স্পিড স্টার ইন্টারনেট অ্যান্ড টেকনোলজি
হাতিরঝিলে ইন্টারনেট অফিসে ঢুকে দুই কর্মীকে গুলি
রাজধানীর হাতিরঝিলে একটি ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানের কার্যালয়ে ঢুকে দুই কর্মচারীকে গুলি করেছে দুর্বৃত্তরা। রোববার (১৫ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে হাতিরঝিল থানার ওয়াপদা রোডে স্পিড স্টার ইন্টারনেট অ্যান্ড টেকনোলজির অফিসে এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ দুজন হলেন হাবিবুর রহমান (২৬) ও সাজু আহমেদ (২৯)। তারা প্রতিষ্ঠানটির নেটওয়ার্ক কর্মী হিসেবে দায়িত্ব পালন করেন।
প্রতিষ্ঠানটির ব্যবস্থাপক পলাশ জানান, সন্ধ্যা ৭টার দিকে চার দুর্বৃত্ত অফিসে প্রবেশ করে। এ সময় তারা হাবিবুর ও সাজুকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পরে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। সহকর্মীরা আহত দুজনকে উদ্ধার করে রাত ৭টা ৫০ মিনিটের দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান।
গুলিতে হাবিবুর রহমানের বাম হাত এবং সাজু আহমেদের ডান পায়ের হাঁটুর নিচে আঘাত লাগে। দুজনের শরীরেই একটি করে গুলি লেগেছে।
হাবিবুর রহমানের বাবার নাম দুলাল মিয়া। তার গ্রামের বাড়ি চাঁদপুরের উত্তর মতলব থানার নেতামদী এলাকায়। অন্যদিকে সাজু আহমেদের বাবা মো. ইউসুফ। তার বাড়ি ঝালকাঠির নলছিটি থানার রাজপয়সা এলাকায়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. হাবিবুর রহমান জানান, হাতিরঝিলের ওয়াপদা রোড এলাকা থেকে গুলিবিদ্ধ দুজনকে হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়েছে। সেখানে তাদের চিকিৎসা চলছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।
এ বিষয়ে তেজগাঁও বিভাগের শিল্পাঞ্চল জোনের অতিরিক্ত পুলিশ কমিশনার মো. ইমরান জানান, হাতিরঝিল থানার ওয়াপদা রোড এলাকার একটি ইন্টারনেট অফিসে গুলির ঘটনা ঘটেছে। পুলিশের বিভিন্ন দল ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছে। কারা এ ঘটনা ঘটিয়েছে, তা প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।










