মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

ফ্লাইট বিপর্যয়ে আকামার মেয়াদ শেষ হওয়া প্রবাসীরা পুনরায় সৌদি যেতে পারবেন: প্রবাসী কল্যাণ মন্ত্রী

অনলাইন ডেস্ক প্রকাশিত: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ১১:২৭ পিএম
ফ্লাইট বিপর্যয়ে আকামার মেয়াদ শেষ হওয়া প্রবাসীরা পুনরায় সৌদি যেতে পারবেন: প্রবাসী কল্যাণ মন্ত্রী

ফ্লাইট বিপর্যয় বা উদ্ভূত বিভিন্ন পরিস্থিতিতে নির্ধারিত সময়ে পৌঁছাতে না পেরে আকামার মেয়াদ শেষ হওয়া বাংলাদেশি কর্মীরা পুনরায় সৌদি আরবে প্রবেশের সুযোগ পাবেন বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। উপযুক্ত প্রক্রিয়ায় পরবর্তীতে তাঁরা যেতে পারলে ইলেকট্রনিক সিস্টেমে স্বয়ংক্রিয়ভাবেই তাঁদের এন্ট্রি সম্পন্ন হবে বলে আশ্বস্ত করেন তিনি। সোমবার (২৬ অক্টোবর) দুপুরে রাজধানীর নিউ ইস্কাটন রোডস্থ বিয়াম ফাউন্ডেশন অডিটরিয়ামে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।

সভায় রিক্রুটিং এজেন্সিগুলোর প্রতি কড়া হুঁশিয়ারি উচ্চারণ করে মন্ত্রী বলেন, সরকার ও রিক্রুটিং এজেন্সিগুলোর সমন্বিত কাজের মাধ্যমে জনশক্তি রপ্তানির কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জিত হতে পারে। অভিবাসন ব্যয় যৌক্তিক পর্যায়ে নামিয়ে আনার ওপর জোর দিয়ে তিনি উল্লেখ করেন, ৩ লাখ টাকার পরিবর্তে ৭ থেকে ৮ লাখ টাকা আদায় করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। বিদেশ গিয়ে সেই টাকা তুলতেই যেন কর্মীদের পুরো সময় পার হয়ে না যায়, সে বিষয়ে এজেন্সিগুলোকে অতিরিক্ত অর্থ আদায় থেকে বিরত থেকে সততার সঙ্গে ব্যবসা পরিচালনার আহ্বান জানান তিনি।

প্রবাসীদের সুবিধার্থে সরকারের নেওয়া বিভিন্ন আধুনিক পদক্ষেপের কথা তুলে ধরে মন্ত্রী জানান, মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা শুরুর বিষয়ে দ্রুতই আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে এবং সরকারি ঘোষণার আগে দালাল বা মধ্যস্বত্বভোগীদের ওপর ভরসা না করার পরামর্শ দেওয়া হয়েছে। এছাড়া ভিসার বৈধতা দ্রুত যাচাই করতে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোতে (বিএমইটি) আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং অভিযোগ গ্রহণের জন্য একটি উন্মুক্ত ই-মেইল সেবাও চালু করা হচ্ছে।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নুরুল হক সৌদি আরবে কারাবন্দি বাংলাদেশিদের আসন্ন রমজানে বিশেষ ক্ষমার আওতায় আনার জন্য সে দেশের সরকারের প্রতি উদাত্ত আহ্বান জানান। গেস্ট অব অনার হিসেবে উপস্থিত থেকে বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ জাফর এইচ বিন আবিয়া বলেন, সৌদি নাগরিকদের পরেই দেশটিতে সবচেয়ে বেশি অবস্থান করছেন বাংলাদেশি কর্মীরা, এবং আগামী দিনে দুই দেশের এই সুসম্পর্ক শ্রম খাতে আরও জোরদার হবে। মন্ত্রণালয়ের সচিব মো. মোখতার আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিএমইটি, ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড ও বোয়েসেলের শীর্ষ কর্মকর্তাসহ বিভিন্ন রিক্রুটিং এজেন্সির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

