সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩
সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩

সিলেট সমিতি জার্মানির উদ্যোগে ঈদ পুনর্মিলনী

হাবিবুল্লাহ আল বাহার,জার্মানি প্রকাশিত: সোমবার, ৩০ মার্চ, ২০২৬, ৯:৩৯ পিএম
সিলেট সমিতি জার্মানির উদ্যোগে ঈদ পুনর্মিলনী

বৃহত্তর সিলেট সমিতি জার্মানির উদ্যোগে ফ্রাঙ্কফুর্টে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। ফ্রাঙ্কফুর্টের একটি অডিটোরিয়ামে শনিবার (২৮ মার্চ) বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশিরা অংশ নেন অনুষ্ঠানে। আয়োজক বৃহত্তর সিলেট সমিতি হলেও অনুষ্ঠানে সকল জেলার প্রবাসী বাংলাদেশিরা অংশগ্রহণ করেন যার ফলে এটি পরিণত হয় প্রবাসী বাংলাদেশীদের মিলনমেলায়।সংগঠনের সভাপতি রেজাউল হক চৌধুরী কামরান এর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক নজরুল ইসলাম খালেদ এবং কোষাধ্যক্ষ ফয়সাল আহমেদের পরিচালনায় ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় আহসান আহমেদ চৌঃ শাহিন, আবদুল মুকিত, মালেক চৌধুরী, আবু সাঈদ, বোরহান উদ্দিন, কামরুল ইসলাম, মুহাম্মদ ইসলাম, নাজমুল ইসলাম, সেলিম আহমেদ, জুবায়ের আহমেদসহ সংগঠনের সদস্যরা।

পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয় পরে সকলে সম্মিলিতভাবে জাতীয় সঙ্গীত পরিবেশন করেন। স্বাগত বক্তব্যে বৃহত্তর সিলেট সমিতির সভাপতি রেজাউল হক কামরান এবং সাধারণ সম্পাদক নজরুল ইসলাম খালেদ আগত অতিথিদের শুভেচ্ছা জানান এবং সংগঠনের বিভিন্ন কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। তারা উল্লেখ করেন, বৃহত্তর সিলেট সমিতি শুধু সাংস্কৃতিক কর্মকাণ্ডেই সীমাবদ্ধ নয়, বরং প্রবাসীদের কল্যাণে নানাবিধ সামাজিক কার্যক্রমও পরিচালনা করে আসছে। প্রবাসে বেড়ে উঠা নতুন প্রজন্মের মাঝে দেশীয় সংস্কৃতির বিস্তার এবং সকলে মিলে ঐক্যবদ্ধ থেকে একটি সুন্দর কমিউনিটি গঠনের লক্ষ্যে এ সংগঠন কাজ করছে বলেন সংগঠনের নেতারা।

অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল শিশু-কিশোরদের অংশগ্রহণ। মাঈশা, নাজিবা এবং আলিশার পরিচালনায় জার্মানিতে জন্ম নেওয়া শিশু-কিশোরদের বিভিন্ন খেলাধুলা উপস্থিত সকলকে বিমোহিত করে। প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মের শিশুরা কোরআন তেলাওয়াত, গান ও বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে দর্শকদের মুগ্ধ করে। সাংস্কৃতিক পর্বে কণ্ঠশিল্পী তাপসী রায় সুরেলা কণ্ঠে একাধিক গান পরিবেশন করে অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলেন। জার্মানি প্রবাসী জনপ্রিয় শিল্পী রিয়েল আনোয়ার সিলেটের আঞ্চলিক গানসহ একাধিক পরিবেশন করে উপস্থিত দর্শকদের মাতিয়ে তোলে। এছাড়াও কবিতা আবৃত্তির মাধ্যমে অনুষ্ঠানে ভিন্নমাত্রা যোগ করেন হ্যাপি উদ্দিন।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

