মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩

অনিয়মিত অভিবাসন এড়িয়ে আইন মেনে চলার আহ্বান

মালয়েশিয়ায় দূরত্ব ঘুচিয়ে প্রবাসীদের কাছে হাইকমিশন মিলেছে নানা কনস্যুলার সেবা

আহমাদুল কবির মালয়েশিয়া প্রকাশিত: সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৫৪ পিএম
মালয়েশিয়ায় দূরত্ব ঘুচিয়ে প্রবাসীদের কাছে হাইকমিশন মিলেছে নানা কনস্যুলার সেবা

প্রবাসী বাংলাদেশিদের দোরগোড়ায় পাসপোর্ট ও কনস্যুলার সেবা পৌঁছে দিতে মালয়েশিয়ার কুয়ানতানে বিশেষ কনস্যুলার ক্যাম্প পরিচালনা করেছে কুয়ালালামপুরের বাংলাদেশ হাইকমিশন। দুই দিনব্যাপী এ বিশেষ সেবা কার্যক্রমে ২৮৮টি ই-পাসপোর্টের এনরোলমেন্ট ও বিতরণসহ বিভিন্ন কনস্যুলার সেবা দেওয়া হয়েছে।
১৯ ও ২০ সেপ্টেম্বর কুয়ানতানে এনবিএল মানি ট্রান্সফারে এ বিশেষ কনস্যুলার ক্যাম্প পরিচালনা করে হাইকমিশনের একটি প্রতিনিধি দল। দূরবর্তী এলাকায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের কুয়ালালামপুরে না গিয়েই প্রয়োজনীয় সেবা পাওয়ার সুযোগ করে দিতে এ উদ্যোগ নেওয়া হয়।

হাইকমিশন সূত্রে জানা যায়, দুই দিনের কার্যক্রমে মোট ২৮৮টি ই-পাসপোর্টের এনরোলমেন্ট ও বিতরণ সম্পন্ন হয়েছে। পাশাপাশি প্রবাসীদের প্রয়োজন অনুযায়ী বিভিন্ন ধরনের কনস্যুলার সেবাও দেওয়া হয়।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

এর মধ্যে ‘সেম পারসন/পাসপোর্ট ডাটা কারেকশন লেটার’, লেটার অব ইন্ট্রোডাকশন (এলওআই), সিঙ্গাপুরসংক্রান্ত প্রয়োজনীয় চিঠি এবং ট্রাভেল পারমিটসহ বিভিন্ন সেবা অন্তর্ভুক্ত ছিল।

এতে কুয়ানতান ও আশপাশের এলাকায় বসবাসরত বাংলাদেশিরা নিজেদের কর্মস্থল ও বসবাসের এলাকা থেকে তুলনামূলক সহজে প্রয়োজনীয় কাগজপত্র ও সেবা গ্রহণের সুযোগ পান।

কনস্যুলার সেবা গ্রহণ করতে আসা প্রবাসীদের মধ্যে বিপুলসংখ্যক বাংলাদেশি কর্মী ছিলেন। তাদের প্রয়োজনীয় সেবা দেওয়ার পাশাপাশি হাইকমিশনের পক্ষ থেকে অনিয়মিত অভিবাসন এড়িয়ে চলার বিষয়ে সচেতন করা হয়।

বিশেষ করে কর্মরত বাংলাদেশিদের স্থানীয় আইন ও বিধিবিধান মেনে চলার পাশাপাশি দেশটির প্রচলিত রীতিনীতি ও সামাজিক মূল্যবোধের প্রতি শ্রদ্ধাশীল থাকার পরামর্শ দেওয়া হয়েছে। বৈধ কাগজপত্র সংরক্ষণ এবং অভিবাসনসংক্রান্ত নিয়মকানুন যথাযথভাবে অনুসরণের ওপরও গুরুত্ব দেওয়া হয়।

হাইকমিশনের পক্ষ থেকে বলা হয়েছে, প্রবাসী বাংলাদেশিদের পাসপোর্ট ও কনস্যুলার সেবা সহজলভ্য করতে মালয়েশিয়ার বিভিন্ন রাজ্য ও গুরুত্বপূর্ণ এলাকায় এ ধরনের বিশেষ সেবা কার্যক্রম আয়োজনের প্রচেষ্টা অব্যাহত থাকবে। এর মাধ্যমে দূরবর্তী অঞ্চলে বসবাসরত বাংলাদেশিদের কুয়ালালামপুরে এসে সেবা নেওয়ার সময়, অর্থ ও শ্রম কমানোর পাশাপাশি কনস্যুলার সেবাকে আরও জনবান্ধব করার উদ্যোগ নেওয়া হচ্ছে।

