মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩

স্বল্প টাকার এক কিটেই বদলে যেতে পারে হাম মোকাবিলা

অনলাইন ডেস্ক প্রকাশিত: রবিবার, ২১ জুন, ২০২৬, ১০:৩৭ পিএম
স্বল্প টাকার এক কিটেই বদলে যেতে পারে হাম মোকাবিলা

ঢাকার একটি বিশেষায়িত পরীক্ষাগারে হাম শনাক্তের রিপোর্টের জন্য অপেক্ষা করছেন এক শিশুর বাবা। সকালে নমুনা দিলেও ফল পেতে লাগবে অন্তত একদিন, খরচ প্রায় সাড়ে তিন হাজার টাকা। রাজধানীর বাইরে হলে সময় আরও বেশি।

অথচ দেশের বিজ্ঞানীরা বলছেন, একই রোগ মাত্র ২০ মিনিটে শনাক্ত করা সম্ভব, খরচও মাত্র ৭০ থেকে ৮০ টাকা। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ রেফারেন্স ইনস্টিটিউট ফর কেমিক্যাল মেজারমেন্ট (বিআরআইসিএম) হাম শনাক্তে দেশীয় প্রযুক্তিনির্ভর একটি আরটি-ল্যাম্প কিট উদ্ভাবন করেছে। প্রতিষ্ঠানটির দাবি, কিটটি উৎপাদনের সক্ষমতাও তাদের রয়েছে। এ বিষয়ে সম্প্রতি সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয়ে পরিপূর্ণ প্রস্তাবনা পাঠানো হলেও প্রয়োজনীয় সিদ্ধান্ত না হওয়ায় উদ্যোগটি এখনো মাঠপর্যায়ে পৌঁছায়নি।

দেশে সাম্প্রতিক সময়ে হাম সংক্রমণ নিয়ে উদ্বেগ বাড়ছে। জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, হাম অত্যন্ত সংক্রামক একটি ভাইরাসজনিত রোগ। সময়মতো শনাক্ত ও বিচ্ছিন্ন করা না গেলে এটি দ্রুত বিস্তার লাভ করে। বর্তমানে রোগ শনাক্তে সবচেয়ে বেশি ব্যবহৃত হয় আরটি-পিসিআর পরীক্ষা, যা আন্তর্জাতিকভাবে ‘গোল্ড স্ট্যান্ডার্ড’ হিসেবে স্বীকৃত। তবে এ প্রযুক্তির জন্য প্রয়োজন ব্যয়বহুল যন্ত্রপাতি, আধুনিক পরীক্ষাগার ও দক্ষ জনবল। ফলে দেশের অধিকাংশ উপজেলা ও জেলা পর্যায়ে এই সুবিধা নেই। নমুনা সংগ্রহ করে কেন্দ্রীয় ল্যাবে পাঠাতে হয়, যার কারণে রোগ নির্ণয়ে বিলম্ব এবং ব্যয় দুটোই বাড়ে।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

এই বাস্তবতায় আরটি-ল্যাম্প প্রযুক্তিকে সম্ভাবনাময় বিকল্প হিসেবে দেখছেন গবেষকরা। আরটি-ল্যাম্প বা রিভার্স ট্রান্সক্রিপশন লুপ-মিডিয়েটেড আইসোথার্মাল অ্যাম্পলিফিকেশন প্রযুক্তির মাধ্যমে ভাইরাসের জেনেটিক উপাদান শনাক্ত করা যায় তুলনামূলক সহজ পদ্ধতিতে। এতে আরটি-পিসিআর এর মতো ব্যয়বহুল থার্মাল সাইক্লারের প্রয়োজন হয় না; সাধারণ তাপ নিয়ন্ত্রিত যন্ত্রেই পরীক্ষা সম্পন্ন করা সম্ভব। ফলে প্রত্যন্ত অঞ্চলেও দ্রুত রোগ নির্ণয়ের সুযোগ তৈরি হতে পারে।

বিআরআইসিএমের গবেষকদের তথ্য অনুযায়ী, আরটি-পিসিআর পরীক্ষার ফল পেতে সাধারণত কয়েক ঘণ্টা থেকে একদিন সময় লাগে। বিপরীতে আরটি-ল্যাম্প পরীক্ষায় ২০ থেকে ৬০ মিনিটের মধ্যেই ফল পাওয়া সম্ভব। সংবেদনশীলতার ক্ষেত্রেও প্রযুক্তিটি ৯০ থেকে ৯৮ শতাংশ পর্যন্ত কার্যকর, যা প্রাথমিক রোগ শনাক্তের জন্য যথেষ্ট বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

