বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩
বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩

হামের উপসর্গে আরও ৬ জনের মৃত্যু

অনলাইন ডেস্ক প্রকাশিত: বুধবার, ৪ নভেম্বর, ২০২৬, ৫:৫১ পিএম
হামের উপসর্গে আরও ৬ জনের মৃত্যু

সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে সন্দেহভাজন ও নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন এক হাজার ৪০২ জন।

বুধবার (০৪ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হামবিষয়ক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়।

প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে হামের উপসর্গ নিয়ে চারজনের মৃত্যু হয়েছে। এ ছাড়া সিলেট ও খুলনা বিভাগে একজন করে মারা গেছেন।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব বলছে, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও হামের উপসর্গে মোট এক হাজার ২৬৯ জনের মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে নিশ্চিত হামে ১০৫ জন এবং হামের উপসর্গ নিয়ে এক হাজার ১৬৪ জন মারা গেছেন।

প্রতিবেদনে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় নতুন করে এক হাজার ৩২৫ জনের শরীরে হামের উপসর্গ শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে সন্দেহভাজন সংক্রমণের মোট সংখ্যা দাঁড়িয়েছে দুই লাখ ৩৪ হাজার ১৪৮ জনে।

এ ছাড়া একই সময়ে নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন ৭৭ জন। ফলে এ পর্যন্ত নিশ্চিতভাবে হামে আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ২৪ হাজার ১৫০ জন।

গত ১৫ মার্চ থেকে দেশের বিভিন্ন হাসপাতালে হাম সন্দেহে ভর্তি হয়েছেন মোট দুই লাখ ৮ হাজার ৬৩৪ জন। একই সময়ে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন এক লাখ ৯৯ হাজার ৮৯৪ জন।

 

প্রধানমন্ত্রীকে নিয়ে মন্তব্য, নাহিদ ইসলামকে আইনি নোটিশ

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬, ৫:১৯ পিএম
প্রধানমন্ত্রীকে নিয়ে মন্তব্য, নাহিদ ইসলামকে আইনি নোটিশ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে বিরূপ মন্তব্য করায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামকে আইনি নোটিশ পাঠানো হয়েছে। এতে তাঁর দেওয়া বক্তব্য প্রত্যাহারের দাবি জানানো হয়েছে।

বৃহস্পতিবার (০৫ নভেম্বর) সুপ্রিম কোর্টের আইনজীবী মো. হাবিবুর রহমান নাহিদ ইসলামের কাছে এ নোটিশ পাঠান।

নোটিশে বলা হয়েছে, নাহিদ ইসলামের দেওয়া ‘চাঁদাবাজি ও লুটপাট করার জন্য তারেক রহমান এসেছেন, দেশ পরিচালনায় তার কোনো পরিকল্পনা নাই’ এ বক্তব্য আগামী ১০ দিনের মধ্যে প্রত্যাহার করতে হবে। অন্যথায় তাঁর বিরুদ্ধে ফৌজদারি কার্যবিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

নোটিশে উল্লেখ করা হয়, গত ৩০ অক্টোবর চ্যানেল ওয়ান ও চ্যানেল আইয়ে সন্ধ্যার পর প্রচারিত নাহিদ ইসলামের বক্তব্যটি আইনজীবী মো. হাবিবুর রহমানের দৃষ্টিগোচর হয়েছে। এ বক্তব্যে বিব্রত, ব্যথিত, মর্মাহত ও ক্ষুব্ধ হওয়ার কথা জানিয়ে তিনি বলেন, বক্তব্যটি অমার্জনীয়। রাজনৈতিক প্রতিপক্ষের প্রতি ঈর্ষাপরায়ণ হয়ে অবাস্তব ও কাল্পনিক মন্তব্যের মাধ্যমে নাহিদ ইসলাম নিজেকে ছোট ও অপরিপক্ব রাজনৈতিক ব্যক্তিত্ব এবং প্রজ্ঞাহীন ব্যক্তি হিসেবে তুলে ধরেছেন।

