স্পেনে আরাফাত রহমান কোকো টি-১৬ ক্রিকেট টুর্নামেন্ট সম্পন্ন
স্পেনের মাদ্রিদে ‘স্পেন বিএনপি’র উদ্যোগে মরহুম আরাফাত রহমান কোকো টি-১৬ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৮ জুন) বিকেলে মাদ্রিদের উপকণ্ঠ খেতাফে মাঠে ঢাকা ফ্রুতাস ও তারুণ্য মাদ্রিদের মধ্যে এই জমজমাট ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয়।
প্রতিদ্বন্দিতাপূর্ণ এই খেলায় তারুণ্য মাদ্রিদকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে ঢাকা ফ্রুতাস ক্রিকেট টিম। টুর্নামেন্টে সর্বমোট ১২টি দল অংশগ্রহণ করেছিল।
ফাইনালে টসে জিতে ঢাকা ফ্রুতাস প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ১৬ ওভারে ১৮০ রান সংগ্রহ করে। দলের পক্ষে রিপন ৪২ ও ইয়াসিন ৩৬ রান করেন। তারুণ্য মাদ্রিদের পক্ষে কাফি ৪টি এবং কামিল আহমদ সুবেল ২টি উইকেট নেন। জবাবে ১৮১ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে তারুণ্য মাদ্রিদ ১৪ ওভারে মাত্র ১১৬ রানে অলআউট হয়ে যায়। ম্যাচে দুই দলের ফিল্ডিং ছিল বেশ চমৎকার ও চোখে পড়ার মতো। খেলা শেষে স্পেন বিএনপির সভাপতি জামাল উদ্দিন মনিরের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রমিজ উদ্দিনের সঞ্চালনায় এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদ্রিদস্থ বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত মাসুদুর রহমান। অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন, সংগঠনের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আবু জাফর রাসেল।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, প্রবীণ কমিউনিটি ব্যক্তিত্ব আব্দুস সোবহান, মনোয়ার হোসেন মনু, বায়তুল মোকাররম বাংলাদেশ মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক আল আমিন মিয়া এবং ঢাকা জেলা অ্যাসোসিয়েশন ইন স্পেনের সাধারণ সম্পাদক এইচ এম মাসুদুর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ। স্পেন বিএনপির নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন সিনিয়র সহ-সভাপতি হেমায়েত খান, সহ-সভাপতি ইউনুস আলী, আব্দুল আওয়াল খান, যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম ও সুমন হাওলাদার প্রমুখ।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন— বাংলাদেশ অ্যাসোসিয়েশন ইন স্পেনের সাবেক সভাপতি কাজী এনায়েতুল করিম তারেক, সাবেক সাধারণ সম্পাদক কামরুজ্জামান সুন্দর, মাদ্রিদ মহানগর বিএনপির সভাপতি সোহেল আহমদ সামছু, গ্রেটার সিলেট অ্যাসোসিয়েশন ইন স্পেনের সাবেক সভাপতি আব্দুল মোজাক্কির, আব্দুল কাইয়ুম মাসুক, মাওলানা আসাদুজ্জামান রাজ্জাক, বৃহত্তর নোয়াখালী সমিতির সভাপতি আবুল কাশেম, সাবেক সভাপতি আবুল কাশেম মুকুল, নির্বাচন কমিশনের সদস্য সাঈদ মিয়া, হবিগঞ্জ জেলা অ্যাসোসিয়েশন ইন স্পেনের সভাপতি আলী হোসেন চৌধুরী এবং ঢাকা জেলা অ্যাসোসিয়েশন ইন স্পেনের সিনিয়র সহ-সভাপতি রুবেল সামাদসহ কমিউনিটির ব্যক্তিবর্গ।
পুরস্কার বিতরণী পর্বে বক্তারা বলেন, “স্বাস্থ্যই সব সুখের মূল। নিয়মিত খেলাধুলা শরীর ও মন দুটোই ভালো রাখে। প্রবাসে যুবসমাজকে অনৈতিক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। অনুষ্ঠানের শেষ পর্যায়ে প্রধান অতিথি ও আমন্ত্রিত অতিথিবৃন্দ টুর্নামেন্টের চ্যাম্পিয়ন ও রানারআপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন।