সবচেয়ে বড় আকর্ষণ খরচ। বর্তমানে একটি আরটি-পিসিআর পরীক্ষায় ব্যয় হয় প্রায় ৩ হাজার ৭৫০ থেকে ৪ হাজার টাকা। বিআরআইসিএমের প্রস্তাবিত দেশীয় আরটি-ল্যাম্প কিট ব্যবহার করলে সেই ব্যয় কমে ৭০ থেকে ৮০ টাকায় নেমে আসতে পারে। অর্থাৎ একজন রোগীর ক্ষেত্রে খরচ কমবে প্রায় ৫০ গুণ।

স্বাস্থ্য অর্থনীতিবিদদের মতে, বৃহৎ পরিসরে এ প্রযুক্তি চালু করা গেলে সরকারের স্বাস্থ্যখাতের ব্যয় উল্লেখযোগ্যভাবে কমবে এবং পরীক্ষার আওতায় আরও বেশি মানুষকে আনা সম্ভব হবে। বিশেষ করে নিম্নআয়ের পরিবারের জন্য রোগ নির্ণয়ের খরচ কমানো বড় ধরনের স্বস্তি এনে দেবে।

এ উদ্যোগ বাস্তবায়িত হলে আমদানিনির্ভর ডায়াগনস্টিক ব্যবস্থার ওপর চাপও কমবে। বর্তমানে বিভিন্ন পরীক্ষার কিট, রিএজেন্ট ও ল্যাব উপকরণের বড় অংশ বিদেশ থেকে আমদানি করা হয়। স্থানীয়ভাবে উৎপাদন করা গেলে কোটি কোটি টাকার বৈদেশিক মুদ্রা সাশ্রয় হবে। এ বিষয়ে সাবেক স্বাস্থ্য কর্মকর্তা ও মাইক্রোবাইলোজিস্ট অধ্যাপক ডা. কে এম শহিদুল ইসলাম বলেন, ‘কোভিড-১৯ মহামারির সময় বিদেশি সরবরাহের ওপর নির্ভরশীলতার ঝুঁকি আমরা দেখেছি। তাই দেশীয় সক্ষমতা গড়ে তোলা এখন সময়ের দাবি।’

তিনি আরও বলেন, সরকারের সর্বোচ্চ পর্যায়ে বিষয়টি গুরুত্ব দিয়ে বিবেচনা করা প্রয়োজন। দ্রুত বৈজ্ঞানিক মূল্যায়ন, মাঠপর্যায়ের পরীক্ষামূলক ব্যবহার এবং উৎপাদন পরিকল্পনা গ্রহণ করা গেলে দেশের মানুষ সরাসরি উপকৃত হবে।

তবে প্রশ্ন রয়ে গেছে—প্রযুক্তি প্রস্তুত ও উৎপাদন সক্ষমতা থাকা সত্ত্বেও কেন তা বাস্তবায়ন হচ্ছে না? সংশ্লিষ্ট সূত্রগুলোর দাবি, প্রশাসনিক অনুমোদন, বাজেট বরাদ্দ ও আন্তঃমন্ত্রণালয় সমন্বয়ের জটিলতায় প্রস্তাবটি আটকে আছে। কিছু গবেষকের অভিযোগ, অনেক সময় দেশীয় উদ্ভাবনের তুলনায় আমদানিনির্ভর সমাধান বেশি গুরুত্ব পায়।

জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, আরটি-ল্যাম্প কোনোভাবেই আরটি-পিসিআর এর পূর্ণ বিকল্প নয়; বরং দ্রুত স্ক্রিনিং ও প্রাথমিক রোগ শনাক্তের কার্যকর মাধ্যম। সন্দেহভাজন রোগীকে দ্রুত শনাক্ত করে পরে প্রয়োজন হলে আরটি-পিসিআর এর মাধ্যমে নিশ্চিত করা যেতে পারে।

ভাইরোলজিস্ট মোহাম্মদ মামুন আলম বলেন, ‘মহামারি বা প্রাদুর্ভাবের সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো দ্রুত রোগী শনাক্ত করা। আরটি-ল্যাম্প সেই কাজটি অনেক দ্রুত করতে পারে। বিশেষ করে জেলা ও উপজেলা পর্যায়ে এটি বড় পরিবর্তন আনতে সক্ষম।’

একদিকে সাড়ে তিন হাজার টাকার বেশি খরচে একদিন অপেক্ষার পরীক্ষা, অন্যদিকে ৭০ টাকায় ২০ মিনিটে ফলাফল। দেশের বিজ্ঞানীরা বলছেন, প্রযুক্তি তাঁদের হাতে আছে এবং প্রস্তাবনাও জমা দেওয়া হয়েছে। এখন প্রয়োজন দ্রুত সিদ্ধান্ত ও কার্যকর বাস্তবায়ন। দেশের লাখো শিশুর স্বাস্থ্য সুরক্ষা, দ্রুত রোগ শনাক্তকরণ এবং স্বাস্থ্যখাতে ব্যয় কমানোর এই সম্ভাবনা শেষ পর্যন্ত বাস্তবে রূপ নেয় কি না, সেটিই এখন দেখার বিষয়।

৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠান

কোনো হুমকি-চাপের কাছে মাথা নত করবে না ইরান: পেজেশকিয়ান

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ৮:১৪ এম
কোনো হুমকি-চাপের কাছে মাথা নত করবে না ইরান: পেজেশকিয়ান

আলোচনা ও সংলাপের মাধ্যমে বিরোধ নিষ্পত্তিতে ইরান প্রস্তুত থাকলেও কোনো ধরনের হুমকি, চাপ কিংবা শক্তি প্রয়োগের কাছে নতি স্বীকার করবে না বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি বলেছেন, যেকোনো আলোচনা হতে হবে ন্যায়বিচার, সমতা ও পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে।

রোববার ইরান মিল্ক ইন্ডাস্ট্রিজ কোম্পানি (পেগাহ)-এর ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন পেজেশকিয়ান।

ইরানের শত্রু হিসেবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের নাম উল্লেখ করে তিনি বলেন, দেশ দুটি ইরানের ওপর আঘাত হানার চেষ্টা করছে। সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা হোসেইনি খামেনি এমন এক পরিস্থিতির অবসান ঘটানোর নির্দেশ দিয়েছেন, যেখানে যুদ্ধও নেই, আবার শান্তিও নেই।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

পেজেশকিয়ান বলেন, আত্মমর্যাদা বজায় রেখে যেকোনো বিষয়ে আলোচনা ও সমাধানে পৌঁছানো সম্ভব। ইরান আলোচনায় বিশ্বাসী এবং সংলাপের মাধ্যমে নিজেদের অধিকার আদায় করা গেলে যুদ্ধের পথে যাওয়ার প্রয়োজন নেই। তবে কোনো ধরনের শক্তি প্রদর্শন কিংবা হুমকির কাছে আত্মসমর্পণ করবে না তেহরান।

গত সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে দেওয়া বক্তব্যের প্রসঙ্গ টেনে ইরানের প্রেসিডেন্ট বলেন, ন্যায়বিচার, সমতা ও পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে কূটনৈতিক আলোচনা চালিয়ে যেতে চায় তাঁর দেশ।

তিনি আরও বলেন, জাতিসংঘে দেওয়া ভাষণেও ইরানের এই অবস্থান স্পষ্ট করা হয়েছিল। তেহরান সংলাপে বিশ্বাস করে এবং নিজেদের ন্যায্য অধিকার আদায়ে প্রতিশ্রুতিবদ্ধ। তবে কোনো ধরনের বলপ্রয়োগ মেনে নেবে না।

এদিকে, চলমান সংকট নিরসনে ইরানের দেওয়া দুই দিনের প্রস্তাব এখনো বহাল রয়েছে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই। সোমবার তিনি বলেন, যুক্তরাষ্ট্র ইরানের দাবিগুলো মেনে নিলে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে ৪৮ ঘণ্টার মধ্যে নিরাপত্তা ফিরিয়ে আনা সম্ভব।

ইরানি বার্তা সংস্থা আইএসএনএর প্রতিবেদনে বলা হয়েছে, সাপ্তাহিক সংবাদ সম্মেলনে বাঘাই এই প্রস্তাবকে সংকট সমাধানের সবচেয়ে যুক্তিসংগত পরিকল্পনা হিসেবে উল্লেখ করেন। তাঁর মতে, তেহরানের শর্তে ওয়াশিংটন সম্মত হলে ওই অঞ্চলে ইতিবাচক পরিবর্তন আসতে পারে।

ফার্মগেটের পর এবার মিরপুরে যাত্রীবাহী বাসে আগুন

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ৮:১২ এম
ফার্মগেটের পর এবার মিরপুরে যাত্রীবাহী বাসে আগুন

রাজধানীতে এক দিনের ব্যবধানে দুটি যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। ফার্মগেটের পর এবার মিরপুরের ১১ নম্বর সেকশনে পার্কিং করে রাখা বসুমতি পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় বাসটির বিভিন্ন অংশ পুড়ে গেলেও কেউ হতাহত হননি।

সোমবার (৯ নভেম্বর) রাত ৯টার দিকে পল্লবী থানার ১১ নম্বর সেকশনের পোস্ট অফিসসংলগ্ন সড়কে এ ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জালাল উদ্দিন জানান, পোস্ট অফিসের সামনে সড়কে পার্কিং করে রাখা বসুমতি পরিবহনের বাসটিতে দুর্বৃত্তরা আগুন দিয়ে পালিয়ে যায়। এতে বাসের আসন, কাচ ও বডির বিভিন্ন অংশ পুড়ে গেছে।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

