সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩
সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩

স্পেন-মরক্কো নতুন রাজনৈতিক বিতর্কে

সেউতা-মেলিয়াকে ‘মাতৃভূমি’ মরক্কোর কাছে ফিরিয়ে দেওয়ার দাবি

স্পেন প্রতিনিধি প্রকাশিত: বুধবার, ২৬ আগস্ট, ২০২৬, ৪:২০ পিএম
সেউতা-মেলিয়াকে ‘মাতৃভূমি’ মরক্কোর কাছে ফিরিয়ে দেওয়ার দাবি

সেউতা ও মেলিলার সার্বভৌমত্ব নিয়ে স্পেন ও মরক্কোর মধ্যে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। মরক্কোর বিচারমন্ত্রী আবদেলতিফ ওয়াহবি দুই শহরের ওপর মরক্কোর ‘ঐতিহাসিক ও ভৌগোলিক অধিকার’ রয়েছে বলে দাবি করেছেন। একই সময়ে মেলিলার পার্লামেন্টে দুই শহরের স্প্যানিশ সার্বভৌমত্ব নিয়ে একটি প্রস্তাবে পিএসওইর বিরোধিতা ঘিরে স্পেনের অভ্যন্তরীণ রাজনীতিতেও বিতর্ক তৈরি হয়েছে।

মরক্কোর বিচারমন্ত্রী ওয়াহবি ২১ আগস্ট বলেন, সেউতা ও মেলিলার বর্তমান অবস্থার একটি ‘চূড়ান্ত সমাধান’ প্রয়োজন এবং দুই শহরকে মরক্কোর ‘মাতৃভূমির কোলে’ ফিরিয়ে নেওয়ার বিষয়ে স্পেনের সঙ্গে আলোচনার জন্য একটি যৌথ কমিশন গঠন করা যেতে পারে। তিনি দুই শহরের ওপর মরক্কোর ঐতিহাসিক ও ভৌগোলিক অধিকারের দাবিও পুনর্ব্যক্ত করেন।

মরক্কোর ধর্মবিষয়ক মন্ত্রীও সেউতা ও মেলিলাকে ঘিরে ‘অধিকৃত ভূখণ্ড মুক্ত করার’ বক্তব্য দিয়েছেন। এর ফলে দুই দেশের মধ্যে দীর্ঘদিনের বিরোধ নতুন করে সামনে এসেছে।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

স্পেন সরকার মরক্কোর এই দাবিকে সরাসরি প্রত্যাখ্যান করেছে। স্পেনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সেউতা ও মেলিলা স্পেনের অংশ এবং দেশটির সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা নিয়ে কোনো প্রশ্ন তোলার সুযোগ নেই।

এরই মধ্যে সেউতায় সাম্প্রতিক অভিবাসন সংকটের প্রেক্ষাপটে স্পেন সরকার বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে। ২৫ আগস্ট সরকার সেউতাকে জাতীয় নিরাপত্তার জন্য ‘বিশেষ গুরুত্বের পরিস্থিতি’ হিসেবে ঘোষণা করে এবং সংকট মোকাবিলায় একক কমান্ড ব্যবস্থা চালু করে। এই ব্যবস্থার আওতায় নিরাপত্তা ও সীমান্ত পরিস্থিতি নিয়ন্ত্রণ, অভিবাসীদের ফেরত পাঠানোর প্রক্রিয়া এবং শহরের সরকারি পরিষেবা ও অর্থনীতি শক্তিশালী করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

মেলিলার প্রেসিডেন্ট ও পিপলস পার্টির নেতা হুয়ান হোসে ইমব্রোদা মরক্কোর দাবির তীব্র বিরোধিতা করেছেন। তাঁর বক্তব্য, সেউতা ও মেলিলার অবস্থান নিয়ে কোনো আলোচনা হতে পারে না। তিনি স্পেন সরকারের মরক্কো নীতিরও সমালোচনা করে আরও কঠোর ও পারস্পরিকতার ভিত্তিতে সম্পর্ক পরিচালনার দাবি জানিয়েছেন।

