চকবাজারের আগুন ছড়িয়েছে আরেকটি ভবনে, নিয়ন্ত্রণে ৯ ইউনিট
রাজধানীর পুরান ঢাকার চকবাজারে একটি সাততলা ভবনে লাগা আগুন ছড়িয়ে পড়েছে পাশের আরেকটি ভবনেও। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট কাজ করছে।
সোমবার (১২ অক্টোবর) বিকেল ৫টা ৪ মিনিটে চকবাজারের ‘মনজুর খান প্লাজা’ ভবনের ষষ্ঠ তলায় আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ জানান, খবর পাওয়ার পর প্রথমে পাঁচটি ইউনিট আগুন নেভানোর কাজ শুরু করে। তবে ভবনের ভেতরে প্রচুর ধোঁয়া থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয় ফায়ার ফাইটারদের।
প্রাথমিকভাবে আগুন কিছুটা নিয়ন্ত্রণে এলেও পরে তা পাশের আরেকটি ভবনে ছড়িয়ে পড়ে। পরিস্থিতি মোকাবিলায় বর্তমানে মোট নয়টি ইউনিট কাজ করছে।
এ ঘটনায় তাৎক্ষণিকভাবে আগুনের সূত্রপাত, ক্ষয়ক্ষতির পরিমাণ কিংবা হতাহতের বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি।