নোটিশে আরও বলা হয়, এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপের মতো গুরুত্বপূর্ণ পদে থাকা ব্যক্তির কাছ থেকে এমন অগ্রহণযোগ্য, কাল্পনিক, অজ্ঞতাপূর্ণ ও রাজনৈতিক অপ্রজ্ঞার পরিচায়ক বক্তব্য জাতি কখনো প্রত্যাশা করেনি। এ ধরনের মন্তব্যের জন্য জাতির কাছে ক্ষমা চাওয়ার আহ্বান জানানো হয়েছে।

নোটিশ পাওয়ার ১০ দিনের মধ্যে বক্তব্য প্রত্যাহার করে জবাব দিতে বলা হয়েছে। অন্যথায় ফৌজদারি কার্যবিধি অনুযায়ী যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে নোটিশে উল্লেখ করা হয়েছে।

 

ইসরায়েলের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কের পরিবর্তন চান ভোটাররা : ভ্যান্স

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬, ১১:২৫ এম
ইসরায়েলের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কের পরিবর্তন চান ভোটাররা : ভ্যান্স

মধ্যবর্তী নির্বাচনে ২টি কারণে সরকারি দল রিপাবলিকান পার্টির প্রার্থীদের ভরাডুবি ঘটেছে বলে মনে করেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স; প্রথম কারণটি হলো ইরানের সঙ্গে যুদ্ধ এবং দ্বিতীয়টি হলো ইসরায়েলের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক।

৩ নভেম্বর মধ্যবর্তী নির্বাচনের ভোটগ্রহণের পরের দিন ৪ নভেম্বর প্রকাশিত ফলাফলে দেখা যায়, রিপাবলিকান পার্টির রীতিমতো ধরাশায়ী হয়েছে এবং বিরোধী দল ডেমোক্রেটিক পার্টির প্রার্থীরা রেকর্ড সংখ্যাগরিষ্ঠতা নিয়ে মার্কিন পার্লামেন্ট কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদ বা হাউস অব রিপ্রেজেন্টেটিভস এবং উচ্চকক্ষ সিনেট— উভয়েই নিজেদের নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছেন। প্রেসিডেন্ট ট্রাম্প এবং তার নেতৃত্বাধীন প্রশাসনের জন্য এটি একটি বড় ধাক্কা। কারণ এতদিন পার্লামেন্টে ট্রাম্প প্রশাসনের যে নিয়ন্ত্রণ ও প্রভাব ছিল— এই নির্বাচনের মাধ্যমে তা অনেকাংশে অপসারিত হয়েছে। অনেক মার্কিন রাজনীতি বিশ্লেষকের মতে, নির্বাচনের এই ফলাফল আসলে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তার নীতিমালার প্রতি মার্কিন ভোটারদের এক ধরনের প্রত্যাখ্যান।

ভোটের ফলাফল প্রকাশের পর বুধবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করা এক বার্তায় ভ্যান্স লেখেন, ট্রাম্পের সমর্থকরা অন্য শিবিরে (ডেমোক্র্যাটদের দিকে) ঝুঁকে পড়ায় ডেমোক্র্যাটরা ঐতিহাসিক জয় পেয়েছে।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

এক্সবার্তায় ভাইস প্রেসিডেন্ট লিখেছেন, “মূল সমস্যা হলো, ২০২৪ সালে যারা ট্রাম্প-ভ্যান্সকে ভোট দিয়েছিলেন, তাদের অনেকেই ২০২৬ সালে ডেমোক্র্যাটদের ভোট দিয়েছেন।” তিনি কয়েকজন নির্ভরযোগ্য জনমত জরিপকারীর (পোলস্টার) কথা উল্লেখ করেন, যাদের একজন আগেই ডেমোক্র্যাটদের এই বড় জয়ের পূর্বাভাস দিয়েছিলেন।

