সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩
সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩

মিশরে ঈদ: প্রবাসীদের আনন্দে যুক্ত হলো মানবিকতার বার্তা

আফছার হোসাইন,মিশর প্রতিনিধি প্রকাশিত: বুধবার, ২৭ মে, ২০২৬, ৮:৫১ পিএম
মিশরে ঈদ: প্রবাসীদের আনন্দে যুক্ত হলো মানবিকতার বার্তা

প্রাচীন সভ্যতার দেশ মিশরে বসবাসরত বাংলাদেশি প্রবাসীরা স্থানীয়দের সঙ্গে উৎসবমুখর পরিবেশে পবিত্র ঈদুল আজহা উদযাপন করেছেন। ধর্মীয় ভাবগাম্ভীর্য, কোরবানির আয়োজন এবং সামাজিক সম্প্রীতির মধ্য দিয়ে রাজধানী কায়রোসহ দেশটির বিভিন্ন শহরে ঈদের আনন্দ ছড়িয়ে পড়ে। একই সঙ্গে বাংলাদেশের বিভিন্ন মানবিক সংগঠনের উদ্যোগে মিশরে আশ্রয় নেওয়া ফিলিস্তিনি শরণার্থীদের মাঝেও কোরবানির মাংস বিতরণ করা হয়।​বুধবার (২৭ মে) ভোর থেকেই রাজধানী কায়রোর বিখ্যাত আল-আজহার, আমর ইবনুল আস, সায়্যিদা জয়নবসহ দেশের বিভিন্ন মসজিদ ও ঈদগাহ মাঠে মুসল্লিরা ঈদের নামাজ আদায় করেন। নামাজ শেষে কোরবানির মাধ্যমে স্থানীয় ও প্রবাসীরা ঈদের আনন্দ ভাগাভাগি করে নেন।মিশরীয় ঐতিহ্য অনুযায়ী ফজরের নামাজের পর থেকেই “আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ” তাকবির ধ্বনিতে মুখর হয়ে ওঠে মসজিদ ও আশপাশের এলাকা। পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে মুসল্লিরা নির্ধারিত মাঠ ও মসজিদে জড়ো হতে থাকেন।

দেশটির প্রচলিত নিয়ম অনুযায়ী, সূর্যোদয়ের প্রায় ২০ মিনিট পর সারাদেশে একযোগে ঈদের জামাত শুরু হয়। শাফী মাজহাব অনুসরণকারী মিশরীয় মুসল্লিরা প্রথম রাকাতে অতিরিক্ত সাত তাকবির এবং দ্বিতীয় রাকাতে পাঁচ তাকবিরের মাধ্যমে নামাজ আদায় করেন। নামাজ শেষে খুতবা অনুষ্ঠিত হলেও অধিকাংশ মুসল্লিকে সালাম ফিরিয়ে দ্রুত মসজিদ বা ঈদগাহ ত্যাগ করতে দেখা যায়।

​বাংলাদেশের সঙ্গে মিশরের ঈদ উদযাপনের রীতিতে কিছু পার্থক্য চোখে পড়ে। মিশরীয়রা সাধারণত নামাজের পর সম্মিলিতভাবে হাত তুলে মোনাজাত করেন না এবং কোলাকুলির প্রচলনও খুব একটা দেখা যায় না। তবে যেসব মসজিদ বা মাঠে বাংলাদেশিরা ঈদের নামাজ আদায় করেন, সেখানে দেশীয় সংস্কৃতির অংশ হিসেবে নিজেদের মধ্যে কোলাকুলি ও শুভেচ্ছা বিনিময়ের দৃশ্য দেখা যায়— যা অনেক সময় স্থানীয়দেরও দৃষ্টি আকর্ষণ করে।মিশরে কর্মরত প্রবাসী বাংলাদেশিরা পরিবার-পরিজন নিয়ে নিজ নিজ এলাকাসহ রাজধানী কায়রোর বড় বড় মসজিদগুলোতে ঈদের নামাজ আদায় করেন। নামাজ শেষেই শুরু হয় কোরবানির ব্যস্ততা। এ সময় রাস্তায় কসাইদের হাঁকডাক শোনা যায়। স্থানীয় ভাষায় তারা “গাজ্জার, গাজ্জার” (কসাই) বলে মানুষের দৃষ্টি আকর্ষণ করেন। পারিশ্রমিক বা ‘হেদাইয়া’র বিনিময়ে তারা পশু জবাই, চামড়া ছাড়ানো এবং মাংস টুকরো করে দেন।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

