সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩
সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩

রিয়াদে এনটিভি দর্শক ও সাংস্কৃতিক ফোরামের জমকালো আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন

মোঃ জাহাঙ্গীর আলম হৃদয়, সৌদি আরব প্রকাশিত: সোমবার, ৩০ মার্চ, ২০২৬, ১১:০৩ এম
রিয়াদে এনটিভি দর্শক ও সাংস্কৃতিক ফোরামের জমকালো আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সৌদি আরবের রাজধানী রিয়াদে আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে এনটিভি দর্শক ও সাংস্কৃতিক ফোরাম। বিজাতীয় অপসংস্কৃতির ভিড়ে প্রবাসে দেশীয় সংস্কৃতির চর্চা অব্যাহত রাখার দৃঢ় প্রত্যয় নিয়ে আয়োজিত ‘প্রবাস বিনোদন-২৮ তম পর্বের এই অনুষ্ঠানটি প্রবাসীদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে।গত বৃহস্পতিবার রাত ৯টায় রিয়াদের এক্সিট-২৮ স্থিত আল পাখা মা কমিউনিটি সেন্টারে এই জমকালো অনুষ্ঠানটি সম্পন্ন হয়।আলোচনা সভা ও বিশেষ অতিথি ​এনটিভি দর্শক ফোরামের সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী আলী হাসান কিরণের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রিয়াদ সানসিটি মেডিকেলের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল্লাহ আল মামুন। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন আমিয়াল গ্রুপের সিইও ইঞ্জিনিয়ার ইয়াসিন মিয়া।

​এনটিভি সৌদি আরব প্রতিনিধি ফারুক আহমেদ চান ও নাট্যকার মো. জাহাঙ্গীর আলম হৃদয়ের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, ফারুক আহমেদ চান। তিনি শিল্পী, দর্শক এবং বিজ্ঞাপনদাতাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে জানান, প্রবাসীদের নির্মল বিনোদন দিতে এই ধরনের আয়োজন নিয়মিত অব্যাহত থাকবে।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যবসায়ী আশরাফ উদ্দিন শাহিন, রাসেল আহমেদ, বেলাল হোসেন, ফারুক হোসেন পাটোয়ারী, ফিরোজ আহমেদ নয়ন, এনটিভি দর্শক ফোরাম রিয়াদ মহানগর সভাপতি ইনভেস্টর স্বপন হাওলাদার এবং লক্ষ্মীপুর আলিফ মিম হাসপাতালের প্রতিষ্ঠাতা আলহাজ্ব আমির হোসেন প্রমুখ।

​সাংস্কৃতিক অনুষ্ঠান ও দোয়া মাহফিলে ​পবিত্র কোরআন তিলাওয়াত ও এনটিভি সাংস্কৃতিক ফোরামের শিল্পীদের জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। এরপর দেশ-বিদেশের শিল্পীদের অংশগ্রহণে নাচ, গান, কবিতা ও কৌতুক পরিবেশিত হয়, যা উপস্থিত দর্শকদের মুগ্ধ করে। অনুষ্ঠানের সার্বিক কারিগরি সহযোগিতায় ছিল বাংলাদেশ থিয়েটার, রিয়াদ।অনুষ্ঠানে মহান স্বাধীনতার সকল শহীদ এবং স্বাধীনতার ঘোষক শহীদ জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। পৃষ্ঠপোষক ও দর্শক উপস্থিতি ​অনুষ্ঠানটির মিডিয়া পার্টনার ও স্পন্সর হিসেবে সহযোগিতা করেছে— বাথা সানসিটি মেডিকেল সেন্টার, সকার ফিটনেস, আমিয়াল গ্রুপ, রাসেল ট্রাভেলস অ্যান্ড রেস্টুরেন্ট, বি অ্যান্ড এল গ্লোবাল কোম্পানি, ফাইজা অ্যান্ড মারওয়া কোম্পানি লিমিটেড, এ কে রিয়াদ পার্ক, পারফেক্ট গ্লোবাল কোম্পানি লিমিটেড (পিজিসি), আল সাবা ফুড স্টোর, নূর কিমাম ফর ট্রেডিং কোম্পানি এবং বাথা ইয়াসমিন রেস্টুরেন্ট। ​রিয়াদে বসবাসরত বিভিন্ন শ্রেণি-পেশার প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ী, রাজনীতিবিদ ও গণমাধ্যমকর্মীরা সপরিবারে এই মনোজ্ঞ অনুষ্ঠানটি উপভোগ করেন।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

