প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে বিরূপ মন্তব্য করায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামকে আইনি নোটিশ পাঠানো হয়েছে। এতে তাঁর দেওয়া বক্তব্য প্রত্যাহারের দাবি জানানো হয়েছে।
বৃহস্পতিবার (০৫ নভেম্বর) সুপ্রিম কোর্টের আইনজীবী মো. হাবিবুর রহমান নাহিদ ইসলামের কাছে এ নোটিশ পাঠান।
নোটিশে বলা হয়েছে, নাহিদ ইসলামের দেওয়া ‘চাঁদাবাজি ও লুটপাট করার জন্য তারেক রহমান এসেছেন, দেশ পরিচালনায় তার কোনো পরিকল্পনা নাই’ এ বক্তব্য আগামী ১০ দিনের মধ্যে প্রত্যাহার করতে হবে। অন্যথায় তাঁর বিরুদ্ধে ফৌজদারি কার্যবিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
নোটিশে উল্লেখ করা হয়, গত ৩০ অক্টোবর চ্যানেল ওয়ান ও চ্যানেল আইয়ে সন্ধ্যার পর প্রচারিত নাহিদ ইসলামের বক্তব্যটি আইনজীবী মো. হাবিবুর রহমানের দৃষ্টিগোচর হয়েছে। এ বক্তব্যে বিব্রত, ব্যথিত, মর্মাহত ও ক্ষুব্ধ হওয়ার কথা জানিয়ে তিনি বলেন, বক্তব্যটি অমার্জনীয়। রাজনৈতিক প্রতিপক্ষের প্রতি ঈর্ষাপরায়ণ হয়ে অবাস্তব ও কাল্পনিক মন্তব্যের মাধ্যমে নাহিদ ইসলাম নিজেকে ছোট ও অপরিপক্ব রাজনৈতিক ব্যক্তিত্ব এবং প্রজ্ঞাহীন ব্যক্তি হিসেবে তুলে ধরেছেন।
নোটিশে আরও বলা হয়, এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপের মতো গুরুত্বপূর্ণ পদে থাকা ব্যক্তির কাছ থেকে এমন অগ্রহণযোগ্য, কাল্পনিক, অজ্ঞতাপূর্ণ ও রাজনৈতিক অপ্রজ্ঞার পরিচায়ক বক্তব্য জাতি কখনো প্রত্যাশা করেনি। এ ধরনের মন্তব্যের জন্য জাতির কাছে ক্ষমা চাওয়ার আহ্বান জানানো হয়েছে।
নোটিশ পাওয়ার ১০ দিনের মধ্যে বক্তব্য প্রত্যাহার করে জবাব দিতে বলা হয়েছে। অন্যথায় ফৌজদারি কার্যবিধি অনুযায়ী যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে নোটিশে উল্লেখ করা হয়েছে।