প্রকারভেদে একটি গরু বা উটের জন্য ১০ থেকে ১৫ হাজার টাকা এবং দুম্বা বা ছাগলের জন্য এক থেকে দেড় হাজার টাকা সমপরিমাণ অর্থ গুনতে হয় প্রবাসীদের।
​গত বছরের মতো এবারও বাংলাদেশের কয়েকটি মানবিক সংগঠনের উদ্যোগে মিশরে আশ্রয় নেওয়া ফিলিস্তিনি শরণার্থীদের মাঝে কোরবানির মাংস বিতরণ করতে দেখা গেছে। এ বছর অন্তত ১০টি বাংলাদেশি মানবিক সংস্থা কোরবানির পশু ক্রয় ও মাংস বিতরণ কার্যক্রম পরিচালনা করছে। এর মধ্যে রয়েছে আলহাজ শামসুল হক (ASH) ফাউন্ডেশন, মাস্তুল ফাউন্ডেশন, ওয়ার্ল্ড ওয়ান উম্মাহ ফাউন্ডেশন, ইলমুন নাহিয়ান ফাউন্ডেশন, বাংলাদেশ-প্যালেস্টাইন ফ্রেন্ডশিপ, বিএম শাবাব, গ্লোবাল ওয়েলফেয়ার ফাউন্ডেশন, মাই ডেভেলপমেন্ট অর্গানাইজেশন এবং হাফেজ্জী হুজুর (রহ.) সেবা ফাউন্ডেশন।এসব সংগঠন কায়রোর বিভিন্ন এলাকা থেকে উট, গরু ও দুম্বা কোরবানি করে মিশরে আশ্রিত ফিলিস্তিনি শরণার্থীদের মাঝে মাংস পৌঁছে দিচ্ছে। পাশাপাশি মিশরের বিভিন্ন দাতব্য সংস্থা এবং সমাজের বিত্তবান ব্যক্তিরাও ঈদ উপলক্ষে অসচ্ছল মানুষের মাঝে বিপুল পরিমাণ কোরবানির মাংস বিতরণ করছেন।

​মিশরে ঈদের দিনে পরিচিতজনদের সঙ্গে দেখা হলে সবাই “কোল্লু সানা ওয়া আনতুম তাইয়িব” অথবা “কোল্লু সানা ওয়া আনতুম বাখাইর” বলে শুভেচ্ছা বিনিময় করেন। এর অর্থ— “আজকের দিনটির মতো সারাটা বছর আপনার জন্য আনন্দময় হোক!”

 

৮ দিনে প্রবাসীরা পাঠালেন ১৪ হাজার কোটি টাকা

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ১০:৩০ পিএম
৮ দিনে প্রবাসীরা পাঠালেন ১৪ হাজার কোটি টাকা

চলতি বছরের নভেম্বর মাসের প্রথম ৮ দিনে দেশে প্রবাসী আয় বা রেমিট্যান্স এসেছে ১১৩ কোটি মার্কিন ডলার, যা দেশীয় মুদ্রায় ১৪ হাজার ১২ কোটি টাকা (প্রতি ডলার ১২৪ টাকা হিসাবে)।

সোমবার (৯ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেছেন।

কেন্দ্রীয় ব্যাংক জানায়, গত বছরের নভেম্বর মাসের প্রথম ৮ দিনে রেমিট্যান্স এসেছিল ৭৫ কোটি ৪০ লাখ ডলার। সেই তুলনায় চলতি বছরের একই সময়ে প্রবাসী আয় বেড়েছে ৪৯ দশমিক ৮০ শতাংশ।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

চলতি অর্থবছরের (১ জুলাই থেকে ৮ নভেম্বর পর্যন্ত) সামগ্রিক চিত্র বিশ্লেষণ করলে দেখা যায়, এ পর্যন্ত দেশে এক হাজার ২৫৯ কোটি ৫০ লাখ ডলারের প্রবাসী আয় এসেছে।

গত অর্থবছরের একই সময়ে এই আয়ের পরিমাণ ছিল এক হাজার ৯০ কোটি ৩০ লাখ ডলার। সেই তুলনায় চলতি বছরের একই সময়ে প্রবাসী আয় বেড়েছে শতকরা ১৫ দশমিক ৫০ ভাগ।

 

অনেক হাসপাতালের খাবার আমার স্ত্রীর রান্নার থেকেও ভালো: স্বাস্থ্যমন্ত্রী

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ৯:১৬ পিএম
অনেক হাসপাতালের খাবার আমার স্ত্রীর রান্নার থেকেও ভালো: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য খাতে ইতিবাচক পরিবর্তন ও চিকিৎসাসেবার মানোন্নয়নের চিত্র তুলে ধরতে গিয়ে স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেছেন, দেশের অনেক হাসপাতালের খাবারের মান অত্যন্ত উন্নত, যা ক্ষেত্রবিশেষে তাঁর স্ত্রীর রান্নার চেয়েও ভালো এবং তিনি নিজেও তা খেয়েছেন।

সোমবার (০৯ নভেম্বর) রাজধানীর আগারগাঁও শিশু হাসপাতালের নবনির্মিত স্টিল স্ট্রাকচার ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।

