চকরিয়ায় বাস-প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের ২ জন নিহত
কক্সবাজারের চকরিয়ায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে যাত্রীবাহী বাস ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন।
বুধবার (২৮ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে মহাসড়কের বানিয়ারছড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
চিরিংগা হাইওয়ে থানা পুলিশ জানায়, কক্সবাজারমুখী স্বাধীন ট্রাভেলসের একটি বাসের সঙ্গে চট্টগ্রামমুখী প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই প্রাইভেট কারে থাকা চট্টগ্রামের হালিশহর এলাকার বাসিন্দা ইসমত আরা (৫৫) ও ১০ বছর বয়সী শিশু আয়েশা মারা যায়। তাঁদের মূল গ্রামের বাড়ি চাঁদপুর জেলায়।
দুর্ঘটনায় প্রাইভেট কারের চালক আশিকুর রহমান (২৭) এবং নিহত ইসমত আরার ছেলে সম্রাট (৩০) মারাত্মক আহত হন। স্থানীয়রা তাঁদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
চিরিংগা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকিবুল ইসলাম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, দুর্ঘটনার পর বাস ও প্রাইভেট কারটি জব্দ করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।













