সারাদেশে পরিবেশবান্ধব গণপরিবহন ব্যবস্থা গড়ে তোলার অংশ হিসেবে আগামী তিন বছরে ১ হাজারটি বৈদ্যুতিক বাস আমদানির পরিকল্পনা গ্রহণ করেছে সরকার। এর মধ্যে রাজধানীর চলাচলের জন্য ২০০টি বাস বরাদ্দের পরিকল্পনা রয়েছে এবং বাকি বাসগুলো দেশের বিভিন্ন রুটে চালানো হবে।
বাংলাদেশ সংবাদ সংস্থাকে (বাসস) দেওয়া এক সাক্ষাৎকারে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব ড. মোহাম্মদ জিয়াউল হক এই তথ্য জানান।
পরিকল্পনা অনুযায়ী, ঢাকার জন্য প্রাথমিকভাবে ২০০টি বাসের বহর গড়ে তোলা হবে। প্রথম পর্যায়ে ৫০টি বাস আসার কথা রয়েছে এবং আগামী ফেব্রুয়ারির মধ্যে আরও ১০০টি বাস আসবে বলে আশা করা হচ্ছে। সংগৃহীত বাসগুলোর মধ্যে ৫০টি হবে ৯ মিটার দৈর্ঘ্যের গোলাপি রঙের, যা শুধু নারী যাত্রীদের জন্য সংরক্ষিত থাকবে। অন্যদিকে ১২ মিটার দৈর্ঘ্যের বাকি বাসগুলো হবে লাল রঙের সাধারণ সার্ভিসের, যেখানে নারী ও পুরুষ উভয়েই যাতায়াত করতে পারবেন। এই বাসগুলোর রক্ষণাবেক্ষণ ও কারিগরি সুবিধার জন্য ঢাকায় পর্যাপ্ত জায়গা বরাদ্দের পরিকল্পনাও রয়েছে।
আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে
আমাদের Google News ফলো করুন
এবং নিয়মিত আপডেটের জন্য
WhatsApp Channel–এ যুক্ত থাকুন।
এদিকে বিআরটিসির জেনারেল ম্যানেজার (আইসিডব্লিউএস ও প্রশিক্ষণ) প্রকৌশলী ফাতিমা বেগম জানান, এসব বাস পরিচালনার জন্য হালকা যানবাহন চালনার লাইসেন্সধারী নারীদের ভারী যান চালনার উপযোগী করে তোলার উদ্যোগ নিয়েছে বিআরটিসি। নির্বাচিত নারীদের সম্পূর্ণ বিনামূল্যে ১ থেকে ৪ মাস মেয়াদি এই প্রশিক্ষণ দেওয়া হবে। সরকার ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনতে বিশ্বব্যাংক ও এডিবির অর্থায়নে পৃথক প্রকল্পের মাধ্যমে প্রায় ৬৮ হাজার মানুষকে প্রশিক্ষণ দেওয়ার লক্ষ্যমাত্রা নিয়ে কাজ করছে।
গাজীপুর প্রশিক্ষণ ইনস্টিটিউটের ব্যবস্থাপক মুহাম্মদ মাশিউজ্জামান জানান, প্রশিক্ষণ শেষে রোড পারফরম্যান্স টেস্টে সফল উত্তীর্ণ প্রার্থীরা বিধিবিধান সাপেক্ষে দৈনিক মজুরিভিত্তিক চালক হিসেবে নিয়োগ পেতে পারেন এবং পরবর্তীতে বিআরটিসিতে স্থায়ী নিয়োগের ক্ষেত্রেও তারা অগ্রাধিকার পাবেন।