মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩

ডিবির কাছে হস্তান্তর সাঈদ খোকন, গ্রেপ্তার গুলশান থেকে

অনলাইন ডেস্ক প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১:৫১ পিএম
ডিবির কাছে হস্তান্তর সাঈদ খোকন, গ্রেপ্তার গুলশান থেকে

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য মোহাম্মদ সাঈদ খোকনকে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) কাছে হস্তান্তর করা হয়েছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৭টার দিকে রাজধানীর গুলশান-বারিধারা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-০১)।

এসআরবি সদর দপ্তরের একটি সূত্র গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছে। সংস্থাটির সূত্র জানায়, গ্রেপ্তারের পর সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর করা হয়েছে।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

সাঈদ খোকনের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। সর্বশেষ ২০২৫ সালের ১৩ নভেম্বর তার বিরুদ্ধে ৫৪ কোটি টাকা মানি লন্ডারিংয়ের অভিযোগে মামলা করার অনুমোদন দেয় দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ মামলায় সাঈদ খোকনের পাশাপাশি তার বোন শাহানা হানিফ ও এক কর্মচারীকেও আসামি করা হয়েছে।

এর আগে একই বছরের ১০ ফেব্রুয়ারি সাঈদ খোকন ও তার পরিবারের সদস্যদের নামে থাকা ৭৯টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার নির্দেশ দেন আদালত। আদালতে জমা দেওয়া আবেদনে বলা হয়, অভিযুক্তদের নামে পরিচালিত ব্যাংক হিসাবগুলোতে অস্বাভাবিক লেনদেনের তথ্য পাওয়া গেছে। ক্ষমতার অপব্যবহার ও রাজনৈতিক পরিচয় কাজে লাগিয়ে সাঈদ খোকন দেশের বিভিন্ন স্থান ও বিদেশে বিপুল সম্পদ গড়ে তুলেছেন বলে অভিযোগ রয়েছে। এসব সম্পদের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের আর্থিক লেনদেনের যোগসূত্রও পাওয়া গেছে।

আবেদনে আরও বলা হয়, ব্যাংক হিসাবগুলো থেকে অর্থ স্থানান্তর ও তুলে নেওয়ার আশঙ্কা রয়েছে। এ অবস্থায় সাঈদ খোকনসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে দুর্নীতি ও অর্থ পাচারের অভিযোগের তদন্ত এবং অবৈধ অর্থ আইনগতভাবে জব্দ করা কঠিন হয়ে পড়তে পারে।

এ ছাড়া ঢাকা-৬ আসনের সাবেক এই সংসদ সদস্যের পাশাপাশি তার মা শাহানা হানিফ, স্ত্রী ফারহানা সাঈদ এবং ভাই জাবেদ আহমেদের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছিলেন আদালত।

টুঙ্গিপাড়া থানায় আগুন দিয়েছে নিষিদ্ধ ছাত্রলীগ

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬, ১২:৫২ এম
টুঙ্গিপাড়া থানায় আগুন দিয়েছে নিষিদ্ধ ছাত্রলীগ

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানা ঘেরাও করে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটিয়েছে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে এই ঘটনা ঘটে এবং রাত ৮টায় শেষ খবর পাওয়া পর্যন্ত এলাকায় উত্তেজনা ও সহিংসতা চলছিল।

স্থানীয় সূত্র জানায়, গত ১০ ও ১৫ নভেম্বর নাশকতার অভিযোগে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের বেশ কয়েকজন নেতাকর্মীকে গ্রেপ্তার করে টুঙ্গিপাড়া থানা পুলিশ। গ্রেপ্তারকৃতদের ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যে মঙ্গলবার সন্ধ্যায় ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা থানা ঘেরাও করেন।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

পুলিশ বাধা দিলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কয়েক রাউন্ড গুলি ছোড়ে। তবে একপর্যায়ে নেতাকর্মীদের ধাওয়ায় পুলিশ সদস্যরা পিছু হটতে বাধ্য হন। এরপর হামলাকারীরা থানার ভেতরে প্রবেশ করে ব্যাপক ভাঙচুর চালায় এবং অগ্নিসংযোগ করে। এতে পুলিশের বেশ কয়েকটি গাড়ি ভস্মীভূত হয়।

ঘটনার বিষয়ে জানতে পুলিশের একাধিক ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁরা সাড়া দেননি।

 

গোপালগঞ্জে এমপি জিলানীর বাড়িতে আগুন, পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬, ১২:৫০ এম
গোপালগঞ্জে এমপি জিলানীর বাড়িতে আগুন, পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ

গোপালগঞ্জ-৩ (টুঙ্গিপাড়া ও কোটালীপাড়া) আসনের সংসদ সদস্য (এমপি) এস এম জিলানীর বাড়িতে অগ্নিসংযোগ করেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত ৮টার দিকে টুঙ্গিপাড়ার পাটগাতী এলাকায় এই ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, হামলার সময় লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র হাতে আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। এ ছাড়া তারা বিভিন্ন সড়কে অস্ত্র হাতে মহড়া দিচ্ছে।

এর আগে মঙ্গলবার সন্ধ্যায় ছাত্রলীগের নেতাকর্মীদের গ্রেপ্তারের প্রতিবাদে টুঙ্গিপাড়া থানা ঘেরাও করে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। হামলাকারীরা পুলিশের বাধা উপেক্ষা করে থানার ভেতরে প্রবেশ করে এবং আটককৃতদের ছিনিয়ে নেয়।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

এদিকে থানা ও সংসদ সদস্যের বাড়িতে অগ্নিসংযোগের খবর পেয়ে জেলা শহর থেকে বিপুলসংখ্যক পুলিশ ও বিজিবি সদস্য টুঙ্গিপাড়ার উদ্দেশ্যে রওনা হন। পথিমধ্যে সদর উপজেলার খালেকবাজার এলাকায় গোপালগঞ্জ-টুঙ্গিপাড়া সড়কে আইনশৃঙ্খলা বাহিনীর গতিরোধ করেন নেতাকর্মীরা। এ সময় পুলিশের অন্তত পাঁচটি গাড়িতে আগুন দেওয়া হয়।

এসব সহিংসতার বিষয়ে তাৎক্ষণিকভাবে আইনশৃঙ্খলা বাহিনীর কোনো কর্মকর্তার আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

 

ডেঙ্গু বিষয়ক নিয়মিত প্রতিবেদন

ডেঙ্গুতে একদিনে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৫৩৭

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ৮:৪৩ পিএম
ডেঙ্গুতে একদিনে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৫৩৭

দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ৫ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৫৩৭ জন রোগী।

মঙ্গলবার (১৭ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনের তথ্য অনুযায়ী— নতুন আক্রান্তদের মধ্যে ঢাকা মহানগরে ৩২৮ জন (সরকারি হাসপাতালে ২৪০ ও বেসরকারি হাসপাতালে ৮৮ জন) ভর্তি হয়েছেন। এছাড়া ঢাকা বিভাগে (সিটি করপোরেশন বাদে) ১১৬ জন, ময়মনসিংহে ৫৭ জন, চট্টগ্রামে ২৯৭ জন, খুলনায় ২৬৭ জন, রাজশাহীতে ১২৩ জন, রংপুরে ৩৮ জন, বরিশালে ৩০৮ জন এবং সিলেটে ৩ জন নতুন রোগী ভর্তি হয়েছেন।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

চলতি বছর ১ জানুয়ারি থেকে ১৭ নভেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ১ লাখ ৬৫ হাজার ৬৪৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে মারা গেছেন ৫০৭ জন।

 

প্রবাহ বাংলা নেটওয়ার্ক