অনুষ্ঠানে সিলেটের ঐতিহ্যবাহী পিঠাপুলিসহ দেশীয় খাবারের ব্যাপক আয়োজন ছিল। প্রবাসের কর্মব্যস্ত জীবনে এই মিলনমেলা সামাজিক বন্ধন অটুট করতে এবং ঐক্যবদ্ধ কমিউনিটি গঠনে ভুমিকা রাখবে বলে জানিয়েছেন অংশগ্রহণকারীরা। অনুষ্ঠানে সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সহ সভাপতি সিদ্দীক হুসেইন রুবেল, সাংগঠনিক সম্পাদক সেলিম আহমেদ, প্রচার সম্পাদক কামরুল ইসলাম মহিলা সম্পাদিকা হ্যাপি উদ্দীন, যুগ্ন সাঃসম্পাদক মালেক চৌধুরি, নাজমুল ইসলাম, ক্রীড়া সম্পাদক বোরহান উদ্দীন, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক রাসেল আহমেদ চৌধুরি, সহ-সাংগঠনিক সম্পাদক পারভেজ আহমেদ, সদস্য এনাম আহমেদ, সেলিম আহমেদ, এমদাদ আজমান সহ অনেকে। এছাড়াও উপদেষ্টাবৃন্দদের মধ্যে উপস্থিত ছিলে এম এ মালেক, আব্দুল ওয়াদুদ, আদিত্ব শার্মা, ফজলুর রহমান, দারাজ ঊদ্দিন (দুদু), বাবুল মিঁয়া, সাব্বির আহমেদ, শামসুল হক, লিয়াকত মিয়া, দীপন আহমেদ, মনসুর আহমেদ, বাবুল সিনহা, শাহিন আহমেদ, আকিল শার্মা।

৮ দিনে প্রবাসীরা পাঠালেন ১৪ হাজার কোটি টাকা

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ১০:৩০ পিএম
৮ দিনে প্রবাসীরা পাঠালেন ১৪ হাজার কোটি টাকা

চলতি বছরের নভেম্বর মাসের প্রথম ৮ দিনে দেশে প্রবাসী আয় বা রেমিট্যান্স এসেছে ১১৩ কোটি মার্কিন ডলার, যা দেশীয় মুদ্রায় ১৪ হাজার ১২ কোটি টাকা (প্রতি ডলার ১২৪ টাকা হিসাবে)।

সোমবার (৯ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেছেন।

কেন্দ্রীয় ব্যাংক জানায়, গত বছরের নভেম্বর মাসের প্রথম ৮ দিনে রেমিট্যান্স এসেছিল ৭৫ কোটি ৪০ লাখ ডলার। সেই তুলনায় চলতি বছরের একই সময়ে প্রবাসী আয় বেড়েছে ৪৯ দশমিক ৮০ শতাংশ।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

চলতি অর্থবছরের (১ জুলাই থেকে ৮ নভেম্বর পর্যন্ত) সামগ্রিক চিত্র বিশ্লেষণ করলে দেখা যায়, এ পর্যন্ত দেশে এক হাজার ২৫৯ কোটি ৫০ লাখ ডলারের প্রবাসী আয় এসেছে।

গত অর্থবছরের একই সময়ে এই আয়ের পরিমাণ ছিল এক হাজার ৯০ কোটি ৩০ লাখ ডলার। সেই তুলনায় চলতি বছরের একই সময়ে প্রবাসী আয় বেড়েছে শতকরা ১৫ দশমিক ৫০ ভাগ।

 

অনেক হাসপাতালের খাবার আমার স্ত্রীর রান্নার থেকেও ভালো: স্বাস্থ্যমন্ত্রী

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ৯:১৬ পিএম
অনেক হাসপাতালের খাবার আমার স্ত্রীর রান্নার থেকেও ভালো: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য খাতে ইতিবাচক পরিবর্তন ও চিকিৎসাসেবার মানোন্নয়নের চিত্র তুলে ধরতে গিয়ে স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেছেন, দেশের অনেক হাসপাতালের খাবারের মান অত্যন্ত উন্নত, যা ক্ষেত্রবিশেষে তাঁর স্ত্রীর রান্নার চেয়েও ভালো এবং তিনি নিজেও তা খেয়েছেন।

সোমবার (০৯ নভেম্বর) রাজধানীর আগারগাঁও শিশু হাসপাতালের নবনির্মিত স্টিল স্ট্রাকচার ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।

স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত হোসেন বলেন, “আমরা অনেক সময় বলি আমাদের স্বাস্থ্য খাতে এটা আছে বা ওটা নেই। কিন্তু বাস্তবতা হলো, অতীতের যেকোনো সময়ের চেয়ে স্বাস্থ্য খাতের মান এখন অনেক উন্নত হয়েছে। অনেক হাসপাতালের খাবারের মান এতটাই ভালো যে তা আমার স্ত্রীর রান্নার চেয়েও ভালো লাগে, আমি নিজেও তা খেয়ে দেখেছি। তবে এই সেবার ধারাবাহিকতা ধরে রাখতে চিকিৎসকদের মধ্যে সচেতনতা বাড়াতে হবে।”

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

অনুষ্ঠানকালে বিগত সাত মাসে হামে ১ হাজার ২০০ শিশুর মৃত্যুর পরিসংখ্যান তুলে ধরে এক গণমাধ্যমকর্মী জানতে চান—এ মৃত্যুর দায় অন্তর্বর্তী সরকার নাকি বর্তমান সরকার নেবে?

