সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩

ইসলামকে বিজয়ী করেই বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা সম্ভব: মামুনুল হক

আহমাদুল কবির মালয়েশিয়া প্রকাশিত: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ১২:৪৩ পিএম
ইসলামকে বিজয়ী করেই বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা সম্ভব: মামুনুল হক

বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর মাওলানা মামুনুল হক বলেছেন, শুধু স্লোগান দিয়ে বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা সম্ভব নয়। এজন্য সমাজে ন্যায়বিচার, সাম্য ও ইনসাফ প্রতিষ্ঠা করতে হবে। ইসলামের ন্যায়বিচার, সাম্য ও সৌন্দর্য প্রতিষ্ঠিত হলেই মানুষ এর সুফল ভোগ করতে পারবে। ইসলামকে বিজয়ী করার মাধ্যমেই বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা সম্ভব।

রোববার (২৫ অক্টোবর) বিকেলে মালয়েশিয়ার কেলাংয়ে লেমবাগা গেটওয়ে আসলি হলরুমে বাংলাদেশ খেলাফত মজলিসের মালয়েশিয়া শাখা আয়োজিত সিরাত সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মাওলানা মামুনুল হক বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ২৩ বছরের নবুয়তি জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ শিক্ষা হলো দ্বীনের শিক্ষা ও দাওয়াতের পাশাপাশি ন্যায়বিচার প্রতিষ্ঠা। মক্কায় দীর্ঘ ১৩ বছর নির্যাতন সহ্য করেও তিনি দাওয়াতের কাজ চালিয়ে গেছেন। পরবর্তী সময়ে মদিনায় ইসলামী সমাজ প্রতিষ্ঠার মাধ্যমে মানুষের অধিকার, মর্যাদা ও স্বাধীনতা নিশ্চিত করার দৃষ্টান্ত স্থাপন করেছেন।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

তিনি বলেন, পৃথিবী থেকে সব ধরনের বৈষম্য ও অবিচার দূর করে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠা করা নবী-রাসুলদের আগমনের অন্যতম উদ্দেশ্য। তাই যেখানেই জুলুম ও বৈষম্য দেখা দেবে, সেখানেই এর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। জালিমকে সহযোগিতা করার অর্থ তার জুলুম বন্ধ করা, আর মজলুমকে সহযোগিতা করার অর্থ তার অধিকার রক্ষায় পাশে দাঁড়ানো।

২০২৪ সালের গণ-অভ্যুত্থানের প্রসঙ্গ তুলে ধরে বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর বলেন, বৈষম্যহীন বাংলাদেশের প্রত্যাশায় বহু মানুষ জীবন দিয়েছেন। অসংখ্য পরিবার হারিয়েছে তাদের সন্তান। এই আত্মত্যাগের লক্ষ্য বাস্তবায়নে শুধু বৈষম্যহীনতার স্লোগান যথেষ্ট নয়; প্রয়োজন ন্যায়বিচার ও ইনসাফভিত্তিক সমাজব্যবস্থা প্রতিষ্ঠা।
বাংলাদেশের ইতিহাসে আধিপত্যবাদের বিরুদ্ধে সংগ্রামের প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন, হাজী শরীয়তুল্লাহ, তিতুমীর ও মাওলানা কারামত আলী জৌনপুরীর (রহ.) মতো ব্যক্তিত্বরা অন্যায় ও আধিপত্যবাদের বিরুদ্ধে সংগ্রাম করেছেন। সেই ঐতিহাসিক ধারাবাহিকতায় ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

প্রবাসী বাংলাদেশিদের ভূমিকার ওপর গুরুত্বারোপ করে মামুনুল হক বলেন, দেশের অর্থনীতি ও জাতীয় অগ্রগতিতে প্রবাসীদের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। ২০২৪ সালের গণ-অভ্যুত্থানের সময়ও প্রবাসীরা বিভিন্নভাবে ভূমিকা রেখেছেন। প্রবাসীদের সংগঠিত শক্তি ও সম্মিলিত উদ্যোগ দেশের পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
তিনি মালয়েশিয়ায় অবস্থানরত বাংলাদেশিদের বাংলাদেশ খেলাফত মজলিসের পতাকাতলে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। একই সঙ্গে সংগঠনের সদস্য হয়ে নিয়মতান্ত্রিকভাবে কার্যক্রম পরিচালনা এবং দেশে ও প্রবাসে সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী করতে সম্মিলিত উদ্যোগ নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।

