মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩

প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে ৩০ কোটি ডলার দিচ্ছে বিশ্বব্যাংক

অনলাইন ডেস্ক প্রকাশিত: শনিবার, ৭ নভেম্বর, ২০২৬, ১:৫৩ পিএম
প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে ৩০ কোটি ডলার দিচ্ছে বিশ্বব্যাংক

দেশের প্রাক্‌-প্রাথমিক ও প্রাথমিক পর্যায়ের ২ কোটি ৬০ লাখ শিশুর শিক্ষার মান উন্নয়নে ৩০ কোটি মার্কিন ডলারের অর্থায়ন অনুমোদন করেছে বিশ্বব্যাংক। এ অর্থ দিয়ে শিক্ষার্থীদের মৌলিক দক্ষতা বাড়ানো এবং বিদ্যালয়ের ব্যবস্থাপনা ও পরিচালনা পদ্ধতির উন্নয়নে কাজ করা হবে।

শুক্রবার (০৬ নভেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় সংস্থাটি। ‘লার্নিং এনহ্যান্সমেন্ট অ্যান্ড অ্যাক্সিলারেশন ইন প্রাইমারি এডুকেশন’ কর্মসূচির আওতায় বিশ্বব্যাংকের নির্বাহী পরিচালক পর্ষদ এ অর্থায়নের অনুমোদন দিয়েছে।

কর্মসূচিটির প্রধান উদ্দেশ্য হলো, শিক্ষার্থীরা যেন শ্রেণি অনুযায়ী পড়া, লেখা ও গণিতে প্রয়োজনীয় দক্ষতা অর্জন করতে পারে। একই সঙ্গে সরকারের পঞ্চম প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নেও এ অর্থ সহায়তা দেবে।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

বিশ্বব্যাংকের তথ্যমতে, বাংলাদেশে প্রাথমিক শিক্ষায় প্রায় সর্বজনীন প্রবেশাধিকার নিশ্চিত করা সম্ভব হলেও শিক্ষার্থীদের শেখার মান এখনো প্রত্যাশিত পর্যায়ে পৌঁছায়নি। দেশের ১০ বছর বয়সী শিশুদের প্রায় অর্ধেকই বয়স উপযোগী সাধারণ লেখা পড়ে তা বুঝতে পারে না। তুলনামূলকভাবে মালয়েশিয়ায় এ হার ৪২ শতাংশ এবং ব্রাজিলে ৪৭ শতাংশ।

বিশ্বব্যাংকের বাংলাদেশ ও ভুটানবিষয়ক ডিভিশন ডিরেক্টর জ্যঁ পেসম বলেন, বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকতে সক্ষম কর্মশক্তি গড়ে তোলার জন্য মানসম্মত প্রাথমিক শিক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ। গত দুই দশকে বাংলাদেশের প্রায় সব শিশুকে বিদ্যালয়ের আওতায় আনতে বিশ্বব্যাংক গ্রুপ সহায়তা করেছে। নতুন অর্থায়নের ফলে শিক্ষার্থীদের শেখার অগ্রগতি বাড়বে এবং বিদ্যালয়ে তাদের ধরে রাখার সুযোগ তৈরি হবে। এর মাধ্যমে ভবিষ্যতে কর্মসংস্থানের পথও সুগম হবে।

সংস্থাটি জানায়, বাংলাদেশের প্রাথমিক শিক্ষা ব্যবস্থা বিশ্বের বৃহত্তম শিক্ষা ব্যবস্থাগুলোর অন্যতম। সরকারি ও বেসরকারি সংস্থা পরিচালিত বিদ্যালয়, কিন্ডারগার্টেন এবং মাদ্রাসায় ২ কোটির বেশি শিশু পড়াশোনা করছে।

নতুন কর্মসূচির আওতায় শিক্ষার্থীদের পড়া, লেখা ও গণিতের ভিত্তি শক্তিশালী করতে পাঠদানের উপকরণ, পরিকল্পিত পাঠক্রম এবং শিক্ষকদের প্রশিক্ষণসহ সমন্বিত উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি দেশের ৯০ শতাংশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের নেতৃত্ববিষয়ক প্রশিক্ষণ দেওয়া হবে। বিদ্যালয় পরিচালনা ও ব্যবস্থাপনার কাঠামো আরও শক্তিশালী করার উদ্যোগও থাকবে।

বিশ্বব্যাংকের সিনিয়র এডুকেশন স্পেশালিস্ট ও কর্মসূচির টিম লিডার তাশমিনা রহমান বলেন, ভবিষ্যতে ভালো কর্মসংস্থানের জন্য প্রয়োজনীয় দক্ষতা অর্জনে প্রাথমিক শিক্ষার ভিত্তি মজবুত করা জরুরি। যারা পড়াশোনায় পিছিয়ে রয়েছে, তাদের জন্য বিশেষ পাঠদান বা রেমিডিয়াল লার্নিংয়ের ব্যবস্থা করা হবে। এ ক্ষেত্রে বিশেষ গুরুত্ব দেওয়া হবে পিছিয়ে পড়া জেলাগুলোকে।

