মাদ্রিদে গ্যারেজে অগ্নিকাণ্ডের ঘটনায় বাংলাদেশি তরুণের মর্মান্তিক মৃত্যু
আমাদের বাঁচান ভাই, দম বন্ধ হয়ে আসছে!”মৃত্যুর ঠিক আগমুহূর্তে সহকর্মীদের কাছে এমনই আকুতি জানিয়েছিলেন প্রবাসী বাংলাদেশি ইউসুফ হাসান আলিফ (২৭)।
গতকাল রবিবার (৩০ আগস্ট) স্পেনের রাজধানী মাদ্রিদের আরগানজুয়েলা জেলার ‘মেত্রো পালস দে লা ফ্রন্তেরা’র কাইয়ে কানারিয়াস ১৭ নম্বর সড়কের একটি সাইকেল গ্যারেজে ভয়াবহ অগ্নিকাণ্ডে তাঁর মর্মান্তিক মৃত্যু হয়।
নিহত ইউসুফ গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার আব্দুল মোতালিব ও রহিমা খাতুন দম্পতির ছেলে। অল্প কিছুদিন আগে তিনি স্পেনের মাদ্রিদে আসেন। স্পেনের নতুন নিয়ম অনুযায়ী আবেদন করে মাত্র দুদিন আগে তিনি কাজের অনুমতি (ওয়ার্ক পারমিট) পেয়েছিলেন।
স্থানীয় সূত্রের বরাতে জানা যায়, অন্যান্য দিনের মতোই ফুড ডেলিভারির কাজে যাওয়ার জন্য সাইকেল নিতে গ্যারেজে যান ইউসুফ। এ সময় হঠাৎ একটি ইলেকট্রিক সাইকেলের ব্যাটারি বিস্ফোরিত হয়ে দ্রুত আগুন ধরে যায়। এতে ইউসুফ ও তাঁর দুই সহকর্মীর শরীর মারাত্মকভাবে দগ্ধ হয়। শরীরে বিষাক্ত ধোঁয়া ও শ্বাসনালি পুড়ে যাওয়ায় ঘটনাস্থলেই ইউসুফের মৃত্যু হয়। জরুরি চিকিৎসাসেবা সংস্থা ‘SAMUR-Protección Civil’-এর চিকিৎসাকর্মীরা এসে তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
আহত অন্য দুই সহকর্মী বর্তমানে স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন। জরুরি সমন্বয় কেন্দ্র রাত ৮টার কিছু আগে অগ্নিকাণ্ডের সংবাদ পায়। খবর পেয়ে মাদ্রিদ সিটি কাউন্সিলের দমকল বাহিনীর ১৩টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। গ্যারেজে জমে থাকা বিষাক্ত গ্যাস বের করা এবং আগুন পুনরায় জ্বলে ওঠার ঝুঁকি এড়াতে ভেতরে থাকা ইলেকট্রিক বাইসাইকেলগুলো বাইরে সরিয়ে নেয় দমকলকর্মীরা।
অল্প বয়সেই ইউসুফের এমন আকস্মিক ও হৃদয়বিদারক মৃত্যুতে মাদ্রিদের প্রবাসী বাংলাদেশিদের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে।













