মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

যুক্তরাষ্ট্রে গুলি করে দুই শিশু ও অন্তঃসত্ত্বাসহ ৮ জনকে হত্যা

অনলাইন ডেস্ক প্রকাশিত: রবিবার, ১১ অক্টোবর, ২০২৬, ১১:৪২ পিএম
যুক্তরাষ্ট্রে গুলি করে দুই শিশু ও অন্তঃসত্ত্বাসহ ৮ জনকে হত্যা

ভয়ংকর এক বন্দুক হামলার ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায়। এক বাড়িতে দুই শিশু ও আট মাসের অন্তঃসত্ত্বা এক নারীসহ আটজন একসঙ্গে গুলি করে মেরে ফেলেছেন এক ব্যক্তি। এরপর নিজেও হাতে থাকা সেই বন্দুকের গুলিতেই করেছেন আত্মহত্যা।

স্থানীয় সময় শুক্রবার (৯ অক্টোবর) পেনসিলভেনিয়ার এরি শহরে ভয়াবহ এ বন্দুক হামলাটি ঘটে। খবর বিবিসির

এরি শহরের পুলিশপ্রধান রিক লোরাহ বলেন, ২৮ বছরেরও বেশি কর্মজীবনে আমি এমন কিছু কখনও দেখিনি। এমন ভয়ংকর ধ্বংসযজ্ঞ ও প্রাণহানি এরি শহর এর আগে কখনো দেখেছে কি না, তা নিয়ে আমি সন্দিহান।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

ঘটনা বর্ণনা করতে গিয়ে তিনি জানান, স্থানীয় সময় শুক্রবার রাতে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছানোর পর বাড়ির বাইরে দুই নারীকে মৃত অবস্থায় পায় পুলিশ।

লোরাহ জানান, বাড়ির ভেতরে বন্দুকধারীর পাশাপাশি অন্য ভুক্তভোগীদের মৃতদেহ পাওয়া যায়। নিহতদের মধ্যে একজন ছাড়া বাকি সবাই একে অপরের আত্মীয় ছিলেন।

লোরাহ বলেন, ঘটনার কারণ এখনো জানা যায়নি, তবে এর পেছনে ‘মানসিক স্বাস্থ্যের বিষয় জড়িত থাকতে পারে’।

শনিবার এক সংবাদ সম্মেলনে এরির পুলিশপ্রধান জানান, তদন্তকারীরা ভিডিও ফুটেজ পর্যালোচনা করেছেন। এতে দেখা যায়, বাড়ির বাইরে নিহত ৫১ ও ৩৭ বছর বয়সী দুই নারী সেখানে পৌঁছান এবং প্রতিবেশীদের কাছে সাহায্য চাওয়ার চেষ্টা করেন। নিহতদের একজন ওই পরিবারের আত্মীয় (বৈবাহিক সূত্রে) এবং অন্যজন পারিবারিক বন্ধু ছিলেন।

লোরাহ জানান, ফুটেজে অস্পষ্ট গুলির শব্দ শোনা যায় এবং এরপর বন্দুকধারীকে বেরিয়ে এসে ওই দুই নারীকে গুলি করতে দেখা যায়। এরপর পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং ভেতর থেকে কোনো সাড়া না পেয়ে বাড়িতে প্রবেশ করে।

বাড়ির নিচতলায় পাঁচ ও এক বছর বয়সী দুই শিশু ভুক্তভোগীর মৃতদেহ পাওয়া যায়। দ্বিতীয় তলায় ও সিঁড়ির কাছে ২৪ ও ৪৪ বছর বয়সী দুই নারী এবং ১৯ ও ২১ বছর বয়সী দুই পুরুষের মৃতদেহ পাওয়া যায়; সেখানে বন্দুকধারীর মৃতদেহও ছিল। নিহতদের মধ্যে একজন আট মাসের অন্তঃসত্ত্বা ছিলেন।

রিক লোরাহর ভাষায়, ‘কিছু দৃশ্য ঘটনাস্থল ছাড়ার অনেক পরেও মানুষের মনে গেঁথে থাকে। এটি তেমনই একটি দৃশ্য।’

এদিকে ভয়াবহ এ ঘটনায় বার্তা দিয়েছেন পেনসিলভানিয়ার গভর্নর জশ শাপিরোও। তিনি বলেন, গত রাতে এরিতে ঘটা মর্মান্তিক বন্দুক হামলার ঘটনায়, যেখানে আমাদের পেনসিলভানিয়ার নয়জন বাসিন্দা প্রাণ হারিয়েছেন, আমি আমার প্রশাসনের পক্ষ থেকে পূর্ণ সহায়তার প্রতিশ্রুতি দিয়েছি। এই পরিবারের জন্য আমার হৃদয় ভেঙে যাচ্ছে।

শারদীয় দুর্গাপূজায় টানা ৫ দিন বন্ধ থাকবে ব্যাংক

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ১২ অক্টোবর, ২০২৬, ১১:৩১ পিএম
শারদীয় দুর্গাপূজায় টানা ৫ দিন বন্ধ থাকবে ব্যাংক