এদিকে মেলিলার পার্লামেন্টে পিপলস পার্টি সেউতা ও মেলিলার স্প্যানিশ পরিচয় এবং সার্বভৌমত্ব পুনর্ব্যক্ত করে একটি প্রস্তাব আনে। প্রস্তাবে বলা হয়, দুই শহর স্পেনের অংশ এবং তাদের সার্বভৌমত্ব ‘প্রশ্নাতীত ও আলোচনার বাইরে’।

প্রস্তাবটির বিরুদ্ধে ভোট দেয় মেলিলার পিএসওই। তবে বিষয়টি পিএসওই সেউতা ও মেলিলার স্প্যানিশ পরিচয় অস্বীকার করেছে –এভাবে উপস্থাপন করা সঠিক হবে না। পিএসওইর মেলিলা শাখার মুখপাত্র রিদুয়ান মোহ স্পষ্টভাবে বলেছেন, সেউতা ও মেলিলা স্পেনের অংশ এবং তাদের স্প্যানিশ সার্বভৌমত্ব নিয়ে কোনো বিতর্ক নেই। তাঁর দাবি, পিপি এই ইস্যুকে রাজনৈতিকভাবে ব্যবহার করছে বলেই প্রস্তাবটির বিরোধিতা করা হয়েছে।

রিদুয়ান মোহের বক্তব্য অনুযায়ী, পিএসওই মেলিলা ও সেউতার স্প্যানিশ সার্বভৌমত্বকে সমর্থন করে এবং দুই শহরের সীমান্ত ও নাগরিকদের সুরক্ষার পক্ষেও অবস্থান নিয়েছে। তাঁদের আপত্তি মূলত পিপির আনা প্রস্তাবের রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে।

মরক্কোর দাবির পেছনে রাজনৈতিক ও কৌশলগত উদ্দেশ্য নিয়ে স্পেনে নানা বিশ্লেষণও শুরু হয়েছে। সমালোচকদের একটি অংশ মনে করছে, অভিবাসন ও সীমান্ত পরিস্থিতিকে কেন্দ্র করে চাপ সৃষ্টি করে মরক্কো ভবিষ্যতে সেউতা ও মেলিলার ওপর নিজেদের দাবি আরও জোরালো করতে চাইছে। তবে এ ধরনের উদ্দেশ্য নিয়ে বিভিন্ন রাজনৈতিক ও বিশ্লেষকের বক্তব্য রয়েছে; এগুলোকে নিশ্চিত সরকারি অবস্থান হিসেবে দেখা যায় না।

সেউতা ও মেলিলা দীর্ঘদিন ধরে স্পেনের নিয়ন্ত্রণে রয়েছে। মেলিলা ১৪৯৭ সালে ক্যাস্টিলের অধীনে আসে এবং সেউতার ওপর স্পেনের সার্বভৌমত্ব ১৬৬৮ সালের লিসবন চুক্তির মাধ্যমে স্বীকৃতি পায়। দুই শহর বর্তমানে স্পেনের স্বায়ত্তশাসিত শহর এবং ইউরোপীয় ইউনিয়নের ভূখণ্ডের অংশ।

মরক্কোর সাম্প্রতিক দাবির পর স্পেন একদিকে দুই শহরের ওপর নিজেদের সার্বভৌমত্ব নিয়ে কঠোর অবস্থান পুনর্ব্যক্ত করেছে, অন্যদিকে সেউতার নিরাপত্তা ও অভিবাসন পরিস্থিতি মোকাবিলায় কেন্দ্রীয় সরকারের সরাসরি হস্তক্ষেপ বাড়িয়েছে। ফলে সেউতা ও মেলিলা ইস্যুতে স্পেন-মরক্কো সম্পর্কের পাশাপাশি স্পেনের অভ্যন্তরীণ রাজনৈতিক বিতর্কও নতুন করে সামনে এসেছে।

