রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩

মালয়েশিয়ায় কম ভাড়ার বাসায় গাদাগাদি করে বসবাস বাংলাদেশিসহ বিভিন্ন দেশের ৭৩ নাগরিক আটক 

আহমাদুল কবির মালয়েশিয়া প্রকাশিত: রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬, ৭:৩৫ পিএম
মালয়েশিয়ায় কম ভাড়ার বাসায় গাদাগাদি করে বসবাস বাংলাদেশিসহ বিভিন্ন দেশের ৭৩ নাগরিক আটক 

মালয়েশিয়ায় তুলনামূলক কম বাড়িভাড়া এবং স্বদেশি ও পরিচিতজনদের প্রভাবে শহরের পাশাপাশি গ্রামাঞ্চলেও বিদেশি নাগরিকদের বসতি বাড়ছে। রাজধানী কুয়ালালামপুর থেকে দূরবর্তী এলাকায় মাসে মাত্র ৪০০ রিঙ্গিত ভাড়ায় বাসা পাওয়া এবং আগে থেকে বসবাসরত পরিচিতদের সহযোগিতা বিদেশিদের এসব এলাকায় বসবাসে আকৃষ্ট করছে। এমনই একটি চিত্র উঠে এসেছে সেলাঙ্গর রাজ্যের বুকিত বেরুনতুং এলাকার সেরি সেমারাক অ্যাপার্টমেন্টে পরিচালিত অভিবাসন বিভাগের সমন্বিত অভিযানে।

সেলাঙ্গর রাজ্য অভিবাসন বিভাগের পরিচালক খাইরুল আমিনুস কামারুদ্দিন জানান, কুয়ালালামপুর থেকে দূরে এবং আশপাশে অভিবাসন বিভাগের কার্যালয় না থাকায় কিছু বিদেশি এসব এলাকায় বসবাসের সুযোগ নিচ্ছেন। অনেকে বৈধ কাগজপত্রধারী বন্ধু বা পরিচিতজনের সঙ্গে একই বাসায় অবস্থান করছেন।

১২ নভেম্বর রাতে পরিচালিত এ অভিযানে মোট ১৮৮ জন বিদেশি নাগরিকের পরিচয় ও কাগজপত্র যাচাই করা হয়। এর মধ্যে অভিবাসন আইন লঙ্ঘনের সন্দেহে ৭৩ জনকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিদের মধ্যে ১৯ জন মিয়ানমারের পুরুষ, ছয়জন বাংলাদেশি, একজন ভারতীয়, ২৬ জন পাকিস্তানি পুরুষ, ১৭ জন পাকিস্তানি নারী এবং চারজন নেপালের নাগরিক রয়েছেন।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

অভিবাসন বিভাগের পরিচালক জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে প্রধানত বৈধ ভ্রমণ নথি না থাকা এবং অনুমোদিত সময়ের বেশি মালয়েশিয়ায় অবস্থানের অভিযোগ পাওয়া গেছে। বৈধ ভ্রমণ নথি না থাকার অপরাধে অভিবাসন আইনের ৬(১)(সি) ধারা এবং অতিরিক্ত সময় অবস্থানের অভিযোগে ১৫(১)(সি) ধারায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

তিনি বলেন, আটক ৭৩ জনকে আরও যাচাই-বাছাইয়ের জন্য নিয়ে যাওয়া হবে। পরবর্তী সময়ে তাদের সেমেনিয়াহ অভিবাসন আটককেন্দ্রে পাঠানো হবে। আটক ব্যক্তিদের মধ্যে ৫৭ জন পুরুষ। তাদের বয়স এক থেকে ৫৫ বছরের মধ্যে।

অভিযান সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ওই এলাকার অধিকাংশ বিদেশি ভাড়াটিয়া হিসেবে বসবাস করছেন। একটি বাসায় চার থেকে সাতজন পর্যন্ত একসঙ্গে থাকছেন। কেউ পরিবারের সদস্যদের নিয়ে, আবার কেউ নিজ দেশের বন্ধু ও পরিচিতদের সঙ্গে ভাগাভাগি করে বাসা ভাড়া নিয়েছেন।

খাইরুল আমিনুস কামারুদ্দিন বলেন, স্থানীয় বাসিন্দাদের প্রতিনিধিদের কাছ থেকে পাওয়া অভিযোগের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়েছে। বিদেশিদের একটি অংশের বিরুদ্ধে মদ্যপ অবস্থায় চলাফেরা, উচ্চস্বরে হৈচৈ এবং স্থানীয়দের নিষেধ উপেক্ষা করার অভিযোগ ছিল। এসব ঘটনায় এলাকার বাসিন্দাদের মধ্যে উদ্বেগ ও অসন্তোষ তৈরি হয়েছিল। অভিবাসন বিভাগের অভিযান পরিচালনায় স্থানীয় বাসিন্দারা স্বস্তি প্রকাশ করেছেন।