“যেসব ভোটার ও সমর্থক আমাদের ছেড়ে গিয়েছেন, তাদের ওই জরিপকারী জিজ্ঞেস করেছিলেন যে কী করলে তারা আবার আমাদের পক্ষে ফিরে আসবেন। প্রায় সব উত্তরের সারসংক্ষেপ হিসেবে চারটি প্রধান পয়েন্ট উঠে এসেছে— ১) ইরান যুদ্ধ বন্ধ করা। ২) জীবনযাত্রার ব্যয় বা মুদ্রাস্ফীতির দিকে নজর দেওয়া। ৩) ‘আমেরিকা প্রথম’ (আমেরিকাকে অগ্রাধিকার দেওয়া) নীতি অনুসরণ করা এবং ৪) ইসরায়েলের সঙ্গে আমাদের সম্পর্কের ধরন পরিবর্তন করা।”

ভ্যান্স একজন রক্ষণশীল মার্কিন টিভি ও মিডিয়া ব্যক্তিত্বের পরামর্শের কথাও তুলে ধরেন। ওই মিডিয়া ব্যক্তিত্ব ট্রাম্প প্রশাসনকে ইরান সংঘাত কূটনৈতিক উপায়ে সমাধানের আহ্বান জানিয়েছিলেন।

তিনি লেখেন, “এখন দেখা যাচ্ছে, তার রাজনৈতিক পরামর্শটি সঠিক ছিল। আমরা যে হেরেছি, তার কারণ হলো এই যুদ্ধ। গত রাতে প্রেসিডেন্ট নিজেও এমনটাই বলেছেন।”

মঙ্গলবার গভীর রাতে ট্রাম্প স্বীকার করেছেন যে, যুদ্ধের কারণে জ্বালানির দাম বেড়ে যাওয়াটা রিপাবলিকানদের পরাজয়ে ভূমিকা রেখেছে। তবে তিনি যুদ্ধ শুরুর সিদ্ধান্তটিকে সমর্থন করেছেন—যা ভ্যান্স তার দীর্ঘ পোস্টে করেননি।

বুধবার ভ্যান্সের মন্তব্য সম্পর্কে জিজ্ঞাসা করা হলে ট্রাম্প বলেন, নির্বাচনের পরবর্তী মূল্যায়ন নিয়ে তার কোনো আপত্তি নেই।

২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যুদ্ধ শুরু করার আগে ভ্যান্স এর বিরোধিতা করেছিলেন বলে ব্যাপকভাবে খবর প্রকাশিত হয়েছিল। মূলত তার আপত্তির কারণেই এপ্রিল মাসের পর থেকে ইরানের বিরুদ্ধে আর কোনো সামরিক অভিযানে অংশ নেয়নি ইসরায়েল।

প্রেসিডেন্ট ট্রাম্প বরাবর ইসরায়েল ও নেতানিয়াহু—উভয়ের প্রতিই অত্যন্ত জোরালো সমর্থন জানিয়ে আসছেন। অন্যদিকে, তার ভাইস প্রেসিডেন্ট এবং ২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের সম্ভাব্য প্রার্থী জে ডি ভ্যান্স এ ইস্যুতে অনেক বেশি সংযত বা শীতল মনোভাব নিয়ে চলেন। গত মাসে ইসরায়েলের জাতীয় নির্বাচনের আগে ট্রাম্প নেতানিয়াহুকে জোরালো সমর্থন দিলেও, ভ্যান্স তা করা থেকে বিরত ছিলেন।

ইরানের সঙ্গে যুদ্ধ অবসানে ট্রাম্পের প্রচেষ্টার বিরোধিতা করায় গত জুন মাসে নেতানিয়াহুর নেতৃত্বাধীন মন্ত্রিসভার কয়েকজন সদস্যের তীব্র সমালোচনা করেছিলেন ভ্যান্স। জুলাই মাসে তিনি বলেন, ইসরায়েল সরকারের কিছু অংশ আলোচনার প্রক্রিয়াকে ব্যাহত করার লক্ষ্যে মার্কিন জনমতকে প্রভাবিত করার চেষ্টা করেছে।

গত মাসে ভাইস প্রেসিডেন্ট বলেছিলেন যে, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের নীতিগুলোকে ইসরায়েলের নীতির ‘অধীন’ হতে দেওয়া যায় না; বরং ওয়াশিংটনকে অবশ্যই নিজেদের স্বার্থকে সবার আগে প্রাধান্য দিতে হবে।