৮ দিনে প্রবাসীরা পাঠালেন ১৪ হাজার কোটি টাকা

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ১০:৩০ পিএম
৮ দিনে প্রবাসীরা পাঠালেন ১৪ হাজার কোটি টাকা

চলতি বছরের নভেম্বর মাসের প্রথম ৮ দিনে দেশে প্রবাসী আয় বা রেমিট্যান্স এসেছে ১১৩ কোটি মার্কিন ডলার, যা দেশীয় মুদ্রায় ১৪ হাজার ১২ কোটি টাকা (প্রতি ডলার ১২৪ টাকা হিসাবে)।

সোমবার (৯ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেছেন।

কেন্দ্রীয় ব্যাংক জানায়, গত বছরের নভেম্বর মাসের প্রথম ৮ দিনে রেমিট্যান্স এসেছিল ৭৫ কোটি ৪০ লাখ ডলার। সেই তুলনায় চলতি বছরের একই সময়ে প্রবাসী আয় বেড়েছে ৪৯ দশমিক ৮০ শতাংশ।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

চলতি অর্থবছরের (১ জুলাই থেকে ৮ নভেম্বর পর্যন্ত) সামগ্রিক চিত্র বিশ্লেষণ করলে দেখা যায়, এ পর্যন্ত দেশে এক হাজার ২৫৯ কোটি ৫০ লাখ ডলারের প্রবাসী আয় এসেছে।

গত অর্থবছরের একই সময়ে এই আয়ের পরিমাণ ছিল এক হাজার ৯০ কোটি ৩০ লাখ ডলার। সেই তুলনায় চলতি বছরের একই সময়ে প্রবাসী আয় বেড়েছে শতকরা ১৫ দশমিক ৫০ ভাগ।

 

অনেক হাসপাতালের খাবার আমার স্ত্রীর রান্নার থেকেও ভালো: স্বাস্থ্যমন্ত্রী

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ৯:১৬ পিএম
অনেক হাসপাতালের খাবার আমার স্ত্রীর রান্নার থেকেও ভালো: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য খাতে ইতিবাচক পরিবর্তন ও চিকিৎসাসেবার মানোন্নয়নের চিত্র তুলে ধরতে গিয়ে স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেছেন, দেশের অনেক হাসপাতালের খাবারের মান অত্যন্ত উন্নত, যা ক্ষেত্রবিশেষে তাঁর স্ত্রীর রান্নার চেয়েও ভালো এবং তিনি নিজেও তা খেয়েছেন।

সোমবার (০৯ নভেম্বর) রাজধানীর আগারগাঁও শিশু হাসপাতালের নবনির্মিত স্টিল স্ট্রাকচার ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।

স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত হোসেন বলেন, “আমরা অনেক সময় বলি আমাদের স্বাস্থ্য খাতে এটা আছে বা ওটা নেই। কিন্তু বাস্তবতা হলো, অতীতের যেকোনো সময়ের চেয়ে স্বাস্থ্য খাতের মান এখন অনেক উন্নত হয়েছে। অনেক হাসপাতালের খাবারের মান এতটাই ভালো যে তা আমার স্ত্রীর রান্নার চেয়েও ভালো লাগে, আমি নিজেও তা খেয়ে দেখেছি। তবে এই সেবার ধারাবাহিকতা ধরে রাখতে চিকিৎসকদের মধ্যে সচেতনতা বাড়াতে হবে।”

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

অনুষ্ঠানকালে বিগত সাত মাসে হামে ১ হাজার ২০০ শিশুর মৃত্যুর পরিসংখ্যান তুলে ধরে এক গণমাধ্যমকর্মী জানতে চান—এ মৃত্যুর দায় অন্তর্বর্তী সরকার নাকি বর্তমান সরকার নেবে?