তিনি আরও জানান, শিক্ষকদের দক্ষতা বাড়ানো, বিদ্যালয় পর্যায়ে নেতৃত্বের বিকাশ, বাজেট ব্যবহারে জবাবদিহি প্রতিষ্ঠা এবং সিদ্ধান্ত গ্রহণে তথ্যের যথাযথ প্রয়োগ নিশ্চিত করতেও কর্মসূচিটি সহায়তা করবে।

কর্মসূচির অংশ হিসেবে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের প্রশিক্ষণ ও প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে। এর মাধ্যমে শ্রেণিকক্ষে পড়া, লেখা ও গণিতের মৌলিক বিষয়গুলো আরও কার্যকরভাবে শেখানো সম্ভব হবে। পাশাপাশি সরকারি বিদ্যালয়ে প্রাক্‌-প্রাথমিক শিক্ষার মান উন্নয়নের পরিকল্পনাও রয়েছে। এতে শিশুরা বিদ্যালয়ে ভর্তি হওয়ার আগেই আনুষ্ঠানিক শিক্ষার জন্য আরও ভালোভাবে প্রস্তুত হতে পারবে বলে আশা করছে বিশ্বব্যাংক।

বিশ্বব্যাংকের ধারণা, এ কর্মসূচি বাস্তবায়নের ফলে সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে ৮ লাখ ৪৩ হাজার নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। এসব কর্মসংস্থানে তুলনামূলক ভালো বেতন পাওয়ার সম্ভাবনা রয়েছে বলেও জানিয়েছে সংস্থাটি।

কর্মসূচির অর্থায়ন করা হচ্ছে বিশ্বব্যাংক গ্রুপের সহযোগী সংস্থা ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশনের (আইডিএ) মাধ্যমে। ২৫ বছর মেয়াদি এ অর্থায়নের ক্ষেত্রে প্রথম পাঁচ বছর ঋণ পরিশোধে গ্রেস পিরিয়ড হিসেবে রাখা হয়েছে।

গোপালগঞ্জে পুলিশের গাড়িতে ছাত্রলীগ-যুবলীগের আগুন, ধাওয়া-পাল্টা ধাওয়া

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ১০:৩৯ পিএম
গোপালগঞ্জে পুলিশের গাড়িতে ছাত্রলীগ-যুবলীগের আগুন, ধাওয়া-পাল্টা ধাওয়া

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা সর্বাত্মক ধর্মঘট পালনের অংশ হিসেবে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ ও উপজেলা বিএনপি কার্যালয় ভাঙচুরসহ সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেছে নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা। এ সময় পুলিশের সঙ্গে ছাত্রলীগ-যুবলীগের নেতাকর্মীদের বেশ কয়েকবার ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

 

মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের হাজারো নেতাকর্মী পাটগাতী স্ট্যান্ডে অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দিতে থাকেন এবং টায়ারে আগুন জালিয়ে ওই সড়ক অবরোধ করে রাখেন। এ সময় ভাঙচুর চালানো হয় উপজেলা যুবদলের অফিস। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণের টিয়ার শেল নিক্ষেপ করে। এ সময় পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। আগুন ধরিয়ে দেওয়া হয় পুলিশের একটি পিকআপ ভ্যানে। আহত হন পুলিশসহ বেশ কয়েকজন।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

 

বিষয়টি নিশ্চিত করে টুঙ্গিপাড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আইয়ুব আলী বলেন, টুঙ্গিপাড়ায় বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। আমাদের বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন।

 

ইসরাইলে নতুন পার্লামেন্টের শপথ গ্রহণ আজ, সরকার গঠন করছে আইজেনকোট

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ১০:৩৭ পিএম
ইসরাইলে নতুন পার্লামেন্টের শপথ গ্রহণ আজ, সরকার গঠন করছে আইজেনকোট

ইসরাইলে নতুন গঠিত পার্লামেন্টের শপথ গ্রহণ অনুষ্ঠিত হতে যাচ্ছে আজ। বর্তমান প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তার সংখ্যাগরিষ্ঠতা হারাতে বসার এই সময়েই মূলত নতুন সংসদ তার কার্যক্রম শুরু করছে। এর মধ্যেই বিরোধীদলীয় নেতা গাদি আইজেনকোট নতুন সরকার গঠনের চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

মঙ্গলবার (১০ নভেম্বর ২০২৬) স্থানীয় সময় বিকেল ৪টায় ১২০ সদস্যের নতুন এই পার্লামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে ভাষণ দেবেন দেশটির প্রেসিডেন্ট আইজ্যাক হারজোগ। তবে এই নতুন সংসদে নেতানিয়াহুর ডানপন্থী জোট কিংবা আইজেনকোটের বিরোধী পক্ষ—কারোরই এককভাবে সংখ্যাগরিষ্ঠতা নেই। এর আগে প্রেসিডেন্ট হারজোগ আইজেনকোটকে সরকার গঠনের প্রাথমিক দায়িত্ব দেন, যার মাধ্যমে তাকে ২৮ দিনের মধ্যে কোয়ালিশন বা জোট সরকার গঠনের কাজ শেষ করতে হবে। প্রয়োজনে এই সময়সীমা আরও ১৪ দিন বাড়ানো হতে পারে।