৮ দিনে প্রবাসীরা পাঠালেন ১৪ হাজার কোটি টাকা

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ১০:৩০ পিএম
৮ দিনে প্রবাসীরা পাঠালেন ১৪ হাজার কোটি টাকা

চলতি বছরের নভেম্বর মাসের প্রথম ৮ দিনে দেশে প্রবাসী আয় বা রেমিট্যান্স এসেছে ১১৩ কোটি মার্কিন ডলার, যা দেশীয় মুদ্রায় ১৪ হাজার ১২ কোটি টাকা (প্রতি ডলার ১২৪ টাকা হিসাবে)।

সোমবার (৯ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেছেন।

কেন্দ্রীয় ব্যাংক জানায়, গত বছরের নভেম্বর মাসের প্রথম ৮ দিনে রেমিট্যান্স এসেছিল ৭৫ কোটি ৪০ লাখ ডলার। সেই তুলনায় চলতি বছরের একই সময়ে প্রবাসী আয় বেড়েছে ৪৯ দশমিক ৮০ শতাংশ।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

চলতি অর্থবছরের (১ জুলাই থেকে ৮ নভেম্বর পর্যন্ত) সামগ্রিক চিত্র বিশ্লেষণ করলে দেখা যায়, এ পর্যন্ত দেশে এক হাজার ২৫৯ কোটি ৫০ লাখ ডলারের প্রবাসী আয় এসেছে।

গত অর্থবছরের একই সময়ে এই আয়ের পরিমাণ ছিল এক হাজার ৯০ কোটি ৩০ লাখ ডলার। সেই তুলনায় চলতি বছরের একই সময়ে প্রবাসী আয় বেড়েছে শতকরা ১৫ দশমিক ৫০ ভাগ।

 

অনেক হাসপাতালের খাবার আমার স্ত্রীর রান্নার থেকেও ভালো: স্বাস্থ্যমন্ত্রী

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ৯:১৬ পিএম
অনেক হাসপাতালের খাবার আমার স্ত্রীর রান্নার থেকেও ভালো: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য খাতে ইতিবাচক পরিবর্তন ও চিকিৎসাসেবার মানোন্নয়নের চিত্র তুলে ধরতে গিয়ে স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেছেন, দেশের অনেক হাসপাতালের খাবারের মান অত্যন্ত উন্নত, যা ক্ষেত্রবিশেষে তাঁর স্ত্রীর রান্নার চেয়েও ভালো এবং তিনি নিজেও তা খেয়েছেন।

সোমবার (০৯ নভেম্বর) রাজধানীর আগারগাঁও শিশু হাসপাতালের নবনির্মিত স্টিল স্ট্রাকচার ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।

স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত হোসেন বলেন, “আমরা অনেক সময় বলি আমাদের স্বাস্থ্য খাতে এটা আছে বা ওটা নেই। কিন্তু বাস্তবতা হলো, অতীতের যেকোনো সময়ের চেয়ে স্বাস্থ্য খাতের মান এখন অনেক উন্নত হয়েছে। অনেক হাসপাতালের খাবারের মান এতটাই ভালো যে তা আমার স্ত্রীর রান্নার চেয়েও ভালো লাগে, আমি নিজেও তা খেয়ে দেখেছি। তবে এই সেবার ধারাবাহিকতা ধরে রাখতে চিকিৎসকদের মধ্যে সচেতনতা বাড়াতে হবে।”

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

অনুষ্ঠানকালে বিগত সাত মাসে হামে ১ হাজার ২০০ শিশুর মৃত্যুর পরিসংখ্যান তুলে ধরে এক গণমাধ্যমকর্মী জানতে চান—এ মৃত্যুর দায় অন্তর্বর্তী সরকার নাকি বর্তমান সরকার নেবে?