মালয়েশিয়ায় বিপুলসংখ্যক বাংলাদেশি কর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রবাসী বসবাস করেন। তাদের একটি বড় অংশ রাজধানী কুয়ালালামপুরের বাইরে বিভিন্ন রাজ্য ও শিল্পাঞ্চলে কর্মরত। দূরত্ব ও কর্মব্যস্ততার কারণে অনেকের পক্ষে নিয়মিতভাবে হাইকমিশনে গিয়ে পাসপোর্ট ও অন্যান্য কনস্যুলার সেবা নেওয়া কঠিন হয়ে পড়ে। এ বাস্তবতায় বিভিন্ন রাজ্যে বিশেষ ক্যাম্প আয়োজন প্রবাসীদের জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

হাইকমিশনের এ উদ্যোগকে প্রবাসীদের প্রয়োজনীয় সেবা তাদের কাছাকাছি পৌঁছে দেওয়ার ধারাবাহিক কার্যক্রমের অংশ হিসেবে দেখা হচ্ছে। বিশেষ করে ই-পাসপোর্টের এনরোলমেন্ট ও বিতরণের মতো গুরুত্বপূর্ণ সেবা স্থানীয় পর্যায়ে পাওয়ায় প্রবাসীদের ভোগান্তি কমছে।
হাইকমিশনের কর্মকর্তারা জানান, প্রবাসীদের কনস্যুলার সেবা নিশ্চিত করার পাশাপাশি তাদের বিভিন্ন অভিবাসন ও আইনগত বিষয়ে সচেতন করার বিষয়টিও এসব ক্যাম্পে গুরুত্ব পাচ্ছে। ভবিষ্যতেও মালয়েশিয়ার বিভিন্ন রাজ্যে এমন বিশেষ কনস্যুলার ক্যাম্প আয়োজনের মাধ্যমে প্রবাসীদের সেবার আওতায় আনার কার্যক্রম অব্যাহত থাকবে।

৮ দিনে প্রবাসীরা পাঠালেন ১৪ হাজার কোটি টাকা

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ১০:৩০ পিএম
৮ দিনে প্রবাসীরা পাঠালেন ১৪ হাজার কোটি টাকা

চলতি বছরের নভেম্বর মাসের প্রথম ৮ দিনে দেশে প্রবাসী আয় বা রেমিট্যান্স এসেছে ১১৩ কোটি মার্কিন ডলার, যা দেশীয় মুদ্রায় ১৪ হাজার ১২ কোটি টাকা (প্রতি ডলার ১২৪ টাকা হিসাবে)।

সোমবার (৯ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেছেন।

কেন্দ্রীয় ব্যাংক জানায়, গত বছরের নভেম্বর মাসের প্রথম ৮ দিনে রেমিট্যান্স এসেছিল ৭৫ কোটি ৪০ লাখ ডলার। সেই তুলনায় চলতি বছরের একই সময়ে প্রবাসী আয় বেড়েছে ৪৯ দশমিক ৮০ শতাংশ।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

চলতি অর্থবছরের (১ জুলাই থেকে ৮ নভেম্বর পর্যন্ত) সামগ্রিক চিত্র বিশ্লেষণ করলে দেখা যায়, এ পর্যন্ত দেশে এক হাজার ২৫৯ কোটি ৫০ লাখ ডলারের প্রবাসী আয় এসেছে।

গত অর্থবছরের একই সময়ে এই আয়ের পরিমাণ ছিল এক হাজার ৯০ কোটি ৩০ লাখ ডলার। সেই তুলনায় চলতি বছরের একই সময়ে প্রবাসী আয় বেড়েছে শতকরা ১৫ দশমিক ৫০ ভাগ।

 

অনেক হাসপাতালের খাবার আমার স্ত্রীর রান্নার থেকেও ভালো: স্বাস্থ্যমন্ত্রী

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ৯:১৬ পিএম
অনেক হাসপাতালের খাবার আমার স্ত্রীর রান্নার থেকেও ভালো: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য খাতে ইতিবাচক পরিবর্তন ও চিকিৎসাসেবার মানোন্নয়নের চিত্র তুলে ধরতে গিয়ে স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেছেন, দেশের অনেক হাসপাতালের খাবারের মান অত্যন্ত উন্নত, যা ক্ষেত্রবিশেষে তাঁর স্ত্রীর রান্নার চেয়েও ভালো এবং তিনি নিজেও তা খেয়েছেন।

সোমবার (০৯ নভেম্বর) রাজধানীর আগারগাঁও শিশু হাসপাতালের নবনির্মিত স্টিল স্ট্রাকচার ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।