এমন প্রশ্নের উত্তরে স্বাস্থ্যমন্ত্রী নিজের দায় স্বীকার করে আবেগঘন কণ্ঠে বলেন, “এর দায় তো আমারই। আমাকে ফাঁসি দিন। এটি আমার ব্যর্থতা, তবে আমরা সাধ্যমতো চেষ্টা করেছি।”

হামের প্রতিষেধক টিকা নিয়ে বিভ্রান্তি ছড়ানোর তীব্র সমালোচনা করে তিনি আরও স্পষ্ট করেন, কিছু স্বার্থান্বেষী মহল অপপ্রচার চালাচ্ছে যে সব টিকা ভারত থেকে আনা হয়েছে। এই তথ্য সম্পূর্ণ ভুল। মোট ব্যবহৃত টিকার মাত্র ৮ শতাংশ ভারত থেকে আমদানি করা হয়েছে; বাকি সিংহভাগ টিকা জার্মানি, জাপান, অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য, দক্ষিণ কোরিয়া ও ইন্দোনেশিয়া থেকে সাশ্রয়ী মূল্যে সংগ্রহ করা হয়েছে।

শিশুদের প্রতিষেধক টিকা না নেওয়ার বিষয়টি তুলে ধরে মন্ত্রী জানান, বর্তমানে হামে আক্রান্ত শিশুদের প্রায় কেউই সময়মতো টিকা নেয়নি। তা ছাড়া আক্রান্তদের একটি বড় অংশের বয়স ছয় মাসের কম। একটি হাসপাতালে চিকিৎসাধীন হাম আক্রান্ত শিশুদের একটি বিরাট অংশের টিকা না নেওয়ার তথ্য তাঁর কাছে রয়েছে বলে তিনি উল্লেখ করেন।

 

ঢাবিতে টানা দ্বিতীয় দিন ককটেল বিস্ফোরণ, আটক ২

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ৯:১০ পিএম
ঢাবিতে টানা দ্বিতীয় দিন ককটেল বিস্ফোরণ, আটক ২

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে টানা দ্বিতীয় দিনের মতো ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এই ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে আটকের পাশাপাশি টিএসসি সংলগ্ন এলাকায় ব্যাগভর্তি ককটেল উদ্ধার করা হয়েছে। খবর পেয়ে উদ্ধারকৃত ককটেল পরীক্ষা ও নিষ্ক্রিয় করতে বোম ডিসপোজাল ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়।

সোমবার (০৯ নভেম্বর) সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটের দিকে বিশ্ববিদ্যালয়ের মেট্রোরেল স্টেশনের নিচে এ ঘটনা ঘটে।

আটক দুই যুবকের নাম আব্দুল্লাহ আল জোবায়ের ওরফে জামিল (২৬) ও সালেহীন দিপু (২৭)।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যায় ঢাবি মেট্রোরেল স্টেশনের নিচে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে দ্রুত পালানোর চেষ্টা করেন ওই দুই যুবক। এ সময় উপস্থিত জনতা ও শিক্ষার্থীরা ধাওয়া দিয়ে তাদের ধরে ফেলেন এবং গণধোলাই শেষে শাহবাগ থানা পুলিশের কাছে সোপর্দ করেন।

এর আগে গতকাল রোববার সন্ধ্যা ৬টা থেকে ৭টার মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের অন্তত ছয়টি পৃথক স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছিল। ওই দিনের ঘটনাতেও জড়িত সন্দেহে তিনজনকে আটক করে পুলিশে হস্তান্তর করেছিলেন ছাত্রদলের নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীরা।

টানা দুই দিন ধরে দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ এলাকায় এভাবে ককটেল বিস্ফোরণের ঘটনায় শিক্ষার্থী ও পথচারীদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। বিশৃঙ্খলা এড়াতে বিশ্ববিদ্যালয় এলাকা ও শাহবাগ মোড়ে পুলিশি টহল বাড়ানো হয়েছে।

 

প্রবাহ বাংলা নেটওয়ার্ক