এদিকে পার্লামেন্ট অধিবেশন শুরুর আগেই আইজেনকোটের দল গুরুত্বপূর্ণ পদগুলোতে লোক নিয়োগের ক্ষেত্রে অগ্রগতির কথা জানিয়েছে। আইজেনকোট নিজেই জানিয়েছেন যে, তার রাজনৈতিক জোটের নেতাদের সঙ্গে আলোচনার মাধ্যমে পরবর্তী নেসেট বা পার্লামেন্টের স্পিকার হিসেবে তার দলের নেতা মাতান কাহানাকে নিয়োগ দেওয়ার বিষয়ে একটি সমঝোতায় পৌঁছানো গেছে।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

সূত্র: আল-জাজিরা

ওয়েডিং কার্নিভালে নুসরাত ফারিয়ার ঝলক

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ১০:৩৪ পিএম
ওয়েডিং কার্নিভালে নুসরাত ফারিয়ার ঝলক

চিত্রনায়িকা নুসরাত ফারিয়ার হাসি, স্মার্টনেস ও আত্মবিশ্বাসী উপস্থিতি বরাবরই দর্শকদের মুগ্ধ করে। এবার ব্যতিক্রমী পোশাকে মঞ্চে উঠে আবারও আলোচনায় এলেন এই অভিনেত্রী। বোরকা পরেই মঞ্চে পারফর্ম করে দর্শকদের দৃষ্টি কেড়েছেন তিনি। তাঁর উপস্থিতি ও পরিবেশনায় বাড়তি মাত্রা পেয়েছে রাজধানীতে আয়োজিত পাঁচ দিনব্যাপী ‘প্যারাগন ক্যাটারিং ওয়েডিং কার্নিভাল ২০২৬’।

গত ৪ থেকে ৮ নভেম্বর রাজধানীর গুলশান শুটিং ক্লাবে অনুষ্ঠিত হয় এ ওয়েডিং কার্নিভাল। চলচ্চিত্র, টেলিভিশন, সংগীত, নৃত্য, ফ্যাশন ও মডেলিং অঙ্গনের তারকাদের অংশগ্রহণে আয়োজিত এ অনুষ্ঠানে ছিল লাইভ কনসার্ট, ফ্যাশন শো, ওয়েডিং মার্কেটপ্লেসসহ নানা আয়োজন। কার্নিভালের শেষ দিন ৮ নভেম্বর মঞ্চে পারফর্ম করেন নুসরাত ফারিয়া।

 

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

এদিন ফারিয়ার পোশাকেও ছিল ব্যতিক্রমী চমক। তাঁর পরনে ছিল ‘হায়া বাই সানজানা’র নকশা করা বোরকা। আবৃত পোশাকের মধ্যেও নান্দনিকতা, আভিজাত্য ও ফ্যাশনের স্বতন্ত্র প্রকাশ ঘটিয়েছেন তিনি। পোশাকের কারুকাজ, রঙের ব্যবহার এবং সামগ্রিক সাজে ফুটে উঠেছে রুচিশীলতার ছাপ। তাঁর এই বিশেষ সাজে মেকওভার করেছেন জাহিদ খান মেকওভার।

 

মঞ্চে নুসরাত ফারিয়ার পারফরম্যান্সেও ছিল চেনা আত্মবিশ্বাস ও সাবলীলতা। নাচ, গান কিংবা যেকোনো পরিবেশনায় নিজের উপস্থিতি দিয়ে দর্শকদের মনোযোগ ধরে রাখার দক্ষতা রয়েছে তাঁর। প্রতিবারই ভিন্ন আঙ্গিকে নিজেকে উপস্থাপনের চেষ্টা করেন এই অভিনেত্রী। এবারও পোশাক ও পরিবেশনার সমন্বয়ে তৈরি করেছেন আলাদা আকর্ষণ।

 

এর আগে মেরিল-প্রথম আলো পুরস্কারের মঞ্চে নাচের পারফরম্যান্স দিয়ে দর্শকদের নজর কেড়েছিলেন ফারিয়া। বিশেষ করে ‘কন্যা’ গানের সঙ্গে তাঁর পরিবেশনা প্রশংসিত হয়। অন্যদিকে, গত কোরবানির ঈদে মুক্তি পাওয়া তাঁর ‘লোকে বলে’ গানটিও শ্রোতাদের মধ্যে সাড়া ফেলে। প্রকাশের পরপরই গানটি এক মিলিয়ন ভিউয়ের মাইলফলক অতিক্রম করে।

 

অভিনয়ের পাশাপাশি নাচ ও সংগীতে নিজের সক্রিয় উপস্থিতি ধরে রেখেছেন নুসরাত ফারিয়া। এবারের ওয়েডিং কার্নিভালেও ব্যতিক্রমী পোশাক, সাবলীল পরিবেশনা ও আকর্ষণীয় উপস্থিতির মধ্য দিয়ে আবারও নিজের স্বতন্ত্র অবস্থান তুলে ধরেছেন তিনি।

প্রবাহ বাংলা নেটওয়ার্ক