‘ফ্রান্স দখলের চেষ্টা করছে মুসলিমরা’, শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে ট্রাম্প
ফ্রান্সে শিক্ষকসংকট, শিক্ষাপ্রতিষ্ঠানের অব্যবস্থাপনা ও শিক্ষা খাতে অর্থায়ন কমানোর পরিকল্পনার বিরুদ্ধে শিক্ষার্থীদের আন্দোলনকে ভিন্নভাবে ব্যাখ্যা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর দাবি, ব্যাপক অভিবাসনের সুযোগ নিয়ে মুসলিমরা ফ্রান্স দখলের চেষ্টা করছে। মঙ্গলবার (৬ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।
ফ্রান্সে টানা দুই সপ্তাহ ধরে চলা শিক্ষার্থীদের আন্দোলন মঙ্গলবার আরও জোরালো হয়। দেশটির বিভিন্ন শহরে প্রায় দুই হাজার স্কুলে অবরোধ কর্মসূচি পালন করেন আন্দোলনকারীরা। শ্রেণিকক্ষে পর্যাপ্ত শিক্ষক নিশ্চিত করা, স্কুলের অবকাঠামোগত সমস্যা সমাধান এবং শিক্ষা খাতে বাজেট কমানোর পরিকল্পনা বাতিলের দাবিতে এ আন্দোলন করছেন তাঁরা।
ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে ট্রাম্প বলেন, ফ্রান্সে যা ঘটছে, তা ব্যাপক ও নিয়ন্ত্রণহীন অভিবাসনের ফল। এটি স্কুল বা শিক্ষার্থীদের আন্দোলনের বিষয় নয়; বরং ইসলামের বিষয়, যা একসময়ের মহান ফ্রান্সকে দখলের চেষ্টা করছে বলে দাবি করেন তিনি।
তবে শিক্ষার্থীদের আন্দোলনের পেছনে শিক্ষকসংকট, স্কুলের অব্যবস্থাপনা ও শিক্ষা খাতে অর্থায়ন কমানোর পরিকল্পনার মতো বিষয়গুলো রয়েছে। ট্রাম্পের মন্তব্যে এসব দাবির পরিবর্তে অভিবাসন ও ধর্মীয় পরিচয়কে প্রাধান্য দেওয়া হয়েছে।
এদিকে আন্দোলন ছড়িয়ে পড়ার পর পরিস্থিতি সামাল দিতে উদ্যোগ নিয়েছে ফরাসি সরকার। দেশটির প্রধানমন্ত্রী সেবাস্তিয়ান লেকুরমু শিক্ষার্থীদের দাবিগুলো পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে মন্ত্রীদের নির্দেশ দিয়েছেন।
আন্দোলনকারীদের অন্যতম দাবি, শ্রেণিকক্ষে অনুপস্থিত শিক্ষকদের পরিবর্তে পর্যাপ্ত শিক্ষক নিয়োগ দিতে হবে। পাশাপাশি সকাল ৮টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দীর্ঘ সময় ক্লাস চালানোর বিষয়টি পুনর্বিবেচনা এবং দুপুরের খাবারের বিরতিতে শিক্ষার্থীদের আরও সময় দেওয়ার দাবি জানিয়েছেন তাঁরা।
এ ছাড়া পুরোনো ও জরাজীর্ণ স্কুল ভবন পরিদর্শন করে প্রয়োজনীয় সংস্কারের উদ্যোগ নেওয়ার দাবি তুলেছেন শিক্ষার্থীরা। শিক্ষা খাতে বাজেট কমানোর সরকারি পরিকল্পনা বাতিল করাও তাঁদের অন্যতম প্রধান দাবি।
শিক্ষার্থীদের এসব দাবির পরিপ্রেক্ষিতে ফরাসি সরকার কী পদক্ষেপ নেয়, এখন সেদিকেই নজর রয়েছে। অন্যদিকে আন্দোলনকে কেন্দ্র করে ট্রাম্পের অভিবাসন ও ইসলামবিষয়ক মন্তব্য নতুন বিতর্কের জন্ম দিয়েছে।