এমন প্রশ্নের উত্তরে স্বাস্থ্যমন্ত্রী নিজের দায় স্বীকার করে আবেগঘন কণ্ঠে বলেন, “এর দায় তো আমারই। আমাকে ফাঁসি দিন। এটি আমার ব্যর্থতা, তবে আমরা সাধ্যমতো চেষ্টা করেছি।”

হামের প্রতিষেধক টিকা নিয়ে বিভ্রান্তি ছড়ানোর তীব্র সমালোচনা করে তিনি আরও স্পষ্ট করেন, কিছু স্বার্থান্বেষী মহল অপপ্রচার চালাচ্ছে যে সব টিকা ভারত থেকে আনা হয়েছে। এই তথ্য সম্পূর্ণ ভুল। মোট ব্যবহৃত টিকার মাত্র ৮ শতাংশ ভারত থেকে আমদানি করা হয়েছে; বাকি সিংহভাগ টিকা জার্মানি, জাপান, অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য, দক্ষিণ কোরিয়া ও ইন্দোনেশিয়া থেকে সাশ্রয়ী মূল্যে সংগ্রহ করা হয়েছে।

শিশুদের প্রতিষেধক টিকা না নেওয়ার বিষয়টি তুলে ধরে মন্ত্রী জানান, বর্তমানে হামে আক্রান্ত শিশুদের প্রায় কেউই সময়মতো টিকা নেয়নি। তা ছাড়া আক্রান্তদের একটি বড় অংশের বয়স ছয় মাসের কম। একটি হাসপাতালে চিকিৎসাধীন হাম আক্রান্ত শিশুদের একটি বিরাট অংশের টিকা না নেওয়ার তথ্য তাঁর কাছে রয়েছে বলে তিনি উল্লেখ করেন।

 

ঢাবিতে টানা দ্বিতীয় দিন ককটেল বিস্ফোরণ, আটক ২

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ৯:১০ পিএম
ঢাবিতে টানা দ্বিতীয় দিন ককটেল বিস্ফোরণ, আটক ২

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে টানা দ্বিতীয় দিনের মতো ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এই ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে আটকের পাশাপাশি টিএসসি সংলগ্ন এলাকায় ব্যাগভর্তি ককটেল উদ্ধার করা হয়েছে। খবর পেয়ে উদ্ধারকৃত ককটেল পরীক্ষা ও নিষ্ক্রিয় করতে বোম ডিসপোজাল ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়।

সোমবার (০৯ নভেম্বর) সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটের দিকে বিশ্ববিদ্যালয়ের মেট্রোরেল স্টেশনের নিচে এ ঘটনা ঘটে।

আটক দুই যুবকের নাম আব্দুল্লাহ আল জোবায়ের ওরফে জামিল (২৬) ও সালেহীন দিপু (২৭)।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যায় ঢাবি মেট্রোরেল স্টেশনের নিচে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে দ্রুত পালানোর চেষ্টা করেন ওই দুই যুবক। এ সময় উপস্থিত জনতা ও শিক্ষার্থীরা ধাওয়া দিয়ে তাদের ধরে ফেলেন এবং গণধোলাই শেষে শাহবাগ থানা পুলিশের কাছে সোপর্দ করেন।

এর আগে গতকাল রোববার সন্ধ্যা ৬টা থেকে ৭টার মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের অন্তত ছয়টি পৃথক স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছিল। ওই দিনের ঘটনাতেও জড়িত সন্দেহে তিনজনকে আটক করে পুলিশে হস্তান্তর করেছিলেন ছাত্রদলের নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীরা।

টানা দুই দিন ধরে দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ এলাকায় এভাবে ককটেল বিস্ফোরণের ঘটনায় শিক্ষার্থী ও পথচারীদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। বিশৃঙ্খলা এড়াতে বিশ্ববিদ্যালয় এলাকা ও শাহবাগ মোড়ে পুলিশি টহল বাড়ানো হয়েছে।

 

প্রবাহ বাংলা নেটওয়ার্ক