মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩

মালয়েশিয়ায় ভুয়া হালাল লোগো ব্যবহার করে চুলের রং বিক্রির অভিযোগে মালামাল জব্দ ও ২ জন আটক

আহমাদুল কবির মালয়েশিয়া প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১:২২ পিএম
মালয়েশিয়ায় ভুয়া হালাল লোগো ব্যবহার করে চুলের রং বিক্রির অভিযোগে মালামাল জব্দ ও ২ জন আটক

মালয়েশিয়ায় ভুয়া হালাল সনদ ও অনুমোদনহীন হালাল লোগো ব্যবহার করে চুলের রং বিক্রির অভিযোগে একটি প্রতিষ্ঠানের গুদামে অভিযান চালিয়ে ২৭ হাজার বোতল পণ্য জব্দ করেছে দেশটির অভ্যন্তরীণ বাণিজ্য ও জীবনযাত্রার ব্যয় নিয়ন্ত্রণ মন্ত্রণালয় (কেপিডিএন)। জব্দ করা এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য ১০ লাখ ৮০ হাজার রিঙ্গিত। এ ঘটনায় এক নারীসহ দুজনকে আটক করা হয়েছে।

সোমবার, পেনাংয়ের কামপুং সেলামাত এলাকার একটি গুদামে অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করা হয়। আটক দুজনের মধ্যে একজন স্থানীয় নারী এবং অন্যজন চীনা নাগরিক। তাঁদের উভয়ের বয়স ৩০ বছরের মধ্যে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

পেনাং রাজ্যের কেপিডিএনের পরিচালক এস জেগান জানান, ভোক্তাদের অভিযোগের পর মন্ত্রণালয়ের আইন প্রয়োগকারী কর্মকর্তারা প্রায় তিন সপ্তাহ ধরে গোয়েন্দা নজরদারি চালান। এর ভিত্তিতে দুপুর ১টার দিকে গুদামটিতে অভিযান পরিচালনা করা হয়।
তিনি বলেন, অভিযানে গুদামে মজুত রাখা ২৭ হাজার বোতল চুলের রং জব্দ করা হয়েছে। পাশাপাশি প্রতিষ্ঠানের দুই কর্মীকে জিজ্ঞাসাবাদ ও তদন্তের স্বার্থে আটক করা হয়েছে।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

প্রাথমিক তদন্তে দেখা গেছে, পণ্যগুলোতে মালয়েশিয়ার হালাল লোগো ব্যবহার করা হলেও সংশ্লিষ্ট প্রতিষ্ঠান বৈধ মালয়েশিয়ান হালাল সনদ (এসপিএইচএম) দেখাতে পারেনি। ফলে অনুমোদন ছাড়া হালাল লোগো ব্যবহারের অভিযোগে বিষয়টি তদন্ত করা হচ্ছে।
জেগান জানান, চীন থেকে আমদানি করা এসব চুলের রং প্রতিষ্ঠানের ভাড়া করা গুদামে সংরক্ষণ করা হতো। পরে সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন ই-বাণিজ্যিক প্ল্যাটফর্মের মাধ্যমে অনলাইনে বাজারজাত করা হতো। বিশেষ করে টিকটক, শোপি ও লাজাদা ব্যবহার করে পণ্যগুলোর প্রচারণা ও বিক্রি চালানো হচ্ছিল।
তদন্তে আরও জানা গেছে, প্রতিষ্ঠানটি গত প্রায় ছয় মাস ধরে এ ব্যবসা পরিচালনা করে আসছে। এ সময়ে আনুমানিক ৬ লাখ বোতল চুলের রং বিক্রি করা হয়েছে। প্রতিটি বোতলের খুচরা বিক্রয়মূল্য ছিল ৪০ রিঙ্গিত।

কর্তৃপক্ষের ভাষ্য অনুযায়ী, ক্রেতাদের আকৃষ্ট করতে প্রতিষ্ঠানটি সামাজিক যোগাযোগমাধ্যম ও অনলাইন বিক্রয় প্ল্যাটফর্মে কথিত ভুয়া হালাল সনদ প্রদর্শন করত। পাশাপাশি জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যমের প্রভাবশালী ব্যক্তি ও অ্যাফিলিয়েট বিপণনকারীদের কাজে লাগিয়ে পণ্যগুলো হালাল হিসেবে প্রচার করা হতো।

জেগান বলেন, প্রচারণায় যে হালাল সনদ প্রদর্শন করা হয়েছিল, সেটি আসলে অন্য একটি প্রতিষ্ঠানের নামে ইস্যু করা। পণ্য বাজারজাতকারী প্রতিষ্ঠানের সঙ্গে ওই সনদের কোনো সম্পর্ক পাওয়া যায়নি। তা ছাড়া বৈধ হালাল সনদ না থাকা সত্ত্বেও পণ্যের মোড়কে মালয়েশিয়ার হালাল লোগো ব্যবহার করা হয়েছে।

তিনি আরও বলেন, বিষয়টি উদ্বেগজনক। কারণ, চুলের রং ব্যক্তিগত পরিচর্যার একটি পণ্য, যা সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, এমনকি বয়স্ক ব্যক্তিরাও ব্যবহার করেন। এ ধরনের পণ্যে অনুমোদনহীন হালাল লোগো ব্যবহার করে ভোক্তাদের বিভ্রান্ত করা হচ্ছে। একই সঙ্গে দেশের হালাল সনদ প্রদানব্যবস্থার বিশ্বাসযোগ্যতাও ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।

