মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

ডেঙ্গুতে এক দিনে ১১ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজার ৭১ জন

অনলাইন ডেস্ক প্রকাশিত: মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬, ৪:৫৪ পিএম
ডেঙ্গুতে এক দিনে ১১ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজার ৭১ জন

দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ১১ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ২ হাজার ৭১ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

মঙ্গলবার (২৭ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত ডেঙ্গুবিষয়ক বুলেটিনে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছর ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪০০ জনে। এর মধ্যে অক্টোবর মাসেই মারা গেছেন ১৫৫ জন। এ ছাড়া সেপ্টেম্বরে ১৪৮ জন, আগস্টে ৪৩ জন, জুলাইয়ে ৩৬ জন, জুনে ১৩ জন, মে মাসে একজন এবং জানুয়ারি ও ফেব্রুয়ারিতে দুজন করে ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

বুলেটিনে বলা হয়েছে, সোমবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ২ হাজার ৭১ জন ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছরে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ২৮ হাজার ২৩৭ জনে। তাঁদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ২১ হাজার ৪২২ জন।

গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন ঢাকা বিভাগে, ৮৯৯ জন। এ ছাড়া খুলনায় ২৫০ জন, চট্টগ্রামে ২৪১ জন, রাজশাহীতে ২২৯ জন, বরিশালে ২১৭ জন, রংপুরে ১১২ জন এবং ময়মনসিংহে ৯৭ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

জাপানের প্রধানমন্ত্রীর মধ্যাহ্নভোজে তারেক রহমান

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬, ৪:৪৮ পিএম
জাপানের প্রধানমন্ত্রীর মধ্যাহ্নভোজে তারেক রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্মানে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আয়োজিত মধ্যাহ্নভোজে অংশ নিয়েছেন তিনি। এ সময় তাঁর স্ত্রী জুবাইদা রহমানও উপস্থিত ছিলেন।

মঙ্গলবার (২৭ অক্টোবর) স্থানীয় সময় দুপুরে জাপানের প্রধানমন্ত্রীর কার্যালয় কান্তেইতে এ মধ্যাহ্নভোজ অনুষ্ঠিত হয়। এর আগে দুই দেশের প্রধানমন্ত্রীর মধ্যে দ্বিপক্ষীয় শীর্ষ বৈঠক ও যৌথ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আমন্ত্রণে চার দিনের সরকারি সফরে বর্তমানে জাপানে রয়েছেন তারেক রহমান। মঙ্গলবার দুই দেশের নির্ধারিত শীর্ষ বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার, বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ এবং গুরুত্বপূর্ণ খাতে সহযোগিতা বাড়ানোর বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন দুই প্রধানমন্ত্রী। এ ছাড়া আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয়েও তাঁরা মতবিনিময় করেন।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

এর আগে জাপানের প্রধানমন্ত্রীর কার্যালয় কান্তেইতে তারেক রহমানকে স্বাগত জানান সানায়ে তাকাইচি। এ সময় জাপানের সশস্ত্র বাহিনীর একটি দল বাংলাদেশের প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার দেয়। দুই দেশের জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকতা শেষ হয়।

পরে দুই দেশের প্রধানমন্ত্রী নিজ নিজ প্রতিনিধিদলের সদস্যদের পরিচয় করিয়ে দেন। এরপর তাঁরা দ্বিপক্ষীয় শীর্ষ বৈঠকে বসেন।

সোমবার সকালে টোকিও পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান। নারিতা আন্তর্জাতিক বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান জাপানের পররাষ্ট্রবিষয়ক প্রতিমন্ত্রী ইয়াসুতাকা নাকাসোনে।

সফরকালে বাংলাদেশের প্রধানমন্ত্রী বাংলাদেশ-জাপান অর্থনৈতিক ফোরামে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন। পাশাপাশি জাপানের ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠক করার কর্মসূচিও রয়েছে তাঁর।

সফরের প্রথম দিন তারেক রহমান জাপানের সাবেক প্রধানমন্ত্রী তারো আসোর নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের সংসদীয় প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক করেন। এ ছাড়া মারুবেনি করপোরেশনের চেয়ারম্যান মাসুমি কাকিনোকি এবং জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থার (জাইকা) প্রেসিডেন্ট ড. আকিহিকো তানাকার সঙ্গেও পৃথক বৈঠক করেন তিনি।

২২ বছরে ‘ক্রসফায়ারে’ নিহত ২৯৫৭ জন, সবচেয়ে বেশি পুলিশের অভিযানে: আসক

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬, ৪:০৭ পিএম
২২ বছরে ‘ক্রসফায়ারে’ নিহত ২৯৫৭ জন, সবচেয়ে বেশি পুলিশের অভিযানে: আসক

২০০৪ সাল থেকে ২০২৬ সালের সেপ্টেম্বর পর্যন্ত দীর্ঘ ২২ বছরে দেশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে ‘ক্রসফায়ার’ ও ‘কথিত বন্দুকযুদ্ধে’ মোট ২ হাজার ৯৫৭ জন নিহত হয়েছেন। এর মধ্যে সবচেয়ে বেশি প্রাণহানি ঘটেছে পুলিশের অভিযানে, যা মোট মৃত্যুর প্রায় ৪৬ শতাংশ। মঙ্গলবার (২৭ অক্টোবর) মানবাধিকার সংস্থা ‘আইন ও সালিশ কেন্দ্র’ (আসক) প্রকাশিত এক পরিসংখ্যান থেকে এই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে।

