কৃষি, মৎস্য, ওষুধশিল্প, পর্যটন ও ক্ষুদ্র-মাঝারি শিল্পে সহযোগিতা সম্প্রসারণের উদ্যোগ
বাংলাদেশ-সাবাহ সহযোগিতা জোরদারে ধারাবাহিক বৈঠক
বাংলাদেশ ও মালয়েশিয়ার সাবাহ রাজ্যের মধ্যে দ্বিপক্ষীয় সহযোগিতা, বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক জোরদারে ধারাবাহিক বৈঠক করেছে বাংলাদেশ হাইকমিশনের একটি প্রতিনিধি দল। এসব বৈঠকে কৃষি, খাদ্য নিরাপত্তা, মৎস্য, ওষুধশিল্প, পর্যটন, শিক্ষা এবং ক্ষুদ্র ও মাঝারি শিল্পসহ বিভিন্ন খাতে সহযোগিতা সম্প্রসারণের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়েছে।

বৃহস্পতিবার (৮ অক্টোবর), বাংলাদেশ হাইকমিশনের ডেপুটি হাইকমিশনারের নেতৃত্বে প্রতিনিধি দলটি সাবাহ রাজ্যের রাজ্য সচিব, মুখ্যমন্ত্রীর সহকারী মন্ত্রী ওয়াইবি দাতুক সিজার ম্যান্ডেলা মালাকুন, সাবাহর কৃষি, মৎস্য ও খাদ্যশিল্প মন্ত্রণালয়ের উপস্থায়ী সচিব এবং সাবাহ ফার্মাসিউটিক্যাল সোসাইটির প্রধানের সঙ্গে পৃথক বৈঠক করে।
বৈঠকে কৃষি ও খাদ্য নিরাপত্তা খাতে সহযোগিতার বিষয়ে বিশেষ গুরুত্ব দেওয়া হয়। এর মধ্যে উচ্চফলনশীল ধানের জাত উৎপাদন, কৃষি প্রযুক্তি ও অভিজ্ঞতা বিনিময়, মৎস্য চাষ, জলজ সম্পদ ব্যবস্থাপনা, গভীর সমুদ্রে মাছ ধরা এবং সমুদ্রভিত্তিক অর্থনীতি বা ব্লু ইকোনমিতে যৌথভাবে কাজ করার সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।

ধান উৎপাদনে বাংলাদেশের অর্জিত অভিজ্ঞতা ও প্রযুক্তি সাবাহ রাজ্যে কাজে লাগানোর পাশাপাশি সংশ্লিষ্ট খাতে যৌথ উদ্যোগ, দক্ষতা উন্নয়ন এবং প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধির বিষয়েও মতবিনিময় করেন দুই পক্ষের প্রতিনিধিরা।
সাবাহতে বাংলাদেশি ব্যবসায়ী, পেশাজীবী, শিক্ষাবিদ ও পর্যটকদের যাতায়াত সহজ করার বিষয়টিও বৈঠকে গুরুত্ব পায়। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মধ্যে সমন্বয় ও সহযোগিতা বাড়ানোর ওপর জোর দেওয়া হয়। পাশাপাশি দুই অঞ্চলের ব্যবসায়ী সম্প্রদায় ও ব্যবসায়ী সংগঠনগুলোর মধ্যে যোগাযোগ স্থাপন, ব্যবসায়িক প্রতিনিধিদল বিনিময় এবং বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণের সম্ভাবনা নিয়েও আলোচনা হয়।

শিক্ষা, একাডেমিক বিনিময়, দক্ষতা উন্নয়ন ও পর্যটন খাতে সহযোগিতার নতুন সুযোগ তৈরির পাশাপাশি দুই অঞ্চলের জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধির বিষয়েও গুরুত্বারোপ করা হয়।
ওষুধশিল্পেও বাংলাদেশ ও সাবাহর মধ্যে সহযোগিতা সম্প্রসারণের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়েছে। এ খাতে ওষুধ উৎপাদন, প্রযুক্তি ও দক্ষতা বিনিময় এবং বাণিজ্যিক ও প্রাতিষ্ঠানিক অংশীদারত্ব বাড়ানোর বিষয়ে মতবিনিময় করেন সংশ্লিষ্ট প্রতিনিধিরা।
এদিকে, বাংলাদেশ হাইকমিশনের প্রতিনিধি দল সাবাহ ক্ষুদ্র ও মাঝারি শিল্প সমিতির প্রতিনিধিদের সঙ্গেও বৈঠক করেছে। এতে বাংলাদেশের ক্ষুদ্র ও মাঝারি শিল্প ফাউন্ডেশন এবং সাবাহ ক্ষুদ্র ও মাঝারি শিল্প সমিতির মধ্যে প্রাতিষ্ঠানিক যোগাযোগ স্থাপন ও সহযোগিতা সম্প্রসারণের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।
বৈঠকে উদ্যোক্তা উন্নয়ন, অভিজ্ঞতা ও সর্বোত্তম ব্যবসায়িক চর্চা বিনিময়, সক্ষমতা বৃদ্ধি, ব্যবসায়িক প্রতিনিধিদল বিনিময় এবং যৌথ উদ্যোগ গ্রহণের বিষয়ে গুরুত্ব দেওয়া হয়। উভয় পক্ষ আশা প্রকাশ করে, এ ধরনের সহযোগিতা দুই অঞ্চলের ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক জোরদার এবং নতুন ব্যবসায়িক সুযোগ সৃষ্টিতে ভূমিকা রাখবে।
উল্লেখ্য, সাবাহ রাজ্যের গভর্নর তুন দাতুক সেরি পাঙ্গলিমা (ড.) মুসা বিন হাজি আমান এবং রাজ্যের মুখ্যমন্ত্রী দাতুক সেরি পাঙ্গলিমা হাজি হাজিজি বিন নুরের সঙ্গে গত আগস্টে বাংলাদেশের হাইকমিশনারের বৈঠক অনুষ্ঠিত হয়। সেই বৈঠকের ধারাবাহিকতায় বাংলাদেশ ও সাবাহর মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারের লক্ষ্যে এসব আলোচনা অনুষ্ঠিত হয়েছে।