তবে তিনি স্পষ্ট করে বলেন, ওই এলাকায় বৈধ অনুমতিপত্র নিয়ে বসবাসকারী বিদেশিরাও রয়েছেন। তাদের কেউ নিরাপত্তাকর্মী হিসেবে, কেউ নির্মাণ খাতে কাজ করছেন। আবার অনেকে প্রতিদিন কুয়ালালামপুর পর্যন্ত যাতায়াত করে কর্মস্থলে দায়িত্ব পালন করেন। বৈধ পাসধারী এবং অনুমোদিত সময়ের মধ্যে অবস্থানরত কাউকে আটক করা হবে না।

অভিযানে মালয়েশিয়ার বিভিন্ন সরকারি সংস্থার ১৩৫ জন সদস্য অংশ নেন। এর মধ্যে সেলাঙ্গর রাজ্য অভিবাসন বিভাগের ৯৯ জন কর্মকর্তা ও সদস্য, জাতীয় নিবন্ধন বিভাগের পাঁচজন, জাতীয় মাদকবিরোধী সংস্থার (এএডিকে) নয়জন এবং হুলু সেলাঙ্গর পৌর পরিষদের ২২ জন সদস্য ছিলেন।

অভিযান চলাকালে এক থেকে দুজন বিদেশি পালানোর চেষ্টা করেন। তাদের কেউ কেউ ভবনের ছাদে ওঠার চেষ্টা করলেও অভিযান পরিচালনাকারী সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।

এদিকে, মালয়েশিয়ায় অবস্থানরত অবৈধ অভিবাসীদের স্বেচ্ছায় নিজ দেশে ফেরার সুযোগ দিতে চালু করা অভিবাসী প্রত্যাবাসন কর্মসূচি (পিআরএম) আগামী ৩০ এপ্রিল শেষ হবে বলে জানিয়েছেন সেলাঙ্গর অভিবাসন বিভাগের পরিচালক।

তিনি বলেন, যেসব বিদেশির বৈধ পাস নেই কিংবা অনুমোদিত সময়ের বেশি অবস্থান করছেন, তারা কর্মসূচির মেয়াদ শেষ হওয়ার আগেই স্বেচ্ছায় অভিবাসন কার্যালয়ে যোগাযোগ করতে পারেন। এ ক্ষেত্রে একমুখী দেশে ফেরার টিকিট এবং ৫২০ রিঙ্গিত ফি জমা দিতে হবে।

তার ভাষ্য, স্বেচ্ছায় দেশে ফিরতে আগ্রহীদের আটক না করে প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করে ফেরার সুযোগ দেওয়া হবে। তাই কর্মসূচির সময়সীমা শেষ হওয়ার আগেই সংশ্লিষ্টদের এ সুযোগ গ্রহণের আহ্বান জানিয়েছেন তিনি।

সৌদি আরবে ৭ দিনে প্রায় ১২ হাজার প্রবাসী গ্রেপ্তার

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬, ১২:৫৪ এম
সৌদি আরবে ৭ দিনে প্রায় ১২ হাজার প্রবাসী গ্রেপ্তার

আবাসন, শ্রম ও সীমান্ত সুরক্ষা আইন লঙ্ঘনের অভিযোগে সৌদি আরবে প্রায় ১২ হাজার প্রবাসীকে গ্রেপ্তার করেছে দেশটির আইনশৃঙ্খলাবাহিনী। রোববার সৌদির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতির বরাত দিয়ে এই খবর জানিয়েছে সংযুক্ত আরব আমিরাতের ইংরেজি দৈনিক গালফ নিউজ।

 

এতে বলা হয়েছে, গত ৫ নভেম্বর থেকে ১১ নভেম্বর পর্যন্ত সৌদি আরবের বিভিন্ন প্রান্তে অভিযান চালিয়ে ১১ হাজার ৯৫২ জন প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। দেশজুড়ে ব্যাপক নিরাপত্তা অভিযানের অংশ হিসেবে তাদের গ্রেপ্তার করা হয়।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

 

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলছে, গ্রেপ্তারকৃতদের মধ্যে আবাসন আইন লঙ্ঘনের ঘটনায় ৬ হাজার ১৬৩ জন, সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনে ৩ হাজার ২২৫ জন এবং শ্রম আইন লঙ্ঘনের দায়ে ২ হাজার ৫৬৪ জন রয়েছেন। দেশের বিভিন্ন নিরাপত্তা বাহিনী ও সরকারি সংস্থা যৌথ অভিযান চালিয়ে এই প্রবাসীদের গ্রেপ্তার করেছে।

