় এসেছে।

গত অর্থবছরের একই সময়ে এই আয়ের পরিমাণ ছিল এক হাজার ৯০ কোটি ৩০ লাখ ডলার। সেই তুলনায় চলতি বছরের একই সময়ে প্রবাসী আয় বেড়েছে শতকরা ১৫ দশমিক ৫০ ভাগ।

 

অনেক হাসপাতালের খাবার আমার স্ত্রীর রান্নার থেকেও ভালো: স্বাস্থ্যমন্ত্রী

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ৯:১৬ পিএম
অনেক হাসপাতালের খাবার আমার স্ত্রীর রান্নার থেকেও ভালো: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য খাতে ইতিবাচক পরিবর্তন ও চিকিৎসাসেবার মানোন্নয়নের চিত্র তুলে ধরতে গিয়ে স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেছেন, দেশের অনেক হাসপাতালের খাবারের মান অত্যন্ত উন্নত, যা ক্ষেত্রবিশেষে তাঁর স্ত্রীর রান্নার চেয়েও ভালো এবং তিনি নিজেও তা খেয়েছেন।

সোমবার (০৯ নভেম্বর) রাজধানীর আগারগাঁও শিশু হাসপাতালের নবনির্মিত স্টিল স্ট্রাকচার ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।

স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত হোসেন বলেন, “আমরা অনেক সময় বলি আমাদের স্বাস্থ্য খাতে এটা আছে বা ওটা নেই। কিন্তু বাস্তবতা হলো, অতীতের যেকোনো সময়ের চেয়ে স্বাস্থ্য খাতের মান এখন অনেক উন্নত হয়েছে। অনেক হাসপাতালের খাবারের মান এতটাই ভালো যে তা আমার স্ত্রীর রান্নার চেয়েও ভালো লাগে, আমি নিজেও তা খেয়ে দেখেছি। তবে এই সেবার ধারাবাহিকতা ধরে রাখতে চিকিৎসকদের মধ্যে সচেতনতা বাড়াতে হবে।”

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

অনুষ্ঠানকালে বিগত সাত মাসে হামে ১ হাজার ২০০ শিশুর মৃত্যুর পরিসংখ্যান তুলে ধরে এক গণমাধ্যমকর্মী জানতে চান—এ মৃত্যুর দায় অন্তর্বর্তী সরকার নাকি বর্তমান সরকার নেবে?

এমন প্রশ্নের উত্তরে স্বাস্থ্যমন্ত্রী নিজের দায় স্বীকার করে আবেগঘন কণ্ঠে বলেন, “এর দায় তো আমারই। আমাকে ফাঁসি দিন। এটি আমার ব্যর্থতা, তবে আমরা সাধ্যমতো চেষ্টা করেছি।”

হামের প্রতিষেধক টিকা নিয়ে বিভ্রান্তি ছড়ানোর তীব্র সমালোচনা করে তিনি আরও স্পষ্ট করেন, কিছু স্বার্থান্বেষী মহল অপপ্রচার চালাচ্ছে যে সব টিকা ভারত থেকে আনা হয়েছে। এই তথ্য সম্পূর্ণ ভুল। মোট ব্যবহৃত টিকার মাত্র ৮ শতাংশ ভারত থেকে আমদানি করা হয়েছে; বাকি সিংহভাগ টিকা জার্মানি, জাপান, অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য, দক্ষিণ কোরিয়া ও ইন্দোনেশিয়া থেকে সাশ্রয়ী মূল্যে সংগ্রহ করা হয়েছে।

শিশুদের প্রতিষেধক টিকা না নেওয়ার বিষয়টি তুলে ধরে মন্ত্রী জানান, বর্তমানে হামে আক্রান্ত শিশুদের প্রায় কেউই সময়মতো টিকা নেয়নি। তা ছাড়া আক্রান্তদের একটি বড় অংশের বয়স ছয় মাসের কম। একটি হাসপাতালে চিকিৎসাধীন হাম আক্রান্ত শিশুদের একটি বিরাট অংশের টিকা না নেওয়ার তথ্য তাঁর কাছে রয়েছে বলে তিনি উল্লেখ করেন।

 

ঢাবিতে টানা দ্বিতীয় দিন ককটেল বিস্ফোরণ, আটক ২

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ৯:১০ পিএম
ঢাবিতে টানা দ্বিতীয় দিন ককটেল বিস্ফোরণ, আটক ২

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে টানা দ্বিতীয় দিনের মতো ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এই ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে আটকের পাশাপাশি টিএসসি সংলগ্ন এলাকায় ব্যাগভর্তি ককটেল উদ্ধার করা হয়েছে। খবর পেয়ে উদ্ধারকৃত ককটেল পরীক্ষা ও নিষ্ক্রিয় করতে বোম ডিসপোজাল ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়।

সোমবার (০৯ নভেম্বর) সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটের দিকে বিশ্ববিদ্যালয়ের মেট্রোরেল স্টেশনের নিচে এ ঘটনা ঘটে।

আটক দুই যুবকের নাম আব্দুল্লাহ আল জোবায়ের ওরফে জামিল (২৬) ও সালেহীন দিপু (২৭)।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যায় ঢাবি মেট্রোরেল স্টেশনের নিচে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে দ্রুত পালানোর চেষ্টা করেন ওই দুই যুবক। এ সময় উপস্থিত জনতা ও শিক্ষার্থীরা ধাওয়া দিয়ে তাদের ধরে ফেলেন এবং গণধোলাই শেষে শাহবাগ থানা পুলিশের কাছে সোপর্দ করেন।

এর আগে গতকাল রোববার সন্ধ্যা ৬টা থেকে ৭টার মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের অন্তত ছয়টি পৃথক স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছিল। ওই দিনের ঘটনাতেও জড়িত সন্দেহে তিনজনকে আটক করে পুলিশে হস্তান্তর করেছিলেন ছাত্রদলের নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীরা।

টানা দুই দিন ধরে দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ এলাকায় এভাবে ককটেল বিস্ফোরণের ঘটনায় শিক্ষার্থী ও পথচারীদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। বিশৃঙ্খলা এড়াতে বিশ্ববিদ্যালয় এলাকা ও শাহবাগ মোড়ে পুলিশি টহল বাড়ানো হয়েছে।

 

প্রবাহ বাংলা নেটওয়ার্ক