এ ঘটনায় প্রতিষ্ঠানের মালিককে শনাক্ত করার পাশাপাশি সংশ্লিষ্ট অন্যান্য তথ্য-প্রমাণ সংগ্রহের কাজ চলছে। মালয়েশিয়ার ২০১১ সালের বাণিজ্য বিবরণ আইন (আইন ৭৩০)-এর ১৬ ধারায় মামলাটির তদন্ত করা হচ্ছে।

এদিকে ভোক্তাদের পণ্য কেনার আগে হালাল সনদের সত্যতা যাচাই করার পরামর্শ দিয়েছেন কেপিডিএন পরিচালক। এ জন্য মালয়েশিয়ার ইসলামিক উন্নয়ন বিভাগ (জাকিম)-এর সরকারি ওয়েবসাইট ব্যবহার করার আহ্বান জানিয়েছেন তিনি। পাশাপাশি বিক্রেতার দাবি, সামাজিক যোগাযোগমাধ্যমের প্রচারণা কিংবা অ্যাফিলিয়েট বিপণনকারীদের বক্তব্যের ওপর পুরোপুরি নির্ভর না করার পরামর্শ দিয়েছেন।

রাজধানীর মহাখালীতে বাসে আগুন

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬, ১২:৫৪ এম
রাজধানীর মহাখালীতে বাসে আগুন

রাজধানীর মহাখালীতে তিতুমীর কলেজের সামনে একটি যাত্রীবাহী বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) রাতে বনানী থানার ডিউটি অফিসার বিকিরণ এই তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, তিতুমীর কলেজের সামনে একটি বাসে আগুন লাগার খবর পেয়ে পুলিশ সদস্যরা দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হন। তবে কীভাবে বাসে আগুনের সূত্রপাত হয়েছে কিংবা এ ঘটনায় কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে কি না, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কিছু জানা যায়নি।

এর আগে মিরপুরে আরেকটি বাসে আগুন দেওয়ার ঘটনায় দুজনকে আটক করা হয়।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

 

টুঙ্গিপাড়া থানায় আগুন দিয়েছে নিষিদ্ধ ছাত্রলীগ

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬, ১২:৫২ এম
টুঙ্গিপাড়া থানায় আগুন দিয়েছে নিষিদ্ধ ছাত্রলীগ

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানা ঘেরাও করে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটিয়েছে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে এই ঘটনা ঘটে এবং রাত ৮টায় শেষ খবর পাওয়া পর্যন্ত এলাকায় উত্তেজনা ও সহিংসতা চলছিল।

স্থানীয় সূত্র জানায়, গত ১০ ও ১৫ নভেম্বর নাশকতার অভিযোগে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের বেশ কয়েকজন নেতাকর্মীকে গ্রেপ্তার করে টুঙ্গিপাড়া থানা পুলিশ। গ্রেপ্তারকৃতদের ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যে মঙ্গলবার সন্ধ্যায় ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা থানা ঘেরাও করেন।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

পুলিশ বাধা দিলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কয়েক রাউন্ড গুলি ছোড়ে। তবে একপর্যায়ে নেতাকর্মীদের ধাওয়ায় পুলিশ সদস্যরা পিছু হটতে বাধ্য হন। এরপর হামলাকারীরা থানার ভেতরে প্রবেশ করে ব্যাপক ভাঙচুর চালায় এবং অগ্নিসংযোগ করে। এতে পুলিশের বেশ কয়েকটি গাড়ি ভস্মীভূত হয়।

ঘটনার বিষয়ে জানতে পুলিশের একাধিক ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁরা সাড়া দেননি।

 

গোপালগঞ্জে এমপি জিলানীর বাড়িতে আগুন, পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬, ১২:৫০ এম
গোপালগঞ্জে এমপি জিলানীর বাড়িতে আগুন, পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ

গোপালগঞ্জ-৩ (টুঙ্গিপাড়া ও কোটালীপাড়া) আসনের সংসদ সদস্য (এমপি) এস এম জিলানীর বাড়িতে অগ্নিসংযোগ করেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত ৮টার দিকে টুঙ্গিপাড়ার পাটগাতী এলাকায় এই ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, হামলার সময় লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র হাতে আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। এ ছাড়া তারা বিভিন্ন সড়কে অস্ত্র হাতে মহড়া দিচ্ছে।

এর আগে মঙ্গলবার সন্ধ্যায় ছাত্রলীগের নেতাকর্মীদের গ্রেপ্তারের প্রতিবাদে টুঙ্গিপাড়া থানা ঘেরাও করে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। হামলাকারীরা পুলিশের বাধা উপেক্ষা করে থানার ভেতরে প্রবেশ করে এবং আটককৃতদের ছিনিয়ে নেয়।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

এদিকে থানা ও সংসদ সদস্যের বাড়িতে অগ্নিসংযোগের খবর পেয়ে জেলা শহর থেকে বিপুলসংখ্যক পুলিশ ও বিজিবি সদস্য টুঙ্গিপাড়ার উদ্দেশ্যে রওনা হন। পথিমধ্যে সদর উপজেলার খালেকবাজার এলাকায় গোপালগঞ্জ-টুঙ্গিপাড়া সড়কে আইনশৃঙ্খলা বাহিনীর গতিরোধ করেন নেতাকর্মীরা। এ সময় পুলিশের অন্তত পাঁচটি গাড়িতে আগুন দেওয়া হয়।

এসব সহিংসতার বিষয়ে তাৎক্ষণিকভাবে আইনশৃঙ্খলা বাহিনীর কোনো কর্মকর্তার আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

 

প্রবাহ বাংলা নেটওয়ার্ক