 

একই সময়ে অবৈধভাবে সৌদি আরবে প্রবেশের চেষ্টা করার সময় ১ হাজার ৬৫৮ জনকে এবং অবৈধভাবে দেশ ত্যাগের চেষ্টার অভিযোগে আরও ২৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। পাশাপাশি আবাসন ও কর্মবিধি লঙ্ঘনকারীদের পরিবহন এবং আশ্রয় দেওয়ায় সৌদিতে বসবাসরত ১৬ ব্যক্তিকেও গ্রেপ্তার করা হয়েছে।

 

এছাড়া অবৈধভাবে সীমান্ত পেরিয়ে সৌদি আরবে প্রবেশের চেষ্টার সময় এক হাজার ৪১৮ জন গ্রেপ্তার হয়েছেন বলে বিবৃতিতে জানানো হয়েছে। এতে বলা হয়েছে, গ্রেপ্তারকৃতদের মধ্যে ইথিওপিয়ান ৫৭ শতাংশ, ইয়েমেনি ৪১ শতাংশ এবং অন্যান্য দেশের ২ শতাংশ নাগরিক রয়েছেন।

 

একই সময়ে অবৈধ উপায়ে সৌদি আরব ত্যাগের চেষ্টা করায় আরও ২৪ জন প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। পাশাপাশি আবাসন ও কর্মবিধি লঙ্ঘনকারীদের পরিবহন এবং আশ্রয় দেওয়ায় সৌদিতে বসবাসরত ১৫ ব্যক্তিকেও গ্রেপ্তার করা হয়েছে।

 

মন্ত্রণালয় বলে, বর্তমানে দেশটিতে ৪০ হাজার ৭৬২ জন প্রবাসীর বিরুদ্ধে আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে। তাদের মধ্যে ৩৮ হাজার ৩৮৩ জন পুরুষ এবং ২ হাজার ৩১৯ জন নারী। গ্রেপ্তারকৃত প্রবাসীদের মধ্যে ২২ হাজার ৪৫১ জনকে দেশে ফেরত পাঠানোর আগে ভ্রমণের প্রয়োজনীয় নথি সংগ্রহের জন্য তাদের নিজ নিজ কূটনৈতিক মিশনে পাঠানো হয়েছে।

 

একই সময়ে ১১ হাজার ৪১৮ জনকে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। এছাড়া ভ্রমণ সংক্রান্ত অন্যান্য প্রক্রিয়া সম্পন্ন করার জন্য আরও ৯ হাজার ৮০০ জনকে পাঠানো হয়েছে।

 

স্বরাষ্ট্র মন্ত্রণালয় সতর্ক করে দিয়ে বলে, কেউ যদি সৌদি আরবে অবৈধভাবে প্রবেশে সহায়তা করেন, দেশের অভ্যন্তরে আইন লঙ্ঘনকারীদের পরিবহন করেন, আবাসন বা অন্য কোনো ধরনের সহায়তা ও সেবা প্রদান করেন, তাহলে তাদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

 

এ ধরনের অপরাধীদের সর্বোচ্চ ১৫ বছরের কারাদণ্ড এবং ১০ লাখ সৌদি রিয়াল পর্যন্ত জরিমানা হতে পারে। এছাড়া, আইন লঙ্ঘনকারীদের পরিবহনে ব্যবহৃত যানবাহন এবং তাদের আশ্রয় দেওয়ার কাজে ব্যবহৃত সম্পত্তিও বাজোপ্ত করা হতে পারে।

 

সূত্র: গালফ নিউজ

 

হরমুজে ভয়াবহ বিস্ফোরণ, ২০ লাখ ব্যারেল তেলসহ ডুবল ট্যাংকার

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬, ১২:৪৯ এম
হরমুজে ভয়াবহ বিস্ফোরণ, ২০ লাখ ব্যারেল তেলসহ ডুবল ট্যাংকার

পারস্য উপসাগরের কৌশলগত গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালির দক্ষিণাঞ্চল দিয়ে যাওয়ার সময়মাইনে আঘাত লেগে দুটি তেলবাহী ট্যাংকারে ভয়াবহ বিস্ফোরণ ঘটেছে। বিস্ফোরণের পর জাহাজ দুটিতে আগুন ধরে যায়।

 

রোববার (১৫) কাতারভিত্তিক সম্প্রচারমাধ্যম আল জাজিরার খবরে বলা হয়, ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

 