তিনি বলেন, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে অগ্নিসংযোগে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

ওসি আরও জানান, দুই দিন আগে বাস মালিক সমিতির নেতাদের সঙ্গে পুলিশের বৈঠক হয়েছে। সেখানে বাসের নিরাপত্তা জোরদার এবং সড়কে বাস পার্কিং না করার বিষয়ে সতর্ক করা হয়েছিল। এ ধরনের ঘটনা এড়াতে বাস মালিকদেরও সচেতন থাকার পরামর্শ দেন তিনি।

এর আগে একই দিন সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রাজধানীর ফার্মগেট মেট্রোরেল স্টেশনের নিচে লাভলী পরিবহনের একটি চলন্ত বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। ওই ঘটনায়ও কেউ হতাহত হননি।

 

‘বক্তব্য লাউড অ্যান্ড ক্লিয়ার, আমরা রাজপথে আছি’: প্রধানমন্ত্রী

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ৮:০৯ এম
‘বক্তব্য লাউড অ্যান্ড ক্লিয়ার, আমরা রাজপথে আছি’: প্রধানমন্ত্রী

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার প্রসঙ্গ এবং চলমান রাজনৈতিক পরিস্থিতিতে দলীয় নেতাকর্মীদের রাজপথে সক্রিয় থাকার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, ‘বক্তব্য লাউড অ্যান্ড ক্লিয়ার, আমরা রাজপথে আছি, রাজপথে আমাদের থাকতে হবে, রাজপথেই সব ষড়যন্ত্রের মোকাবিলা করতে হবে।’

সোমবার (৯ নভেম্বর) বিকেলে জাতীয় সংসদ ভবনে বিএনপির সংসদীয় দলের সভায় দলীয় সংসদ সদস্যদের উদ্দেশে এসব কথা বলেন তিনি। সভায় উপস্থিত একাধিক দায়িত্বশীল সূত্র এ তথ্য জানিয়েছে।

ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন শুরুর আগে সংসদের সরকারদলীয় সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান। তবে শেখ হাসিনার দেশে ফেরার বিষয়ে তিনি সরাসরি কোনো বক্তব্য দেননি।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

সভায় উপস্থিত সূত্র জানায়, শেখ হাসিনার দেশে ফেরার প্রসঙ্গ উঠলে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এ ক্ষেত্রে প্রচলিত আইন, বিধি ও প্রথা অনুসরণ করা হবে।

সভায় স্থানীয় সরকার ও যোগাযোগ মন্ত্রণালয়ের অধীন চলমান সড়ক উন্নয়নকাজ, জ্বালানি ও বিদ্যুৎ পরিস্থিতি এবং রমজান সামনে রেখে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার পরিস্থিতি নিয়েও আলোচনা হয়। প্রধানমন্ত্রী সংশ্লিষ্ট মন্ত্রীদের কাছে নিজ নিজ মন্ত্রণালয়ের কার্যক্রমের বিস্তারিত জানতে চান। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে তাঁকে অবহিত করেন।

এদিকে, আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আদালতে আত্মসমর্পণের ইচ্ছা প্রকাশ করেছেন। তাঁর নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য লন্ডনভিত্তিক আইনি পরামর্শক প্রতিষ্ঠান ম্যাট্রিক্স চেম্বার্সের পক্ষ থেকে নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে আবেদন করা হয়েছে বলেও প্রতিবেদনে জানানো হয়।

এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও এনআইডির আবেদনসংক্রান্ত খবরের সত্যতা এবং আইনি ভিত্তি যাচাই করা হচ্ছে।

অন্যদিকে, শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও এনআইডির আবেদনের বিষয়টিকে ‘চরম হাস্যকর’ বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেন, দেশে ফিরতে চাইলে শেখ হাসিনাকে নির্দিষ্ট আইনি প্রক্রিয়া অনুসরণ করতে হবে। নতুন পাসপোর্ট নিয়ে দেশে ফেরার সুযোগ নেই।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী আরও বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে প্রত্যর্পণ চুক্তি রয়েছে। শেখ হাসিনা চাইলে ওই চুক্তির আওতায় ভারত সরকারের কাছে তাঁকে বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ জানাতে পারে। দেশে ফিরে আদালতে আত্মসমর্পণ করে সাজা ভোগের কথাও উল্লেখ করেন তিনি।

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত হওয়ার পর দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা। আগামী ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণা দিয়েছেন বলেও তাঁর বিষয়ে আলোচনা চলছে।

 

প্রবাহ বাংলা নেটওয়ার্ক