জ্বালানি খাতে বাংলাদেশকে ৫০ বিলিয়ন ইয়েন ঋণ দেবে জাপান

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬, ১:৫৬ পিএম
জ্বালানি খাতে বাংলাদেশকে ৫০ বিলিয়ন ইয়েন ঋণ দেবে জাপান

বাংলাদেশের জ্বালানি খাতে সহায়তা দিতে ৫০ বিলিয়ন ইয়েন ঋণ দেওয়ার ঘোষণা দিয়েছে জাপান। প্রধানমন্ত্রী তারেক রহমান ও জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির দ্বিপক্ষীয় বৈঠকে দুই দেশের সম্পর্ক আরও জোরদার করা এবং পারস্পরিক সহযোগিতা বাড়ানোর বিষয়টি গুরুত্ব পায়।

মঙ্গলবার (২৭ অক্টোবর) স্থানীয় সময় বেলা ১১টা ৪৫ মিনিটে, বাংলাদেশ সময় সকাল ৮টা ৪৫ মিনিটে টোকিওতে জাপানের প্রধানমন্ত্রীর কার্যালয় কান্তেইয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠক শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান আলোচনা ফলপ্রসূ হয়েছে বলে জানান। তিনি বলেন, দুই দেশের সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার সুযোগ তৈরি হয়েছে। এ সময় বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে জাপানি ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান তিনি।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি বলেন, বাংলাদেশের প্রতি জাপানের গভীর সমর্থন রয়েছে। একই সঙ্গে বঙ্গোপসাগরকেন্দ্রিক সম্পর্ক আরও জোরদার করতে আগ্রহী টোকিও।

এর আগে প্রধানমন্ত্রী তারেক রহমানকে আনুষ্ঠানিকভাবে অভ্যর্থনা জানানো হয় এবং তাঁকে গার্ড অব অনার দেওয়া হয়। পরে দুই দেশের প্রধানমন্ত্রীর নেতৃত্বে দ্বিপক্ষীয় শীর্ষ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশের পক্ষে উচ্চপর্যায়ের একটি প্রতিনিধিদল অংশ নেয়।

সৌদি আরব ছাড়তে মার্কিন নাগরিকদের নতুন নির্দেশ

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬, ১:৫২ পিএম
সৌদি আরব ছাড়তে মার্কিন নাগরিকদের নতুন নির্দেশ

সৌদি আরবে অবস্থানরত নিজেদের নাগরিকদের নিরাপত্তা নিয়ে নতুন করে সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্র। নিরাপত্তাঝুঁকি বিবেচনায় দেশটিতে কর্মরত অপ্রয়োজনীয় মার্কিন সরকারি কর্মকর্তা ও তাঁদের পরিবারের সদস্যদের সৌদি আরব ছাড়ার পরামর্শ দিয়েছে রিয়াদে অবস্থিত মার্কিন দূতাবাস।

গত ২৩ অক্টোবর যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর প্রথম এ বিষয়ে নির্দেশনা জারি করে। এর ধারাবাহিকতায় আবারও নাগরিকদের সতর্ক করল দূতাবাস।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে দূতাবাস জানায়, ইরান-সমর্থিত হুতি গোষ্ঠীর সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার প্রেক্ষাপটে সৌদি আরবের যেকোনো বিমানবন্দর ব্যবহারের আগে মার্কিন সরকারি কর্মীদের মিশনপ্রধানের বিশেষ অনুমতি নিতে হবে।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

বিবৃতিতে আরও জানানো হয়, দেশটির বিমানবন্দরগুলো লক্ষ্য করে নতুন করে হামলা হতে পারে। পাশাপাশি আকাশসীমা বন্ধ হয়ে যাওয়া, ফ্লাইট বাতিল এবং যাতায়াতে বিঘ্ন ঘটার আশঙ্কাও রয়েছে।