স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত হোসেন বলেন, “আমরা অনেক সময় বলি আমাদের স্বাস্থ্য খাতে এটা আছে বা ওটা নেই। কিন্তু বাস্তবতা হলো, অতীতের যেকোনো সময়ের চেয়ে স্বাস্থ্য খাতের মান এখন অনেক উন্নত হয়েছে। অনেক হাসপাতালের খাবারের মান এতটাই ভালো যে তা আমার স্ত্রীর রান্নার চেয়েও ভালো লাগে, আমি নিজেও তা খেয়ে দেখেছি। তবে এই সেবার ধারাবাহিকতা ধরে রাখতে চিকিৎসকদের মধ্যে সচেতনতা বাড়াতে হবে।”

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

অনুষ্ঠানকালে বিগত সাত মাসে হামে ১ হাজার ২০০ শিশুর মৃত্যুর পরিসংখ্যান তুলে ধরে এক গণমাধ্যমকর্মী জানতে চান—এ মৃত্যুর দায় অন্তর্বর্তী সরকার নাকি বর্তমান সরকার নেবে?

এমন প্রশ্নের উত্তরে স্বাস্থ্যমন্ত্রী নিজের দায় স্বীকার করে আবেগঘন কণ্ঠে বলেন, “এর দায় তো আমারই। আমাকে ফাঁসি দিন। এটি আমার ব্যর্থতা, তবে আমরা সাধ্যমতো চেষ্টা করেছি।”

হামের প্রতিষেধক টিকা নিয়ে বিভ্রান্তি ছড়ানোর তীব্র সমালোচনা করে তিনি আরও স্পষ্ট করেন, কিছু স্বার্থান্বেষী মহল অপপ্রচার চালাচ্ছে যে সব টিকা ভারত থেকে আনা হয়েছে। এই তথ্য সম্পূর্ণ ভুল। মোট ব্যবহৃত টিকার মাত্র ৮ শতাংশ ভারত থেকে আমদানি করা হয়েছে; বাকি সিংহভাগ টিকা জার্মানি, জাপান, অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য, দক্ষিণ কোরিয়া ও ইন্দোনেশিয়া থেকে সাশ্রয়ী মূল্যে সংগ্রহ করা হয়েছে।

শিশুদের প্রতিষেধক টিকা না নেওয়ার বিষয়টি তুলে ধরে মন্ত্রী জানান, বর্তমানে হামে আক্রান্ত শিশুদের প্রায় কেউই সময়মতো টিকা নেয়নি। তা ছাড়া আক্রান্তদের একটি বড় অংশের বয়স ছয় মাসের কম। একটি হাসপাতালে চিকিৎসাধীন হাম আক্রান্ত শিশুদের একটি বিরাট অংশের টিকা না নেওয়ার তথ্য তাঁর কাছে রয়েছে বলে তিনি উল্লেখ করেন।

 

ঢাবিতে টানা দ্বিতীয় দিন ককটেল বিস্ফোরণ, আটক ২

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ৯:১০ পিএম
ঢাবিতে টানা দ্বিতীয় দিন ককটেল বিস্ফোরণ, আটক ২

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে টানা দ্বিতীয় দিনের মতো ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এই ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে আটকের পাশাপাশি টিএসসি সংলগ্ন এলাকায় ব্যাগভর্তি ককটেল উদ্ধার করা হয়েছে। খবর পেয়ে উদ্ধারকৃত ককটেল পরীক্ষা ও নিষ্ক্রিয় করতে বোম ডিসপোজাল ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়।

সোমবার (০৯ নভেম্বর) সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটের দিকে বিশ্ববিদ্যালয়ের মেট্রোরেল স্টেশনের নিচে এ ঘটনা ঘটে।

আটক দুই যুবকের নাম আব্দুল্লাহ আল জোবায়ের ওরফে জামিল (২৬) ও সালেহীন দিপু (২৭)।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যায় ঢাবি মেট্রোরেল স্টেশনের নিচে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে দ্রুত পালানোর চেষ্টা করেন ওই দুই যুবক। এ সময় উপস্থিত জনতা ও শিক্ষার্থীরা ধাওয়া দিয়ে তাদের ধরে ফেলেন এবং গণধোলাই শেষে শাহবাগ থানা পুলিশের কাছে সোপর্দ করেন।

এর আগে গতকাল রোববার সন্ধ্যা ৬টা থেকে ৭টার মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের অন্তত ছয়টি পৃথক স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছিল। ওই দিনের ঘটনাতেও জড়িত সন্দেহে তিনজনকে আটক করে পুলিশে হস্তান্তর করেছিলেন ছাত্রদলের নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীরা।

টানা দুই দিন ধরে দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ এলাকায় এভাবে ককটেল বিস্ফোরণের ঘটনায় শিক্ষার্থী ও পথচারীদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। বিশৃঙ্খলা এড়াতে বিশ্ববিদ্যালয় এলাকা ও শাহবাগ মোড়ে পুলিশি টহল বাড়ানো হয়েছে।

 

প্রবাহ বাংলা নেটওয়ার্ক