দেশে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু
দেশে হামের প্রাদুর্ভাব অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু হয়েছে। এই নিয়ে প্রাদুর্ভাব শুরুর পর থেকে এ পর্যন্ত হাম এবং এর সমজাতীয় উপসর্গে দেশে মোট ১ হাজার ২৩৩ জন শিশুর প্রাণহানি ঘটল।
একই সময়ে নতুন করে আরও ১ হাজার ৪৬৬ শিশুর দেহে হাম এবং হামের উপসর্গ শনাক্ত হয়েছে। সোমবার (২৬ অক্টোবর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণ কক্ষ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২৪ ঘণ্টায় পরীক্ষার মাধ্যমে ৭৮ শিশুর শরীরে হামের উপস্থিতি নিশ্চিত হওয়া গেছে। পাশাপাশি হামের উপসর্গ নিয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছে আরও ১ হাজার ৩৮৮ জন শিশু।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, চলতি বছরের ১৫ মার্চ থেকে ২৬ অক্টোবর পর্যন্ত সময়ে দেশে হামের উপসর্গ নিয়ে ১ হাজার ১২৯ শিশু এবং ল্যাব পরীক্ষায় হাম শনাক্ত হওয়া ১০৪ শিশু মারা গেছে।
বর্তমানে দেশে হামে আক্রান্ত সন্দেহভাজন রোগীর মোট সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ২২ হাজার ৫৫২ জনে। এর মধ্যে ল্যাব পরীক্ষায় ২৩ হাজার ৪৭৮ জনের শরীরে হাম শনাক্ত করা হয়েছে। এ পর্যন্ত ১ লাখ ৯৭ হাজার ৯৯৯ জন শিশু হাসপাতালে চিকিৎসা নিয়েছে, যার মধ্যে ১ লাখ ৯০ হাজার ৩৬ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছে।