স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত হোসেন বলেন, “আমরা অনেক সময় বলি আমাদের স্বাস্থ্য খাতে এটা আছে বা ওটা নেই। কিন্তু বাস্তবতা হলো, অতীতের যেকোনো সময়ের চেয়ে স্বাস্থ্য খাতের মান এখন অনেক উন্নত হয়েছে। অনেক হাসপাতালের খাবারের মান এতটাই ভালো যে তা আমার স্ত্রীর রান্নার চেয়েও ভালো লাগে, আমি নিজেও তা খেয়ে দেখেছি। তবে এই সেবার ধারাবাহিকতা ধরে রাখতে চিকিৎসকদের মধ্যে সচেতনতা বাড়াতে হবে।”

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

অনুষ্ঠানকালে বিগত সাত মাসে হামে ১ হাজার ২০০ শিশুর মৃত্যুর পরিসংখ্যান তুলে ধরে এক গণমাধ্যমকর্মী জানতে চান—এ মৃত্যুর দায় অন্তর্বর্তী সরকার নাকি বর্তমান সরকার নেবে?

এমন প্রশ্নের উত্তরে স্বাস্থ্যমন্ত্রী নিজের দায় স্বীকার করে আবেগঘন কণ্ঠে বলেন, “এর দায় তো আমারই। আমাকে ফাঁসি দিন। এটি আমার ব্যর্থতা, তবে আমরা সাধ্যমতো চেষ্টা করেছি।”

হামের প্রতিষেধক টিকা নিয়ে বিভ্রান্তি ছড়ানোর তীব্র সমালোচনা করে তিনি আরও স্পষ্ট করেন, কিছু স্বার্থান্বেষী মহল অপপ্রচার চালাচ্ছে যে সব টিকা ভারত থেকে আনা হয়েছে। এই তথ্য সম্পূর্ণ ভুল। মোট ব্যবহৃত টিকার মাত্র ৮ শতাংশ ভারত থেকে আমদানি করা হয়েছে; বাকি সিংহভাগ টিকা জার্মানি, জাপান, অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য, দক্ষিণ কোরিয়া ও ইন্দোনেশিয়া থেকে সাশ্রয়ী মূল্যে সংগ্রহ করা হয়েছে।

শিশুদের প্রতিষেধক টিকা না নেওয়ার বিষয়টি তুলে ধরে মন্ত্রী জানান, বর্তমানে হামে আক্রান্ত শিশুদের প্রায় কেউই সময়মতো টিকা নেয়নি। তা ছাড়া আক্রান্তদের একটি বড় অংশের বয়স ছয় মাসের কম। একটি হাসপাতালে চিকিৎসাধীন হাম আক্রান্ত শিশুদের একটি বিরাট অংশের টিকা না নেওয়ার তথ্য তাঁর কাছে রয়েছে বলে তিনি উল্লেখ করেন।

 

ঢাবিতে টানা দ্বিতীয় দিন ককটেল বিস্ফোরণ, আটক ২

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ৯:১০ পিএম
ঢাবিতে টানা দ্বিতীয় দিন ককটেল বিস্ফোরণ, আটক ২

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে টানা দ্বিতীয় দিনের মতো ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এই ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে আটকের পাশাপাশি টিএসসি সংলগ্ন এলাকায় ব্যাগভর্তি ককটেল উদ্ধার করা হয়েছে। খবর পেয়ে উদ্ধারকৃত ককটেল পরীক্ষা ও নিষ্ক্রিয় করতে বোম ডিসপোজাল ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়।

সোমবার (০৯ নভেম্বর) সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটের দিকে বিশ্ববিদ্যালয়ের মেট্রোরেল স্টেশনের নিচে এ ঘটনা ঘটে।

আটক দুই যুবকের নাম আব্দুল্লাহ আল জোবায়ের ওরফে জামিল (২৬) ও সালেহীন দিপু (২৭)।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যায় ঢাবি মেট্রোরেল স্টেশনের নিচে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে দ্রুত পালানোর চেষ্টা করেন ওই দুই যুবক। এ সময় উপস্থিত জনতা ও শিক্ষার্থীরা ধাওয়া দিয়ে তাদের ধরে ফেলেন এবং গণধোলাই শেষে শাহবাগ থানা পুলিশের কাছে সোপর্দ করেন।

এর আগে গতকাল রোববার সন্ধ্যা ৬টা থেকে ৭টার মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের অন্তত ছয়টি পৃথক স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছিল। ওই দিনের ঘটনাতেও জড়িত সন্দেহে তিনজনকে আটক করে পুলিশে হস্তান্তর করেছিলেন ছাত্রদলের নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীরা।

টানা দুই দিন ধরে দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ এলাকায় এভাবে ককটেল বিস্ফোরণের ঘটনায় শিক্ষার্থী ও পথচারীদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। বিশৃঙ্খলা এড়াতে বিশ্ববিদ্যালয় এলাকা ও শাহবাগ মোড়ে পুলিশি টহল বাড়ানো হয়েছে।

 

প্রবাহ বাংলা নেটওয়ার্ক