বাংলাদেশ খেলাফত মজলিস মালয়েশিয়া শাখার সভাপতি মুফতি তাকী উল্লাহর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাওলানা হাবিবুর রহমান কাউসারের সঞ্চালনায় সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ, সংসদ সদস্য মুফতি মুহাম্মাদুল্লাহ এবং কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা মুহাম্মদ ফয়সল।

সম্মেলনে মালয়েশিয়ার বিভিন্ন প্রদেশ থেকে বাংলাদেশ খেলাফত মজলিসের নেতাকর্মী ও প্রবাসী বাংলাদেশিরা অংশগ্রহণ করেন।

বিশ্বের দূষিত শহরের তালিকায় পঞ্চম ঢাকা

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ১:৪৫ পিএম
বিশ্বের দূষিত শহরের তালিকায় পঞ্চম ঢাকা

রাজধানী ঢাকা বায়ুদূষণের দিক থেকে বিশ্বের ১২৬টি শহরের মধ্যে পঞ্চম অবস্থানে রয়েছে। সোমবার (২৬ অক্টোবর) শহরটির বায়ুমান সূচক ছিল ১৬৯, যা ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত।

সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউএয়ারের সূচক থেকে এ তথ্য জানা গেছে।

আইকিউএয়ারের তথ্য অনুযায়ী, বিশ্বের দূষিত শহরের তালিকায় ২০৩ স্কোর নিয়ে শীর্ষে রয়েছে ভারতের দিল্লি। ১৯৭ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে আছে পাকিস্তানের লাহোর। পাকিস্তানের আরেক শহর করাচি ১৮৩ স্কোর নিয়ে তৃতীয় এবং ভিয়েতনামের হ্যানয় ১৭২ স্কোর নিয়ে চতুর্থ স্থানে রয়েছে। ১৬৯ স্কোর নিয়ে পঞ্চম অবস্থানে আছে বাংলাদেশের রাজধানী ঢাকা।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, বায়ুমান সূচক শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বাতাসের মান ‘ভালো’ হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ স্কোর হলে বায়ুর মান ‘মাঝারি বা সহনীয়’ ধরা হয়। ১০১ থেকে ১৫০ স্কোর হলে তা ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়।

অন্যদিকে, ১৫১ থেকে ২০০ স্কোরের বায়ুমান ‘অস্বাস্থ্যকর’ এবং ২০১ থেকে ৩০০ স্কোর ‘খুবই অস্বাস্থ্যকর’ হিসেবে গণ্য করা হয়। সূচক ৩০১ ছাড়িয়ে গেলে বাতাসের মানকে ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে বিবেচনা করা হয়।

বাংলাদেশে বায়ুমান সূচক নির্ধারণ করা হয় পাঁচ ধরনের দূষণকারী উপাদানের ভিত্তিতে। এগুলো হলো বস্তুকণা পিএম১০ ও পিএম২.৫, নাইট্রোজেন ডাই-অক্সাইড, কার্বন মনোক্সাইড, সালফার ডাই-অক্সাইড এবং ওজোন।

২০১৯ সালের মার্চে পরিবেশ অধিদপ্তর ও বিশ্বব্যাংকের এক প্রতিবেদনে ঢাকার বায়ুদূষণের তিনটি প্রধান উৎস চিহ্নিত করা হয়। এগুলো হলো ইটভাটা, যানবাহনের ধোঁয়া এবং নির্মাণকাজের ধুলাবালি।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, বায়ুদূষণের কারণে স্ট্রোক, হৃদরোগ, দীর্ঘস্থায়ী ফুসফুসের রোগ, ফুসফুসের ক্যানসার এবং তীব্র শ্বাসতন্ত্রের সংক্রমণে মৃত্যুর ঝুঁকি বাড়ে। বিশ্বজুড়ে এসব কারণে প্রতিবছর আনুমানিক ৭০ লাখ মানুষের মৃত্যু হয়।

