ঐতিহাসিক মসজিদে ‘অশোভন ভিডিও’, মডেলের বিরুদ্ধে মামলা
লাহোরের কেন্দ্রস্থলে অবস্থিত ১৭শ শতাব্দীর ঐতিহাসিক ওয়াজির খান মসজিদে ভিডিও ধারণ করে বিতর্কে জড়ালেন মডেল আজবিয়া খান। অনুমতি ছাড়া অশোভন পোশাকে ভিডিও ধারণের অভিযোগে তার বিরুদ্ধে মামলা করেছে পাকিস্তান পুলিশ।
১৭ আগস্ট রাতে ওয়ার্ল্ড সিটি অব লাহোর অথরিটির কর্মকর্তা মুহাম্মদ ওয়াইসের অভিযোগের ভিত্তিতে আকবরি গেট থানায় মামলা দায়ের হয়। এ ঘটনায় মডেল আজবিয়া খান ও ফটোগ্রাফার জেইন শাহকে অভিযুক্ত করা হয়েছে।
অভিযোগে বলা হয়েছে, গত ১৩ আগস্ট তারা অনুমতি ছাড়াই মসজিদের ভেতরে ভিডিও ধারণ করেন। মসজিদ কর্তৃপক্ষের অসন্তোষের পরই মামলাটি দায়ের হয়।
বর্তমানে অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান চলছে। এদিকে, আওকাফ বিভাগের সেক্রেটারি ড. তাহির রাজা বুখারি জানিয়েছেন, বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত হচ্ছে।












