ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য মোহাম্মদ সাঈদ খোকনকে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) কাছে হস্তান্তর করা হয়েছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৭টার দিকে রাজধানীর গুলশান-বারিধারা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-০১)।
এসআরবি সদর দপ্তরের একটি সূত্র গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছে। সংস্থাটির সূত্র জানায়, গ্রেপ্তারের পর সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর করা হয়েছে।
সাঈদ খোকনের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। সর্বশেষ ২০২৫ সালের ১৩ নভেম্বর তার বিরুদ্ধে ৫৪ কোটি টাকা মানি লন্ডারিংয়ের অভিযোগে মামলা করার অনুমোদন দেয় দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ মামলায় সাঈদ খোকনের পাশাপাশি তার বোন শাহানা হানিফ ও এক কর্মচারীকেও আসামি করা হয়েছে।
এর আগে একই বছরের ১০ ফেব্রুয়ারি সাঈদ খোকন ও তার পরিবারের সদস্যদের নামে থাকা ৭৯টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার নির্দেশ দেন আদালত। আদালতে জমা দেওয়া আবেদনে বলা হয়, অভিযুক্তদের নামে পরিচালিত ব্যাংক হিসাবগুলোতে অস্বাভাবিক লেনদেনের তথ্য পাওয়া গেছে। ক্ষমতার অপব্যবহার ও রাজনৈতিক পরিচয় কাজে লাগিয়ে সাঈদ খোকন দেশের বিভিন্ন স্থান ও বিদেশে বিপুল সম্পদ গড়ে তুলেছেন বলে অভিযোগ রয়েছে। এসব সম্পদের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের আর্থিক লেনদেনের যোগসূত্রও পাওয়া গেছে।
আবেদনে আরও বলা হয়, ব্যাংক হিসাবগুলো থেকে অর্থ স্থানান্তর ও তুলে নেওয়ার আশঙ্কা রয়েছে। এ অবস্থায় সাঈদ খোকনসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে দুর্নীতি ও অর্থ পাচারের অভিযোগের তদন্ত এবং অবৈধ অর্থ আইনগতভাবে জব্দ করা কঠিন হয়ে পড়তে পারে।
এ ছাড়া ঢাকা-৬ আসনের সাবেক এই সংসদ সদস্যের পাশাপাশি তার মা শাহানা হানিফ, স্ত্রী ফারহানা সাঈদ এবং ভাই জাবেদ আহমেদের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছিলেন আদালত।