আসকের বার্ষিক প্রতিবেদনভিত্তিক পরিসংখ্যান অনুযায়ী, আলোচিত সময়ে পুলিশের অভিযানে ১ হাজার ৩৭১ জন এবং দ্বিতীয় সর্বোচ্চ ১ হাজার ২০০ জন নিহত হয়েছেন র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) অভিযানে। এছাড়া পুলিশ ও র‍্যাবের যৌথ অভিযানে আরও ৬৯ জন প্রাণ হারিয়েছেন। অর্থাৎ কেবল পুলিশ, র‍্যাব এবং তাদের যৌথ অভিযানেই নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ৬৪০ জনে, যা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে মোট মৃত্যুর বড় অংশ। তবে আসকের প্রতিবেদন অনুযায়ী, ২০২৪ সালের পর থেকে পুলিশ কিংবা র‍্যাবের হাতে এ ধরনের কোনো প্রাণহানি নথিভুক্ত না হলেও অন্যান্য বাহিনীর অভিযানে তা একেবারে বন্ধ হয়নি। ২০২৪ সালে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) অভিযানে একজন, ২০২৫ সালে কোস্টগার্ডের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে একজন এবং ২০২৬ সালের সেপ্টেম্বর পর্যন্ত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে একজনের মৃত্যুর তথ্য নথিবদ্ধ করা হয়েছে।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, দীর্ঘ সময় ধরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানে এসব প্রাণহানির ঘটনা দেশের মানবাধিকার, জবাবদিহি ও বিচারপ্রক্রিয়া নিয়ে নানা প্রশ্নের জন্ম দিয়েছে। উল্লেখ্য, র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) বর্তমানে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে কার্যক্রম পরিচালনা করছে। মানবাধিকার সংগঠনটির মতে, এই দীর্ঘ পরিসংখ্যান আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানসংক্রান্ত প্রাণহানির সামগ্রিক চিত্র তুলে ধরার পাশাপাশি প্রতিটি ঘটনার স্বচ্ছ তদন্ত, জবাবদিহি এবং আইনের যথাযথ প্রয়োগ নিশ্চিত করার তাগিদ পুনর্ব্যক্ত করে।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

এইচএসসির ফল প্রকাশের তারিখ পরিবর্তন

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬, ৪:০০ পিএম
এইচএসসির ফল প্রকাশের তারিখ পরিবর্তন

চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফল প্রকাশের দিন পরিবর্তন করা হয়েছে। পূর্বনির্ধারিত ২৯ অক্টোবরের পরিবর্তে আগামী ৩১ অক্টোবর ফল প্রকাশ করা হবে।

মঙ্গলবার (২৭ অক্টোবর) শিক্ষা মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে ২৪ অক্টোবর বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামানের সই করা বিজ্ঞপ্তিতে ২৯ অক্টোবর ফল প্রকাশের কথা জানানো হয়েছিল। পাশাপাশি ২৬ অক্টোবর ফল প্রকাশের সময়, পদ্ধতি ও ফল জানার উপায় সম্পর্কে আরেকটি বিজ্ঞপ্তি প্রকাশের কথা ছিল। তবে নির্ধারিত দিনে সেটি প্রকাশ করা হয়নি।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

সোমবার (২৬ অক্টোবর) থেকেই ফল প্রকাশ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়। ফল প্রকাশের প্রস্তুতি সম্পন্ন হলেও এ বিষয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের অনুমোদন নেওয়া সম্ভব হয়নি।

এ বিষয়ে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকার চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান বলেন, ‘৩১ অক্টোবরে এইচএসসির ফল প্রকাশিত হবে বলে জেনেছি। কিন্তু এখনো আমি কোনো সুনির্দিষ্ট তথ্য পাইনি। শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা পেলে ফলাফল প্রকাশের ব্যাপারে বিস্তারিত জানিয়ে বিজ্ঞপ্তি জারি করা হবে।’

অন্যদিকে, শিক্ষা মন্ত্রণালয়ের নাম প্রকাশে অনিচ্ছুক একটি সূত্র জানায়, অনিবার্য কারণে ফল প্রকাশের তারিখ পিছিয়ে দেওয়া হয়েছে। ২৯ অক্টোবর ফল প্রকাশ করা হবে না। ৩১ অক্টোবর রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে ফল প্রকাশ উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

প্রচলিত নিয়ম অনুযায়ী, সকাল ১০টা থেকে দুপুর ১২টার মধ্যে সংবাদ সম্মেলনের মাধ্যমে শিক্ষামন্ত্রী পরীক্ষার ফল ঘোষণা করেন।

চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছিল ২ জুলাই। লিখিত পরীক্ষা শেষ হয় ৮ আগস্ট। তবে বন্যার কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের কয়েকটি বিষয়ের পরীক্ষা পিছিয়ে যায়। পরে স্থগিত পরীক্ষাগুলো অনুষ্ঠিত হলে ওই বোর্ডের লিখিত পরীক্ষা শেষ হয় ৯ সেপ্টেম্বর।

এবার দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে ৯ হাজার ৪৩৯টি শিক্ষাপ্রতিষ্ঠানের মোট ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন শিক্ষার্থী এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশ নেন।

 

প্রবাহ বাংলা নেটওয়ার্ক