মার্কিন গোয়েন্দাদের তথ্য
যুদ্ধের পরও ইরানের হাতে আড়াই হাজার ক্ষেপণাস্ত্র
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের কয়েক মাসের হামলায় ইরানের সামরিক সক্ষমতা প্রায় ধ্বংস হয়ে গেছে বলে দাবি করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর সাম্প্রতিক মূল্যায়নে উঠে এসেছে ভিন্ন তথ্য। তাদের ধারণা, যুদ্ধের ক্ষয়ক্ষতির পরও ইরানের হাতে এখনো ১ হাজার ৫০০ থেকে ২ হাজার ৫০০টি ক্ষেপণাস্ত্র থাকতে পারে।
নতুন করে সংঘাত শুরু হলে এসব ক্ষেপণাস্ত্র ব্যবহার করে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালানোর সক্ষমতা রয়েছে তেহরানের। মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর মূল্যায়নের বরাত দিয়ে রোববার (১৫ নভেম্বর) এ তথ্য জানিয়েছে প্রভাবশালী মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নাল।
প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের কয়েক মাসের হামলায় ইরানের অস্ত্র অবকাঠামোর ব্যাপক ক্ষয়ক্ষতি হলেও দেশটির ভান্ডারে এখনো উল্লেখযোগ্যসংখ্যক ক্ষেপণাস্ত্র রয়েছে। ফলে আবার সংঘাত শুরু হলে এসব অস্ত্র দিয়ে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের ওপর হামলা চালাতে পারে তেহরান। এ তথ্য ট্রাম্পের ইরানের সামরিক সক্ষমতা প্রায় পুরোপুরি ধ্বংস হয়ে যাওয়ার দাবিকে প্রশ্নের মুখে ফেলেছে।
তবে গোয়েন্দাদের এই মূল্যায়নের বিষয়ে মার্কিন কর্মকর্তাদের আত্মবিশ্বাসের মাত্রা কম। কারণ, ইরানের কতগুলো ক্ষেপণাস্ত্র তাৎক্ষণিক উৎক্ষেপণের জন্য প্রস্তুত এবং কতগুলো সংরক্ষণাগারে রাখা আছে, তা নির্ভুলভাবে নির্ধারণ করা কঠিন।
প্রতিবেদন অনুযায়ী, যুদ্ধের আগের অবস্থায় অস্ত্রভান্ডার ফিরিয়ে নেওয়ার ক্ষেত্রে ইরানের অগ্রগতি এখন ধীর। তবে দেশটির হাতে উল্লেখযোগ্যসংখ্যক ড্রোন ও স্বল্পপাল্লার ক্ষেপণাস্ত্রও রয়েছে। এসব অস্ত্র ব্যবহার করে আঞ্চলিক বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালানোর সক্ষমতা রয়েছে ইরানের।
ইসরায়েলি সামরিক কর্মকর্তাদের ধারণা, ইরানের কাছে ১ হাজার ৫০০টির বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রয়েছে। তবে এ বিষয়ে বিভিন্ন আঞ্চলিক মূল্যায়নে ভিন্নতা দেখা গেছে।
যুক্তরাষ্ট্রের সাবেক উপসহকারী প্রতিরক্ষামন্ত্রী সিমোন লিডিন বলেন, অপেক্ষাকৃত কম হিসাবটিও যদি সঠিক হয়, তাহলে বোঝা যায়, যুদ্ধের আগে ইরানের হাতে যে পরিমাণ ক্ষেপণাস্ত্র ছিল, তার অর্ধেকের বেশি দেশটি পুনরায় মজুত করতে পেরেছে।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি, রাডার ব্যবস্থা এবং আগাম সতর্কীকরণ অবকাঠামোর দুর্বলতা বারবার প্রকাশ পেয়েছে।
এদিকে তেহরানের বিরুদ্ধে নতুন করে বড় ধরনের সামরিক অভিযান চালানোর পরিবর্তে নিষেধাজ্ঞা ও অবরোধের মাধ্যমে অর্থনৈতিক চাপ অব্যাহত রাখার কৌশল নিয়েছে ওয়াশিংটন।
দ্য ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের পাল্টা হামলার আশঙ্কায় উপসাগরীয় মিত্রদেশগুলো নতুন করে সংঘাত শুরু না করতে ওয়াশিংটনকে সতর্ক করেছে। অন্যদিকে ইরানের বিরুদ্ধে আরও সামরিক পদক্ষেপ নিতে যুক্তরাষ্ট্রের ওপর চাপ অব্যাহত রেখেছে ইসরায়েল।