সূত্র : টাইমস অব ইসরায়েল

ত্রিপুরায় বিএসএফের ওপর গ্রামবাসীর হামলা, আহত ৩ সদস্য, গ্রেপ্তার ৯

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬, ১০:১৩ এম
ত্রিপুরায় বিএসএফের ওপর গ্রামবাসীর হামলা, আহত ৩ সদস্য, গ্রেপ্তার ৯

ভারতের ত্রিপুরা রাজ্যে সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের সদস্যদের ওপর হামলা চালিয়েছেন স্থানীয় বাসিন্দারা। এতে বাহিনীর অন্তত তিন সদস্য আহত হয়েছেন। এ সময় বিএসএফের একটি গাড়ি ভাঙচুরের পাশাপাশি সদস্যদের আগ্নেয়াস্ত্র ছিনিয়ে নেওয়ারও চেষ্টা করা হয়। এ ঘটনায় তিন নারীসহ অন্তত নয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (০৪ নভেম্বর) ভারত ও বাংলাদেশ সীমান্তসংলগ্ন সিপাহীজলা জেলার আশাবাড়ি গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, গত সোমবার চোরাচালানের সন্দেহে বিএসএফ সদস্যরা গ্রামের এক ব্যক্তিকে আটক করে নির্যাতন করেন। কোনো সুনির্দিষ্ট তথ্যপ্রমাণ ছাড়াই তাঁকে মারধর করা হয়। এতে ওই ব্যক্তির পায়ের হাড় ভেঙে যায় এবং তিনি গুরুতর আহত হন। এ ঘটনার প্রতিবাদে গ্রামবাসী সড়ক অবরোধ করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

একপর্যায়ে বিএসএফের অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট পদমর্যাদার এক কর্মকর্তাসহ কয়েকজন সদস্য গাড়ি নিয়ে অবরোধস্থলে পৌঁছান। তখন ক্ষুব্ধ গ্রামবাসী লাঠিসোঁটা ও বাঁশ নিয়ে তাঁদের ওপর হামলা চালান। এতে অন্তত তিন বিএসএফ সদস্য আহত হন। একই সঙ্গে তাঁদের গাড়ি ভাঙচুর করা হয় এবং আগ্নেয়াস্ত্র ছিনিয়ে নেওয়ার চেষ্টা চলে।

পরে আহত সদস্যদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার পরপরই কালামচৌড়া থানার পুলিশ অভিযান চালিয়ে তিন নারীসহ নয়জনকে গ্রেপ্তার করে। তাঁদের আদালতে হাজির করে রিমান্ডের আবেদন জানিয়েছে পুলিশ। এ ঘটনায় জড়িত আরও অন্তত ১০ জনকে শনাক্ত করা হয়েছে। তাঁদের গ্রেপ্তারে অভিযান চলছে।

পরিস্থিতি পর্যবেক্ষণ ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে বিএসএফের ত্রিপুরা ফ্রন্টিয়ারের আইজি প্রিন্সি রানীসহ জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। স্থানীয় প্রশাসন জানিয়েছে, বর্তমানে আশাবাড়ি গ্রামের পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

এদিকে এ ঘটনাকে কেন্দ্র করে রাজ্যের রাজনৈতিক অঙ্গনেও প্রতিক্রিয়া দেখা দিয়েছে। ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা নিরাপত্তা বাহিনীর ওপর হামলার নিন্দা জানিয়ে দোষীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন।

অন্যদিকে বিরোধীদলীয় নেতা ও সিপিআইএম নেতা জীতেন্দ্র চৌধুরীও হামলার সমালোচনা করেছেন। তবে সীমান্ত এলাকায় অবৈধ চোরাচালানে জড়িত ব্যক্তিরা ক্ষমতাসীন দলের আশ্রয়-প্রশ্রয়ে এমন দুঃসাহস দেখাচ্ছে বলে অভিযোগ করেন তিনি। পুলিশ জানিয়েছে, উভয় পক্ষের অভিযোগ বিবেচনায় নিয়ে ঘটনার তদন্ত চলছে।

প্রবাহ বাংলা নেটওয়ার্ক