বিবৃতিতে বলা হয়, ‘হরমুজ প্রণালির দক্ষিণাঞ্চলের নিষিদ্ধ এলাকায় চলাচলকারী দুটি তেলবাহী ট্যাংকার সমুদ্রের মাইনে আঘাত হানার পর ভয়াবহ বিস্ফোরণের শিকার হয়েছে।’

 

ইরানের সংবাদ সংস্থা আইএসএনএ জানিয়েছে, ক্ষতিগ্রস্ত জাহাজ দুটির একটি ছিল সুপারট্যাংকার। এতে ২০ লাখ ব্যারেলের বেশি অপরিশোধিত তেল ছিল। বিস্ফোরণের পর জাহাজটি পারস্য উপসাগরের দক্ষিণাঞ্চলীয় জলসীমায় ডুবে গেছে।

 

এদিকে ডুবে যাওয়া জাহাজের ধ্বংসাবশেষের সঙ্গে সংঘর্ষ এড়াতে ওই এলাকার জেলেদের সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে আইআরজিসি।

 

তবে দ্বিতীয় ট্যাংকারটির ক্ষয়ক্ষতি ও হতাহতের বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।

 

আবারও উত্তেজনা ছড়িয়েছে মধ্যপ্রাচ্যে

বাহরাইনে মার্কিন রাডার লক্ষ্য করে ইরানের ছয় ড্রোনের হামলা

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬, ১২:৪৫ এম
বাহরাইনে মার্কিন রাডার লক্ষ্য করে ইরানের ছয় ড্রোনের হামলা

দীর্ঘ বিরতির পর আবারও উত্তেজনা ছড়িয়েছে মধ্যপ্রাচ্যে। বাহরাইনে অবস্থিত একটি মার্কিন রাডার ব্যবস্থা লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে ইরান। স্থানীয় সময় রোববার সকালে দেশটির রাজধানী মানামায় হঠাৎ সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে। এ সময় কয়েকটি শক্তিশালী বিস্ফোরণের শব্দও শোনা যায়।

তবে বাহরাইন সরকার জানিয়েছে, দেশটির বিমান প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে লক্ষ্যবস্তুতে আঘাত হানার আগেই ইরানের ড্রোনগুলো প্রতিহত করা হয়েছে।

ইরানি সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) বাহরাইনে মোট ছয়টি ড্রোন পাঠায়।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ দ্বীপরাষ্ট্র বাহরাইনে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর পঞ্চম বহরের সদর দপ্তর অবস্থিত। এর আগেও বিভিন্ন সময়ে দেশটিতে একাধিকবার হামলা চালিয়েছে তেহরান। রোববারের আকস্মিক এ হামলার পর পুরো উপসাগরীয় অঞ্চলে নতুন করে যুদ্ধ ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বড় ধরনের সামরিক সংঘাতে জড়ানো এড়িয়ে চললেও কঠোর পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়ে আসছেন। অন্যদিকে, যুদ্ধ বন্ধে কূটনৈতিক আলোচনা অচলাবস্থায় রয়েছে। যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালিতে নৌ-অবরোধ অব্যাহত রেখেছে। বিপরীতে ইরানও ওই অঞ্চলে নিজেদের কৌশলগত নিয়ন্ত্রণ বজায় রেখেছে।

তেলের সরবরাহ নিয়ে উদ্বেগ

এদিকে লোহিত সাগরের সাম্প্রতিক ঘটনাগুলো উপসাগরীয় অঞ্চলে জ্বালানি তেলের সরবরাহ ও আন্তর্জাতিক বাণিজ্য নিয়ে উদ্বেগ বাড়িয়েছে। হুতি বিদ্রোহীদের সঙ্গে দীর্ঘ সংঘাতের একপর্যায়ে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বাব আল-মান্দেব এলাকা থেকে পিছু হটতে বাধ্য হয়েছে ইয়েমেনের সৌদি সমর্থিত সরকারি বাহিনী। এতে ওই জলপথের ওপর ইরান সমর্থিত হুতিদের নিয়ন্ত্রণ আরও শক্তিশালী হয়েছে।

সৌদি আরবসহ উপসাগরীয় অঞ্চলের অন্যান্য তেল উৎপাদনকারী দেশ বিশ্ববাজারে জ্বালানি সরবরাহের জন্য এই নৌপথ ব্যবহার করে। ফলে নতুন করে যুদ্ধ পরিস্থিতি তৈরি হলে বিশ্ব অর্থনীতি ও তেলের বাজারে অনিশ্চয়তা আরও বাড়তে পারে।

 

প্রবাহ বাংলা নেটওয়ার্ক