সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

মালয়েশিয়ার সারওয়াকে প্রবাসীদের দোরগোড়ায় হাইকমিশনের সেবা

আহমাদুল কবির মালয়েশিয়া প্রকাশিত: সোমবার, ১২ অক্টোবর, ২০২৬, ১০:৪৮ এম
মালয়েশিয়ার সারওয়াকে প্রবাসীদের দোরগোড়ায় হাইকমিশনের সেবা

মালয়েশিয়ার দ্বীপাঞ্চলীয় রাজ্য সারওয়াকে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের দোরগোড়ায় পাসপোর্টসহ প্রয়োজনীয় কনস্যুলার সেবা পৌঁছে দিয়েছে বাংলাদেশ হাইকমিশন। দূরবর্তী এ রাজ্যে বসবাসরত বাংলাদেশিদের ভোগান্তি কমাতে ১০ ও ১১ অক্টোবর দুই দিনব্যাপী মোবাইল কনস্যুলার ক্যাম্প পরিচালনা করা হয়।

হাইকমিশনের পাসপোর্ট ও ভিসা শাখার প্রধান প্রথম সচিব ইয়াসিন কবিরের নেতৃত্বে একটি প্রতিনিধিদল সারওয়াকের কুচিংয়ে এ ক্যাম্প পরিচালনা করেন। এ সময় ই-পাসপোর্টের আবেদন গ্রহণ, আঙুলের ছাপসহ প্রয়োজনীয় জৈবিক তথ্য সংগ্রহ, পাসপোর্ট বিতরণ এবং প্রবাসীদের বিভিন্ন সমস্যা নিয়ে পরামর্শ ও আইনি সহায়তা দেওয়া হয়।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

হাইকমিশন সূত্রে জানা গেছে, প্রবাসীদের ভোগান্তি কমানো এবং মালয়েশিয়ার প্রত্যন্ত অঞ্চলে বসবাসরত বাংলাদেশিদের হাতের নাগালে সরকারি সেবা পৌঁছে দেওয়ার নিয়মিত উদ্যোগের অংশ হিসেবে এ ক্যাম্পের আয়োজন করা হয়। এর ফলে সারওয়াকে কর্মরত বাংলাদেশিদের প্রয়োজনীয় কনস্যুলার সেবা নিতে কুয়ালালামপুরে যাতায়াতের সময়, অর্থ ও ভোগান্তি কমেছে।

বোর্নিও দ্বীপের উত্তর-পশ্চিমাঞ্চলে অবস্থিত সারওয়াক আয়তনের দিক থেকে মালয়েশিয়ার বৃহত্তম রাজ্য। ঘন বনাঞ্চল, সমৃদ্ধ জীববৈচিত্র্য ও বৈচিত্র্যময় আদিবাসী সংস্কৃতির জন্য পরিচিত এ রাজ্য ‘ধনেশ পাখির দেশ’ নামেও পরিচিত।

বর্তমানে সারওয়াকে চার হাজারের বেশি বাংলাদেশি প্রবাসী কর্মী বসবাস করছেন। মালয়েশিয়ার অন্যান্য অঞ্চলের তুলনায় সেখানে বাংলাদেশিদের সংখ্যা কম হলেও নির্মাণ ও কৃষি খাতে তাঁদের উল্লেখযোগ্য উপস্থিতি রয়েছে। রাজ্যের বিভিন্ন নির্মাণ প্রকল্প, কৃষি ও বাগানশিল্পে কাজ করে জীবিকা নির্বাহ করছেন এসব কর্মী।

সারওয়াকে বাংলাদেশি কর্মীদের কর্মসংস্থানের সুযোগ বাড়ানোর সম্ভাবনাও তৈরি হয়েছে। ২০২৬ সালের এপ্রিল মাসে মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনারের সঙ্গে সারওয়াকের প্রিমিয়ারের এক উচ্চপর্যায়ের বৈঠকে বাংলাদেশ থেকে আরও কর্মী নেওয়ার বিষয়ে নীতিগত আগ্রহ প্রকাশ করে রাজ্য সরকার।

বিশেষ করে রাজ্যের উন্নয়ন প্রকল্প ও নির্মাণ খাতের শ্রমিকসংকট মোকাবিলায় বাংলাদেশ থেকে দক্ষ ও সাধারণ কর্মী নিয়োগের প্রক্রিয়া সহজ করার বিষয়ে আলোচনা চলছে। এ লক্ষ্যে দুই পক্ষের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরের বিষয়টিও আলোচনায় রয়েছে।

সমঝোতা স্মারক স্বাক্ষর ও নিয়োগপ্রক্রিয়া চূড়ান্ত হলে সারওয়াকে বাংলাদেশি কর্মীদের জন্য নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হতে পারে। তবে এ বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত বা নিয়োগের নির্দিষ্ট সময়সূচি ঘোষণা করা হয়নি।

মালয়েশিয়ার বিভিন্ন রাজ্যে মোবাইল কনস্যুলার ক্যাম্প পরিচালনার মাধ্যমে প্রবাসীদের পাসপোর্টসংক্রান্ত সেবা সহজ করা, প্রয়োজনীয় পরামর্শ দেওয়া এবং বিভিন্ন সমস্যা সমাধানে সহায়তা করছে বাংলাদেশ হাইকমিশন। বিশেষ করে কুয়ালালামপুর থেকে দূরে কর্মরত বাংলাদেশিদের জন্য এ ধরনের উদ্যোগ সময় ও অর্থ সাশ্রয়ের পাশাপাশি জরুরি সেবা পাওয়ার সুযোগ বাড়াচ্ছে।