 

মেয়ের বটির কোপে প্রাণ গেল বৃদ্ধ মায়ের

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ১:৪৩ পিএম
মেয়ের বটির কোপে প্রাণ গেল বৃদ্ধ মায়ের

ফেনীর দাগনভূঞায় বটি দিয়ে কুপিয়ে নিজের ৭৫ বছর বয়সী মাকে হত্যা করেছেন মানসিকভাবে অসুস্থ বলে পরিচিত মেয়ে রিনা আক্তার রানু (৩৮)। রোববার (২৫ অক্টোবর) রাতে উপজেলার পূর্ব চন্দ্রপুর মডেল ইউনিয়নের পূর্ব চন্দ্রপুর গ্রামের বাদশা মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত সেতারা বেগম ওই গ্রামের মৃত হোসেন আহমেদের স্ত্রী।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, কয়েক দিন ধরে রানু আক্তার অস্বাভাবিক আচরণ করছিলেন। সম্প্রতি তিনি তাঁর স্বামীকেও মারধর করেন। এরপর পরিবারের সদস্যরা চিকিৎসার জন্য কিছুদিন আগে তাঁকে বাবার বাড়িতে নিয়ে আসেন। সেখানে তাঁর মানসিক সমস্যাসহ অন্যান্য রোগের চিকিৎসা চলছিল।

রোববার রাতে হঠাৎ রানু ঘরের অন্য সদস্যদের একটি কক্ষে আটকে রেখে ধারালো বটি দিয়ে তাঁর মাকে এলোপাতাড়ি কোপাতে থাকেন। এতে ঘটনাস্থলেই সেতারা বেগমের মৃত্যু হয়। এরপর বটি হাতে নিয়ে রানু ঘরের এক কক্ষ থেকে অন্য কক্ষে ছোটাছুটি করতে থাকেন এবং ভেতর থেকে দরজা বন্ধ করে রাখেন।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

খবর পেয়ে দাগনভূঞা থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছায়। দীর্ঘক্ষণ চেষ্টার পর বসতঘরের লোহার দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে পুলিশ সেতারা বেগমের মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় রানুকে আটক করা হয়েছে।

দাগনভূঞা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফয়জুল আজীম নোমান বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মেয়েটির মানসিক সমস্যা থাকতে পারে বলে মনে হয়েছে। তাঁকে আটক করা হয়েছে।

 

যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে মালয়েশিয়ায় প্রস্তুতি সভা

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ১২:৫০ পিএম
যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে মালয়েশিয়ায় প্রস্তুতি সভা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে মালয়েশিয়া যুবদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার ২৫ অক্টোবর কুয়ালালামপুরের একটি হোটেলে আয়োজিত এ সভায় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের প্রস্তুতি ও নবগঠিত কমিটির পরিচিতি পর্ব অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন যুবদল কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মুজাহিদুল ইসলাম মুরাদ। এতে সভাপতিত্ব করেন মালয়েশিয়া যুবদলের সভাপতি মো. জসিম উদ্দিন। সভা সঞ্চালনা করেন সংগঠনটির সহসভাপতি পদমর্যাদার প্রচার সম্পাদক বাদল কারার।

সভায় কেন্দ্রীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী যথাযথভাবে উদযাপনের আগ্রহ প্রকাশ করেন নেতারা। পাশাপাশি সংগঠনের অভ্যন্তরীণ বিষয় ও মতপার্থক্য দলীয় ফোরামে আলোচনার মাধ্যমে সমাধানের ওপর গুরুত্বারোপ করা হয়।
নেতারা সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করা এবং পারস্পরিক সমন্বয়ের মাধ্যমে দলীয় কর্মসূচি বাস্তবায়নের বিষয়ে মতামত তুলে ধরেন।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

সভা শেষে নবগঠিত কমিটির নেতৃবৃন্দ সভাপতি মো. জসিম উদ্দিন ও মো. রমজান আলীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

প্রবাহ বাংলা নেটওয়ার্ক