এমন প্রশ্নের উত্তরে স্বাস্থ্যমন্ত্রী নিজের দায় স্বীকার করে আবেগঘন কণ্ঠে বলেন, “এর দায় তো আমারই। আমাকে ফাঁসি দিন। এটি আমার ব্যর্থতা, তবে আমরা সাধ্যমতো চেষ্টা করেছি।”

হামের প্রতিষেধক টিকা নিয়ে বিভ্রান্তি ছড়ানোর তীব্র সমালোচনা করে তিনি আরও স্পষ্ট করেন, কিছু স্বার্থান্বেষী মহল অপপ্রচার চালাচ্ছে যে সব টিকা ভারত থেকে আনা হয়েছে। এই তথ্য সম্পূর্ণ ভুল। মোট ব্যবহৃত টিকার মাত্র ৮ শতাংশ ভারত থেকে আমদানি করা হয়েছে; বাকি সিংহভাগ টিকা জার্মানি, জাপান, অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য, দক্ষিণ কোরিয়া ও ইন্দোনেশিয়া থেকে সাশ্রয়ী মূল্যে সংগ্রহ করা হয়েছে।

শিশুদের প্রতিষেধক টিকা না নেওয়ার বিষয়টি তুলে ধরে মন্ত্রী জানান, বর্তমানে হামে আক্রান্ত শিশুদের প্রায় কেউই সময়মতো টিকা নেয়নি। তা ছাড়া আক্রান্তদের একটি বড় অংশের বয়স ছয় মাসের কম। একটি হাসপাতালে চিকিৎসাধীন হাম আক্রান্ত শিশুদের একটি বিরাট অংশের টিকা না নেওয়ার তথ্য তাঁর কাছে রয়েছে বলে তিনি উল্লেখ করেন।

 

ঢাবিতে টানা দ্বিতীয় দিন ককটেল বিস্ফোরণ, আটক ২

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ৯:১০ পিএম
ঢাবিতে টানা দ্বিতীয় দিন ককটেল বিস্ফোরণ, আটক ২

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে টানা দ্বিতীয় দিনের মতো ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এই ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে আটকের পাশাপাশি টিএসসি সংলগ্ন এলাকায় ব্যাগভর্তি ককটেল উদ্ধার করা হয়েছে। খবর পেয়ে উদ্ধারকৃত ককটেল পরীক্ষা ও নিষ্ক্রিয় করতে বোম ডিসপোজাল ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়।

সোমবার (০৯ নভেম্বর) সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটের দিকে বিশ্ববিদ্যালয়ের মেট্রোরেল স্টেশনের নিচে এ ঘটনা ঘটে।

আটক দুই যুবকের নাম আব্দুল্লাহ আল জোবায়ের ওরফে জামিল (২৬) ও সালেহীন দিপু (২৭)।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যায় ঢাবি মেট্রোরেল স্টেশনের নিচে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে দ্রুত পালানোর চেষ্টা করেন ওই দুই যুবক। এ সময় উপস্থিত জনতা ও শিক্ষার্থীরা ধাওয়া দিয়ে তাদের ধরে ফেলেন এবং গণধোলাই শেষে শাহবাগ থানা পুলিশের কাছে সোপর্দ করেন।

এর আগে গতকাল রোববার সন্ধ্যা ৬টা থেকে ৭টার মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের অন্তত ছয়টি পৃথক স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছিল। ওই দিনের ঘটনাতেও জড়িত সন্দেহে তিনজনকে আটক করে পুলিশে হস্তান্তর করেছিলেন ছাত্রদলের নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীরা।

টানা দুই দিন ধরে দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ এলাকায় এভাবে ককটেল বিস্ফোরণের ঘটনায় শিক্ষার্থী ও পথচারীদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। বিশৃঙ্খলা এড়াতে বিশ্ববিদ্যালয় এলাকা ও শাহবাগ মোড়ে পুলিশি টহল বাড়ানো হয়েছে।

 

প্রবাহ বাংলা নেটওয়ার্ক