বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩

জাপানের প্রধানমন্ত্রীর মধ্যাহ্নভোজে তারেক রহমান

অনলাইন ডেস্ক প্রকাশিত: মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬, ৪:৪৮ পিএম
জাপানের প্রধানমন্ত্রীর মধ্যাহ্নভোজে তারেক রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্মানে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আয়োজিত মধ্যাহ্নভোজে অংশ নিয়েছেন তিনি। এ সময় তাঁর স্ত্রী জুবাইদা রহমানও উপস্থিত ছিলেন।

মঙ্গলবার (২৭ অক্টোবর) স্থানীয় সময় দুপুরে জাপানের প্রধানমন্ত্রীর কার্যালয় কান্তেইতে এ মধ্যাহ্নভোজ অনুষ্ঠিত হয়। এর আগে দুই দেশের প্রধানমন্ত্রীর মধ্যে দ্বিপক্ষীয় শীর্ষ বৈঠক ও যৌথ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আমন্ত্রণে চার দিনের সরকারি সফরে বর্তমানে জাপানে রয়েছেন তারেক রহমান। মঙ্গলবার দুই দেশের নির্ধারিত শীর্ষ বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার, বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ এবং গুরুত্বপূর্ণ খাতে সহযোগিতা বাড়ানোর বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন দুই প্রধানমন্ত্রী। এ ছাড়া আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয়েও তাঁরা মতবিনিময় করেন।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

এর আগে জাপানের প্রধানমন্ত্রীর কার্যালয় কান্তেইতে তারেক রহমানকে স্বাগত জানান সানায়ে তাকাইচি। এ সময় জাপানের সশস্ত্র বাহিনীর একটি দল বাংলাদেশের প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার দেয়। দুই দেশের জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকতা শেষ হয়।

পরে দুই দেশের প্রধানমন্ত্রী নিজ নিজ প্রতিনিধিদলের সদস্যদের পরিচয় করিয়ে দেন। এরপর তাঁরা দ্বিপক্ষীয় শীর্ষ বৈঠকে বসেন।

সোমবার সকালে টোকিও পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান। নারিতা আন্তর্জাতিক বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান জাপানের পররাষ্ট্রবিষয়ক প্রতিমন্ত্রী ইয়াসুতাকা নাকাসোনে।

সফরকালে বাংলাদেশের প্রধানমন্ত্রী বাংলাদেশ-জাপান অর্থনৈতিক ফোরামে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন। পাশাপাশি জাপানের ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠক করার কর্মসূচিও রয়েছে তাঁর।

সফরের প্রথম দিন তারেক রহমান জাপানের সাবেক প্রধানমন্ত্রী তারো আসোর নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের সংসদীয় প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক করেন। এ ছাড়া মারুবেনি করপোরেশনের চেয়ারম্যান মাসুমি কাকিনোকি এবং জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থার (জাইকা) প্রেসিডেন্ট ড. আকিহিকো তানাকার সঙ্গেও পৃথক বৈঠক করেন তিনি।

বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে তরুণীর অনশন

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬, ৮:৫৫ পিএম
বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে তরুণীর অনশন

পাবনার চাটমোহরে বিয়ের দাবিতে কথিত প্রেমিকের বাড়িতে অবস্থান নিয়েছেন এক তরুণী। গত সোমবার রাত থেকে উপজেলার ডিবিগ্রাম ইউনিয়নের হোগলবাড়িয়া দক্ষিণপাড়া গ্রামের ওসামার বাড়িতে এই ঘটনা ঘটে। অবস্থান নেওয়া তরুণী হালিমা খাতুন একই গ্রামের বাসিন্দা।

হালিমা খাতুনের দাবি, ওসামার সঙ্গে তাঁর দীর্ঘ পাঁচ বছরের প্রেমের সম্পর্ক রয়েছে। এই সময়ের মধ্যে বিয়ের আশ্বাসে তাঁদের মধ্যে শারীরিক সম্পর্ক গড়ে ওঠে এবং তিনি একপর্যায়ে অন্তঃসত্ত্বা হয়ে পড়লে গর্ভপাত করতে বাধ্য হন। প্রেমিকের পরিবার এই সম্পর্ক মেনে না নেওয়ায় তিনি বাধ্য হয়ে এই অবস্থান কর্মসূচি নিয়েছেন।

তিনি আরও জানান, এর আগেও তিনি তিনবার বিয়ের দাবিতে ওই বাড়িতে গিয়েছেন এবং এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। বিয়ে না হওয়া পর্যন্ত বাড়ি থেকে নড়বেন না বলেও হুঁশিয়ারি দেন তিনি।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

