মার্কিন ভিসা নিয়ে বিশাল দুঃসংবাদ
যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউসে প্রেসিডেন্ট হিসেবে ফেরার পর অভিবাসন নীতি আরও কঠোর করেছেন ডোনাল্ড ট্রাম্প। এবার তার লক্ষ্যভূমি হয়েছে এইচ-ওয়ান বি ভিসা। ট্রাম্প প্রশাসন ঘোষণা করেছে, এ ভিসার বাৎসরিক ফি ১ হাজার ৫০০ ডলার থেকে এক লাফে ১ লাখ ডলারে উন্নীত হবে। বাংলাদেশি মুদ্রায় এটি প্রায় ১ কোটি ২০ লাখ টাকা।
মার্কিন বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লুটনিক শুক্রবার এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, “বড় কোম্পানিগুলো প্রতি বছর লাখ লাখ বিদেশি কর্মী যুক্তরাষ্ট্রে আনছে। এই ভিসা ফি বৃদ্ধির মাধ্যমে আমরা বলছি—দক্ষ কর্মী চাইলে মার্কিন বিশ্ববিদ্যালয় ও প্রশিক্ষিতদের নিয়োগ করুন।”
এইচ-ওয়ান বি ভিসা কর্মসূচি মূলত বিজ্ঞান, তথ্যপ্রযুক্তি, প্রকৌশল ও ব্যবসায় দক্ষ বিদেশি কর্মীদের জন্য। ২০০৪ সালে চালু হওয়া এই ভিসা বছরে ৮৫ হাজার বিদেশি কর্মীকে যুক্তরাষ্ট্রে কাজ করার সুযোগ দেয়। অ্যামাজন, মাইক্রোসফট, মেটা, অ্যাপল, গুগল প্রভৃতি কোম্পানিগুলো এই ভিসার প্রধান ব্যবহারকারী।
পরিসংখ্যান বলছে, ২০০০ সালে যুক্তরাষ্ট্রে যত বিদেশি স্টেম ওয়ার্কার ছিলেন, সেই সংখ্যা এই ভিসা কর্মসূচি চালুর পর ২৫ লাখ বেড়েছে। ২০০০-২০১৯ সালের মধ্যে বিদেশি বিজ্ঞান ও প্রযুক্তিকর্মীদের হার বেড়েছে ৪৪.৫ শতাংশ। এই কর্মীদের মধ্যে অধিকাংশই ভারত ও চীনের।












