আইফোন ১৮ সিরিজ বাজারে, জানা গেল মডেলগুলোর দাম
বিশ্ব বাজারে নতুন আইফোন ১৮ প্রো ও আইফোন ১৮ প্রো ম্যাক্স উন্মোচন করেছে অ্যাপল। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় আয়োজিত ‘সারপ্রাইজ অ্যান্ড শাইন’ অনুষ্ঠানে বিশ্বখ্যাত এই প্রযুক্তি প্রতিষ্ঠানটি তাদের নতুন মডেল দুটি আনার ঘোষণা দেয়।
ঘোষণা অনুযায়ী, আগামী ১২ সেপ্টেম্বর থেকে নতুন মডেলগুলোর জন্য অগ্রিম নির্দেশ (প্রি-অর্ডার) দেওয়া যাবে। আর ক্রেতাদের হাতে এসব ফোন পৌঁছাবে ১৮ সেপ্টেম্বর থেকে।
গত বছর বাজারে আসা আইফোন ১৭ প্রোর তুলনায় নতুন মডেল দুটিতে প্রসেসর, ব্যাটারি ও ক্যামেরায় বড় ধরনের পরিবর্তন আনা হয়েছে। এতে যুক্ত করা হয়েছে অ্যাপলের সর্বাধুনিক এ২০ প্রো চিপসেট ও নতুন সি২ মডেম।
ডিসপ্লের দিক থেকে আইফোন ১৮ প্রো ৬.৩ ইঞ্চি এবং প্রো ম্যাক্স ৬.৯ ইঞ্চি আকারে আনা হয়েছে। অ্যাপল দাবি করেছে, প্রো মডেলে ২৪ ঘণ্টা এবং প্রো ম্যাক্সে সর্বোচ্চ ৩০ ঘণ্টা পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে। এছাড়া টানা ভিডিও দেখার ক্ষেত্রে যথাক্রমে সর্বোচ্চ ৩৪ ঘণ্টা ও ৪৩ ঘণ্টার স্থায়িত্ব দেবে এই ডিভাইস দুটি। ফোনগুলো ২৫৬ জিবি, ৫১২ জিবি, ১ টেরাবাইট ও ২ টেরাবাইটের চার ধরনের স্টোরেজে পাওয়া যাবে। রং হিসেবে থাকছে কালো, রুপালি, আকাশি নীল ও বারগান্ডি।
আইফোন ১৮ সিরিজের সবচেয়ে বড় উদ্ভাবন হলো মেকানিক্যাল বা পরিবর্তনযোগ্য অ্যাপারচারসহ ৪৮ মেগাপিক্সেলের ফিউশন প্রধান ক্যামেরা। এর মাধ্যমে আলোর পরিমাণ নিয়ন্ত্রণ করে নিখুঁত ছবি তোলা যাবে, যা মানুষের চুলের চেয়েও সুক্ষ্ম লেজার প্রযুক্তি ব্যবহারে তৈরি করা হয়েছে।
বাজারমূল্য: যুক্তরাষ্ট্রের বাজারে ২৫৬ জিবি স্টোরেজের আইফোন ১৮ প্রোর প্রাথমিক দাম ধরা হয়েছে ১ হাজার ১৯৯ ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ লাখ ৪৮ হাজার টাকা)। একই স্টোরেজের আইফোন ১৮ প্রো ম্যাক্সের দাম নির্ধারণ করা হয়েছে ১ হাজার ২৯৯ ডলার (প্রায় ১ লাখ ৬০ হাজার টাকা)।
অন্যদিকে, ভারতে আইফোন ১৮ প্রোর প্রারম্ভিক মূল্য ১ লাখ ৬৪ হাজার ৯০০ রুপি (প্রায় ২ লাখ ১৩ হাজার টাকা) এবং প্রো ম্যাক্সের প্রাথমিক মূল্য রাখা হয়েছে ১ লাখ ৭৯ হাজার ৯০০ রুপি (প্রায় ২ লাখ ৩৩ হাজার টাকা)। স্টোরেজ ভেদে ২ টেরাবাইটের সর্বোচ্চ সংস্করণের দাম বাংলাদেশি মুদ্রায় ৪ লাখ কোটি টাকারও উপরে পড়বে। অ্যাপল জানিয়েছে, গ্রাহকরা পুরো দাম একবারে দেওয়া ছাড়াও নির্দিষ্ট কিস্তির মাধ্যমে এসব ফোন কিনতে পারবেন।