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দেশের সব তফসিলি ব্যাংকে আগামী ২০ থেকে ২২ অক্টোবর পর্যন্ত টানা তিন দিন ছুটি ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। এর পরদিন শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় পূজায় টানা ৫ দিন ব্যাংক বন্ধ থাকছে।

তবে পূজার এই দীর্ঘ ছুটির ক্ষতি পোষাতে আগামী ১৭ অক্টোবর (শনিবার) সাপ্তাহিক ছুটির দিন হলেও দেশের সব তফসিলি ব্যাংক খোলা রাখা হবে।

রোববার রাতে বাংলাদেশ ব্যাংকের সুপারভাইজরি ডেটা অ্যানালিটিকস বিভাগ (এসডিএডি) এ সংক্রান্ত এক নির্দেশনামূলক সার্কুলার জারি করে।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

সার্কুলারে জানানো হয়, সরকারের সার্বিক নির্দেশনার আলোকে ২০ থেকে ২২ অক্টোবর (মঙ্গলবার, বুধবার ও বৃহস্পতিবার) সব ব্যাংক বন্ধ থাকবে। তবে বিশেষ পরিস্থিতিতে আমদানি-রপ্তানি বাণিজ্য সচল রাখতে সমুদ্র, স্থল ও বিমানবন্দর এলাকার ব্যাংকিং বুথ ও শাখাগুলো স্থানীয় প্রশাসন এবং কাস্টমস কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে সীমিত পরিসরে চালু রাখা যাবে।

ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ধারায় অর্পিত ক্ষমতাবলে জনস্বার্থে এ নির্দেশনা জারি করেছে কেন্দ্রীয় ব্যাংক।

চকবাজারের আগুন ছড়িয়েছে আরেকটি ভবনে, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ১২ অক্টোবর, ২০২৬, ১১:২৯ পিএম
চকবাজারের আগুন ছড়িয়েছে আরেকটি ভবনে, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

রাজধানীর পুরান ঢাকার চকবাজারে একটি সাততলা ভবনে লাগা আগুন ছড়িয়ে পড়েছে পাশের আরেকটি ভবনেও। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট কাজ করছে।

সোমবার (১২ অক্টোবর) বিকেল ৫টা ৪ মিনিটে চকবাজারের ‘মনজুর খান প্লাজা’ ভবনের ষষ্ঠ তলায় আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ জানান, খবর পাওয়ার পর প্রথমে পাঁচটি ইউনিট আগুন নেভানোর কাজ শুরু করে। তবে ভবনের ভেতরে প্রচুর ধোঁয়া থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয় ফায়ার ফাইটারদের।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

প্রাথমিকভাবে আগুন কিছুটা নিয়ন্ত্রণে এলেও পরে তা পাশের আরেকটি ভবনে ছড়িয়ে পড়ে। পরিস্থিতি মোকাবিলায় বর্তমানে মোট নয়টি ইউনিট কাজ করছে।

এ ঘটনায় তাৎক্ষণিকভাবে আগুনের সূত্রপাত, ক্ষয়ক্ষতির পরিমাণ কিংবা হতাহতের বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি।

দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভ-সমাবেশে নিষেধাজ্ঞা, নতুন ৩ স্থান নির্ধারণ

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ১২ অক্টোবর, ২০২৬, ৭:৪৯ পিএম
দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভ-সমাবেশে নিষেধাজ্ঞা, নতুন ৩ স্থান নির্ধারণ

ভারতের রাজধানী নয়াদিল্লির যন্তর মন্তরে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচির ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এলাকাটিকে বিক্ষোভ ও এরূপ কর্মসূচির তালিকা থেকে বাদ দিয়ে নতুন তিনটি স্থান নির্ধারণ করেছে দিল্লি পুলিশ। খবর, এনডিটিভির।

সোমবার (১২ অক্টোবর) এক প্রতিবেদনে জানানো হয় এ তথ্য।

এতে বলা হয়— রাজধানী দিল্লিতে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচির জন্য নতুন করে তিনটি স্থান নির্ধারণ করা হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন একটি কমিটির সুপারিশের ভিত্তিতে এসব স্থান চূড়ান্ত করা হয়েছে।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

এতদিন বিক্ষোভের নির্ধারিত স্থান হিসেবে ব্যবহৃত হয়ে আসা দিল্লির কেন্দ্রস্থলে উচ্চ নিরাপত্তাবেষ্টিত এলাকা যন্তর মন্তরে আর বিক্ষোভ করা যাবে না। নতুন তিনটি স্থান হলো রামলীলা ময়দান, বুরারি ময়দান এবং পূর্ব দিল্লির সিবিডি ময়দান।

মূলত ভোট চুরি বন্ধ, ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) স্থগিত এবং প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে দিল্লির কেন্দ্রস্থলে বিরোধী জোট ‘ইন্ডিয়া’ ও ককরোচ জনতা পার্টির (সিজেপি) বিক্ষোভের মধ্যেই এলো এমন সিদ্ধান্ত।

 

প্রবাহ বাংলা নেটওয়ার্ক