হালিমার ভাবি রেবেকা বলেন, দীর্ঘদিন ধরেই তাঁদের মধ্যে সম্পর্ক ছিল। এর আগে হালিমা বাড়িতে গেলে তাঁকে ওমরাহ হজ করানোর একটি শর্ত দেওয়া হয়েছিল, যা পালনও করা হয়। কিন্তু এরপরও দুই পরিবারের মধ্যে কোনো সুরাহা হয়নি।

এদিকে হালিমার এসব অভিযোগ অস্বীকার করে ওসামার বাবা আরিফ বিল্লাহ বলেন, তাঁর ছেলেকে ফাঁসানোর জন্য এটি একটি পরিকল্পিত ঘটনা। কল রেকর্ডের কণ্ঠস্বরও ওসামার নয় বলে দাবি করেন তিনি। ওসামার বড় ভাই নাসিম জানান, এর আগে হালিমা বাড়িতে এসে একটি ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিয়েছিলেন।

চাটমোহর থানার পরিদর্শক (তদন্ত) লালবুর রহমান জানান, এ বিষয়ে তাঁর কাছে বিস্তারিত তথ্য নেই।

 

হামে আরও দুই শিশুর মৃত্যু, আক্রান্ত ১,৪১২

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬, ৮:৫২ পিএম
হামে আরও দুই শিশুর মৃত্যু, আক্রান্ত ১,৪১২

গত ২৪ ঘণ্টায় সারা দেশে হামের উপসর্গ নিয়ে দুইজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে সন্দেহজনক ও নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৪১২ জন।

বুধবার (২৮ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে বুধবার পর্যন্ত হাম ও এর উপসর্গ নিয়ে মোট ১ হাজার ২৪২ জনের মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে নিশ্চিত হামে ১০৫ জন এবং হামের উপসর্গ নিয়ে ১ হাজার ১৩৭ জন মারা গেছেন।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ঢাকা ও সিলেট বিভাগে একজন করে মারা গেছেন।

একই সময়ে নতুন করে ৯০ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। এ নিয়ে চলতি বছরে নিশ্চিতভাবে হাম আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৩ হাজার ৬৩১ জনে।

এ ছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে ১ হাজার ৩২২ জনের শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে। ফলে এ বছর মোট সন্দেহভাজন রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ২ লাখ ২৫ হাজার ১০৬ জন।

 

১৩ দিনের নবজাতক রেখে প্রবাসীর স্ত্রীর আত্মহত্যা

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬, ৮:৫০ পিএম
১৩ দিনের নবজাতক রেখে প্রবাসীর স্ত্রীর আত্মহত্যা

মাত্র ১৩ দিনের এক নবজাতক ও তিন বছরের অপর এক সন্তানকে রেখে সুইটি আক্তার (২২) নামের এক প্রবাসীর স্ত্রী গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। স্বামী-স্ত্রীর মধ্যকার পারিবারিক কলহের জেরে এই মর্মান্তিক ঘটনা ঘটে।

বুধবার (২৮ অক্টোবর) ভোররাতে চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার দক্ষিণ ইউনিয়নের হর্নি দুর্গাপুর গ্রামের মোস্তফা রাঢ়ীর বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত সুইটি আক্তারের স্বামী মোহাম্মদ হোসেন দীর্ঘদিন ধরে কাতার প্রবাসী।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, সদ্য জন্ম নেওয়া নবজাতককে নিয়ে সুইটি আক্তার নিজ বাবার বাড়িতে অবস্থান করছিলেন। ঘটনার দিন রাতে প্রবাসী স্বামী মোহাম্মদ হোসেনের সঙ্গে মুঠোফোনে তাঁর কথা কাটাকাটি হয়। পরিবারের ধারণা, ওই কথাকাটাকাটির জেরে অভিমান ও মানসিক অবসাদ থেকে রাতের কোনো এক সময়ে বসতঘরের সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে তিনি আত্মহত্যা করেন। ভোরে পরিবারের লোকজন তাঁর ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

খবর পেয়ে ফরিদগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মো. আবু হানিফ সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করেন। পরে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে ময়নাতদন্তের জন্য চাঁদপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।

ঘটনার বিষয়ে প্রবাসী স্বামী মোহাম্মদ হোসেনের পরিবার জানায়, সুইটির কোলজুড়ে ছোট সন্তান থাকায় তিনি বাবার বাড়িতে ছিলেন। তবে ঠিক কী কারণে তিনি এই পথ বেছে নিলেন, সে বিষয়ে তাঁরা সুনির্দিষ্ট কিছু বলতে পারছেন না। ঘটনার পর থেকে নিহতের ভাই বিল্লাল হোসেনসহ পরিবারের অন্যান্য সদস্যরা শোকাহত থাকায় এ বিষয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলেননি।

এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. এরশাদ উল্লা বলেন, খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। প্রাথমিক তদন্তে এটি আত্মহত্যা বলেই প্রতীয়মান হচ্ছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে এবং ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ছাড়া আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

 

প্রবাহ বাংলা নেটওয়ার্ক