সারওয়াকে এ সেবা প্রদান প্রবাসীদের সঙ্গে বাংলাদেশের হাইকমিশনের যোগাযোগ আরও সুদৃঢ় করার পাশাপাশি রাজ্যটিতে ভবিষ্যতে বাংলাদেশি কর্মীদের কর্মসংস্থানের সম্ভাবনা কাজে লাগানোর ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

শারদীয় দুর্গাপূজায় টানা ৫ দিন বন্ধ থাকবে ব্যাংক

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ১২ অক্টোবর, ২০২৬, ১১:৩১ পিএম
শারদীয় দুর্গাপূজায় টানা ৫ দিন বন্ধ থাকবে ব্যাংক

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দেশের সব তফসিলি ব্যাংকে আগামী ২০ থেকে ২২ অক্টোবর পর্যন্ত টানা তিন দিন ছুটি ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। এর পরদিন শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় পূজায় টানা ৫ দিন ব্যাংক বন্ধ থাকছে।

তবে পূজার এই দীর্ঘ ছুটির ক্ষতি পোষাতে আগামী ১৭ অক্টোবর (শনিবার) সাপ্তাহিক ছুটির দিন হলেও দেশের সব তফসিলি ব্যাংক খোলা রাখা হবে।

রোববার রাতে বাংলাদেশ ব্যাংকের সুপারভাইজরি ডেটা অ্যানালিটিকস বিভাগ (এসডিএডি) এ সংক্রান্ত এক নির্দেশনামূলক সার্কুলার জারি করে।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

সার্কুলারে জানানো হয়, সরকারের সার্বিক নির্দেশনার আলোকে ২০ থেকে ২২ অক্টোবর (মঙ্গলবার, বুধবার ও বৃহস্পতিবার) সব ব্যাংক বন্ধ থাকবে। তবে বিশেষ পরিস্থিতিতে আমদানি-রপ্তানি বাণিজ্য সচল রাখতে সমুদ্র, স্থল ও বিমানবন্দর এলাকার ব্যাংকিং বুথ ও শাখাগুলো স্থানীয় প্রশাসন এবং কাস্টমস কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে সীমিত পরিসরে চালু রাখা যাবে।

ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ধারায় অর্পিত ক্ষমতাবলে জনস্বার্থে এ নির্দেশনা জারি করেছে কেন্দ্রীয় ব্যাংক।

চকবাজারের আগুন ছড়িয়েছে আরেকটি ভবনে, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ১২ অক্টোবর, ২০২৬, ১১:২৯ পিএম
চকবাজারের আগুন ছড়িয়েছে আরেকটি ভবনে, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

রাজধানীর পুরান ঢাকার চকবাজারে একটি সাততলা ভবনে লাগা আগুন ছড়িয়ে পড়েছে পাশের আরেকটি ভবনেও। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট কাজ করছে।

সোমবার (১২ অক্টোবর) বিকেল ৫টা ৪ মিনিটে চকবাজারের ‘মনজুর খান প্লাজা’ ভবনের ষষ্ঠ তলায় আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ জানান, খবর পাওয়ার পর প্রথমে পাঁচটি ইউনিট আগুন নেভানোর কাজ শুরু করে। তবে ভবনের ভেতরে প্রচুর ধোঁয়া থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয় ফায়ার ফাইটারদের।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

প্রাথমিকভাবে আগুন কিছুটা নিয়ন্ত্রণে এলেও পরে তা পাশের আরেকটি ভবনে ছড়িয়ে পড়ে। পরিস্থিতি মোকাবিলায় বর্তমানে মোট নয়টি ইউনিট কাজ করছে।

এ ঘটনায় তাৎক্ষণিকভাবে আগুনের সূত্রপাত, ক্ষয়ক্ষতির পরিমাণ কিংবা হতাহতের বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি।

দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভ-সমাবেশে নিষেধাজ্ঞা, নতুন ৩ স্থান নির্ধারণ

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ১২ অক্টোবর, ২০২৬, ৭:৪৯ পিএম
দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভ-সমাবেশে নিষেধাজ্ঞা, নতুন ৩ স্থান নির্ধারণ

ভারতের রাজধানী নয়াদিল্লির যন্তর মন্তরে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচির ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এলাকাটিকে বিক্ষোভ ও এরূপ কর্মসূচির তালিকা থেকে বাদ দিয়ে নতুন তিনটি স্থান নির্ধারণ করেছে দিল্লি পুলিশ। খবর, এনডিটিভির।

সোমবার (১২ অক্টোবর) এক প্রতিবেদনে জানানো হয় এ তথ্য।

এতে বলা হয়— রাজধানী দিল্লিতে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচির জন্য নতুন করে তিনটি স্থান নির্ধারণ করা হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন একটি কমিটির সুপারিশের ভিত্তিতে এসব স্থান চূড়ান্ত করা হয়েছে।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

এতদিন বিক্ষোভের নির্ধারিত স্থান হিসেবে ব্যবহৃত হয়ে আসা দিল্লির কেন্দ্রস্থলে উচ্চ নিরাপত্তাবেষ্টিত এলাকা যন্তর মন্তরে আর বিক্ষোভ করা যাবে না। নতুন তিনটি স্থান হলো রামলীলা ময়দান, বুরারি ময়দান এবং পূর্ব দিল্লির সিবিডি ময়দান।

মূলত ভোট চুরি বন্ধ, ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) স্থগিত এবং প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে দিল্লির কেন্দ্রস্থলে বিরোধী জোট ‘ইন্ডিয়া’ ও ককরোচ জনতা পার্টির (সিজেপি) বিক্ষোভের মধ্যেই এলো এমন সিদ্ধান্ত।

 

প্রবাহ বাংলা নেটওয়ার্ক