এসব ঝুঁকি বিবেচনায় সৌদি আরবে অবস্থানরত মার্কিন নাগরিকদের সতর্ক থাকার পাশাপাশি ভ্রমণ পরিস্থিতির পরিবর্তন সম্পর্কে নিয়মিত খোঁজখবর রাখার পরামর্শ দেওয়া হয়েছে।

অনলাইন টিকিটের কালোবাজারি ঠেকানো কঠিন: রেলমন্ত্রী

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬, ১১:৩৭ এম
অনলাইন টিকিটের কালোবাজারি ঠেকানো কঠিন: রেলমন্ত্রী

অনলাইনে ট্রেনের টিকিট কিনে অন্যের কাছে বেশি দামে বিক্রি করা ঠেকানো কঠিন বলে জানিয়েছেন সড়ক, রেল ও নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম। টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণে জড়িত ব্যক্তিদের শনাক্ত করা এবং অনলাইন ব্যবস্থায় নতুন প্রযুক্তিগত পদক্ষেপ যুক্ত করার সম্ভাবনা খতিয়ে দেখা হচ্ছে বলে জানান তিনি।

সোমবার (২৬ অক্টোবর) রাতে রাজধানীর কমলাপুর রেলস্টেশনে মহানগর এক্সপ্রেসের যাত্রাপথ কক্সবাজার পর্যন্ত সম্প্রসারণের উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন।

শেখ রবিউল আলম বলেন, অনলাইনে টিকিট বিক্রি শুরুর সময় একসঙ্গে লাখ লাখ মানুষ টিকিট কেনার চেষ্টা করেন। এতে ব্যবস্থার ওপর ব্যাপক চাপ তৈরি হয়, ফলে অনেক সাধারণ যাত্রী টিকিট পাওয়া থেকে বঞ্চিত হন।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

তিনি জানান, ঈদের সময় প্রতিদিন ৩২ হাজার টিকিটের বিপরীতে ৩৬ থেকে ৩৭ লাখ মানুষ টিকিট কেনার চেষ্টা করেন। এত বিপুলসংখ্যক মানুষের চাহিদার তুলনায় টিকিটের সংখ্যা সীমিত হওয়ায় সংকট তৈরি হয়।

রেলমন্ত্রী বলেন, একজন যাত্রী অনলাইনে সর্বোচ্চ চারটি টিকিট কিনতে পারেন। আবার ১০ জন মিলে টিকিট কিনলে তাঁদের কাছে মোট ৪০টি টিকিট থাকতে পারে। পরে এসব টিকিট বেশি দামে বিক্রির প্রবণতা দেখা যায়। অনলাইনে কেনা টিকিট অন্যের কাছে হস্তান্তর করে বিক্রি ঠেকানো কঠিন হয়ে পড়ছে।

টিকিট বিক্রির প্রক্রিয়া নিয়ে ওঠা অভিযোগ প্রসঙ্গে মন্ত্রী বলেন, অনলাইনে আগে প্রবেশ করলে আগে টিকিট কেনার সুযোগ পাওয়া যায়। অভিযোগের ভিত্তিতে তদন্ত করেও টিকিট বিক্রির প্রক্রিয়ায় অনিয়মের সত্যতা পাওয়া যায়নি। তবে বর্তমান ব্যবস্থাকে পুরোপুরি ত্রুটিমুক্ত বলছেন না তিনি।

রেলমন্ত্রী জানান, টিকিট বিক্রির ব্যবস্থায় থাকা ত্রুটিগুলো পর্যায়ক্রমে দূর করার চেষ্টা চলছে। একই সঙ্গে কালোবাজারি নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট ব্যক্তিদের শনাক্ত করা এবং সফটওয়্যারে নতুন ব্যবস্থা যুক্ত করার বিষয়েও কাজ করা হচ্ছে।

প্রবাহ বাংলা নেটওয়ার্ক